Category: ফুটবল

  • মেসি কি পারবে মায়ামিকে এমএলএস কাপ জেতাতে?

    মেসি কি পারবে মায়ামিকে এমএলএস কাপ জেতাতে?

    বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড় লিওনেল মেসির অনুপ্রেরণায় ইন্টার মায়ামি ইতিমধ্যেই ২০২৪ সালে সাফল্যের স্বাদ পেয়েছে। মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে শীর্ষস্থান অর্জন করে তারা সাপোর্টার্স শিল্ড জিতেছে, তবে আসল চ্যালেঞ্জ এখনো বাকি রয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্লে-অফ পর্বে আরও পরিশ্রম করতে হবে তাদের।

     

    রোববার (২০ অক্টোবর) নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে ৬-২ গোলের জয়ে মেসি তার প্রথম এমএলএস হ্যাটট্রিক করেন। সেই জয়ের ফলে ইন্টার মিয়ামি ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে যায়, যা এমএলএস ইতিহাসে কোনো দলের সর্বোচ্চ পয়েন্ট। কিন্তু আমেরিকান খেলাধুলার নিয়ম অনুযায়ী, নিয়মিত মৌসুমের শীর্ষ দল চ্যাম্পিয়ন নয়; বরং চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় প্লে-অফ জয়ের মাধ্যমে, যা এ সপ্তাহ থেকে শুরু হচ্ছে।

    সাপোর্টার্স শিল্ড জয়ের মাধ্যমে মেসি ইন্টার মায়ামির হয়ে ইতিমধ্যেই দুটি ট্রফি জিতেছেন। এর আগে ২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েই তিনি লিগস কাপের শিরোপা জিতেছিলেন। তবে অনেকের মতে, এমএলএস কাপ প্লে-অফই প্রকৃত পরীক্ষার মঞ্চ।

    মেসি ও তার বার্সেলোনার সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস ও জর্দি আলবার জন্য এখন সবচেয়ে বড় পরীক্ষা আসন্ন সপ্তাহগুলোতে। কোচ জেরার্দো ‘টাটা’ মার্টিনোর অধীনে তারা দলকে এমএলএসের শীর্ষ শিরোপা এনে দেওয়ার চেষ্টা করবেন তা আর বলার অপেক্ষা রাখে না।

    এদিকে মেসি ম্যানিয়া নিয়ে কিছু সমর্থক অসন্তুষ্ট। অন্যান্য দলের সমর্থকদের মতে, মেসির জন্য অতিরিক্ত মনোযোগ দেয়া হচ্ছে ইন্টার মায়ামিকে। তবে এই প্রতিযোগিতার জন্য এটি ইতিবাচকও হতে পারে, কারণ মেসি উপস্থিত থাকার কারণে অন্য দলগুলো ইন্টার মায়ামিকে হারাতে আরো বেশি মরিয়া হয়ে উঠেছে।

    অনেকের ধারণা ছিল, এমএলএসে যোগ দেওয়া মানে মেসির জন্য এক প্রকার অবসর। কিন্তু বাস্তবতা হলো, আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের শেষ পর্যায়ে যেমনটা প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, তেমনই আন্তরিকতা নিয়ে ইন্টার মায়ামির হয়ে খেলছেন তিনি। তার নেতৃত্ব দলের জন্য শুধুই নামমাত্র নয়, বরং ৩৭ বছর বয়সেও তিনি দলে তার প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা দেখিয়ে যাচ্ছেন।

    কেবল বড় তারকাদের নিয়ে দল গঠন করেই ইন্টার মায়ামি সফল হয়নি। মেসি দলের তরুণ খেলোয়াড়দের সাথে সমানভাবে মিশে গিয়ে তাদের সমর্থন করেছেন। সুয়ারেজ, বুসকেটস ও আলবার সাথে তার পুরনো সম্পর্কও ইন্টার মায়ামির সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে।

    এবারের প্লে-অফে ইন্টার মিয়ামির সবচেয়ে বড় প্রতিপক্ষ হতে পারে ইস্টার্ন কনফারেন্সের কলম্বাস ক্রু, যারা আক্রমণাত্মক ফুটবলের জন্য প্রশংসিত। এছাড়া ওয়েস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল লস অ্যাঞ্জেলেস এফসি এবং এলএ গ্যালাক্সিও বড় হুমকি হয়ে উঠতে পারে।

