Category: Uncategorized

  • ফারুকী উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে যা বললেন

    ফারুকী উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে যা বললেন

    অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এই নির্মাতাকে শপথ পড়ান রাষ্ট্রপতি। নতুনদের মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী।

    শপথ নেওয়ার পর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘আমি কখনোই কোনো পদ কিংবা কোনো চেয়ারে বসব, এটা ভাবি নাই। কিন্তু প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা টেম্পটিং (লোভনীয়), না বলাটা মুশকিল।’

    তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারুকী বলেন, ‘আমি আশা করি, যে কয়দিন কাজ করব, কিছু পরিবর্তন হয়তো ঘটাতে পারব। যদি ঘটাতে পারি, মনে করব যে উদ্দেশ্য নিয়ে এসেছি, সেটা সফল হবে।’

    ফারুকীর কথায়, ‘আমি যদি কাজের মধ্যে কোনো ভুল করি, সবার প্রতি আমার একই বক্তব্য, ফিল ফ্রি (বিনা সংকোচে) ধরিয়ে দেবেন, এটা ভুল হচ্ছে। আমি সেটিকে সাদরে গ্রহণ করব।’

    প্রসঙ্গত, আড়াই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র ও নাটক নির্মাণ করে খ্যাতি পেয়েছেন ফারুকী। ছাত্র-জনতার অভ্যুত্থানের পক্ষে সোচ্চার ছিলেন ‘টেলিভিশন’, ‘ডুব’-এর নির্মাতা। আড়াই দশকের ক্যারিয়ারে ‘ব্যাচেলর’, ‘টেলিভিশন’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘ডুব’, পিঁপড়াবিদ্যা’র মতো সিনেমা নির্মাণ করেছেন ফারুকী।

  • আজ হতে যাচ্ছে ‘মোদি-জি জিনপিংয়ের’ আলোচিত বৈঠক

    আজ হতে যাচ্ছে ‘মোদি-জি জিনপিংয়ের’ আলোচিত বৈঠক

    আজ বুধবার (২৩অক্টোবর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের মধ্যে বৈঠক হবে। ব্রিকস সামিটের সাইডলাইনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠক হবে বলে জানা গেছে।বর্তমানে রাশিয়ার কাজানে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী।

    ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী জানিয়েছেন, আমি নিশ্চিত করছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের মধ্যে একটা দ্বিপক্ষীয় সভা হবে। বুধবার এই সভার আয়োজন করা হয়েছে। সময় ও স্থানের বিষয়টি ঠিক করা হচ্ছে। তবে সভা হবে বুধবারই।

    এদিকে এই সভা হলে মোদি ও জি জিনপিংয়ের মধ্যে এটা হবে গত পাঁচ বছরের মধ্যে প্রথমবার। এই সভায় কী নিয়ে আলোচনা হয় সেদিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মিডিয়া।

    তবে একদিকে রাশিয়ায় এই ব্রিকস সামিটের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের।তেমনি এবার ব্রিকস সামিটের পাশাপাশি মোদি ও জি জিনপিংয়ের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।এসময় সীমান্ত নিয়ে কোনো আলোচনা হয় কি না সেটাও দেখার বিষয়।

    সেখানে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, চীনের পক্ষ থেকে ঠিক কোন বিষয়কে উপস্থাপন করা হবে সেটাও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সূত্র : হিন্দুস্তান টাইমস

  • এমবিবিএসের তৃতীয় কিস্তি নিয়ে আসছে মুন্না ভাই

    এমবিবিএসের তৃতীয় কিস্তি নিয়ে আসছে মুন্না ভাই

    সুপারহিট হিন্দি সিনেমা ‘মুন্না ভাই এমবিবিএস’ এর তৃতীয় কিস্তি আনতে প্রায় পাঁচটি স্ক্রিপ্ট নিয়ে কাজ করার কথা জানিয়েছেন নির্মাতা রাজকুমার হিরানি। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। এমনকি সিনেমার প্রধান অভিনেতা সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ারসিও তাদের প্রিয় চরিত্রগুলো নিয়ে আবার দর্শকের সামনে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হিন্দুস্তান টাইমস লিখেছে, সম্প্রতি হিরানি একটি অনুষ্ঠানে এ সিনেমার তৃতীয় কিস্তি আনার কথা বলেন।

     

