Category: ফুটবল

  • নেইমারের অপেক্ষা বাড়ল

    নেইমারের অপেক্ষা বাড়ল

    জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরার অপেক্ষাটা আরও দীর্ঘ হলো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। পুরোপুরি ফিট না হলে আল হিলালের এই স্ট্রাইকারকে দলে ফেরাতে চান না সেলেসাওদের অভিজ্ঞ কোচ ডোরিভাল জুনিয়র।

     

    নেইমারের জন্য সবাইকে আরেকটু ধৈর্য ধরতে বলে অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছেন ব্রাজিলিয়ান কোচ। ফলে গত অক্টোবরে সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নামা নেইমারের চলতি বছরেও ফেরা হয় কি না সেটা নিয়েও শঙ্কায় ভক্ত-অনুরাগীরা।

    শুক্রবার বাছাইপর্বে চিলি এবং পেরুর বিপক্ষে দুই ম্যাচের জন্য দল ঘোষণার আগে ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র বলেন, ‘আমরা জানি সে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

    আমরা তার অপেক্ষায় আছি। আমাদের ধৈর্য ধরতে হবে। এ ছাড়া অন্য কিছুই করার নেই। সে অক্টোবর, নভেম্বর কিংবা ফেব্রুয়ারিতে ফিরবে কি না, সেটা কোনো ব্যাপার না। তাকে আত্মবিশ্বাসী এবং পুরোপুরি ফিট হতে হবে।’

    কাতার বিশ্বকাপ থেকে শুরু হওয়া দুঃসময় যেন কিছুতেই কাটছে না তাদের। কোপা আমেরিকায় ব্যর্থতার পর বিশ্বকাপ বাছাইয়েও বাজে পারফর্ম করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

    সর্বশেষ প্যারাগুয়ের কাছেও হেরেছে দলটি। আগামী ১১ অক্টোবর চিলি এবং ১৬ অক্টোবর পেরুর মুখোমুখি হবে ব্রাজিল।

  • এমবাপ্পে ইনজুরিতে মাঠের বাইরে

    এমবাপ্পে ইনজুরিতে মাঠের বাইরে

    রিয়াল মাদ্রিদ তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ইনজুরিতে পড়েছেন। ক্লাবের পক্ষ থেকে তার ইনজুরির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন ফ্রান্সম্যান।

     

    আলাভেসের বিপক্ষে বুধবার রাতে ৩-২ গোলে জিতেছে লস ব্লাঙ্কোসরা। ওই ম্যাচে গোল করেছেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে তাকে বদলি করে তুলে নেওয়া হয়। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লে আনচেলত্তি জানান, কিছুটা ব্যথা অনুভব করেছেন এমবাপ্পে।

    তবে রিয়াল মাদ্রিদের মেডিকেল বোর্ড পরীক্ষা করে আরও বড় ইনজুরি পেয়েছে। বিবৃতি দিয়ে ক্লাব বলেছে, বাঁ-পায়ের ঊরুর মাংসপেশিতে ব্যথা পেয়েছেন এমবাপ্পে।

    রিয়াল মাদ্রিদ আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচ খেলবে। ওই ম্যাচসহ তিন ম্যাচে তিনি খেলতে পারবেন না। অক্টোবরে আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরতে পারেন তিনি।

    রিয়ালে যোগ দেওয়ার পর এটাই এমবাপ্পের প্রথম ইনজুরি। ব্লাঙ্কোসদের জার্সিতে তিনি সব মিলিয়ে ৯ ম্যাচ খেলে ৭ গোল করেছেন। এর মধ্যে লিগে করেছেন ৫ গোল।

  • মেসি যুক্তরাষ্ট্র ছেড়ে কোথায় যাচ্ছেন ?

    মেসি যুক্তরাষ্ট্র ছেড়ে কোথায় যাচ্ছেন ?

