Category: ফুটবল

  • ইনিয়েস্তার অবসরে মেসির আবেগী বার্তা

    ইনিয়েস্তার অবসরে মেসির আবেগী বার্তা

    অবশেষে ফুটবলকে বিদায় বলে দিলেন বার্সেলোনা ও স্পেনের তারকা ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা। এতে অবসান ঘটলো ২২ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারের। স্পেনের জার্সিতে বিশ্বকাপ ও ইউরোজয়ী এ মিডফিল্ডার সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন। সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ক্লাবেই ক্যারিয়ার শেষ করলেন তিনি।

     

    ইনিয়েস্তার বিদায়ী ঘোষণার পর বিশেষ বার্তা দিয়েছেন তার এক সময়ের সতীর্থ লিওনেল মেসি। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া আবেগঘন বার্তায় আর্জেন্টাইন কিংবদন্তি লিখেছেন, ‘আমি যার সঙ্গ সবচেয়ে বেশি উপভোগ করেছি, আমার সবচেয়ে জাদুকরী সতীর্থদের একজন- ফুটবল তোমাকে মিস করবে। এবং আমরাও তোমাকে মিস করব। আমি সর্বদা তোমার মঙ্গল কামনা করি। তুমি একজন ফেনোমেনন।’

    ১২ বছর বয়সে ১৯৯৬ সালে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন ইনিয়েস্তা। কাতালান ক্লাবটির ‘বি’ দলের হয়ে ৫৪ ম্যাচ খেলার পর ২০০২ সালে অভিষেক হয় মূল দলে। সময়ের সঙ্গে বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। বার্সেলোনা মূল দলের হয়ে ইনিয়েস্তা খেলেন মোট ৬৭৪ ম্যাচ। ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৯টি লা লিগা, ৬টি কোপা দেল রেসহ ৩২টি শিরোপা জেতেন তিনি।

  • এবার বাংলাদেশে আসছেন নেইমার!

    এবার বাংলাদেশে আসছেন নেইমার!

    ফুটবল বিশ্বের অন্যতম বড় তারকা নেইমার জুনিয়র। ইনজুরির কারণে বছরখানেক মাঠের বাইরে তিনি। তবে মাঠে না থাকলেও ভাটা পড়েনি তার জনপ্রিয়তায়। ব্রাজিলিয়ান তারকাকে এক পলক দেখার জন্য এখনো উন্মুখ হয়ে থাকেন ভক্তরা। তাকে কাছ থেকে দেখার সুযোগটা তৈরি হচ্ছে বাংলাদেশি সমর্থকদেরও।

     

    আগামী বছরের শুরুতে বাংলাদেশে আসতে পারেন নেইমার। এমন সুখবর দিয়েছেন, বাংলাদেশি বংশদ্ভূত রবিন। নেইমারের সঙ্গে যার আছে ঘনিষ্ঠ সম্পর্ক। লম্বা সময় ধরেই ব্রাজিলিয়ান সুপার স্টারের সঙ্গে কাজ করছেন তিনি। রবিন জানিয়েছেন, ভক্তদের নেইমারকে কাছ থেকে দেখার সুযোগ করে দিতে তাকে বাংলাদেশে নিয়ে আসছেন।

    সম্প্রতি দেশের এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে রবিন বলেন, ‘নেইমারের আসার ব্যাপারে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশা করি, আগামী বছরের (২০২৫) শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব।’

    নেইমারের আগে গত বছর লাতিন আমেরিকার আরও দুই ফুটবল তারকা এসেছিলেন বাংলাদেশে। একজন আর্জেন্টিনার হয়ে ২০২২ কাতার বিশ্বকাপ জেতা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, আরেকজন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। তবে ওই দুই সফরে সমর্থকরা প্রিয় তারকার সঙ্গে দেখা করার তেমন একটা সুযোগ পাননি। রবিন জানিয়েছেন, নেইমারের বেলায় যেন সমর্থকরা দেখা করার সুযোগ পান, সে চেষ্টা করবেন তিনি।