    গত ছয় মাস ধরে চিত্রনাট্য নিয়ে কাজ করার কথাও জানান। মুম্বাইয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের স্ক্রিন ম্যাগাজিনের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিরানি। সেখানে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মুন্না ভাই ফ্র্যাঞ্চাইজির জন্য আমার কাছে পাঁচটি স্ক্রিপ্ট আছে, তবে সবই অসম্পূর্ণ। অর্ধেক শেষ করা। আমি একটি স্ক্রিপ্ট লিখতে ছয় মাস সময় ব্যয় করেছি, বিরতি দিয়ে দিয়ে কাজ করছি।

    আমি এর বাইরে যেতে পারছি না। হিরানি বলেন, ‘মুন্না ভাই এলএলবি’, ‘মুন্না ভাই চল বেস’, ‘মুন্না ভাই চলে আমরিকা’ এবং আরও অনেক কিছু রয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, একটি গল্প আরেকটি থেকে ভালো হওয়া উচিত।

    এখন আমার মাথায় একটা ইউনিক আইডিয়া এসেছে। সিনেমার ১০০ বছরের পথচলায় যদিও সবই বলা হয়ে গেছে, তবে হ্যাঁ, আমি সেই আইডিয়া নিয়েই কাজ করছি। মুন্না ভাই সিনেমার তৃতীয় কিস্তি নির্মাণই এখন হিরানির জন্য প্রথম কাজ। আর এর কারণও তিনি ব্যাখ্যা করেছেন। মজার ছলে এই নির্মাতা বলেন, তা না হলে সঞ্জু বাড়িতে আসবে, আর আমাকে হুমকি দিয়ে যাবে।

  • কতজন এবার এইচএসসিতে জিপিএ-৫ পেলেন

    কতজন এবার এইচএসসিতে জিপিএ-৫ পেলেন

    এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এ বছরের ফলাফল প্রকাশ করা হয়। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।

     

    আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ফলাফলের সারসংক্ষেপ সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

    এবছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৭৭ দশমিক ৭৮। আর এইচএসসির ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৬।

    গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এ বছর পাসের হার কমেছে দশমিক ৮৬ শতাংশ। তবে গতবছরের চেয়ে এ বছর ৪ দশমিক ৩৪ শতাংশ ছাত্রী বেশি পাস করেছে।

    এবার এইচএসসি ও সমমানের সব পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কিছু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিছু বিষয়ের পরীক্ষা বাতিল হয়েছে। বাতিল পরীক্ষাগুলোর নম্বর নির্ধারণ করা হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে (বিষয় ম্যাপিং করে)। এ পদ্ধতি অনুসরণ করে ফলাফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো।

     

  • সাগরে লঘুচাপ আগামী পাঁচ দিন বৃষ্টি বাড়তে পারে

    সাগরে লঘুচাপ আগামী পাঁচ দিন বৃষ্টি বাড়তে পারে

    বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে আগামী পাঁচদিনে বৃষ্টিপাত বাড়তে পারে। সোমবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

     

    আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
    এতে আজ মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

  • স্বামী ও বোনের কাণ্ড নিয়ে কি বললেন কারিনা

    স্বামী ও বোনের কাণ্ড নিয়ে কি বললেন কারিনা

    বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। অভিনয়জীবনের ২৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অনেক সফল ও দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন। মাঝে কিছুটা বিরতি নিলেও ফের নিয়মিত হয়েছে তিনি। সিনেমার প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন শো’তে দেখা যাচ্ছে তাকে।

    সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে বোন কারিশমা কাপুরের সঙ্গে যোগ দেন কারিনা। সেখানেই সাইফ আলি খানের সঙ্গে রসায়ন নিয়েও কথা বলেন বেবো। সাইফের কাছে নাকি কারিনা আবদার করেছিলেন, ভালবাসলে তার নামে ট্যাটু করতেই হবে।

    কারিনা বলেন, ‘যদি তুমি আমাকে ভালবাস, তা হলে আমার নামে উল্কি করাও।’ সাইফের হাতে কারিনার নামের এই ট্যাটু ভালবাসার চিহ্ন। অভিনেত্রী নিজেই স্পষ্ট করেন। এই অনুষ্ঠানে কারিনা-কারিশমা দুই বোনের রসায়নের আলোচনাও উঠে আসে।

    কারিনার ভাষ্য, ‘কোথাও যাওয়ার আগে তৈরি হতে কারিশমার অনেকটা সময় লাগে। ফলে আমি বিরক্ত হই।’ বোনের এমন অভিযোগ শুনেই চোখে ঘুরিয়ে কারিনার দিকে তাকান কারিশমা।