    মেসি এই মৌসুমে মাত্র ১৯টি ম্যাচ খেললেও তিনি ২০টি গোল ও ১০টি অ্যাসিস্ট করেছেন, যা তাকে এমএলএসের এমভিপি পুরস্কারের দৌড়ে এগিয়ে রেখেছে। ইন্টার মায়ামির সাফল্যের পেছনে তার বিশাল অবদান রয়েছে। তবে তারা প্লে-অফে কেমন পারফর্ম করে, তার ওপর নির্ভর করছে দলের চূড়ান্ত সাফল্য।

    শেষ পর্যন্ত মেসি ও তার বার্সেলোনা সতীর্থদের কাছে এমএলএস কাপ জয়ই হবে সবচেয়ে বড় সাফল্য। তাদের নেতৃত্বে ইন্টার মায়ামি চূড়ান্ত পর্যায়ে উঠতে পারলে, এটি হবে এমএলএস ইতিহাসের অন্যতম চমকপ্রদ ফাইনাল।

     

  • জোড়া গোলে লেভার রেকর্ড,জয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সা

    জোড়া গোলে লেভার রেকর্ড,জয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সা

    লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সালোনা। জয় দিয়ে আন্তজাতিক বিরতিতে যাওয়া স্প্যানিশ জায়ান্ট ফিরেও অব্যাহত রেখেছে জয়ের ধারা।লেভা-পেদ্রিদের নৈপুণ্যে পেয়েছে আরও একটি দাপুটে জয়। অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাতে লা লিগার ম্যাচটি ৫-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল।

     

    প্রথমার্ধে লেভান্ডোফস্কির দুটি গোলের মাঝে স্কোরশিটে নাম লেখান পেদ্রি। শেষ দিকে তোরের জোড়া গোলের মাঝে একটি শোধ করেন সেভিয়ার ইদুম্বো।

    আগের দিন সেল্তা ভিগোকে হারিয়ে পয়েন্টের হিসাবে বার্সেলোনার পাশে বসেছিল রিয়াল। ফের দুই দলের ব্যবধান দাঁড়াল ৩ পয়েন্টের।

    ১০ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ।

    ম্যাচের শুরু থেকে বার্সার দাপট ছিল একচেটিয়া।ম্যাচের প্রায় ৭০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে গোলের জন্য ২১টি শট নেয় হ্যান্সি ফ্লিক,যার ৯ টি ছিল অন টার্গেট বিপরীতে ৭ টিয়ে একটি গোলমুখে রাখতে পেরেছে সেল্টা।

    আক্রমণে ধারা ধরে রেখে প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠায় বার্সা।গোলের শুরুটা করেন লেভানডোভস্কি। ২৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। ২৮তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে পেদ্রির দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা।

    আর ৩৯তম মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন লেভা। বক্সের বাইরে থেকে রাফিনহার জোরাল শটে শুধু পা ছুঁয়ে গোল করেন পোলিশ তারকা। আর এই গোল করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ লিগ গোলের তালিকায় তিন নম্বরে উঠে আসেন লেভানডোভস্কি। এই পোলিশ স্ট্রাইকারের গোল সংখ্যা এখন ৩৬৬। তার ওপরে আছে এখন শুধু ক্রিস্টিয়ানো রোনালদো (৪৯৫) ও লিওনেল মেসি (৪৯৬)।

    ৮২ মিনিটে বার্সার চতুর্থ গোল করেন পাবলো তোরে। তার পাঁচ মিনিট পরই এক গোল শোধ দেয় সেভিয়া। বেলজিয়ামের ১৯ বছর বয়সি তারকা স্ট্যানিস ইদুম্বো মুজাম্বো গোল করেন।

    তবে তার পরের মিনিটেই আবারও গোল পেয়ে যায় বার্সেলোনা। বক্সের বাইরে থেকে ফ্রি কিক নেন স্প্যানিশ তরুণ মিডফিল্ডার পাবলো তোরে।তার বুলেট কিক জালে ঢোকার আগে বক্সে থাকা কোনো খেলোয়াড় স্পর্শই করতে পারেননি।

     

  • এবার নেইমার আল হিলালের স্কোয়াডে ফিরলেন

    এবার নেইমার আল হিলালের স্কোয়াডে ফিরলেন

    দীর্ঘ এক বছরের ইনজুরির পর ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার আবারও আল-হিলাল স্কোয়াডে ফিরছেন। এসিএল (অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট) ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর আগামী ২১ অক্টোবর তিনি আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) আল-হিলাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে এই ঘোষণা দেয়, যেখানে নেইমার নিজেই জানান, ‘আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমিও তাই। ২১ অক্টোবর আমি ফিরে আসছি।’