    রবিন বলেন, ‘আমি চাইব, নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে। আমরা চ্যারিটি আয়োজন করব। ১৬ কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করব।’

    আপাতত পুনর্বাসন প্রক্রিয়া শেষে সৌদি ক্লাব আল হিলালের হয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন নেইমার। তবে মাঠে ফেরার জন্য এখনো পুরোপুরি ফিট নন তিনি। কবে মাঠে ফিরতে পারবেন সেটিও নিশ্চিত করে বলতে পারেননি আল হিলাল কিংবা ব্রাজিলের কোচ। গত বছরের অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গোড়ালিতে গুরুতর চোট পেয়ে মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন নেইমার।

  • আজ বাফুফে নির্বাচনের তপশিল ঘোষণা

    আজ বাফুফে নির্বাচনের তপশিল ঘোষণা

    গত সপ্তাহে বাফুফে নির্বাহী কমিটির সভায় ঘোষিত হয় নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ বাকি দুই নির্বাচন কমিশনার ব্যারিস্টার একেএম এহসানুর রহমান ও সুরাইয়া আক্তার জাহানকে নিয়ে গতকাল প্রথম সভা করেন।

     

    অনেকেই মনে করেছিল, ২৬ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনের তপশিল রোববারই ঘোষণা করবে নির্বাচন কমিশন। সেই সুযোগ থাকলেও আরও একবার দেখে আজ তপশিল ঘোষণা করার সিদ্ধান্ত নেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন, ‘আমরা আজ সবকিছু নিয়ে আলোচনা করেছি। মোটামুটি সবই তৈরি হয়ে গেছে। তবুও আর একবার দেখে সবার সঙ্গে কথা বলে আগামীকাল (আজ) বেলা সাড়ে ১১টায় তপশিল ঘোষণা করা হবে।’

    কাজী সালাউদ্দিনের চার মেয়াদেই প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মেজবাহ। আসছে নির্বাচনে সালাউদ্দিন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা না করলেও টানা পঞ্চমবারের মতো নির্বাচন কমিশনারের দায়িত্ব মেজবাহর কাঁধে। যদিও তাঁকে পুনরায় নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়ায় কেউ কেউ সমালোচনা করেছেন। অতীতে সালাউদ্দিনের কথার বাইরে গিয়ে কিছু করেননি বলেই তাঁকে নিয়ে প্রশ্ন উঠেছিল।

    সেই প্রসঙ্গ উঠলে মেজবাহ বলেন, ‘শেষ চার নির্বাচনেই সালাউদ্দিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি নির্বাচন করবেন না। আমাকে এই নিয়ে কথা শুনতে হবে না।’ বিগত নির্বাচনগুলোতে প্রার্থীরা রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছেন বলে জানান মেজবাহ।

     

  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ব্রাজিলের ‘হেক্সা’ জয়

    আর্জেন্টিনাকে কাঁদিয়ে ব্রাজিলের ‘হেক্সা’ জয়

    ২০০২ সালে ফিফার ফুটবল বিশ্বকাপে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তুলেছিলো ব্রাজিল। ষষ্ঠ শিরোপার জন্য গত ২২ বছর ধরে অপেক্ষা চলমান থাকলেও এখন পর্যন্ত সেটির ধারেকাছে যেতে পারছে না সেলেসাওরা। বেশিরভাগ ক্ষেত্রে কোয়ার্টারে স্বপ্নভঙ্গ হতে দেখা গিয়েছে তাদের। তবে ফুটবল দলের আগে বিশ্বকাপের হেক্সা মিশন পূর্ণ করল ব্রাজিলের ফুটসাল দল। দশম ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিলিয়ানরা।

     