    কিছু দিন আগেই মুক্তি পেয়েছে কারিনার ছবি ‘দ্য বাকিংহাম মার্ডার্স’। তবে ছবিটি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি। এর আগে ‘ক্রু’ ছবিতে কৃতি শ্যানন ও তব্বুর সঙ্গে তাকে দেখা গিয়েছিল। সেই ছবি অবশ্য বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল।

  • বৈরুতে তীব্র ইসরায়েলি বিমান হামলা

    বৈরুতে তীব্র ইসরায়েলি বিমান হামলা

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার রাত থেকে চলছে বোমা হামলা। বিস্ফোরণে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে আকাশে। জীবন বাঁচাতে সেখানকার মানুষজন পালাচ্ছেন অন্যত্র।

     

    এএফপি বলছে, কোথাও কোথাও ইসরায়েলি বাহিনী মারাত্মক হামলা চালিয়েছেন। একটি জায়গায় টানা দুই ঘণ্টার বেশি সময় ধরে বোমাবর্ষণ করা হয়েছে। যুদ্ধবিমান থেকে বৈরুতের দক্ষিণের শহরতলিগুলোতে চারটি নৃশংস হামলার ঘটনা ঘটেছে। বৈরুতের দক্ষিণে একটি এলাকা থেকে আগুনের বিশাল শিখা থেকে ধোঁয়া ঘণ্টাখানেক ধরে উঠতে দেখা গেছে।

    বৈরুতের দক্ষিণের শহরতলির কাছের এলাকা সাবরাতে সড়কে বহু মানুষকে দেখা গেছে। তাঁরা প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছেন। কেউ মোটরসাইকেলে, কেউবা পায়ে হেঁটেই পালাচ্ছেন। হামলার কারণে বৈরুতে লেবাননের একমাত্র বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

    এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে। এর আগে শনিবার রাতে হামলা শুরুর আগে ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণের শহরতলি থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছিল।

    এক বছর আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সীমান্তে সংঘাত চলছিল। ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে তীব্র বিমান হামলা শুরু করে ইসরায়েল। হামলায় লেবাননে ১ হাজার ১১০ জনের বেশি মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।

    শনিবার ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলে স্থলাভিযানে তারা ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। ধ্বংস করেছে হিজবুল্লাহর নিয়ন্ত্রণে প্রায় দুই হাজার সুনির্দিষ্ট লক্ষ্যস্থল। গত সপ্তাহে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন।

    লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটিতে স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে সীমান্তে সামরিক উপস্থিতিও বাড়াচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, লেবাননে স্থল অভিযান হতে পারে বলে মনে করছেন তারা। তবে এ বিষয়ে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

    হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের শত্রুতা বেশ পুরোনো। ২০০৬ সালে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছিল তারা। এরপর গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েল হামলা চালালে হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছিল ইসরায়েলও। তবে ১৭ ও ১৮ সেপ্টেম্বর হিজবুল্লাহর পেজার ও ওয়াকি–টকিতে হামলার পর থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল।

    ইসরায়েলের উত্তরে লেবাননের সীমান্ত রয়েছে। সেখানে ইসরায়েল বাহিনীর বিপুল সেনা, ট্যাংক ও কামান মোতায়েন করতে দেখা গেছে। এ নিয়ে হুমকি দিয়েছিলেন ইসরায়েলি বাহিনীর মুখপাত্র পিটার লার্নার। তিনি বলেছিলেন, স্থল অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে বিষয়টি এখনো বিবেচনাধীন। লেবাননে হামলা বাড়ানো নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট আলোচনা করছেন বলে জানিয়েছে তার কার্যালয়। এর আগে বুধবার স্থল হামলার প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছিলেন দেশটির সেনাপ্রধান হেরজি হালেভিও।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ইসরায়েলি হামলায় ১০৫ জন নিহত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত দুই সপ্তাহে দেশটিতে আহত হয়েছেন ৬ হাজারের বেশি নাগরিক। ১০ লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। ঘর ছাড়া মানুষেরা যাইতুনে উপকূল এলাকায় খোলা আকাশ ও রাস্তায় আশ্রয় নিয়েছেন।

    ইসরায়েল-হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলার জেরে লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের উত্তর সীমান্ত এলাকা ছেড়ে গিয়েছিল ৬০ হাজারের বেশি বাসিন্দা। তাদের নিজ বাসায় ফেরানোর চেষ্টায় রয়েছে ইসরায়েল সরকার।

