Category: ফুটবল

  • রোনালদোর জোড়া গোলে ঝড়ে আল নাসরের জয়

    রোনালদোর জোড়া গোলে ঝড়ে আল নাসরের জয়

    উয়েফা নেশন্স লিগের ফর্ম বয়ে আনলেন ক্লাবেও। ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে কাতারের আল ঘারাফাকে হারিয়েছে সউদী আরবের ক্লাব আল নাসর। কাতারের আল খোরে অবস্থিত আল বাইত স্টেডিয়ামে সোমবার স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়েছে রোনালদোর দল।

    ম্যাচের শুরু থেকেই স্বাগতিক রক্ষণে চাপ ধরে রাখেন রোনালদো ও সাদিও মানেরা। তবে রক্ষণের দৃঢ়তায় মিলছিল না জালের খোঁজ। ২৭তম মিনিটে পেনাল্টি পায় সফরকারীরা। কিন্তু ভিএআরে সিদ্ধান্তে আসে বদল।

    বিরতির আগে দুবার প্রতিহত হন রোনালদো। বিরতি থেকে ফিরেই দ্বিতীয় মিনিটে দলকে এগিয়ে দেন পর্তুগিজ তারকা। ডান দিক থেকে আল ঘানামের ক্রসে বক্সের নয় গজের মধ্যে বল পেয়ে দারুন হেডে জালে জড়ান কিছুদিন আগে জাতীয় দলের হয়ে জোড়া গোল করা রোনালদো।

    ম্যাচের ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাঞ্জেলো। আর ৬৪তম মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। অ্যাঞ্জেলোর পাস ধরে কাট ইন করে বুলেট গতির শটে জাল কাঁপান রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা।

    ৭৫তম মিনিটে একটি গোল শোধ দিয়ে কেবল ব্যবধানই কমিয়েছে আল ঘারাফা, হার এড়াতে পারেনি। শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয় তারা। বক্সের একদম সামনে মানেকে ফেলে দেন সানো। আগেই একবার হলুদ কার্ড দেখা সানো মাঠ ছাড়েন লাল কার্ড দেখে।

    এই জয়ের পর ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-এর দ্বিতীয় স্থানে আছে আল নাসর।

  • অবশেষে গোল খরা কাটালেন এমবাপ্পে, দাপুটে জয় রিয়ালের

    অবশেষে গোল খরা কাটালেন এমবাপ্পে, দাপুটে জয় রিয়ালের

    রিয়াল মাদ্রিদের জার্সিতে সময়টা ভালো যাচ্ছিল না ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের। গোল পাচ্ছিলেন না এই তারকা। যে কারণে সমালোচনার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল তাকে। অবশেষে গোল খরা কাটালেন এমবাপ্পে। চার ম্যাচ পর রিয়ালের জার্সিতে গোল পেলেন এই তারকা।

    এমবাপ্পের গোল খরা কাটার দিনে দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় লেগানেসের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল। আর তাতে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের ব্যবধান কমেছে আরও।

    ম্যাচের ৪৩ মিনিটে গোলের সূচনা করেন কিলিয়ান এমবাপ্পে। ৬৬ মিনিটে আরও একবার ব্যবধান বাড়ায় রিয়াল মাদ্রিদ। ০-২ ব্যবধানে এগিয়ে থেকে ৮৫ মিনিটে তৃতীয় গোল করেন জুড বেলিংহ্যাম।

    এই জয়ে স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার আরও কাছে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। ৩৪ পয়েন্ট নিয়ে বার্সা শীর্ষে। তবে, তারা খেলেছে একটি ম্যাচ বেশি। অর্থাৎ ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট বার্সার। এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

  • এবার শেষের দুই গোলে পয়েন্ট হারালো বার্সেলোনা

    এবার শেষের দুই গোলে পয়েন্ট হারালো বার্সেলোনা

    জয়ের পথেই ছিল বার্সেলোনা। তবে ম্যাচের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হওয়া কাতালানরা নাটকীয়ভাবে দুই গোল হজম করে পয়েন্ট খোয়াল। লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