    রোববার ৬ অক্টোবর উজবেকিস্তানের তাসখন্দে ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। সেই সঙ্গে হেক্সা মিশনে এবার পুরোপুরি সফল হয়েছে সেলেসাওরা। ব্রাজিলের হয়ে গোল করেন ফেরাও এবং সান্তোস। আর আর্জেন্টিনার হয়ে একটি গোল করেন মাটিয়াস রোহা ।

    ম্যাচের ৫ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন ফেরাও। ১২ মিনিটে ব্যবধান ২-০ করেন রাফা সান্তোস। ৩৮ মিনিটে আর্জেন্টিনার রোহা একটি গোল পরিশোধ করেন। দুই অর্ধ মিলিয়ে ৪০ মিনিটের এই খেলায় এর কিছুক্ষণ পরেই স্প্যানিশ রেফারি আলেহান্দ্রো মার্তিনেজ শেষ বাঁশি বাজালে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

    উল্লেখ্য, এবারের আসরে কোনো ম্যাচই হারেনি ব্রাজিল। নিজেদের প্রথম খেলায় কিউবাকে ১০-০ গোলে হারায় দলটি। দ্বিতীয় খেলায় ক্রোয়েশিয়াকে ৮-১ গোলে পরাজিত করে তারা। তৃতীয় ও শেষ খেলায় থাইল্যান্ডকে ৯-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে জায়গা করে নেয় ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে কোস্টারিকাকে ৫-০ গোলে হারায় তারা। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ৩-১ গোলে আর সেমিফাইনালে ইউক্রেনের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় ব্রাজিল।

    শুধু দলীয় সাফল্যই নয়, টুর্নামেন্টে ব্যক্তিগত সাফল্যেই ব্রাজিলিয়ানরাও এগিয়ে। টুর্নামেন্ট সেরা গোলকিপারের পুরস্কার (গোল্ডেন গ্লাভ) জিতেছেন ব্রাজিলের গোলকিপার উইলিয়ান। সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন উইঙ্গার মার্সেল। আর সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বল উঠেছে দিয়েগোর হাতে।

    ফাইনালের আগে কাল একই ভেন্যুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও হয়েছে। সেই ম্যাচে ফ্রান্সকে ৭-১ গোলে বিধ্বস্ত করে তৃতীয় হয়েছে স্বাগতিক উজবেকিস্তান।

    ফিফা ফুটসালের আগে ফিফা বিচ সকারেও ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে এ বছরই, দুবাইয়ের ফাইনালে ইতালিকে হারিয়ে। এবারই ফিফা ফুটবল বিশ্বকাপেও ‘হেক্সা’ পূরণ করার পালা ব্রাজিলের।

     

  • ইতিহাস গড়ার আরও কাছে মায়ামি

    ইতিহাস গড়ার আরও কাছে মায়ামি

    মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড নিজেদের করে নেওয়া থেকে আর মাত্র এক জয় দূরে ইন্টার মায়ামি। টরেন্টো এফসির বিপক্ষে পাওয়া নাটকীয় জয় লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের সামনে এই সুযোগ এনে দিয়েছে।

     

    বাংলাদেশ সময় শনিবার রাতে টরেন্টোকে তাদেরই মাঠে ১-০ গোলে হারায় মায়ামি। ম্যাচের যোগ করা সময়ে গোলটি করেন লিওনার্দো কাম্পানা।

    মায়ামির শুরুর একাদশে ছিলেন না বার্সেলোনার চার সাবেক সতীর্থ মেসি, লুইস সুয়ারেজ, সের্হিও বুসকেতস ও জর্দি আলবা। টরেন্টোর শুরুর একাদশেও ছিলেন না তাদের দুই তারকা খেলোয়াড় লরেন্সো ইনসিনিয়ে ও ফেদেরিকো বের্নাদেস্কি। ম্যাচ জুড়ে আক্রমণে ভুগতে হয়েছে দুই দলকেই।