     

  • ইরানের হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: বাইডেন

    ইরানের হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: বাইডেন

    ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি, ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদেরও সুরক্ষা দেওয়া হবে বলে জানান তিনি। খবর আল জাজিরার।

     

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া পোস্টে বাইডেন বলেন, এসব হামলার বিরুদ্ধে ইসরায়েলকে সুরক্ষা দিতে এবং এ অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপদ রাখতে কীভাবে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে, সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি।

    তিনি আরো জানান, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দিনের শুরুতে এক বৈঠকে এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

    প্রসঙ্গত, মঙ্গলবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এ তথ্য নিশ্চিত করেছে ইরান ও ইসরায়েল উভয় পক্ষ।

  • গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ৮, শনাক্ত ১২২১

    গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ৮, শনাক্ত ১২২১

    ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। যা চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু। একইসঙ্গে এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ২২১ জন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ।

     

    রবিবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬৭, ঢাকা উত্তর সিটিতে ২০৬, ঢাকা দক্ষিণ সিটিতে ২২৮, খুলনা বিভাগে ১৩৪ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন এবং রংপুর বিভাগে ২৮ নতুন রোগী ভর্তি হয়েছেন।

    এদিকে, গত এক দিনে সারাদেশে ১০৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৩৩১ জন।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৯ হাজার ৭৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫৮ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

    এর আগে, গত ২২ সেপ্টেম্বর ৯২৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর শনিবার (২৮ সেপ্টেম্বর) তার আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়। রোববারের আগে যা ছিল চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

  • এবার ইসরাইলকে বয়কট গ্র্যান্ডমাস্টার রাজীবের

    এবার ইসরাইলকে বয়কট গ্র্যান্ডমাস্টার রাজীবের

    হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠানরত ফিদে দাবা অলিম্পয়াডে এক অভাবনীয় ঘটনা ঘটিয়ে ফেলেছেন বাংলাদেশের দাবাড়ু-গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। শুক্রবার তিনি নিজের ফেসবুকের ওয়ালে লিখেছেন, ‘২০২২ সালের চেন্নাই দাবা অলিম্পিয়াড ও ২০২৪ এর হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল হিসেবে অংশ নিতে পারেনি।

     

    তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরাইল কীভাবে অংশগ্রহণ করতে পারে? কালকে তাদের খেলা বাংলাদেশের সঙ্গে পড়েছে। আমি বয়কট করলাম।’

    রাজীব আরও বলেছেন, ‘ইউক্রেনে হামলার কারণে রাশিয়া ও বেলারুশকে দাবা অলিম্পিয়াডে খেলতে দেওয়া হচ্ছে না। এমনকি নিজেদের পতাকা নিয়ে সেদেশের দাবাড়ুদের বিশ্ব সব আসরে খেলার সুযোগ নেই। দাবার সর্বোচ্চ সংস্থা ফিদে তাদের নিষিদ্ধ করে রেখেছে।

    যদি তাদের নিষিদ্ধ করা হয় তাহলে ইসরাইল কেন নয়? ওরা তো নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে। সবকিছু শেষ করে দিচ্ছে। তাই এর প্রতিবাদে ইসরাইলের বিপক্ষে খেলা নিয়ে বয়কট ঘোষণা করেছি। আমার সিদ্ধান্ত এরই মধ্যে ফেডারেশনকে জানিয়ে দিয়েছি।’

    এদিকে আরও একবার গ্র্যান্ডমাস্টারের নর্ম হাতছাড়া হলো ফাহাদ রহমানের। চলমান দাবা অলিম্পিয়াডে ফাহাদের প্রয়োজন ছিল একটি জয়। কিন্তু নবম রাউন্ডের এই ম্যাচে লেবাননের ফিদেমাস্টার আমরো এল জাওইচের সঙ্গে পয়েন্ট ভাগ করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার। এই ড্রয়েই আবারও কপাল পুড়লো ফাহাদের।

    বেড়ে গেল গ্র্যান্ডমাস্টার হওয়ার অপেক্ষা। নবম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল ২.৫-১.৫ গেম পয়েন্টে লেবাননকে হারিয়েছে। মহিলা বিভাগের নবম রাউন্ডের খেলায় বাংলাদেশ মহিলা দল আর্জেটিনা মহিলা দলের কাছে ১-৩ গেম পেয়েন্টে হেরে যায়।