Category: Uncategorized

  • ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে ১০ জানুয়ারি

    ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে ১০ জানুয়ারি

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভা অনুষ্ঠিত হবে।

    জনসভা উপলক্ষে রাজধানীর বেশকিছু এলাকার সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    মঙ্গলবার (৯ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

    জনসভা উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশ এলাকায় ভিভিআইপি গমনাগমন শেষ না হওয়া পর্যন্ত নিম্নলিখিত এলাকাগুলো রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেওয়া হবে।

    সম্ভাব্য ডাইভারশন পয়েন্টগুলো- কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, ভিসি বাংলো ক্রসিং।

    এ অবস্থায় সম্মানিত নগরবাসীকে উল্লিখিত এলাকা/রোডগুলো পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

    অনুষ্ঠান উপলক্ষে আগত গাড়িগুলো নিম্নলিখিত এলাকায় পার্কিং করবে-

    মহসিন হল মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি); মলচত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়; পলাশী ক্রসিং হতে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; ফুলার রোড রাস্তার দুই পাশে; দোয়েল চত্বর ক্রসিং হতে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; নবাব আব্দুল গণি রোড রাস্তার দুই পাশে এবং দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে।

  • নবনির্বাচিত এমপিদের শপথ কাল, বৃহস্পতিবার নয়

    নবনির্বাচিত এমপিদের শপথ কাল, বৃহস্পতিবার নয়

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে নির্বাচিত নতুন এমপিদের শপথগ্রহণ আগামীকাল বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। নবনির্বাচিতদের বরণ করে নিতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়।

    মঙ্গলবার (৯ জানুয়ারি) গণভবনে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

    গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত এমপিদের গেজেট মঙ্গলবার বিকেলে হতে পারে।

    ইসি সূত্র জানায়, আজ মঙ্গলবারের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিতদের তালিকা বা ফল সরকারি গেজেট আকারে প্রকাশ করবে ইসি। গেজেট প্রকাশ হলে আইন অনুযায়ী তিনদিনের মধ্যে এমপি হিসেবে শপথ নিতে হবে।

    সংবিধানের ১৪৮-এর ২(ক) ও ১২৩ অনুচ্ছেদের (৩) দফায় বলা হয়েছে, ‘এমপিদের সাধারণ নির্বাচনের ফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হওয়ার তারিখ হইতে পরবর্তী তিনদিনের মধ্যে এই সংবিধানের অধীন এতদুদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদুদ্দেশ্যে অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যে কোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করিতে ব্যর্থ হইলে বা না করিলে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তার পরবর্তী তিনদিনের মধ্যে ওই শপথ পাঠ পরিচালনা করিবেন, যেন এই সংবিধানের অধীন তিনিই ইহার জন্য নির্দিষ্ট ব্যক্তি।’

    এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হয়। তবে ভোটের কতদিনের মধ্যে গেজেট হবে, সে বিষয়ে বাধ্যবাধকতা নেই।

  • আপনারা (ভোটাররা) লাঙল কে একটু দেখবেন : শেখ হাসিনা

    আপনারা (ভোটাররা) লাঙল কে একটু দেখবেন : শেখ হাসিনা

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছ থেকে জাতীয় পার্টির আসন ছাড় পাওয়ার বিষয়টির প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকায় এবার লাঙলও চড়ে বসেছে। তাই তাদেরও আপনারা (ভোটাররা) একটু দেখবেন।

    বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকাল ৪টার দিকে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠের জনসভায় এ কথা বলেন তিনি।

    এর আগে জনগণের উদ্দেশে তিনি আরও বলেন, এই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকা আজকে উন্নয়ন দিয়েছে। এই নৌকা-ই আগামী দিনে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। তাই এবারের নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাদের প্রার্থীদের জয়যুক্ত করবেন।

    বিএনপির নির্বাচনে না আসার কারণ প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন, জ্বালাও-পোড়াও-মানুষ খুন এই তিনটি হলো বিএনপির গুণ। বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। এ কারণে নির্বাচন বন্ধের জন্য তারা সন্ত্রাস করে।

    তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়েছে, আর বিএনপি পিছিয়েছে। বিএনপির দুঃশাসনে সবাই ভীত। বোমা হামলা, সন্ত্রাস, জঙ্গীবাদ—এসবই বিএনপির কাজ।

    জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসনাতের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে বক্তব্য দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য নজরুল ইসলাম প্রমুখ।

  • ড. ইউনূসকে কারাদণ্ড, যে বার্তা দিল যুক্তরাষ্ট্র

    ড. ইউনূসকে কারাদণ্ড, যে বার্তা দিল যুক্তরাষ্ট্র

    নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আদালতের দেওয়া কারাদণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার।

    বুধবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ইস্যুতেও কথা বলেন ম্যাথিউ।

    তিনি এ বিচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে একটি সুষ্ঠু এবং স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতে সরকারকে আহ্বান জানিয়েছেন।

    নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা ও আদালতের রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে ড. মুহাম্মদ ইউনূস উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি শান্তিতে নোবেল পুরস্কারসহ মর্যাদাপূর্ণ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তার বিরুদ্ধে যে মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছে সে মামলাটি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।

    তিনি আরও বলেন, এই মামলার রায় নিয়ে বিশ্বব্যাপী যে নিন্দার ঝড় উঠেছে, স্পষ্টতই সেটি আমাদের নজরে এসেছে। আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে আহ্বান জানাই— তারা যেন সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করে। এর বাইরে যা কিছুই ঘটবে তাতে কড়া দৃষ্টি থাকবে আমাদের।

    এ ছাড়া আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় নির্বাচনটিতে আন্তর্জাতিক সম্প্রদায় যেমনভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের যে গঠনমূলক পরামর্শ দিয়ে ছিলে তা কতটা মানবে বাংলাদেশ সরকার। আর যদি না মানে তবে এ বিষয়ে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবে কিনা বাইডেন প্রশাসন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করছি। এ বিষয়টি অনেকবার স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আগামী নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হচ্ছে তাতে আমাদের স্পষ্টত নজর রয়েছে।

    নির্বাচনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কি ধরনের অ্যাকশন নেবে তা নিয়ে এখনই জানাতে চান না বলে উল্লেখ করেন স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্র।

    প্রসঙ্গত ছুটির মৌসুমের কারণে প্রায় দুই সপ্তাহ পর বুধবার স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং অনুষ্ঠিত হলে প্রশ্নের জন্য এই প্রতিবেদককে আহ্বান করেন ম্যাথিউ মিলার।

  • হামাস নেতা নিহত, ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর প্রতিশোধ

    হামাস নেতা নিহত, ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর প্রতিশোধ

    লেবাননে থাকা ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা সালেহ আল-অরৌরিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ।

    সালেহ আল-অরৌরি ছিলেন হামাসের পলিটব্যুরোর উপপ্রধান।

    মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের একটি ভবনে ড্রোন হামলা চালিয়ে তাকে ও আল-কাসেম ব্রিগেডসের দুই কমান্ডারসহ সাতজনকে হত্যা করে ইসরাইল। ওই হামলার পরই প্রতিশোধ ও ‘শাস্তি’ দেওয়ার হুমকি দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ দাবি করেছে- ইসরাইলের দখলকৃত মার্জ এলাকায় ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করা হয়েছে।

    তারা আরও জানিয়েছে, সালেহ আল-অরৌরিকে হত্যার পর প্রতিশোধ নেওয়ার যে কথা তারা দিয়েছিল, সেই কথা অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। পরে আরও পদক্ষেপ নেওয়া হবে।

    তবে এই মিসাইল হামলার ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানায়নি হিজবুল্লাহ। এ ছাড়া ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকেও সেনাদের ওপর হামলার ব্যাপারে রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।

    তবে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানিয়েছে, হিজবুল্লাহর ট্যাংক বিধ্বংসী মিসাইলের আঘাতে মানেরার একটি সেনাচৌকির দুই সেনা সামান্য আহত হয়েছেন।

    সালেহ আল-অরৌরিকে হত্যার পর হামাস-ইসরাইল যুদ্ধ এখন লেবাননে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

    সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স

  • রাশিয়া ইউক্রেনে ৯০টি ড্রোন হামলা চালিয়ে বছর শুরু করল

    রাশিয়া ইউক্রেনে ৯০টি ড্রোন হামলা চালিয়ে বছর শুরু করল

    নতুন বছরের প্রথম ঘণ্টায় ইউক্রেনে ৯০টি ড্রোন হামলা করেছে রাশিয়া। ইরানের কামিকাজি ড্রোনের মতোই এসব ড্রোন এসে আঘাত হানে ইউক্রেনে।

    রোববার দিবাগত রাতে এই হামলা চালায় রাশিয়া। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনের বিমানবাহিনী। এতে ১৫ বছর বয়সি এক ছেলে নিহত হয়েছে। খবর গার্ডিয়ানের।

    প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে ওডেসায় ৮৭টি ড্রোনের হামলা হয়। এই হামলার পর ১৫ বছর বয়সী ওই ছেলে নিহত হয় এবং সাতজন আহত হয়েছে। এই হামলায় বন্দর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।

