Category: Uncategorized

  • কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৭১ লাখ টাকা ডাকাতি

    কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৭১ লাখ টাকা ডাকাতি

    কেরানীগঞ্জে যাত্রীবাহী বাস থামিয়ে র‌্যাব পরিচয়ে (র‌্যাবের কটি পরিহিত) স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৭১ লাখ টাকা ডাকাতির ঘটনায় যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

    ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত ১০ লাখ ৯ হাজার টাকা, ডাকাতিতে ব্যবহৃত একটি হাইস মাইক্রো গাড়ি, একটি বিদেশি পিস্তল, দুটি নকল পিস্তল, হ্যান্ডকাপ, ফোল্ডিং ব্যাটন, র‌্যাবের পোশাক উদ্ধার করা হয়েছে।

    নিজ কক্ষে সংবাদ সম্মেলনে বুধবার এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

    সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত। এরা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে একাধিক ডাকাতি করেছে। চক্রটি মূলত ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে ঢাকার তাঁতিবাজারে আসা স্বর্ণ ব্যবসায়ীদের টার্গেট করে ডাকাতি করে। ব্যবসায়ীদের স্বর্ণ ও নগদ টাকা ডাকাতি করার জন্য সংঘবদ্ধ এই ডাকাতচক্র তাঁতিবাজার কেন্দ্রিক একটি বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে। চক্রটির ৮ জনকে পুলিশ গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

    কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, এ ঘটনায় ভিকটিমের চাচাতো ভাই নিসার আহমেদ বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। মামলার পর তদন্তে নেমে নানা কৌশল ও তথ্য প্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও ডিএমপির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ ডাকাতকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার ডাকাতরা হলো- সুজন (৩৯), আলামিন ওরফে রেহান, কবির (৪৬), কামরুজ্জামান মিল্টন (৪৩), জাবেদ ওরফে সিরাজুল (৪০), নয়ন ওরফে বাবু (২৮), কামাল (৪৫) ও আ. রহমান ওরফে সাজ্জাদ (৪৫)। এদের মধ্যে গ্রেফতার সুজন রাজধানীর কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।

    কামরুজ্জামান মিল্টন ও জাবেদ ওরফে সিরাজুল দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। মিল্টনের বিরুদ্ধে দুটি ও জাবেদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। আ. রহমান ওরফে সাজ্জাদ বিমান বাহিনীর চাকরিচ্যুত সদস্য।

    জানা গেছে, ৩১ জানুয়ারি ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারের ‘ফাহাদ অলংকার নিকেতন’ এর মালিক নাহিদ হোসেন ও তার মামা (সিঙ্গাপুর প্রবাসী) আনোয়ার হোসেন খোকন দোহার থেকে পুরান ঢাকার তাঁতিবাজারে স্বর্ণ বিক্রি করেন। স্বর্ণ বিক্রি করে নাহিদ পান ৪০ লাখ টাকা ও খোকন পান ৩১ লাখ টাকা। এ টাকা নিয়ে সন্ধ্যায় তারা তাঁতিবাজার থেকে দোহার যাওয়ার জন্য নবকলি পরিবহনের একটি বাসে উঠেন। বাসটি কেরানীগঞ্জের কোনাখোলা পৌঁছলে সেটিকে একটি মাইক্রোবাস থেকে র‌্যাবের পোশাক পরা ৪ ব্যক্তি নেমে যাত্রীবাহী বাসে উঠে নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে বাসে দুজন আসামি আছে বলে জানান। এরপর তারা নাহিদ ও খোকনকে বাস থেকে নামিয়ে বাসে তুলে নিয়ে যান।

    ভিকটিম নাহিদ বলেন, তারা বাস থামিয়ে আমাকে ও খোকন মামাকে জোর করে তাদের গাড়িতে তুলে চোখ ও হাত বেঁধে ফেলে। তারা আমাদের দুজনকে প্রচণ্ড মারধর করে ও বৈদ্যুতিক শক দিয়ে আহত করে। আমাদের টাকা মোবাইল ছিনিয়ে নিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলায় গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আমীনুল ইসলাম, সাজেদুর রহমান, মোবাশশীরা হাবিব, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ, মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