    শনিবার রাতে খেলার ১৫ মিনিটে রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভান্ডোভস্কি। ম্যাচে নিয়ন্ত্রণ রেখেই জেতার দিকে যাচ্ছিলো তারা। ৮৪ মিনিট পর্যন্ত ম্যাচে তারা এগিয়েছিলো ২-০ গোলে। ৮২ মিনিটে মার্কো কাসাডো লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। পরে ৮৪ ও ৮৬ মিনিটে পর পর দুই গোল হজম করে হোঁচট খায় দলটি।

    এগিয়ে থেকেও ম্যাচ ড্র হওয়ায় হতাশ বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচ শেষে ফ্লিক জানালেন, ‘এটা সত্যিই খুব বাজে ম্যাচ ছিলো। আমরা যা চাই এটা মোটেও তেমন নয়। এটা আমাদের স্বাভাবিক ফুটবল নয়।’

    এক বছর পর প্রথম একাদশে জায়গা পাওয়া মিডফিল্ডার গাবি দায় দিচ্ছেন লাল কার্ডকে, ‘খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিলো, কিন্তু লাল কার্ড প্রভাব ফেলেছে। তারা দুইটা মুভ থেকে দুইটা গোল করেছে। আমাদের এর থেকে শিখতে হবে।’

    ২০২১ সালের নভেম্বরের পর এই প্রথম লা লিগার কোনো ম্যাচে দুই গোলের লিড নেওয়ার পর পয়েন্ট হারাল বার্সেলোনা। কাকতালীয়ভাবে, সেবারও তাদের প্রতিপক্ষ ছিল সেল্টা। ওই ম্যাচে একটা সময়ে ৩-০ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। ৯৬ মিনিটে ইয়াগো আসপাসের গোলে ৩-৩ ড্র হয়েছিল ম্যাচ।

    লিগে পরপর দুই ম্যাচে পয়েন্ট হারাল হান্সি ফ্লিকের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত জয়ের পর সবশেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বার্সেলোনা।

    শীর্ষে বার্সা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদের থেকে দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ২৭ পয়েন্ট নিয়ে তিনে। তবে রিয়াল পরের দুই ম্যাচ জিতে বার্সার বেশ কাছে চলে আসতে পারে।

  • স্পার্সে ম্যানসিটি বিধ্বস্ত , টানা পাঁচ হারের লজ্জা পেপের

    স্পার্সে ম্যানসিটি বিধ্বস্ত , টানা পাঁচ হারের লজ্জা পেপের

    বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের পর ম্যানচেস্টার সিটি। যেখানেই গেছেন লেগ্যাসি প্রতিষ্ঠা করেছেন পেপ গার্দিওলা। এই ম্যানসিটিকেই তো তিনি টানা চার লিগ জিতিয়েছেন। সিটিজেনদের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগসহ ট্রেবল এসেছে পেপের হাত ধরে।

    ওই পেপ গার্দিওলার ম্যানসিটি চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ মিলিয়ে টানা পাঁচ ম্যাচে হেরেছে। শনিবার রাতে টটেনহ্যাম তাদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এসে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে।

    পেপ গার্দিওয়ার ক্যারিয়ারে এটিই প্রথম টানা টানা পাঁচ ম্যাচে হারের লজ্জা। অথচ সিনিজেনদের সঙ্গে চুক্তি নবায়ন করে নতুন শুরুর আশায় ডাগ আউটে দাঁড়িয়েছিলেন তিনি।

     

    ১২তম এই লিগ ম্যাচে কাউন্টার অ্যাটাক থেকে প্রথমার্ধে দুই গোল হজম করে ম্যানসিটি। ম্যাচের ১৩ ও ২০তম মিনিটে গোল করেন দলটির নাম্বার টেন জেমস মেডিসন।দ্বিতীয়ার্ধে গোল শোধ করার মিশনে নেমে আরও দুই গোল হজম করে সর্বশেষ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি। ম্যাচের ৫২ মিনিটে স্পার্সদের হয়ে তৃতীয় গোলটি করেন পেদ্রো পোরো।