    এ ছাড়া পশ্চিম ইউক্রেনের এলভিভে রুশ ড্রোনের আঘাতে একটি জাদুঘর ক্ষতিগ্রস্ত হয়।

    এই হামলার জবাবে ইউক্রেনে রাশিয়ার দখলকৃত এলাকায় হামলা চালায় ইউক্রেন। এতে চারজন নিহত ও ১৩ জন আহত হয়। রাশিয়া বলছে, এই হামলায় সাংবাদিকও আহত হয়েছে।

    এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে গত শুক্রবার ভোর পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে অন্তত ১০০টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়ে রাশিয়া। এর একদিন পরই রাশিয়ার ভেতরও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। রুশ বাহিনীর চালানো ওই শক্তিশালী হামলায় অন্তত ৪০ ইউক্রেনীয় নিহত হয়েছেন। রুশ হামলায় ইউক্রেনের বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালের প্রসূতি বিভাগ ও বেসামরিক স্থাপণা ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি শহর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

    ইউক্রেনের লুহানস্ক, সামি ও খারকিভ অঞ্চলের পাশে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলটি অবস্থিত। বেলেগোরোদের সঙ্গে লাগোয়া ইউক্রেনীয় ওই অঞ্চলগুলোতে এর আগে একাধিকবার ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী।

    বেলগোরোদ রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত। অঞ্চলটি ইউক্রেনের কাছে হওয়ায় এটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে রাশিয়া।

  • কুরআনের যে তথ্য জানলে আপনি অবাক হয়ে যাবেন

    কুরআনের যে তথ্য জানলে আপনি অবাক হয়ে যাবেন

    পবিত্র মহাগ্রন্থ আল কুরআনে সর্ব মোট ১১৪টি সূরা রয়েছে। প্রথম খেলাফত যুগে, হজরত যায়েদ ইবনে সাবিত (রা.) কর্তৃক এ সংখ্যা নির্ণীত হয়। কোনো কোনো সূরার আয়াত সংখ্যা স্বয়ং হুজুর (সা.) থেকে বর্ণিত পাওয়া যায়। যেমন-সূরা ফাতেহা সম্পর্কে নবি (সা.) ৭ আয়াতের কথা উল্লেখ করেছেন। এমনিভাবে সূরা মুলক সম্পর্কে ৩০ আয়াতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। আল কুরআনের তারতিব প্রসঙ্গে এ বর্ণনা পাওয়া যায়, জিবরাইল (আ.) নবি (সা.)-কে বলেছেন, অমুক আয়াতটি সূরা বাকারার ২৮০ নম্বর আয়াতের পর লিপিবদ্ধ করুন। অন্য এক রেওয়াতে নবি (সা.)কে সূরা কাহাফের প্রথম ১০টি আয়াত তেলাওয়াত করার ফজিলত বর্ণনা করেছেন।

    এ ধরনের আরও কিছু বর্ণনা পাওয়া যায় কিন্তু সামগ্রিকভাবে হুজুর (সা.)-এর যুগে কুরআনের সূরা ও আয়াতের গণনা বা সংখ্যা নির্ধারণ সম্পর্কিত কোনো রেওয়াত পাওয়া যায় না। এমনিভাবে হজরত আবুবকর (রা.)-এর যুগে কুরআনের আয়াতের পরিসংখ্যান করা হয়েছে এমন কোনো বর্ণনাও পাওয়া যায় না। সম্ভবত আয়াতের পরিসংখ্যার কার্যক্রম প্রথম হজরত ওমর (রা.)-এর যুগেই হয়েছে। কেননা এ কথা বিভিন্ন রেওয়াতে পাওয়া যায়, হজরত ওমর (রা.) তারাবিহর নামাজের প্রতি রাকাতে ৩০ আয়াত করে তেলায়াত করার হুকুম জারি করেছিলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম (রা.)-এর মধ্যে হজরত ওসমান, হজরত আলী, হজরত আব্দুলাহ ইবনে মাসউদ, হজরত আনাস, হজরত আবু দারদা, হজরত আব্দুলাহ ইবনে আব্বাস, হজরত আব্দুলাহ ইবনে ওমর ও হজরত আয়শা (রা.) কুরআনের আয়াত নির্ণয় করেছেন।

    নির্ণীত আয়াতের সংখ্যার মধ্যে বেশ কিছু প্রভেদ দেখতে পাওয়া যায়। এর কারণ হচ্ছে অনেক আয়াতে হুজুর (সা.) কখনো ওয়াকফ করেছেন, আবার তেলাওয়াত করেছেন। এমতাবস্থায় কেউ কেউ প্রথম অবস্থার দিকে দৃষ্টি রেখে এর সংখ্যা নির্ণয় করেছেন। ফলে মোট সংখ্যায় গিয়ে পার্থক্য দেখা দিয়েছে।