    দ্বিতীয়ার্ধে মেসি, সুয়ারেজ ও বুসকেতসকে বদলি নামায় মায়ামি, ইনসিনিয়েকে টরেন্টো। বের্নাদেস্কি নিষেধাজ্ঞায়। এরপর কিছুটা সুযোগ তৈরি করে দুই দল।

    বল দখলে মায়ামি এগিয়ে থাকলেও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল টরেন্টো। মায়ামি স্রেফ চারটি শটের দুটি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে ১৫টি শটের ৬টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা।

    মেসি ও বুসকেতস তৈরি করেন সুযোগ। শেষ পর্যন্ত ৯৩তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত ক্ষণ। সুয়ারেজের ক্রস থেকে গোলটি করেন কাম্পানা। তাতেই বেঁচে থাকে মায়ামির রেকর্ড গড়ার সুযোগ।

    ২০২১ আসরে এমএলএসে ৭২ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়ে নিউ ইংল্যান্ড রেভুল্যুশন। আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় এই রেভুল্যুশনকে হারিয়েই রেকর্ডটি নিজেদের করে নেওয়ার সুযোগ জেরার্দো মার্তিনোর দলের সামনে।

    ৩৩ ম্যাচে ২১ জয় ও ৮ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে সাপোর্টার্স শিল্ড শিরোপা নিশ্চিত করেছে মায়ামি।

  • ভালভার্দে-ভিনি নৈপুণ্যে রিয়ালের জয়

    ভালভার্দে-ভিনি নৈপুণ্যে রিয়ালের জয়

    মাদ্রিদ ডার্বিতে পয়েন্ট হারানোর পর আগের ম্যাচে বড় হোঁচট খেয়েছিল রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিলের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যায় দলটি। যা ছিল সব ধরনের প্রতিযোগিত মিলিয়ে ৩৬ ম্যাচ পর মাদ্রিদের হার। কঠিন সপ্তাহ অবশ্য দাপুটে জয়ে পেছনে ফেলেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

     

    লা লিগায় শনিবার রাতে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে মাদ্রিদ।প্রথমার্ধে ফেদে ভালভার্দের গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে লস ব্লাঙ্কোদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস জুনিয়র।

    এই জয়ে পয়েন্টের দিক দিয়ে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে থাকা রিয়াল অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে।

    ঘরের মাঠে বলের দখলে এগিয়ে থাকা রিয়াল পুরো ম্যাচে ১১টি শট নিয়ে মাত্র ২টি লক্ষ্যে রাখতে পেরেছে। তবে তাতেই শতভাগ সাফল্য পেয়েছে তারা।

    ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুতেই মাদ্রিদকে এগিয়ে নেন ফেদে ভালবার্দে। ১৪ মিনিটে তার করা গোলে লিড নেয় লস ব্লাংকোরা। লুকা মদ্রিচের ক্রস থেকে পাওয়া বল জালে জড়ান তিনি। প্রথমার্ধে আরও কয়েকটি আক্রমণ করলেও শেষ পর্যন্ত একটি গোল নিয়েই বিরতিতে যায় মাদ্রিদ।

    দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে আনচেলেত্তির দল। তবে, ভাঙতে পারেনি ভিয়ারিয়ালের গোল মুখ। অবশেষে ৭৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। দুরপাল্লার জোরালো শটে বল জালে জড়ান তিনি। মাদ্রিদ পায় দুই গোলের লিড।

    ২-০ গোলে জেতা ম্যাচটিতে শেষ দিকে চোটে পড়েন দানি কার্ভাহাল। অভিজ্ঞ ডিফেন্ডার ম্যাচের শেষ দিকে একটি বল ক্লিয়ার করতে গিয়ে পায়ে আঘাত পান। পরে তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হয়। ম্যাচের পর মাদ্রিদ কোচ আনচেলত্তি জানান, কার্ভাহালের সঙ্গে যা হয়েছে, তা নিয়ে ড্রেসিংরুমে সবাই চিন্তিত। জয়ের আনন্দটা নেই।

    এ জয়ে ৯ ম্যাচে ছয়টি জয় ও তিন ড্রয়ে ২১ পয়েন্ট মাদ্রিদের। তারা ছুঁয়েছে সমান ২১ পয়েন্ট পেয়ে শীর্ষে থাকা বার্সেলোনাকে। বার্সা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।

  • কোথায় যেন হারিয়ে যাচ্ছেন নেইমার!