    ম্যাচের যোগ করা সময়ে ম্যানসিটির কফিনে শেষ পেরেক ঠুকে দেন জনসন। ১২ ম্যাচে ২৩ পয়েন্ট তুলেছে গার্দিওলার দল। টেবিলে দুইয়ে থাকলেও এক ম্যাচ কম খেলে পাঁচ পয়েন্টের লিড নেওয়া লিভারপুল মৌসুমের অর্ধেক না হতেই এগিয়ে গেছে শিরোপার পথে।

  • এবার মেসিদের নতুন কোচ হচ্ছেন মাশ্চেরানো!

    এবার মেসিদের নতুন কোচ হচ্ছেন মাশ্চেরানো!

    জাতীয় দলে টানা মার্টিনোর অধীনে খেলেছেন লিওনেল মেসি। তার অধীনে বার্সেলোনায়ও খেলার অভিজ্ঞতা আছে লিও’র। ওই মার্টিনোকে ইন্টার মায়ামির কোচ হিসেবে পেয়েছিলেন মেসি। কিন্তু ব্যক্তিগত কারণে এই আর্জেন্টাইন কোচ যুক্তরাষ্ট্রের ক্লাবটির দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

    ওই ডাগ আউটে দাঁড়াতে যাচ্ছেন বার্সেলোনা ও জাতীয় দলে মেসির সতীর্থ থাকা হাভিয়ের মাশ্চেরানো। সব ঠিক থাকলে ইন্টার মায়ামির কোচের দায়িত্ব নেবেন সাবেক এই সেন্ট্রাল ব্যাক কাম ডিফেন্সিভ মিডফিল্ডার।

    সংবাদ মাধ্যম দাবি করেছে, ইন্টার মায়ামির সঙ্গে তিন বছরের চুক্তি করতে যাচ্ছেন মাশ্চেরানো। তবে চলতি বছর মেসিদের কোন ম্যাচ না থাকায় আগামী বছরের শুরুতে দায়িত্ব নেবেন তিনি।

    মাশ্চেরানো এর আগে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচিং করিয়েছেন। তার অধীনে বয়সভিত্তিক দলটি প্যারিস অলিম্পিকে জায়গা করে নেয়। এছাড়া বয়সভিত্তিক দলকে শিরোপাও জিতিয়েছেন তিনি। ৪০ বছর বয়সী মাশ্চেরানো ২০০৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন। বার্সার যোগ দেওয়ার আগে লিভারপুল ছিলেন তিন মৌসুম।

  • বিশ্বকাপ পাওয়ার র‌্যাঙ্কিং: শীর্ষে স্পেন, আর্জেন্টিনা – কোথায় ব্রাজিল

    বিশ্বকাপ পাওয়ার র‌্যাঙ্কিং: শীর্ষে স্পেন, আর্জেন্টিনা – কোথায় ব্রাজিল

    ইউরোপের বিশ্বকাপ বাছাইপর্ব এখনো শুরু হয়নি। দলগুলো উয়েফা নেশন্স লিগ খেলছে। তবে তাদের পারফরম্যান্স দিয়ে শক্তিমত্তা সম্পর্কে ধারণা পাওয়া গেছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১২টি করে ম্যাচ হয়ে গেছে।

    বিশ্বকাপের এখনো ১৮ মাস বাকি। আগামী মার্চের আগে আন্তর্জাতিক সূচি না থাকায় দল গোছানোর জন্য দেড় বছরেরও কম সময় পাচ্ছে দেশগুলো। তবে সংবাদ মাধ্যম গোল কাতার বিশ্বকাপ পরবর্তী সময়ে দলগুলোর পারফরম্যান্স মূল্যায়ন করে বিশ্বকাপের একটি র‌্যাঙ্কিং প্রস্তুত করেছে।