    আয়াতের সংখ্যা

    হজরত আয়েশা (রা.)-এর গণনায় ৬৬৬৬টি, হজরত ওসমান (রা.)-এর গণনায় ৬২৫০টি, হজরত আলী (রা.)-এর গণনায়-৬২৩৬টি, হজরত মাসউদ (রা.)-এর গণনায়-৬২১৮টি, মাক্কি গণনায়-৬১১২টি, ইরাকি গণনায়-৬২১৪টি, বসরা গণনায়-৬২২৬টি, ইসমাইল ইবনে হাফর মদনীর গণনায়-৬২১৪টি। তবে সাধারণভাবে কুরআনে সর্বমোট আয়াত সংখ্যা-৬৬৬৬টি, ইসমাইল ইবনে হাফর মদনীর গণনায়-৬২১৪টি। সাধারণভাবে কুরআনে সর্বমোট আয়াত সংখ্যা-৬৬৬৬টি প্রসিদ্ধ লাভ করেছে তবে এটি যে নির্ভুল নয় এ ব্যাপারে অধিকাংশ কুরআন গবেষকই মতামত প্রকাশ করেছেন।

    বিষয়বস্তুর ভিত্তিতে আয়াত সংখ্যা

    ওয়াদার আয়াত-১০০০, ভীতি প্রদর্শন আয়াত-১০০০, নিষেধাজ্ঞাসংবলিত আয়াত-১০০০, আদেশ সূচক আয়াত-১০০০, উদাহরণসংবলিত আয়াত-১০০০; ঘটনাসংবলিত আয়াত-১০০০, হালালসংবলিত আয়াত-২৫০, হারামসংবলিত আয়াত-২৫০, তাসবিহসংবলিত আয়াত-১০০ এবং বিবিধ আয়াত-৬৬টি।

    হরফ সংখ্যা

    সাহাবায়ে কেরামের মধ্যে হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) কুরআনের অক্ষর গণনা করেছেন। তার নির্গত অক্ষর সংখ্যা-৩,২২,৬৭১। তাবেয়িদের মধ্যে হজরত মুজাহেদ (রা.)-এর গণনা অনুযায়ী কুরআনের অক্ষর সংখ্যা ৩,২১,১২১। তবে সাধারণভাবে ৩,২১,২৬৭ সংখ্যাটি প্রসিদ্ধ লাভ করেছে।

    পৃথকভাবে প্রত্যেক হরফ বা অক্ষরের সংখ্যা

    আলিফ ৪৮৮৭৬, বা ১১৪২৮, তা ১১০৯৫, ছা ১২৭৬, জিম ৩২৭৩, হা (হুত্বি) ৩৭৯৩, খা ২৪১৬, দাল ৫৬০২, যাল ৪৬৭৭, রা-১১৭৯৩, ঝা-১৫৯০, সিন-৪৮৯১, শিন-২২৫৩, ছোয়াদ-২০১২, জ্বোয়াদ-১২০৭, তোয়া-১২৭৭, যোয়া-৮৪২, আইন-৯২২০, গাইন-২২০৮, ফা-৮৪৯৯, ক্বাফ-৬৮১৩, কাফ-৯৫০০, লাম-৩০৪৩২, মিম-৩৬৫৬০, নুন-৪৫১৯০, ওয়াও-২৫৫৩৬, হা-(হাওয়াজ)-৯০৭০, ইয়া-৪৫৯১৯।

    কুরআনের শব্দ সংখ্যা

    সাহাবায়ে কিরাম সম্ভবত কুরআনের শব্দ সংখ্যাও নির্ণয় করে থাকবেন। কেননা, যে ক্ষেত্রে তারা অক্ষর সংখ্যা নির্ণয় করেছেন সেক্ষেত্রে শব্দ সংখ্যা নির্ণয় করা স্বাভাবিক। কিন্তু এ সম্পর্কে সরাসরি সাহাবায়ে কিরামের সঙ্গে সম্পৃক্ত বর্ণনা পাওয়া যায় না। যা কিছু পাওয়া যায়, সবই তাবেইনের সঙ্গে সম্পৃক্ত। নিম্নে তাবেইনের নামসহ কুরআনের শব্দ সংখ্যা উল্লেখ করা হলো : হুয়াযিদ আরাজের গণনা অনুযায়ী ৭৬৪৩০ আব্দুল আজীজ ইবনে আব্দুল্লার গণনা অনুযায়ী ৭০৪৩৯, মুজাহিদের গণনা অনুযায়ী ৭৬২৫০, সাধারণভাবে প্রসিদ্ধ লাভ করেছে ৮৬৪৩০।