    কোথায় যেন হারিয়ে যাচ্ছেন নেইমার!

    গড়ন হাল্কা-পাতলা, ছিপছিপে। ময়দানি লড়াইয়ে প্রায়শই দেখা যায় প্রতিপক্ষের গুঁতো খেয়ে মাঠে লুটিয়ে পড়ছেন। এরপরও অদম্য দম, ক্যারিশমা, কৌশল আর সহজতার প্রতিভায় প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন নেইমার। ব্রাজিলে যুগে যুগে এসেছে পেলে, গ্যারিঞ্চা, মারিও জাগালো, ভাঁভা, জোয়ারজিনহো, কার্লোস আলবার্তো পেরেইরা, জিকো, রোমারিও, বেবেতো, রোনাল্ডো, রিভাল্ডোর মতো বিশ্বখ্যাত তারকারা। সেই ধারাবাহিকতায় মাঠ মাতিয়েছেন ৩২ বছর বয়সী এই সুপারস্টার।

     

    ২০১৩ সালের মধ্যেই বিশ্বকাপ বাদে বিশ্বের সব গৌরবময় ট্রফি জিতে নেন নেইমার। পরের বছর ২০১৪ সালে নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপ জিততে পারলেই ইতিহাসের সেরাদের একজন হতে পারতেন। এ লক্ষ্যে কক্ষপথেই ছিলেন। কিন্তু কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার জুনিগার মারাত্মক আঘাতে পিঠের ইনজুরিতে পড়েন নেইমার। ফলস্বরূপ সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে হেক্সা জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় সেলেসাওদের। সেই ধকল এখনো বয়ে বেড়াচ্ছেন নেইমার। তিনি আর পুরোপুরি সুস্থ হতে পারেননি। যে কারণে ব্রাজিলেরও আর বিশ্বকাপ জেতা হয়নি।

    নেইমার এখনো সেই ইনজুরির ভয়াবহত বয়ে বেড়াচ্ছেন। পূর্ণ ফিটনেস ফিরে পাননি। যে কারণে প্রায়শই মাঠের বাইরে থাকতে হয়। এখনো আছেন। আর তাই ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও খেলতে পারছেন না। বাম হাঁটুর গুরুতর ইনজুরিতে প্রায় এক বছর মাঠের বাইরে। প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন মাঠে ফিরতে। এর মাঝে ভক্তদের কিছুটা আশ্বস্ত করেছেন। সৌদি আরব ক্লাব আল হিলালের দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার।

    ২০২৩ সালের আগস্টে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন থেকে আল হিলালে এসেছেন। ওই বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান। অস্ত্রোপচারের পর গত জুলাই থেকে ব্যক্তিগতভাবে অনুশীলন করেন। এবার যোগ দিয়েছেন সতীর্থদের সঙ্গে। ঘাম ঝরিয়েছেন, বলেও কিক নিয়েছেন।

    সোশ্যাল মিডিয়ায় নেইমার তার অনুশীলনের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি ফিরেছি। দলে ফিরতে পেরে আমি খুশি। এখন শুধুই আনন্দ।’ নেইমারের ফিটনেসের উন্নতির আভাস পেলেও তাকে ছাড়াই অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়র। এমন অবস্থায় অনুশীলনে ফিরলেও নেইমার কবে নাগাদ খেলায় ফিরতে পারবেন তার নিশ্চয়তা নেই। আর ফিরলেও আবার যে ইনজুরিতে পড়বেন না সেই নিশ্চয়তাও নেই।