    যুক্তরাষ্ট্রে হয়তো আর এক মৌসুম খেলবেন লিওনেল মেসি। তার পরে মেজর সকার লিগ ছাড়তে পারেন তিনি। ডেভিড বেকহ্যামের ইন্টার মায়ামি ক্লাব ছেড়ে কোথায় যোগ দেবেন তিনি?

     

    মায়ামির সঙ্গে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে মেসির। যুক্তরাষ্ট্রের এই ক্লাবটির সঙ্গে আড়াই বছরের চুক্তি ছিল আর্জেন্টিনার এই কিংবদন্তির। নিজ দেশের একটি সংবাদমাধ্যম মেসি জানিয়েছেন, চুক্তি বাড়ানোর বিষয়ে এখনো ইন্টার মায়ামির সঙ্গে তিনি কথা বলেননি। তিনি মায়ামি ছেড়ে আর্জেন্টিনায় ফিরতে পারেন।

    নিজের ফুটবল জীবন আর্জেন্টিনার ক্লাব নিউওয়েল ওল্ড বয়েজে শুরু করেছিলেন মেসি। সেখানেই প্রথম নজরে পড়েন তিনি। তারপর সেখান থেকে চলে যান লা মাসিয়া অ্যাকাডেমিতে। ক্যারিয়ারের একেবারে শেষে আবার নিজের ছোটবেলার ক্লাব নিউওয়েলে ফিরতে পারেন মেসি।

    মেসির যুক্তরাষ্ট্র ছাড়া নিয়ে জল্পনা শুরু হলেও তা নিয়ে সংশয় রয়েছে। কারণ ২০২৬ সালে যুক্তরাষ্ট্রেই হবে ফুটবল বিশ্বকাপ। তার আগে সে দেশে ফুটবলকে জনপ্রিয় করার জন্যই মেসিকে নিয়ে যাওয়া হয়েছিল বলে অনেকের মত। মেসি মায়ামিতে যোগ দেওয়ার পরে সেই ক্লাবকে ট্রফি দিয়েছেন। পাশাপাশি মেজর সকার লিগের দর্শকের সংখ্যাও বেড়েছে।

    বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত স্পনসরদেরও লাভ বেড়েছে। এই পরিস্থিতিতে বিশ্বকাপের আগে মেসি ‍যুক্তরাষ্ট্র ছাড়লে সে দেশের ফুটবলের ক্ষতি হবে। তাই মায়ামির সঙ্গে তার চুক্তি আরও বাড়ানো হতে পারে।

  • ২০৩৪ ফুটবল বিশ্বকাপের জন্য রোমাঞ্চিত নেইমার

    ২০৩৪ ফুটবল বিশ্বকাপের জন্য রোমাঞ্চিত নেইমার

    ২০৩৪ ফুটবল বিশ্বকাপের স্বাগতিক হতে সৌদি আরব ছাড়া সেভাবে কেউ প্রস্তাব করেনি এখনো। চলতি বছরের শেষ দিকে চূড়ান্ত হবে আয়োজক দেশ। ধারণা করা হচ্ছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৌদি আরবের নাম ঘোষণা হওয়ার সম্ভাবনাই বেশি সৌদির প্রস্তাবে পূর্ণ সমর্থন জানিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। আল-হিলালের এই ফরোয়ার্ড আশা করছেন, সৌদি আরবে বিশ্বকাপ হলে সেটা হবে সবার জন্যই বেশ আকর্ষণীয়।

     

    টুইটারে নেইমারের একটি ভিডিও প্রকাশ করেছে আল-হিলাল। সেখানে তিনি বলেছেন, ‘সৌদি আরবে বিশ্বকাপ আয়োজনের খবরে আমি খুব খুশি। আমি মনে করি এটি ফুটবল প্রিয় সকলের জন্যই বেশ আকর্ষণীয় হবে। এর মাধ্যমে বিশ্বের অনেক দেশই সৌদি আরবের সংস্কৃতি সম্পর্কে আরও বেশি জানার সুযোগ পাবে। এ দেশের প্রত্যেকের জন্যই হবে অনন্য অভিজ্ঞতা। এই সুযোগ তাদের প্রাপ্য।’