     

  • এবার মাশরাফি ও তার বাবাসহ ২৯৫ জনের নামে মামলা

    এবার মাশরাফি ও তার বাবাসহ ২৯৫ জনের নামে মামলা

    সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজা ও তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ২৯৫ জনের নাম উল্লেখ করে নড়াইলে মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ এনে এ মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজি ইয়াজুর রহমান বাবু।

     

    গতকাল সোমবার রাতে লোহাগড়া থানায় তিনি এ মামলা করেন।

    পুলিশ এজাহারভুক্ত দুজন আসামিকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠিয়েছে। মামলায় অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচি চলাকালে উপজেলার লোহাগড়ার সিঅ্যান্ডবি চৌরাস্তা মোড়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায় এজাহারভুক্ত আসামিরা। এ সময় নড়াইল জেলার সমন্বয়ক কাজী মো. ইয়াজুর রহমানসহ ১৫-২০ শিক্ষার্থীকে রামদা, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। এছাড়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে মামলা বিবরণীতে উল্লেখ করা হয়।

    মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- মাশরাফি বিন মোর্ত্তজা ও তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি নাঈম ভূঁইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সৈয়দ মশিয়ূর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফয়জুল হক রোম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল আমীর লিটু প্রমুখ। এছাড়াও অজ্ঞাতপরিচয়ে ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে।

    লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান আজ মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় উপজেলার চরকরফা গ্রামের জুন্নু মুন্সি ও বয়রা গ্রামের আজাদ শেখকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

     

  • ফারুকী উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে যা বললেন

    ফারুকী উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে যা বললেন

    অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এই নির্মাতাকে শপথ পড়ান রাষ্ট্রপতি। নতুনদের মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী।

    শপথ নেওয়ার পর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘আমি কখনোই কোনো পদ কিংবা কোনো চেয়ারে বসব, এটা ভাবি নাই। কিন্তু প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা টেম্পটিং (লোভনীয়), না বলাটা মুশকিল।’

    তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারুকী বলেন, ‘আমি আশা করি, যে কয়দিন কাজ করব, কিছু পরিবর্তন হয়তো ঘটাতে পারব। যদি ঘটাতে পারি, মনে করব যে উদ্দেশ্য নিয়ে এসেছি, সেটা সফল হবে।’

    ফারুকীর কথায়, ‘আমি যদি কাজের মধ্যে কোনো ভুল করি, সবার প্রতি আমার একই বক্তব্য, ফিল ফ্রি (বিনা সংকোচে) ধরিয়ে দেবেন, এটা ভুল হচ্ছে। আমি সেটিকে সাদরে গ্রহণ করব।’

    প্রসঙ্গত, আড়াই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র ও নাটক নির্মাণ করে খ্যাতি পেয়েছেন ফারুকী। ছাত্র-জনতার অভ্যুত্থানের পক্ষে সোচ্চার ছিলেন ‘টেলিভিশন’, ‘ডুব’-এর নির্মাতা। আড়াই দশকের ক্যারিয়ারে ‘ব্যাচেলর’, ‘টেলিভিশন’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘ডুব’, পিঁপড়াবিদ্যা’র মতো সিনেমা নির্মাণ করেছেন ফারুকী।

  • আজ হতে যাচ্ছে ‘মোদি-জি জিনপিংয়ের’ আলোচিত বৈঠক

    আজ হতে যাচ্ছে ‘মোদি-জি জিনপিংয়ের’ আলোচিত বৈঠক

    আজ বুধবার (২৩অক্টোবর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের মধ্যে বৈঠক হবে। ব্রিকস সামিটের সাইডলাইনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠক হবে বলে জানা গেছে।বর্তমানে রাশিয়ার কাজানে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী।

    ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী জানিয়েছেন, আমি নিশ্চিত করছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের মধ্যে একটা দ্বিপক্ষীয় সভা হবে। বুধবার এই সভার আয়োজন করা হয়েছে। সময় ও স্থানের বিষয়টি ঠিক করা হচ্ছে। তবে সভা হবে বুধবারই।

    এদিকে এই সভা হলে মোদি ও জি জিনপিংয়ের মধ্যে এটা হবে গত পাঁচ বছরের মধ্যে প্রথমবার। এই সভায় কী নিয়ে আলোচনা হয় সেদিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মিডিয়া।

    তবে একদিকে রাশিয়ায় এই ব্রিকস সামিটের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের।তেমনি এবার ব্রিকস সামিটের পাশাপাশি মোদি ও জি জিনপিংয়ের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।এসময় সীমান্ত নিয়ে কোনো আলোচনা হয় কি না সেটাও দেখার বিষয়।

    সেখানে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, চীনের পক্ষ থেকে ঠিক কোন বিষয়কে উপস্থাপন করা হবে সেটাও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সূত্র : হিন্দুস্তান টাইমস

  • এমবিবিএসের তৃতীয় কিস্তি নিয়ে আসছে মুন্না ভাই

    এমবিবিএসের তৃতীয় কিস্তি নিয়ে আসছে মুন্না ভাই

    সুপারহিট হিন্দি সিনেমা ‘মুন্না ভাই এমবিবিএস’ এর তৃতীয় কিস্তি আনতে প্রায় পাঁচটি স্ক্রিপ্ট নিয়ে কাজ করার কথা জানিয়েছেন নির্মাতা রাজকুমার হিরানি। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। এমনকি সিনেমার প্রধান অভিনেতা সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ারসিও তাদের প্রিয় চরিত্রগুলো নিয়ে আবার দর্শকের সামনে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হিন্দুস্তান টাইমস লিখেছে, সম্প্রতি হিরানি একটি অনুষ্ঠানে এ সিনেমার তৃতীয় কিস্তি আনার কথা বলেন।

     

    গত ছয় মাস ধরে চিত্রনাট্য নিয়ে কাজ করার কথাও জানান। মুম্বাইয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের স্ক্রিন ম্যাগাজিনের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিরানি। সেখানে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মুন্না ভাই ফ্র্যাঞ্চাইজির জন্য আমার কাছে পাঁচটি স্ক্রিপ্ট আছে, তবে সবই অসম্পূর্ণ। অর্ধেক শেষ করা। আমি একটি স্ক্রিপ্ট লিখতে ছয় মাস সময় ব্যয় করেছি, বিরতি দিয়ে দিয়ে কাজ করছি।

    আমি এর বাইরে যেতে পারছি না। হিরানি বলেন, ‘মুন্না ভাই এলএলবি’, ‘মুন্না ভাই চল বেস’, ‘মুন্না ভাই চলে আমরিকা’ এবং আরও অনেক কিছু রয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, একটি গল্প আরেকটি থেকে ভালো হওয়া উচিত।

    এখন আমার মাথায় একটা ইউনিক আইডিয়া এসেছে। সিনেমার ১০০ বছরের পথচলায় যদিও সবই বলা হয়ে গেছে, তবে হ্যাঁ, আমি সেই আইডিয়া নিয়েই কাজ করছি। মুন্না ভাই সিনেমার তৃতীয় কিস্তি নির্মাণই এখন হিরানির জন্য প্রথম কাজ। আর এর কারণও তিনি ব্যাখ্যা করেছেন। মজার ছলে এই নির্মাতা বলেন, তা না হলে সঞ্জু বাড়িতে আসবে, আর আমাকে হুমকি দিয়ে যাবে।

  • কতজন এবার এইচএসসিতে জিপিএ-৫ পেলেন

    কতজন এবার এইচএসসিতে জিপিএ-৫ পেলেন

    এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এ বছরের ফলাফল প্রকাশ করা হয়। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।

     

    আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ফলাফলের সারসংক্ষেপ সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

    এবছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৭৭ দশমিক ৭৮। আর এইচএসসির ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৬।

    গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এ বছর পাসের হার কমেছে দশমিক ৮৬ শতাংশ। তবে গতবছরের চেয়ে এ বছর ৪ দশমিক ৩৪ শতাংশ ছাত্রী বেশি পাস করেছে।

    এবার এইচএসসি ও সমমানের সব পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কিছু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিছু বিষয়ের পরীক্ষা বাতিল হয়েছে। বাতিল পরীক্ষাগুলোর নম্বর নির্ধারণ করা হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে (বিষয় ম্যাপিং করে)। এ পদ্ধতি অনুসরণ করে ফলাফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো।

     

  • সাগরে লঘুচাপ আগামী পাঁচ দিন বৃষ্টি বাড়তে পারে

    সাগরে লঘুচাপ আগামী পাঁচ দিন বৃষ্টি বাড়তে পারে

    বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে আগামী পাঁচদিনে বৃষ্টিপাত বাড়তে পারে। সোমবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

     

    আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
    এতে আজ মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

  • স্বামী ও বোনের কাণ্ড নিয়ে কি বললেন কারিনা

    স্বামী ও বোনের কাণ্ড নিয়ে কি বললেন কারিনা

    বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। অভিনয়জীবনের ২৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অনেক সফল ও দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন। মাঝে কিছুটা বিরতি নিলেও ফের নিয়মিত হয়েছে তিনি। সিনেমার প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন শো’তে দেখা যাচ্ছে তাকে।

    সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে বোন কারিশমা কাপুরের সঙ্গে যোগ দেন কারিনা। সেখানেই সাইফ আলি খানের সঙ্গে রসায়ন নিয়েও কথা বলেন বেবো। সাইফের কাছে নাকি কারিনা আবদার করেছিলেন, ভালবাসলে তার নামে ট্যাটু করতেই হবে।

    কারিনা বলেন, ‘যদি তুমি আমাকে ভালবাস, তা হলে আমার নামে উল্কি করাও।’ সাইফের হাতে কারিনার নামের এই ট্যাটু ভালবাসার চিহ্ন। অভিনেত্রী নিজেই স্পষ্ট করেন। এই অনুষ্ঠানে কারিনা-কারিশমা দুই বোনের রসায়নের আলোচনাও উঠে আসে।

    কারিনার ভাষ্য, ‘কোথাও যাওয়ার আগে তৈরি হতে কারিশমার অনেকটা সময় লাগে। ফলে আমি বিরক্ত হই।’ বোনের এমন অভিযোগ শুনেই চোখে ঘুরিয়ে কারিনার দিকে তাকান কারিশমা।

    কিছু দিন আগেই মুক্তি পেয়েছে কারিনার ছবি ‘দ্য বাকিংহাম মার্ডার্স’। তবে ছবিটি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি। এর আগে ‘ক্রু’ ছবিতে কৃতি শ্যানন ও তব্বুর সঙ্গে তাকে দেখা গিয়েছিল। সেই ছবি অবশ্য বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল।

  • বৈরুতে তীব্র ইসরায়েলি বিমান হামলা

    বৈরুতে তীব্র ইসরায়েলি বিমান হামলা

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার রাত থেকে চলছে বোমা হামলা। বিস্ফোরণে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে আকাশে। জীবন বাঁচাতে সেখানকার মানুষজন পালাচ্ছেন অন্যত্র।

     

    এএফপি বলছে, কোথাও কোথাও ইসরায়েলি বাহিনী মারাত্মক হামলা চালিয়েছেন। একটি জায়গায় টানা দুই ঘণ্টার বেশি সময় ধরে বোমাবর্ষণ করা হয়েছে। যুদ্ধবিমান থেকে বৈরুতের দক্ষিণের শহরতলিগুলোতে চারটি নৃশংস হামলার ঘটনা ঘটেছে। বৈরুতের দক্ষিণে একটি এলাকা থেকে আগুনের বিশাল শিখা থেকে ধোঁয়া ঘণ্টাখানেক ধরে উঠতে দেখা গেছে।