    যে কারণে ফুটবলবিশ্বে এখন একটা বিষয় চাউর হয়ে গেছে, তাহলে কি ‘নেই’ হয়ে যাচ্ছেন নেইমার! নেইমারকে ছাড়া ব্রাজিল ঠিক কতখানি ছন্নছাড়া, সেটা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকেই বোঝা যাচ্ছে। দেশটির কোচ ডরিভাল জুনিয়র দায়িত্ব নেয়ার পর জানান, নেইমারকে ছাড়াই মানিয়ে নেয়ার চেষ্টা করতে হবে তার দলকে। মূলত ইনজুরিতে আক্রান্ত খেলোয়াড়ের প্রতি বাড়তি নির্ভরতা থেকে বেরিয়ে আসতেই এমন মন্তব্য নতুন কোচের। ব্রাজিল কোচ বলেন, আমি এই গ্রহের সবচেয়ে সফল দলের প্রতিনিধিত্ব করছি। ব্রাজিলিয়ান ফুটবল খুবই শক্তিশালী।

    আমরা জয়ের পথ দেখা শিখেছি ব্রাজিলিয়ান ফুটবল থেকেই। সেসব মুহূর্ত ফিরিয়ে আনা দরকার। এর আগে ফিলিপ, তিতি ও দিনিজের দল বাছাই নিয়ে কথা হয়েছে। আমার ক্ষেত্রে তেমনটা হবে না। এটা ডরিভালের দল না। এটা ব্রাজিলের মানুষের দল। ব্রাজিলের কথা উঠলে নেইমার প্রসঙ্গ আসবেই। এ প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু নেইমার এখন ইনজুরিতে আছে, তাকে ছাড়াই আমাদের খেলার অভ্যাস গড়ে তুলতে হবে। তবে সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন। তার কাছ থেকে আমাদের সেরাটা নিতে হবে। অবশ্য নেইমারের সঙ্গে তিক্ত সম্পর্কের ইতিহাসও আছে ডরিভালের।

    ২০১০ সালে নেইমার সান্টোসে খেলাকালীন কোচ ছিলেন ডরিভাল। সে সময়ে ঘরোয়া লিগের এক ম্যাচে পেনাল্টি নেয়া নিয়ে দু’জন বিবাদে জড়িয়েছিলেন। পরের ম্যাচে নেইমারকে বাদ দেন ডরিভাল। দু’জনের দ্বন্দ্ব মেটাতে না পারায় ক্লাব বাধ্য হয়ে ডরিভালকে বরখাস্ত করে। অবশ্য ডরিভালের দাবি, পুরাতন সেসব ইস্যুতে কোনো সমস্যাই নেই দুজনের মধ্যে।
    এ প্রসঙ্গে তার ভাষ্য, যতদিন নেইমার সুস্থ ও মনোযোগী থাকবে ততদিনে তাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার সঙ্গে তার কখনো কোনো সমস্যা ছিল না। বরং আমাদের সম্পর্ক সবসময় ইতিবাচক ছিল।

  • বাংলাদেশ ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ

    বাংলাদেশ ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ

    সাইফুল বারী টিটু গড়তে পারলেন না ইতিহাস। সেটা বয়সভিত্তিক নারী দলের (২০২৪ সালে সাফ অনুর্ধ-১৬ ও সাফ অনুর্ধ-১৯ চ্যাম্পিয়নশিপে) পাশাপাশি বয়সভিত্তিক পুরুষ দলেরও শিরোপাজয়ী কোচের গৌরবের আসনে বসা। সোমবার সাফ অনুর্ধ-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী কোচ হতে পারলেন না তিনি বাংলাদেশের হয়ে। ভুটানের থিম্পুর চাংলিথিমাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় তার শিষ্যরা।

     