     

    আল-হিলাল সোমবার (২১ অক্টোবর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের আল-আইনের বিপক্ষে লড়াই করবে, যেখানে নেইমার মাঠে নামতে পারেন।

    নেইমারের মার্কেটিং কোম্পানি এনআর স্পোর্টস এক বিবৃতিতে জানায়, ব্রাজিলিয়ান তারকার ফুটবলের প্রতি ভালোবাসা এবং ২০২৬ বিশ্বকাপে খেলার আকাঙ্ক্ষা তাকে মাঠে ফিরতে অনুপ্রাণিত করেছে। তারা আরও জানায়, ‘যদিও তার ফেরার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবুও সোমবার তার খেলার সম্ভাবনা রয়েছে।’

    ২০২৩ সালের আগস্টে নেইমার আল-হিলালে যোগ দেন এবং মাত্র পাঁচটি ম্যাচ খেলার পর অক্টোবর মাসে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন তার হাঁটুর মেনিসকাস ও এসিএল ইনজুরি ঘটে, যা তাকে সার্জারির মাধ্যমে পুনরুদ্ধার করতে বাধ্য করে। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পর তিনি জুলাইয়ে অনুশীলনে ফিরে আসেন।

    নেইমার এক আবেগপূর্ণ ভিডিও বার্তায় বলেন, ‘প্রতিবার আমি ইনজুরিতে পড়ি, আমি ফিরে আসি। তবে আমি কখনোই অর্ধেক ফিরে আসি না।’

    নেইমারের ক্লাব কোচ জর্জ জেসুস তাকে নিয়ে প্রত্যাশা কিছুটা কমিয়ে রাখলেও, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে, কারণ এ টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড়ের সীমাবদ্ধতা নেই। তবে সৌদি প্রো লিগে তার ফেরা আগামী জানুয়ারির আগে সম্ভব হবে না।

    নেইমার যদি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেন, তবে তিনি নভেম্বরে ব্রাজিলের জাতীয় দলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলিতে অংশ নিতে পারেন।

  • রিয়াল মাদ্রিদ ম্যাচে ২-১ গোলে জয়

    রিয়াল মাদ্রিদ ম্যাচে ২-১ গোলে জয়

    স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার লুকা মদ্রিচ নতুন এক ইতিহাস গড়েছেন। রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে খেলার নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন এই ক্রোয়েশিয়ান।

     

    রোববার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে ৩৯ বছর বয়সী এই ক্রোয়েশিয়ান তারকা এই কীর্তি গড়েন। সেল্টা ভিগোর বিপক্ষে রিয়ালের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি এবং ভিনিসিয়ুস জুনিয়রের ম্যাচজয়ী গোলের অ্যাসিস্ট করেন। রিয়াল মাদ্রিদ এই ম্যাচে ২-১ গোলে জয়লাভ করে।

    এই ম্যাচের মাধ্যমে মদ্রিচ ৩৯ বছর ৪০ দিন বয়সে রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে নেমে পুরনো রেকর্ডধারী ফেরেঙ্ক পুসকাসকে অতিক্রম করেন। পুসকাস ১৯৬৬ সালে ৩৯ বছর ৩৬ দিন বয়সে রিয়ালের হয়ে শেষবারের মতো মাঠে নেমেছিলেন। মদ্রিচের এই কীর্তি তাকে রিয়ালের ইতিহাসে নতুন উচ্চতায় নিয়ে গেছে।​

    এদিকে ম্যাচের শুরুতেই রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত একটি দূরপাল্লার শটের মাধ্যমে লিড পায়। এদুয়ার্ডো কামাভিঙ্গার পাস পেয়ে এমবাপ্পে দারুণ একট টাচে বলকে টপ কর্নারে পাঠিয়ে দেন।

    তবে ম্যাচটি রিয়ালের জন্য সহজ ছিল না। সেল্টা ভিগো বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল এবং বিশেষ করে উইলিয়ট সোয়েডবার্গ একাধিকবার গোলের সুযোগ হাতছাড়া করেন। তবে ম্যাচের ৫০তম মিনিটে সোয়েডবার্গ শেষ পর্যন্ত গোল করে সমতা ফেরান, যা রিয়ালের রক্ষণাত্মক দুর্বলতার ইঙ্গিত দেয়।