    ২০২৬ সালে আগামী বিশ্বকাপ হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ২০৩০ সালের আসর আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন। এরপর ২০২৪ সালে ৪৮ দলের বিশ্বকাপ। যেখানে এককভাবে সম্ভাব্য আয়োজক হিসেবে রয়েছে পেট্রো ডলারের দেশ সৌদি আরব। ২০২৩ সালের আগস্টে ফরাসি ফুটবল ক্লাব পিএসজি থেকে সৌদি পেশাদার লিগের জায়ান্ট আল-হিলালে যোগ দেন নেইমার।

    সৌদি প্রো লিগে এরই মধ্যে ৩টি ম্যাচ খেলেছেন ৩২ বয়সী এই ফুটবলার। তারপর চোটে পড়ে লম্বা সময় ধরে মাঠের বাইরে। এসিএল চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার শেষ পর্যায়ে রয়েছেন নেইমার। ২০২৩ সালের অক্টোবর থেকে মাঠের বাইরে তিনি।

    ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার খেলেছেন তিনটি বিশ্বকাপে। এসিএল চোটে ২০২৩ সালের অক্টোবর থেকে মাঠের বাইরে আছেন তিনি। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড এখন সেরে ওঠার শেষ ধাপে আছেন।

  • ‘রাজনীতির সঙ্গে ক্রীড়ানীতি নয়’: তাবিথ আউয়াল

    ‘রাজনীতির সঙ্গে ক্রীড়ানীতি নয়’: তাবিথ আউয়াল

    পাঁচতারকা হোটেলের ছোট্ট রুমে সংবাদকর্মীদের উপচে পড়া ভিড়। সেই ভিড়ের মধ্যে ডায়াসে উঠে পরিচিতজনদের সঙ্গে হাই-হ্যালো যেমন করেছেন, তেমনি করে মন খুলে কথা বলেছেন তাবিথ আওয়াল। ৩০ মিনিটেরও বেশি সময় ধরে চলা সংবাদ সম্মেলনে করা প্রশ্নের উত্তরগুলো একজন পাক্কা রাজনীতিবিদের মতো দিয়েছেন। কিন্তু গতকাল বিএনপির কেন্দ্রীয় এ নেতা কোনো রাজনৈতিক বক্তব্য দেননি।

     

    ফুটবলের প্রতি ভালোবাসা, ফুটবলকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখা তাবিথ আওয়াল হতে চান দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার নেতা। রাজনীতিকে ক্রীড়ানীতির সঙ্গে না মিলিয়ে সাবেক ফুটবলার ও সংগঠক হিসেবে নিজেকে নিয়ে যেতে চান আরও উচ্চতায়। স্বতন্ত্র থেকে ২০১২ ও ২০১৬; দুই মেয়াদে সহসভাপতি পদে নির্বাচিত হওয়া ২৬ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সোমবার, ‘আমি বিগত তিনটি নির্বাচনে অংশ নিয়েছিলাম।

    চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নির্বাচনের লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছি। অফিসিয়ালি আরেকটি বিষয় পরিষ্কার করছি, সভাপতি পদে নির্বাচন করব। আমি আশাবাদী এই পদে নির্বাচনে লড়লে জিতব এবং জিতলে আমি ফুটবলের ধারাবাহিকতা আরও সামনের দিকে নিয়ে যেতে পারব।’