    বিজয়ী দলের মোহাম্মদ কাইফ ৫৮ মিনিটে ও মো. আরবাশ সংযুক্তি সময়ে (৯০+৫ মিনিটে) ১টি করে গেহাল করেন।
    সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে একদম শেষদিকে গিয়ে সমতায় ফিরে পরে টাইব্রেকারে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। সোমবার ফাইনালেও তেমন কিছু করবে বাংলাদেশ, এমন আশাতেই বুক বেঁধেছিলেন বাংলাদেশের সমর্থকরা। ৯০ মিনিটের পর আরও ৬ মিনিট সংযুক্তি সময় দেয়া হয়। কোথায গোল শোধ করবে, তা না, বরং ৯৫ মিনিটে উল্টো আরেকটি গোল হজম করে হার নিশ্চিত করে বাংলাদেশ।

    এরপর রেফারি খেলা শেষ হওয়ার বাঁশি বাজালে চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতে ভারত। গ্রুপ পর্বেও তারা বাংলাদেশকে হারিয়েছিল ১-০ গোলে। সোমবার ভারতকে হারিয়ে তার প্রতিশোধ নিতে পারলো না বাংলাদেশ।
    এ নিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় শিরোপা জিতল ভারত। সবশেষ ২০২২ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত ফাইনালে নেপালকে ৪-০ গোলে হারিয়ে তারা এই ট্রফি দেশে নিয়ে যায়।

    ভারত ও বাংলাদেশ দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতিতে তা আরও বেড়েছে। জুনিয়র সাফেও সেই উত্তেজনা মাঠের পাশাপাশি ডাগ আউটে ছিল। উত্তেজনা সামলাতে না পেরে বাংলাদেশের কোচিং স্টাফের একজন হলুদ কার্ডও দেখেন।

  • পাঁচ-ছয় গোল করা উচিত ছিল: পালমার

    পাঁচ-ছয় গোল করা উচিত ছিল: পালমার

    ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছেড়েছে ফেভারিট দুই দল আর্সেনাল এবং লিভারপুল। নিজেদের মাঠে গানাররা ৪-২ গোলে হারিয়েছে লিচেস্টার সিটিকে। অন্যদিকে লিভারপুল ২-১ ব্যবধানে জয় নিয়ে বাড়ি ফিরেছে উল্ভারহাম্পটন ওয়ান্ডারার্সের মাঠ থেকে।

     

    তবে এদিন তাদের জয় ছাপিয়ে আলোচনার চেলসির কোল পালমারের ৪ গোলের অবিস্মরণীয় রেকর্ড। যা ইংলিশ প্রিমিয়ার লিগের ৩২ বছরের ইতিহাসে প্রথম ঘটনা। ব্রাইটনের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে একাই হ্যাটট্রিকসহ চার গোল করার বিস্ময়কর কীর্তি গড়েন তিনি। তাতেই চেলসি ৪-২ গোলে ব্রাইটনকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।

    যদিওবা নিজেদের মাঠ স্ট্যামফোর্ডব্রিজে শুরুতেই পিছিয়ে পড়েছিল চেলসি। কিন্তু গোল হজমের পরই যেন জ্বলে উঠেন ২২ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার পালমার। মাত্র ২০ মিনিটের ব্যবধানেই গুনে গুনে চার গোল করেন তিনি। শুরুটা করেন ২১ মিনিটে।

    ২৮ মিনিটে পেনাল্টিতে ব্যবধান বাড়ানোর পর ৩১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। আর ৪১ মিনিটে করেন নিজের চতুর্থ গোলটি। বিরতির আগে ১৬ টাচ আর পাঁচ শট নিয়ে চারটিতেই জাল খুঁজে নেন ম্যানসিটির সাবেক এই তারকা।