    ভিনিসিয়ুস জুনিয়র একটি গোল করেছিলেন, তবে সেটি অফসাইডের কারণে বাতিল হয়। তবে ১০ মিনিট পরে মদ্রিচের দারুণ একটি পাস থেকে ভিনিসিয়াস আবার গোল করে দলকে এগিয়ে নেন।

    রিয়াল মাদ্রিদের ম্যানেজার কার্লো আনচেলত্তি ম্যাচ শেষে মদ্রিচের প্রশংসা করে বলেন, ‘মদ্রিচ একজন অসাধারণ পেশাদার এবং তাকে কোচিং করানো আমার জন্য আনন্দের। তিনি যা কিছু অর্জন করেছেন, তা তার সম্পূর্ণভাবে প্রাপ্য।’

    মদ্রিচের এই নতুন রেকর্ড এবং তার অনবদ্য পারফরম্যান্স তাকে ফুটবল ইতিহাসে আরও উচ্চমর্যাদায় অধিষ্ঠিত করলো যা তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে স্মরণীয় থাকবে।

     

  • মায়ামির নতুন ইতিহাস গড়ল মেসির হ্যাটট্রিক

    মায়ামির নতুন ইতিহাস গড়ল মেসির হ্যাটট্রিক

    মাত্র চারদিন আগেই জাতীয় দল আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। সেই কীর্তির ৪ দিন না পেরোতেই আবারও হ্যাটট্রিক করে বসলেন ফুটবলের ক্ষুদে জাদুকর তবে এবার নিজ ক্লাব ইন্টার মায়ামির হয়ে। মেসির এই দুর্দান্ত পারফরম্যান্সে নতুন এক ইতিহাসও সৃষ্টি করলো ফ্লোরিডার দলটি।

     

    রোববার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৪টায় ঘরের মাঠ ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে নিউ ইংল্যান্ড রেভলিউশনকে ৬-২ গোলে পরাজিত করে ইন্টার মায়ামি মেজর লিগ সকারে (এমএলএস) এক মৌসুমে সবচেয়ে বেশি পয়েন্টের রেকর্ড ভেঙেছে। লিওনেল মেসির ১১ মিনিটের চমকপ্রদ হ্যাটট্রিক এই জয়ে মূল ভূমিকা পালন করে।

    মায়ামি এই জয়ের মাধ্যমে ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট সংগ্রহ করে, ২২টি জয়, ৪টি হার ও ৮টি ড্র নিয়ে রেভলিউশনের ২০২১ সালের ৭৩ পয়েন্টের রেকর্ডকে অতিক্রম করেছে।

    তবে ম্যাচটিতে মায়ামির শুরুটা ভালো হয়নি। ৩৪ মিনিটেই ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা ইন্টার মায়ামিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেন লুইস সুয়ারেজ, যিনি চার মিনিটের মধ্যে দুটি গোল করেন। এরপর বেঞ্জামিন ক্রেমাসচি ৫৮তম মিনিটের গোল মায়ামিকে ম্যাচে প্রথমবারের মতো লিড এনে দেন। তবে তখনও ম্যাচে মেসি ম্যাজিক বাকি।

    দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তখন অধিনায়ক মেসির হাতে, যিনি ৫৫তম মিনিটে মাঠে নামেন। মাঠে নেমে দ্রুতই তার প্রথম এমএলএস হ্যাটট্রিক পূর্ণ করেন ৮ বারের ব্যালন ডি’অর বিজয়ী। তিনি দলের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ গোল করে দলের ইতিহাসেও স্থায়ীভাবে নাম লেখান।

    এদিকে মেসি ও সুয়ারেজ মৌসুম শেষ করেন ২০টি গোল নিয়ে, যা তাদের গোল্ডেন বুট দৌড়ে দ্বিতীয় স্থানে রেখেছে, প্রথম স্থানে আছেন ডি.সি. ইউনাইটেডের ক্রিশ্চিয়ান বেন্টেকে। তবে মেসি লিগের সর্বোচ্চ গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৩৬টি গোল সহযোগিতার সঙ্গে শীর্ষে আছেন, যা তিনি মাত্র ১৯ ম্যাচে অর্জন করেছেন।