    কাজী সালাউদ্দিন নির্বাচন না করার সিদ্ধান্তে তাবিথকেই ধরে নেওয়া হয়েছিল বাফুফের পরবর্তী সভাপতি প্রার্থী। কিন্তু ব্যবসায়ী ও সংগঠক তরফদার রুহুল আমিনের লড়াইয়ে নামা এবং তাঁকে বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও সাবেক ফুটবলার আমিনুল হকের সমর্থন দেওয়ায় সৃষ্টি হয় ধূম্রজাল। একই দল ও মতাদর্শের হয়েও তাবিথের জায়গায় তরফদারকে আমিনুলের সমর্থন জানানো নিয়ে উঠেছে প্রশ্ন। তাবিথ উত্তর দিয়েছেন কূটনৈতিকভাবে ‘আমি বিএনপির পক্ষ থেকে মনোনয়ন নিয়ে দুইবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে লড়েছিলাম।

    একই সঙ্গে আমি কিন্তু ২০১২ সাল থেকে বাফুফে নির্বাচন করছি এবং লড়ছি। আমার মনে হয়, বিগত দিনগুলোতে দেখা যাবে না আমার রাজনীতি ও ক্রীড়ানীতি কোনো সময়ে স্বার্থ-সাংঘর্ষিক করতে দিয়েছি। আমি দেখেছি, কিছু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হয়তো আরেক ব্যক্তিকে সাপোর্ট দিতে পারেন। সেই জায়গাতে তো আমরাও চাচ্ছি।

    আমরা বারবার বলছি, নির্বাচনটা যেন উন্মুক্ত হয়। এখানে কিন্তু দলের পরিচয়, ধর্মের পরিচয়, জাতের পরিচয় মুখ্য না। যে ব্যক্তিকে আপনি মনে করেন ফুটবলের জন্য ভালো হতে পারে, আপনারা সেই ব্যক্তিকেই সাপোর্ট দেবেন। আশা করি, ভোটাররা সিদ্ধান্ত দেবে কোন ব্যক্তি দায়িত্ব গ্রহণ করবে। আমিনুল হককে যদি আপনি আমার মতো একটা দলের ভেতরে বন্দি করে রাখেন, সেটাও শোচনীয় হবে বলে আমি মনে করি না।

    আমিনুল হক জাতীয় দলের সাবেক অধিনায়ক ছিলেন। এখন কে কোন পরিচয় দিয়ে কাকে সাপোর্ট করছে, এটা আমি মনে করি তাদের ব্যক্তিগত জায়গাতে সীমিত রাখা ভালো। শুধু ক্রীড়াবিদ হিসেবে আমি আগামীতে ফুটবল ফেডারেশনে নির্বাচন করতে যাচ্ছি।’

    এখন পর্যন্ত সভাপতি পদে তাবিথের প্রতিদ্বন্দ্বী তরফদার। ফুটবলপাড়ায় গুঞ্জন আছে, অক্টোবরে তফসিল ঘোষণার পর হয়তো ঐকমত্যের প্যানেল হতে পারে। এসব বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি এবং তিনি কী কোনো প্যানেল দাঁড় করাবেন কিনা, সেটাও সময়ের হাতে ছেড়ে দিয়েছেন সাবেক এ ফুটবলার, ‘আজকে (সোমবার) শুধু আমার নির্বাচন করার আগ্রহটা জানালাম।

    আমাদের ইশতেহার কী হতে পারে বা ভবিষ্যতে পরিকল্পনা কী হতে পারে; কারা কারা ডেলিগেট হবে সেই প্রক্রিয়া এখন চলছে। ডেলিগেট হওয়ার পরের প্রক্রিয়া হলো কারা কারা নির্বাচন করতে আগ্রহী। নির্বাচনে যখন আমরা বুঝব কারা কারা আগ্রহী, তখন চিন্তা করা যাবে একটা প্যানেল হবে নাকি আংশিক প্যানেল হবে, নাকি কোনো প্যানেলই হবে না। সেই জায়গাগুলোতে আমি এখন কোনো বক্তব্য রাখতে পারছি না।’