    বৈরুতের দক্ষিণের শহরতলির কাছের এলাকা সাবরাতে সড়কে বহু মানুষকে দেখা গেছে। তাঁরা প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছেন। কেউ মোটরসাইকেলে, কেউবা পায়ে হেঁটেই পালাচ্ছেন। হামলার কারণে বৈরুতে লেবাননের একমাত্র বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

    এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে। এর আগে শনিবার রাতে হামলা শুরুর আগে ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণের শহরতলি থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছিল।

    এক বছর আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সীমান্তে সংঘাত চলছিল। ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে তীব্র বিমান হামলা শুরু করে ইসরায়েল। হামলায় লেবাননে ১ হাজার ১১০ জনের বেশি মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।

    শনিবার ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলে স্থলাভিযানে তারা ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। ধ্বংস করেছে হিজবুল্লাহর নিয়ন্ত্রণে প্রায় দুই হাজার সুনির্দিষ্ট লক্ষ্যস্থল। গত সপ্তাহে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন।

    লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটিতে স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে সীমান্তে সামরিক উপস্থিতিও বাড়াচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, লেবাননে স্থল অভিযান হতে পারে বলে মনে করছেন তারা। তবে এ বিষয়ে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

    হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের শত্রুতা বেশ পুরোনো। ২০০৬ সালে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছিল তারা। এরপর গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েল হামলা চালালে হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছিল ইসরায়েলও। তবে ১৭ ও ১৮ সেপ্টেম্বর হিজবুল্লাহর পেজার ও ওয়াকি–টকিতে হামলার পর থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল।

    ইসরায়েলের উত্তরে লেবাননের সীমান্ত রয়েছে। সেখানে ইসরায়েল বাহিনীর বিপুল সেনা, ট্যাংক ও কামান মোতায়েন করতে দেখা গেছে। এ নিয়ে হুমকি দিয়েছিলেন ইসরায়েলি বাহিনীর মুখপাত্র পিটার লার্নার। তিনি বলেছিলেন, স্থল অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে বিষয়টি এখনো বিবেচনাধীন। লেবাননে হামলা বাড়ানো নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট আলোচনা করছেন বলে জানিয়েছে তার কার্যালয়। এর আগে বুধবার স্থল হামলার প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছিলেন দেশটির সেনাপ্রধান হেরজি হালেভিও।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ইসরায়েলি হামলায় ১০৫ জন নিহত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত দুই সপ্তাহে দেশটিতে আহত হয়েছেন ৬ হাজারের বেশি নাগরিক। ১০ লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। ঘর ছাড়া মানুষেরা যাইতুনে উপকূল এলাকায় খোলা আকাশ ও রাস্তায় আশ্রয় নিয়েছেন।

    ইসরায়েল-হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলার জেরে লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের উত্তর সীমান্ত এলাকা ছেড়ে গিয়েছিল ৬০ হাজারের বেশি বাসিন্দা। তাদের নিজ বাসায় ফেরানোর চেষ্টায় রয়েছে ইসরায়েল সরকার।

     

  • ইরানের হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: বাইডেন

    ইরানের হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: বাইডেন

    ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি, ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদেরও সুরক্ষা দেওয়া হবে বলে জানান তিনি। খবর আল জাজিরার।

     

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া পোস্টে বাইডেন বলেন, এসব হামলার বিরুদ্ধে ইসরায়েলকে সুরক্ষা দিতে এবং এ অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপদ রাখতে কীভাবে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে, সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি।

    তিনি আরো জানান, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দিনের শুরুতে এক বৈঠকে এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

    প্রসঙ্গত, মঙ্গলবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এ তথ্য নিশ্চিত করেছে ইরান ও ইসরায়েল উভয় পক্ষ।