    ইন্টার মায়ামি এরই মধ্যে তাদের প্রথম এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতে নিয়েছে, যা ২০২০ সালে ক্লাবটির প্রতিষ্ঠার পর তাদের প্রথম এমএলএস শিরোপা। ২০২৩ সালে মেসির আগমনের পরপরই দলটি এমএলএস বনাম লিগা এমএক্স লিগস কাপের শিরোপা জিতেছিল।

    এখন ইন্টার মায়ামি প্লে-অফের সব ম্যাচে হোম ফিল্ড অ্যাডভান্টেজ পাবে। শুক্রবার তারা প্লে-অফের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিএফ মন্ট্রিয়াল এবং আটলান্টা ইউনাইটেডের মধ্যে বিজয়ী দলের সঙ্গে।

    মেসি এবং সুয়ারেজ ২০২৪ সালে দলের সাফল্যের পেছনে বড় অবদান রেখেছেন, কারণ তারা নিয়মিত মৌসুমে দলের মোট ৭৯টি গোলের মধ্যে ৪০টি গোল করেছেন। এই পারফরম্যান্সের জন্য তাদের দুজনকেই ২০২৪ সালের এমএলএস এমভিপি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

     

  • পেরুর জালে ব্রাজিলের এক হালি গোল

    পেরুর জালে ব্রাজিলের এক হালি গোল

    আগের ম্যাচে চিলির বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেও আজ পেরুকে দাঁড়াতেই দেয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ঘরের মাঠে বুধবার পেরুকে ৪-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন রাফিনহা। একটি করে গোল করেছেন আন্দ্রেয়াস পেরেইরা এবং লুইজ হেনরিক।

     

    পাঁচদিন আগে চিলির বিপক্ষে লুইস হেনরিকের শেষ সময়ের গোলে ঘাম ঝরিয়ে জিতেছিল ব্রাজিল। ২৩ বছরের হেনরিক আরও একবার দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন। তিন মিনিটের মধ্যে ব্রাজিল করলো দুই গোল। একটি হেনরিকের নিজের, আরেকটিতে তার অ্যাসিস্ট।

    রাফিনহার জোড়া পেনাল্টিতে এর আগেই অবশ্য জয়ের ভিত গড়া হয়ে গিয়েছিল ব্রাজিলের। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুর বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ই তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

    দাপুটে খেলা ম্যাচে ব্রাজিলের প্রথম দুটি গোল আসে পেনাল্টি থেকে। ৩৮ মিনিটে পেরুর ডিফেন্ডার কার্লোস জামব্রানো পেনাল্টি বক্সে ব্রাজিলের একটি আক্রমণ ঠেকাতে গিয়ে হাতে লাগান বল। ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। রাফিনহা গোল তুলে নিতে ভুল করেননি।

    ব্রাজিল দ্বিতীয় গোলটি পায় ৫৪ মিনিটে। এবারও সেই জামব্রানোর ভুল। সাভিনিওকে ফাউল করেন পেরুর ডিফেন্ডার। এবারও পেনাল্টি থেকে গোল করেন সেই রাফিনহা।

    ব্রাজিলের তৃতীয় গোলটি আসে আন্দ্রেয়াস পেরেইরার অসাধারণ এক সিজার-কিক ভলিতে। ৭১ মিনিটে ডান পাশ থেকে লুইস হেনরিকের ক্রসে চোখে লেগে থাকার মতো এক গোল করেন পেরেইরা।

    তিন মিনিট পরে হেনরিক নিজেই পান গোল। পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক ভলিতে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

    এবারের বাছাইপর্বে ব্রাজিলের এটি পঞ্চম ও টানা দ্বিতীয় জয়। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তার আছে লাতিন আমেরিকা অঞ্চলের চার নম্বরে।

  • মেসির হ‍্যাটট্রিকে আর্জেন্টিনার গোল উৎসব

    মেসির হ‍্যাটট্রিকে আর্জেন্টিনার গোল উৎসব

    বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত ছন্দেই ছিল আর্জেন্টিনা। তবে সবশেষ দুই ম্যাচ একেবারেই ভালো যায়নি বিশ্ব চ্যাম্পিয়নদের। টানা ১২ ম্যাচ জয় তুলে নেয়া দলটি গেল মাসে হেরে বসে কলম্বিয়ার কাছে। এর ঠিক এক মাস পর, ভেনেজুয়েলার মুখোমুখি হয়েও জয়ের দেখা পায়নি লিওনেল স্কালোনির দল।