    যে প্যানেলই হোক বা না হোক, তাবিথ চান ভোটের লড়াইয়ে সভাপতির চেয়ার বসতে, ‘যারা মনে করেন, তারা এই পদের (সভাপতি) জন্য যোগ্য, আমি ওয়েলকাম জানাই সবাই যেন নির্বাচনে দাঁড়ায়। কম্পিটিশনের মাধ্যমে সবচেয়ে ভালো নেতা এবং লিডার তৈরি হতে পারে।

    কম্পিটিশনবিহীন একজন, দু’জন যতই নিজেকে ভালো মনে করুক এটার কোনো ক্রেডিট বা ক্রেডিটাবিলি আসেনা। আমি চাইব, একটা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হয়ে আসা। যদি আমি হতে পারি, তাহলে বুঝব ক্রীড়াঙ্গনের ম্যান্ডেট আমার ওপরে আছে। ক্রীড়াঙ্গনের সাপোর্ট আমার ওপর আছে। আর আমি নির্বাচিত হলে খেলার মাঠে চমক দেখাব।’

  • মেসি মায়ামি ছাড়তে পারেন!

    মেসি মায়ামি ছাড়তে পারেন!

    ইউরোপের ফুটবলকে বিদায় বলেছেন লিওনেল মেসি। বার্সেলোনার পর পিএসজি হয়ে গেছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। তার সামনে সৌদি লিগের থেকে মোটা অঙ্কের অর্থের প্রস্তাব ছিল। কিন্তু তা নাকচ করে যুক্তরাষ্ট্রে ডেভিড বেকহ্যামের ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নেন সর্বজয়ী এই আর্জেন্টাইন ফুটবলার।

     

    কিন্তু আর্জেন্টাইন সংবাদ মাধ্যম দাবি করেছে, ওই ইন্টার মায়ামিও ছেড়ে দিতে পারেন তিনি। যোগ দিতে পারেন নিজ দেশ আর্জেন্টিনার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে। যে ক্লাব থেকে কিংবদন্তি মেসির ফুটবল যাত্রা শুরু।

    মেসির সঙ্গে ইন্টার মায়ামির আড়াই বছরের চুক্তি হয়েছিল। যে চুক্তির প্রায় এক বছর শেষ হয়ে গেছে। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বরে ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হবে তার। মিয়ামির সঙ্গে মেসি নতুন চুক্তি নাও করতে পারেন বলে দাবি করেছে আর্জেন্টাইন ক্লাব। চুক্তি শেষে ফ্রি এজেন্টে নাকি নিজ দেশে ফিরবেন তিনি।

    যদিও ওই গুঞ্জন সত্যি হওয়ার সম্ভাবনা বেশি নয়। মেসি যুক্তরাষ্ট্রে শুধু ফুটবল খেলতে যাননি পরিবার নিয়ে বসবাসও করতে গেছেন। সন্তানদের পড়াশুনার কথা চিন্তা করে সৌদিতে না গিয়ে যুক্তরাষ্ট্রের লিগকে বেছে নিয়েছেন তিনি। ওদিকে ২০২৬ সালের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রে। মেসি তাই যুক্তরাষ্ট্রের ফুটবল কর্তৃপক্ষ ছাড়তে চাইবে না।

  • বাফুফে সভাপতি পদে প্রার্থী কে তাবিথ ?

    বাফুফে সভাপতি পদে প্রার্থী কে তাবিথ ?

    কাজী সালাউদ্দিনের সভাপতি পদে নির্বাচন না করার ঘোষণা। একটু আড়ালে চলে যাওয়া ব্যবসায়ী ও সংগঠক তরফদার মোহাম্মদ রহুল আমিনের লাইমলাইটে চলে আসা। ২৬ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে তাঁর আত্মপ্রকাশ করার পরই তরফদারের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিয়ে চলে নানা গুঞ্জন।

     