    কুরআনের যের, যবর ও পেশ ইত্যাদি সংখ্যা-

    যবর-৫৩২২৩, যের-৩৯৫৮২, পেশ-৮৮০৪, মদ-১৭৭১, তাশদীদ-১২৭৪ ও নুকতা-১০৫৬৮৪।

    কুরআনের নামের সংখ্যা

    পবিত্র কুরআনেই এর বিভিন্ন নাম উল্লেখ করা হয়েছে, আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তার রচিত ‘আল-ইতকান ফি উলুমুল কুরআন’- গ্রন্থে কুরআনের ৫৫টি নামের বর্ণনা করেছেন।

  • শেখ হাসিনা আজ আরও ছয় জেলায় জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন

    শেখ হাসিনা আজ আরও ছয় জেলায় জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে চলছে প্রচারণা। প্রার্থীরা তাদের নিজ এলাকায় প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারই ধারাবাহিকতায় নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার দেশের ছয়টি জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তিনি বিকাল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে পর্যায়ক্রমে ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর জেলা, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর ও বান্দরবান জেলার নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।

    উক্ত কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা/ থানা/ পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন/ ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনি এলাকাসমূহের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীগণ উপস্থিত থাকবেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ভার্চুয়াল জনসভা সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

  • জানুয়ারির তৃতীয় সপ্তাহে এবার ঢাকা বাণিজ্য মেলা শুরু হবে

    জানুয়ারির তৃতীয় সপ্তাহে এবার ঢাকা বাণিজ্য মেলা শুরু হবে

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ আগামী জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে শুরু হবে। নতুন বছরের প্রথম দিনে মেলা শুরু হওয়ার কথা থাকলেও নির্বাচনের কারণে মেলা পিছিয়ে নতুন বছরের প্রথম মাসের তৃতীয় সপ্তাহে করার পরিকল্পনা নিয়েছে সরকার। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও মেলা হবে রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। মেলা চলবে মাসব্যাপী। এবার এরই মধ্যে মেলার স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ শুরু হয়েছে। গত বছরের তুলনায় এবার স্টলের ভাড়া বাড়ানো হয়েছে।

    জানুয়ারির ১৫ অথবা ২০ তারিখে মেলা শুরুর পরিকল্পনা নিয়ে তারা কাজ করছে। অন্যান্য বছরের তুলনায় এবারের মেলার পরিসর বাড়ানো হয়েছে।

    গত বছর মেলায় প্রিমিয়ার প্যাভিলিয়নের ফ্লোরের ন্যূনতম ভাড়া ছিল ২০ লাখ টাকা। এবার মেলায় মূল্য ধরা হয়েছে ২২ লাখ টাকা। একইভাবে স্টল ভাড়া ন্যূনতম ৩ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে সাধারণ স্টলের ক্ষেত্রে ৪ লাখ টাকা ও সংরক্ষিত স্টল ৪ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। আর ৪৭ শতাংশ বাড়িয়ে সংরক্ষিত মিনি প্যাভিলিয়নের ন্যূনতম ভাড়া ১১ লাখ টাকা করা হয়েছে। প্রায় একই হারে স্টল-প্যাভিলিয়নের জামানত বাড়ানো হয়েছে।

    এক্সিবিশন সেন্টারের ভেতরে ও সামনের ফাঁকা জায়গা মিলে স্টল থাকবে। এতে করে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবেন। দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন দেশের একাধিক প্রতিষ্ঠান মেলায় তাদের পসরা নিয়ে হাজির হবে।

  • যে কোন প্রকার অবৈধ হস্তক্ষেপ শক্ত হাতে প্রতিহত করা হবে: সিইসি

    যে কোন প্রকার অবৈধ হস্তক্ষেপ শক্ত হাতে প্রতিহত করা হবে: সিইসি

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরণের পেশী শক্তির প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

    আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে করার পূর্বপ্রস্তুতি হিসাবে চট্টগ্রাম জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

    প্রধান নির্বাচন কমিশনার বলেন, দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী সহিংসতা কমিশনের নজরে রয়েছে। সহিংসতা কারীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

    এছাড়া আসন্ন নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর ব্যাপারে আলাদা নজরদারি করা হচ্ছে বলেও জানান সিইসি।

    এর আগে সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া চট্টগ্রামের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল।

    সেখানে সিইসির কাছে বিভিন্ন প্রার্থী পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। বৈঠকে সিইসি নির্বাচনী আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের অনুরোধ করেন।