  • আজ মাদ্রিদ ডার্বিতে হতে যাচ্ছে রিয়ালের প্রতিশোধের মিশন

    আজ মাদ্রিদ ডার্বিতে হতে যাচ্ছে রিয়ালের প্রতিশোধের মিশন

    গত মৌসুমে অপ্রতিরোধ্য ছিল রিয়াল মাদ্রিদ। দাপটের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা জিতেছে তারা। কিন্তু নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে পেরে ওঠেনি রিয়াল মাদ্রিদ। লিগে দু’বারের মোকাবিলায় দু’বারই দিয়েগো সিমিওনির দলের কাছে হেরেছিল তারা। প্রতিশোধের আবহে আজ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি।

     

    লিগে রিয়াল সর্বশেষ হারের স্বাদ নিয়েছিল অ্যাতলেটিকোর কাছে। সেটাও এক বছরের বেশি হয়ে গেছে। এর পর থেকে লা লিগায় টানা ৩৯ ম্যাচ অপরাজিত কার্লো আনচেলত্তির শিষ্যরা। লিগের বাইরেও সর্বশেষ হেরেছিল তারা অ্যাতলেটিকোর কাছেই। গত জানুয়ারিতে কোপা দলে রের শেষ ষোলো থেকে তাদের ছিটকে দিয়েছিল সিমিওনির শিষ্যরাই। ক্যালেন্ডার ইয়ারে এটাই রিয়ালের একমাত্র হার।

    তবে এমন প্রতিশোধের ম্যাচে ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে পাচ্ছে না রিয়াল। গত সপ্তাহে আলাভেসের বিপক্ষে ম্যাচে ঊরুতে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন তিনি। তার পরও রিয়ালের আক্রমণভাগে তারকার কমতি নেই। তিন ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো এবং এনড্রিককে দিয়ে ফরোয়ার্ড লাইন সাজাচ্ছেন রিয়াল বস।

    অবশ্য জুড বেলিংহাম চোট কাটিয়ে ওঠায় ভিন্ন পরিকল্পনারও কথাও শোনা যাচ্ছে। এনড্রিককে বেঞ্চে বসিয়ে বেলিংহামকে আক্রমণভাগে তুলে আনতে পারেন কোচ। সে ক্ষেত্রে লুকা মডরিচকে হয়তো মাঝমাঠে বাড়তি দায়িত্ব নিতে হবে।

    অবশ্য আনচেলত্তির ভাবনা অন্য জায়গায়। অ্যাতলেটিকোর সমর্থকদের সব সময়ের টার্গেট হলেন ভিনিসিয়ুস জুনিয়র। এরই মধ্যে অনলাইনে তাঁকে বর্ণবাদী আক্রমণ শুরু করে দিয়েছেন তারা। সে যাই হোক, রিয়ালের তারকা খচিত আক্রমণভাগের সঙ্গে অ্যাতলেটিকোর লড়াইটা বেশ জমবে। কারণ চলতি মৌসুমে সিমিওনির দলের রক্ষণ এখন পর্যন্ত সবচেয়ে ভালো পারফর্ম করেছে। গত ছয় ম্যাচের পাঁচটিতে তারা কোনো গোল হজম করেনি।

    আর আক্রমণভাগে আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ যোগ দেওয়ায় তাদের শক্তি বেড়েছে। গত বৃহস্পতিবার সেল্টা ভিগোর বিপক্ষে একবারে ৯০ মিনিটে জয়সূচক গোল করে দলকে দারুণ এক জয় এনে দিয়েছেন আলভারেজ। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে এটি তাদের চতুর্থ জয়।

    লা লিগার শুরুটা রিয়ালের তেমন ভালো হয়নি। প্রথম তিন ম্যাচের দুটি ড্র করে বসেছিল তারা। তবে এর পর থেকে আবার দারুণ ফর্মে ফিরে এসেছে তারা। পরের পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। লিগে অ্যাতলেটিকো মাদ্রিদও অপরাজিত। একটি ড্র বেশি থাকায় রিয়ালের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে তারা।