    সাবেক ফুটবলার ও বাফুফের দু’বারের সাবেক সহসভাপতি তাবিথ আওয়ালের সঙ্গে বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসানের নামও উঠে আসে আলোচনায়। কেউই এতদিন নির্বাচনের মাঠে নামার কথা বলেননি।

    তরফদারের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে তুলে ধরতে আজ বিকেলে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন তাবিথ। তাঁর দল বিএনপির হাইকমান্ডের গ্রিন সিগন্যালও পেয়েছেন তিনি।

    নির্বাচন করবেন বলেই এ সভার আয়োজন করেছেন বলে গতকাল সাবেক এ ফুটবলার, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব। আপনাদের সাহস পেলে অবশ্যই নির্বাচন করব। সভাপতি পদে নির্বাচন করব বলেই তো দাওয়াত দিচ্ছি আপনাদের। মানুষ কি দাওয়াত দিয়ে নেগেটিভ নিউজ দেয় নাকি?’

    কাজী সালাউদ্দিনের সময়ে ২০১২ এবং ২০১৬ নির্বাচনে স্বতন্ত্র থেকে সহসভাপতির চেয়ারে বসেছিলেন তাবিথ। সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে সহসভাপতি পদে কয়েক ভোটের ব্যবধানে মহিউদ্দিন আহমেদ মহির কাছে হেরে যান। সরকার পরিবর্তনের পর বাফুফেতে নতুন নেতৃত্বের জন্য জোর আন্দোলন করে সাবেক ফুটবলার থেকে শুরু করে কয়েকটি ফুটবল সমর্থক গোষ্ঠী। এর পর গত ১৪ সেপ্টেম্বর সালাউদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পরদিনই সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তাবিথ।

    কিন্তু সেদিন তরফদারকে সভাপতি পদে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও সাবেক গোলরক্ষক আমিনুল হক সমর্থন জানানোর পর পাল্টে যায় দৃশ্যপট। বিএনপি থেকে মনোনয়ন নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নির্বাচন করা তাবিথ তখন বাফুফে নির্বাচন করার ব্যাপারে কিছুটা সময় নেন। এই কয়েক দিনে ফুটবলপাড়ায় এমনও কথা রটেছিল, ‘ঐকমত্যের’ প্যানেল হতে পারে বাফুফে নির্বাচনে।

    রোববার নির্বাচন নিয়ে প্রশ্নে সমকালের সঙ্গে এমনই ইঙ্গিত দিয়েছিলেন তরফদার, ‘আমরা চেষ্টা করছি, ঐকমত্যের একটা প্যানেল করতে। এটা নিয়ে যে আলোচনা চলছে, তা প্রাথমিক পর্যায়ে আছে।’ তার পরই তাবিথ আওয়ালের কাছ থেকে আসে নির্বাচন করার ঘোষণা।

  • এবার ভিলারিয়ালকে উড়িয়ে বার্সার ছয়ে ছয়

    এবার ভিলারিয়ালকে উড়িয়ে বার্সার ছয়ে ছয়

    চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে হার দেখলেও বার্সেলোনা লা লিগায় শতভাগ সাফল্য ধরে রেখেছে। রোববার ষষ্ঠ ম্যাচ খেলতে নেমে ভিয়ারিয়ালকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। রবার্ট লেভান্ডোভস্কি ও রাফিনিয়া করেছেন জোড়া গোল। ছয় ম্যাচের সবগুলো জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করলো কাতালান জায়ান্টরা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

     

    ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই বল নিজেদের দখলে রেখে আক্রমণ করতে থাকে বার্সেলোনা। যদিও ম্যাচের ৮ মিনিটে প্রথম সহজ সুযোগ মিস করে স্বাগতিকরা। বাম দিক থেকে সতীর্থের ক্রসে বক্সে হেড লক্ষ্যে রাখতে পারেননি ফরোয়ার্ড নিকোলাস পেপে। দুই মিনিট পর ইয়েরেমি পিনো বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সে গোল।