    ওই র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে সর্বশেষ ইউরো চ্যাম্পিয়ন স্পেন। কাতার বিশ্বকাপের পর কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা তালিকায় ফেবারিট হিসেবেই জাগয়া পেয়েছে। ফ্রান্সও আছে ফেবারিটের তালিকায়। তবে ব্রাজিল ও বেলজিয়াম বেশ বিপদে আছে।

    স্পেন-আর্জেন্টিনার দাপট: ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। উয়েফা নেশন্স লিগে সবার চেয়ে বেশি ১৬ পয়েন্ট তুলেছে তারা। গ্রুপ পর্বে সেরা দল ছিল স্পেন। ২০২৬ বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে তারা। আর্জেন্টিনাও বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে টেবিলে শীর্ষে থেকে। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন তারা। যে কারণে আছে দুইয়ে। এছাড়া জার্মানি র‌্যাঙ্কিংয়ে তিনে উঠেছে। ইংল্যান্ড আছে চারে।

    ইতালির ফেরা, কলম্বিয়ার চমক: টানা দুই বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি ইতালি। কাতার বিশ্বকাপের আগে ইউরো জয়ী দলটি শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট পায়নি। এবার আবার ভালো ছন্দে আছে আজ্জুরিরা। তারা সাতে জায়গা পেয়েছে। চমক দিয়েছে কলম্বিয়া। তারা আছে নয়ে। কাতার বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্সকে পাঁচে রাখা হয়েছে। ছয়ে আছে পর্তুগাল। আটে জায়গা পেয়েছে নেদারল্যান্ডস।

    হতশ্রী ব্রাজিল-বেলজিয়াম: মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা বিশ্বকাপের আগে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইপর্বে দশে জায়গা পেয়েছে তারা। তবে সেরা দশে থাকার মতো ফুটবল দরিভাল জুনিয়রের দল খেলছে কিনা তা নিয়ে আছে প্রশ্ন। সোনালি প্রজন্মের শেষ দেখে ফেলা বেলজিয়াম আছে ১৪ নম্বরে। ১১ নম্বরে নাম তুলে মরক্কো চমক দিয়েছে। ক্রোয়েশিয়া আছে ১২তে। বিশ্বকাপের স্বাগতিক কানাডা ১৩ ও যুক্তরাষ্ট্র আছে ১৫ নম্বরে।

     

  • এবার সাফ জয়ীদের ফ্রিজ উপহার

    এবার সাফ জয়ীদের ফ্রিজ উপহার

    নেপালে দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলের নারী ফুটবলার ও কোচিং স্টাফদের একটি করে ফ্রিজ উপহার দিয়েছে ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। রোববার এক অনুষ্ঠানের মাধ্যমে ৩২ জনকে এই উপহার দেওয়া হয়।

    অনুষ্ঠানে বাফুফের নির্বাহী কমিটির সদস্য এবং নারী ফুটবল শাখার চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, কোচ পিটার বাটলার ও ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও খেলাধুলা বিষয়ক উপদেষ্টা এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) উপস্থিত ছিলেন।

    মাহফুজা আক্তার কিরণ জানান, বয়সভিত্তিক পর্যায় থেকে মেয়েদের পাশে ছিল ওয়ালটন। তাদের উৎসাহিত করেছে। সবসময় মেয়েদের পাশে থাকায় ওয়ালটনকে ধন্যবাদ জানান তিনি। আগামীতেও এই প্রতিষ্ঠানকে পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন।

  • মেসি ব্রাজিলিয়ান রেফারিকে ‘কাপুরুষ’ বলে শাস্তির শঙ্কায়

    মেসি ব্রাজিলিয়ান রেফারিকে ‘কাপুরুষ’ বলে শাস্তির শঙ্কায়

    বিশ্বকাপ বাছাইপর্বে নভেম্বরের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচটি জিততে প্যারাগুয়ে সর্বোচ্চ হোম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছে। গ্যালারিতে প্যারাগুয়ের ভক্তদের জন্য মেসি ও আর্জেন্টিনার জার্সি পরা নিষেধ ছিল।