     

    টানা দুই ম্যাচের হতাশা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়িয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের মতোই। বুধবার ১৬ অক্টোবর ভোরে ঘরের মাঠে বলিভিয়াকে ৬-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। একটি করে গোল পেয়েছেন জুলিয়ান আলভারেজ, আলমাদা এবং লাউতারো মার্টিনেজ।

    এস্তাদিও মাস মনুমেন্টালে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণে রেখে খেলেছে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে দিশেহারা ছিল বলিভিয়া। ১৯ মিনিটের মাথায় এগিয়ে যায় আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের অ্যাসিস্টে দারুণ এক গোলে দলকে লিড এনে দেন মেসি।

    ম্যাচের ৪৩ মিনিটে আবারও মেসি-মার্টিনেজ জুটি। তবে এবার গোল করেন মার্টিনেজ। মাঝমাঠ থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন মেসি। তবে সেখানে মার্টিনেজ পাস দেন। বল পেয়ে ফাঁকা জালে গোল দিয়ে লিড দ্বিগুণ করেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার। বিরতির ঠিক আগে মেসির আরেকটি দুর্দান্ত অ্যাসিস্টে বল জালে জড়ান হুলিয়ান আলভারেজ। ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

    দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠেন মেসিরা। ৬৯ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল আসে থিয়াগো আলমাদার পা থেকে। এই গোলে অ্যাসিস্ট ছিল মলিনার। এরপর শুধুই মেসি ঝলক। দুই মিনিটে দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টিনার অধিনায়ক।

    ৮৪ মিনিটে মাঝমাঠ থেকে পালাসিওসের কাছ থেকে পাস পেয়ে বলিভিয়ার দুই খেলোয়াড়কে কাটিয়ে গোল করেন মেসি। তার দুই মিনিটে পরই ডি-বক্সের ঠিক বাইরে থেকে নিকো পাজের ব্যাক পাস থেকে দারুণ এক গোল করেন নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে এটি মেসির দশম হ্যাটট্রিক।

    বলিভিয়া এই ম্যাচে বলার মতো কোন গোলের সুযোগই তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত ৬-০ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ১০ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে কলম্বিয়া।

     

  • মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

    মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

    বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার সময়টা দুর্দান্ত কাটছিল। কোপা আমেরিকা, বিশ্বকাপ এবং কোপা আমেরিকাজয়ী দলটা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও রীতিমতো উড়ছিল। তবে সর্বশেষ দুই ম্যাচে ভিন্ন চেহারায় দেখা যায় আলবিসেলেস্তেদের। কলম্বিয়ার কাছে ২-১ গোলে হারের পর ভেনেজুয়েলার সঙ্গেও ১-১ গোলে ড্র করে লিওনেল স্কালোনির দল।

     

    তবে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর এবার জয়ে ফিরতে মরিয়া বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই লক্ষ্যেই আগামীকাল বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের ৪৫ মিনিট পর মাঠে নামবে ব্রাজিলও। আগের ম্যাচেই জয়ে ফেরা সেলেসাওদের প্রতিপক্ষ পেরু।

    আর্জেন্টিনার মনুমেন্টাল স্টেডিয়ামে বলিভিয়াকে আতিথ্য দিবে লিওনেল স্কালোনির দল। বাছাইপর্বের দশম রাউন্ডের এই ম্যাচের আগে বেশ সতর্ক বিশ্ব চ্যাম্পিয়নরা। সেজন্য এজেইজায় অবস্থিত লিওনেল আন্দ্রেস মেসি স্টেডিয়ামে অনুশীলন সেশন শেষ করেছে। সেখানে সম্ভাব্য শুরুর একাদশ নিয়ে কাজ করেছেন। তিনি দলের মূল ডিফেন্ডার কুটি রোমেরোকে আবারও দলে ফিরিয়েছন সেইসঙ্গে ইনজুরিতে থাকা আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে যা আরও কিছু পরিবর্তনের ইঙ্গিত। টটেনহ্যাম ডিফেন্ডার কুটি রোমেরো হলুদ কার্ড পাওয়ার কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ফিরেছেন।