    ম্যাচের ২০ মিনিটে গোলের অপেক্ষা ফুরায় বার্সেলোনার। পাবলো তোরে দারুণ থ্রু বল বাড়ান বক্সে, প্রথম স্পর্শে ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন লেভান্ডোভস্কি। ৩৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল পেয়ে যান তিনি। ইয়ামালের ক্রসে দূরের পোস্টে এরিক গার্সিয়ার হেড গোলরক্ষক ঠেকানোর পর কাছ থেকে ওভারহেড কিকে জালে পাঠান সাবেক বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার। ৩৮ মিনিটে স্বাগতিক ভিয়ারিয়াল ব্যবধান কমায় আয়োজ পেরেজের গোলে। ৫৮ মিনিটে পাবলো তোরের গোলে ব্যবধানটা ৩-১ করা বার্সার শেষ দুটি গোল করেন রাফিনিয়া।

    বার্সেলোনা তাদের কিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে হাফটাইমের আগে হারায়। ইনজুরির ব্যথায় কাতরাতে থাকা জার্মান কিপারকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। তার বদলি হিসেবে নামা ইনিয়াকি পেনা ভালোই করেছেন। নিকোলাস পেপের শট ফিরিয়ে স্কোরটাকে ২-২ করতে দেননি পেনা।

     

  • এবার উড়ন্ত আর্জেন্টিনাকে হারাল কলম্বিয়া

    এবার উড়ন্ত আর্জেন্টিনাকে হারাল কলম্বিয়া

    বিশ্বকাপের পর কোপা আমেরিকা জয়; উড়ছিল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়েও দারুণ ছন্দে ছিল দলটি। মঙ্গলবার রাতে তাদের ঘরের মাঠে পেয়ে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের আরেক জায়ান্ট কলম্বিয়া।

     

    বিশ্বের যে প্রান্তেই আর্জেন্টিনার ম্যাচ হয় গ্যালারি ছেয়ে থাকে আকাশি-সাদায়। কলম্বিয়ার স্টাডিও মেট্রোপলিটানোয় ভিন্ন অভিজ্ঞতা হলো লওতারো মার্টিনেজদের। হলুদে ছেয়ে ছিল স্টেডিয়াম। আর্জেন্টিনার পায়ে বল গেলে দুয়ো আর কলম্বিয়া আক্রমণে উঠলে ছিল গলা ফাঁটানো উচ্ছ্বাস।

    ঘরের মাঠে দর্শকদের সমর্থন দারুণভাবে কাজে লাগিয়েছে কলম্বিয়া। ম্যাচের ২৫ মিনিটে লিড নেয় দলটি। জেরসন মসকুয়েরো দলকে লিড এনে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে লিওনেল মেসি-আনহেল ডি মারিয়াবিহীন আর্জেন্টিনা। নিকো গঞ্জালেস ৪৮ মিনিটে গোল করেন।

    কিন্তু পরেই পেনাল্টি থেকে গোল করে দলকে শুধু লিড নয় শেষ পর্যন্ত জয় এনে দেন হামেস রদ্রিগেজ। ৬০ মিনিটে গোলটি করেন তিনি। ম্যাচে অধিকাংশ সময় পিছিয়ে থাকায় আক্রমণ করে খেলতে চেয়েছে আর্জেন্টিনা। কলম্বিয়ার ৯ আক্রমণের বিপরীতে তারা ১৩টি শটও নিয়েছে। কিন্তু গোলের লক্ষ্যে ছিল কেবল একটি শট। বলের দখলের কোপা আমেরিকার ফাইনালে হারা কলম্বিয়া পিছিয়ে ছিল না।

    এ নিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচ খেলে দুটিতে হারল আর্জেন্টিনা। টেবিলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্কালোনির দল। কলম্বিয়া বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত অপরাজিত। তারা ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। আট ম্যাচের চারটিতে ড্র করেছে তারা। তিনে আছে উরুগুয়ে।