    এর বাইরে রেফারির থেকেও সুবিধা পাওয়ার অভিযোগ উঠেছে প্যারাগুয়ের বিরুদ্ধে। দলটির ফুটবলার ওমার আলদেরেতে প্রথমে আর্জেন্টিনার ফুটবলারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন। পরেই মেসিকে গুরুতরভাবে ফাউল করেন তিনি। কিন্তু ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো তাকে কোন কার্ড দেননি।

    মেসিরা দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড চেয়ে রেফারির কাছে আবেদন করতে থাকেন। কিন্তু কোন কার্ড রেফারি দেননি। ওই বিষয় নিয়ে পরেও রেফারির সঙ্গে কথা কাটাকাটি হয় সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা মেসির। তিনি রেফারির উদ্দেশ্যে বলেন, ‘তুমি একটা কাপুরুষ। আমি তোমাকে মোটেও পছন্দ করছি না।’

    রেফারির সঙ্গে মেসির এই তর্কে জড়ানো ও কাপুরুষ বলা ফিফার শৃঙ্খলা নীতির বিরোধী। যে কারণে সাজা পেতে পারেন মেসি। এর আগে রেফারিকে কাপুরুষ বলেছিলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের কোচ চালেব পটার। তাকে ফিফা ২০ হাজার ডলার জরিমানা ও এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল।

    মেসি পার পেয়ে যাবেন নাকি শাস্তি পেতে হয় সেটাই এখন দেখার অপেক্ষা। অবশ্য জরিমানা ও শাস্তির চিন্তা করার আগে রেফারি খারাপ আচরণের শিকার হয়েছেন এই মর্মে অভিযোগ করেছেন কিনা সেটাই মূল বিষয়। রেফারি অভিযোগ না করলে কোন শুনানিরই দরকার পড়বে না।

    ম্যাচ শেষে রেফারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘আমি এখন কিছু বললে তা অজুহাত মনে হবে। মাঠে কী হয়েছে তা তো সকলে দেখেছে।’ ক্ষোভ ঝেড়েছেন স্ট্রাইকার লওতারো মার্টিনেজও। ৪৭ মিনিটে ওমার আলদেরেদে জয়সূচক গোলটি করেন। লওতারো জানান, তিনি রেফারিকে বলেছেন, আলদেরেদের গোল করার জন্য মাঠে থাকা উচিত হয়নি।

  • জার্মানি ৭ গোলে ‘স্পেশালিস্ট’

    জার্মানি ৭ গোলে ‘স্পেশালিস্ট’

    বিশ্ব ফুটবলে ইউরোপের ‘পাওয়ার হাউজ’ নামে পরিচিত জার্মানি। যে কোন প্রতিপক্ষের জন্যই আতংকের নাম দলটি। ২০১৪ বিশ্বকাপের সেমি-ফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে হারানো সেই ম্যাচের ফলাফল তো এখনও মানুষের মুখে-মুখে। এবার উয়েফা নেশন্স লিগেও এমন এক ম্যাচ উপহার দিল জার্মানি।

    শনিবার বসনিয়া ও হার্জেগোভিনার জালেও গুনে গুনে ৭বার বল জড়াল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইউরোপা-পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জুলিয়ান নাগেলসম্যানের দল।

    সেই সঙ্গে রেকর্ডবুকেও জায়গা করে নিয়েছে জার্মানি। উয়েফা নেশন্স লিগের ৬ বছরের ইতিহাসে এই প্রথম কোনো দল এক ম্যাচে ৭ গোল করেছে। জার্মানির হয়ে এদিন গোলের খাতায় নাম লিখিয়েছেন ৫ জন। তাদের মধ্যে টিম ক্লেইনডিন্সট ও ফ্লোরিয়ান রিটজ উভয়েই দুটি করে গোল করেছেন। বাকি তিনটি গোল করেন যথাক্রমে জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ এবং লেরয় সানে।