  • ২০২৬ বিশ্বকাপ ফাইনালে খেলবে ব্রাজিল বললেন কোচ

    ২০২৬ বিশ্বকাপ ফাইনালে খেলবে ব্রাজিল বললেন কোচ

    সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর ২২ বছর কেটে গেলেও মিশন হেক্সা সম্পন্ন হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। গত জুলাইয়ে কোপা আমেরিকা থেকেও কোয়ার্টার-ফাইনালে বাদ পড়ে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বেও ব্রাজিলের অবস্থা ভালো নয়। তাদের ইতিহাসে প্রথমবার তারা হেরেছে টানা তিন ম্যাচে। উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার কাছে সেই হারগুলোর পর পয়েন্ট তালিকায় তারা নেমে গিয়েছিল ছয়ে। সবশেষ ম্যাচ গত শুক্রবার ইকুয়েডরকে কোনোরকমে হারিয়ে তারা উঠে এসেছে চারে।

     

    এবার ব্রাজিলের নজর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে। কোচ দরিভাল জুনিয়র আশার বানী শুনিয়েছেন ব্রাজিল সমর্থকদের। আত্মবিশ্বাসের সঙ্গে ব্রাজিল কোচ জানিয়েছেন, আগামী বিশ্বকাপের ফাইনালে খেলবে তার দল। মঙ্গলবার প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমন আশার কথা শোনালেন ব্রাজিল কোচ।

    দরিভাল বলেন, ‘আপনি লিখে রাখতে পারেন ২০২৬ বিশ্বকাপে আমরা ফাইনাল খেলব, বিশ্বাস না হলে দুই বছর পর আমার কথা মিলিয়ে নেবেন।’

    দরিভালের মতে, তিনি এখনও দলটাকে গুছিয়ে নিচ্ছেন। কিছু জায়গায় এখনই দলকে পোক্ত দেখছেন তিনি, কিছু জায়গায় দেখছেন কমতি। তিনি বলেন, ‘খেলার দর্শনীয় মানের কথা বললে, দল হিসেবে আমরা এখনও সঠিক পথ খুঁজছি। বল কেড়ে নেওয়া, বল হারানোর পর প্রতিপক্ষের দুই-তিন পাসের মধ্যে দ্রুত নিচে নামা, এসব ক্ষেত্রে আমরা যথেষ্ট শক্তিশালী। বল পুনরুদ্ধারে আমরা যথেষ্ট শক্তিশালী।’

    এখানেই থামার ইচ্ছে নেই দরিভালের, ‘আমরা রিকোভারির ক্ষেত্রে আরও আগ্রাসী হবো। দল হিসেবে আমার বিশ্বাস, আমরা উন্নতি করেছি। প্রতিপক্ষের বক্সের কাছে আমাদের এখনো কিছু ঘাটতি রয়েছে। একজন নির্ভরযোগ্য খেলোয়াড় বা এমন কেউ যে কিনা প্রতিপক্ষের ভারসাম্য নষ্ট করে দেবে।’

    ব্রাজিলের কাছ থেকে ভক্তদের প্রত্যাশা ব্যাপক। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের পরেই তরুণদের ওপর নেইমারের সমান প্রত্যাশা না রাখার কথা শুনিয়েছিলেন দরিভাল। প্যারাগুয়ে ম্যাচের আগেও শোনালেন একই কথা, ‘আমাদের দৃশ্যমান উন্নতি রাতারাতি হবে না। এটা সময় লাগবে, তবে খুব দ্রুতই আমরা নিজেদের খুঁজে পাব। ক্লাবের তুলনায় জাতীয় দলে কাজটা কঠিন। জাতীয় দলে দুই-তিন ম্যাচের পর খেলোয়াড়রা লন্ডনে চলে যায়। দানিলো যাবে ইতালি। আমাদের যেতে হবে রিও ডে জেনিরোতে। কাজটা সহজ না।’