    প্রথম চার ম্যাচের তিন জয় আর একটিতে ড্রয়ের সৌজন্যে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল জার্মানি। ফলে ফুরফুরে মেজাজেই বসনিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল নাগেলসম্যানের শিষ্যরা। এদিন ইউরোপা পার্কে তারা এতোটাই দুর্দান্ত ছিল যে, ম্যাচের মাত্র ৭৮ সেকেন্ড যেতে না যেতেই গোলের দেখা পায় জার্মানি। জশুয়া কিমিচের ক্রসে দারুণ এক হেডে গোল উৎসবের সূচনা করেন জামাল মুসিয়ালা। প্রথমার্ধের ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লেইনডিন্সট। ম্যাচের বয়স যখন ৩৭ মিনিট তখন জার্মানির স্কোরলাইন ৩-০ করেন হাভার্টজ। ফলে বড় ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানি।

    দ্বিতীয়ার্ধেও চলে গোল উৎসব। ৫০ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন ফ্লোরিয়ান রিটজ। ৭ মিনিট পর হাভার্টজের পাস থেকে দলের পঞ্চম ও ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন লেভারকুসেনের এই রাইট উইঙ্গার। ৬৬ মিনিটে করা লেরয় সানের গোলের অ্যাসিস্টও হাভার্টজ। ম্যাচের বয়স যখন ৭৯ মিনিট তখন বসনিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সেই ক্লেইনডিন্সট। এরপর আর গোল না হলে ৭-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জার্মানি।

    এই জয়ের ফলে গ্রুপ এ ‘৩’ পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও নিশ্চিত করে ফেলেছে জার্মানি। তাদেও সংগ্রহে ৫ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডস ৫ পয়েন্ট পেছনে। ডাচরাও এদিন ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে হাঙ্গেরিকে। গ্রুপ পর্বে জার্মানির পরের ম্যাচ আগামী মঙ্গলবার রাতে হাঙ্গেরির বিপক্ষে। অন্যদিকে নেদারল্যান্ডস খেলবে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে।

     

  • এবার আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনে স্থান পেল বাংলাদেশ

    এবার আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনে স্থান পেল বাংলাদেশ

    আর্জেন্টিনার নতুন জার্সি প্রকাশ করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজসহ তারকা ফুটবলার সবাইকে দেখা গেছে জার্সির ভিডিওতে। চমৎকার ভিডিওটিতে রাখা হয়েছে কাতার বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও উন্মাদনার চিত্র।

    এছাড়াও বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের সমর্থকদের ছবি ও ভিডিও পোস্ট করতেও দেখা গেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে। এবার লাল-সবুজের বাংলাদেশকে আরও একবার চমক দিয়েছে আর্জেন্টাইনরা।

    শুক্রবার (১৬ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড এক্সে নতুন জার্সি নিয়ে ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যেখানে দেখা যায়, নতুন জার্সি পরে প্রকাশ্যে আসেন লিওনেল মেসি ও ডি পলরা।

    মূলত, ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে এএফএ’র সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এ জার্সিটি তৈরি করা হয়েছে। সেখানে বাংলাদেশকেও রেখেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

    ভিডিওর ৪৮-৪৯তম সেকেন্ডে দেখা যায় দেওয়ালে ঝোলানো একটি টিভিতে বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার ভিডিও। যে ভিডিওতে রয়েছে বাংলাদেশের একটি স্থানে বড় স্ক্রিন বসিয়ে আর্জেন্টিনার গোল উদযাপন করছেন হাজার হাজার বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থক। যে ভিডিওটি কাতার বিশ্বকাপ চলাকালে ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্বে।

    এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর) পেরুর বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই জার্সি পরেই মাঠ মাতাবে মেসিরা।