    নিকোলাস ওটামেন্ডির পরিবর্তে লিসান্দ্রো মার্টিনেজও দলে আসতে পারেন। হালকা চোটের কারণে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেননি লিভারপুল মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে অনুশীলনে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। ফরোয়ার্ড লাইনেও কিছু পরিবর্তন হতে পারে। লাউতারো মার্টিনেজকে জুলিয়ান আলভারেজের পরিবর্তে মাঠে নামানো হতে পারে। যথারীতি এই ম্যাচেও বাড়তি আকর্ষণ থাকবে চোট কাটিয়ে আগের ম্যাচেই দলে ফেরা লিওনেল মেসির ওপর।

    এদিকে, আগের ম্যাচেই জয়ে ফেরা ব্রাজিল খেলবে পেরুর বিপক্ষে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ ম্যাচে চিলির বিপক্ষে ইগর জেসুস আর লুইজ হেনরিকের গোলে জয়ে ফিরে সেলেসাওরা। সেইসঙ্গে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে আসে ডোরিভাল জুনিয়রের দল। পেরুর বিপক্ষেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাছাইপর্বে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত সবার ওপরে অবস্থান করছে আর্জেন্টিনা। যেখানে সমান ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে চারে ব্রাজিল। দুই আর তিনে থাকা কলম্বিয়া এবং উরুগুয়ের পয়েন্ট যথাক্রমে ১৬ এবং ১৫।

     

  • পর্তুগালের তিনে তিন রোনালদোর ৯০৬তম গোল

    পর্তুগালের তিনে তিন রোনালদোর ৯০৬তম গোল

    নেশন্স লিগে জয়ের ধারায় ছুটে চলছে পর্তুগাল। একের পর এক জয় তুলে টানা তিন ম্যাচে অপরাজেয় রইলো ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এবার তারা ৩-১ গোলে হারিয়েছে পোল্যন্ডকে। দলের জয়ে একটি করে গোল করেছেন রোনালদো ও বার্নার্দো সিলভা। অন্য গোলটি আত্মঘাতী। পোল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন পিওতর জেলেনস্কি।

     

    এদিন দেশের হয়ে টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেয়েছেন রোনালদো। এতে হাজার গোলের দিকে অনায়াসেই ছুটে চলেছেন পর্তুগিজ সুপারস্টার। টানা তিন জয়ে টানা তিন গোল করলেন রোনালদো। জাতীয় দলের জার্সিতে ২১৫ ম্যাচে এটা রোনালদোর ১৩৩তম গোল। সব মিলিয়ে হাজারি ক্লাবে ঢুকতে তার দরকার আর ৯৪ গোল। ক্লাবের হয়ে ৩৯ বছর বয়সী তারকা করেছেন ৭৭৩ গোল। এতে আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে তার ক্যারিয়ার গোল এখন ৯০৬টি।

    পোল্যান্ডের ওয়ারশতে খেলতে নেমে সবদিক থেকেই দাপট দেখিয়েছে সফরকারী পর্তুগাল। তাদের দখলে বল ছিল ৬৩ শতাংশ। এ ছাড়া ১৮টি শট নিয়ে ৬টি রাখতে পারে লক্ষ্যে। অন্যদিকে, ১২টি শটের মধ্যে ৪টি লক্ষ্যপথে ছিল পোল্যান্ডের।

    ওয়ারশে ১০ মিনিটেই জালের দেখা পেতে পারতেন রোনালদো। কিন্তু ট্যাপ-ইন করতে গিয়ে তার শট ফিরে আসে পোস্টের উপরের বারে লেগে। ২৬ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের হেড পাস পেয়ে বাঁ পায়ের জোরাল শটে পর্তুগালকে লিড এনে দেন ম্যানসিটির তারকা সিলভা। এরপর ৩৭তম মিনিটে দলকে ফের উল্লাসে ভাসান রোনালদো। এই গোলটি পেতে পারতেন রাফায়েল লেয়াও। কিন্তু তার শটটি গোলপোস্টে লেগে ফেরত আসতেই নিচু শটে লক্ষ্যভেদ করেন সিআরসেভেন। এতে পোলিশদের বিপক্ষে ১৭ বছর পর গোল পেলেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী।

    ৭৮ মিনিটে স্বাগতিকদের হয়ে ইন্টার মিলান মিডফিল্ডার পিওতর জেলিনস্কির গোলে ব্যবধান কমলে কিছুটা আশা জাগে পোল্যান্ডের। তবে সেই আশা শেষ হয়ে যায় ৮৮ মিনিটে আত্নঘাতী গোল করলে। গোলমুখে বল আটকাতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন ডিফেন্ডার ইয়ান বেদনারেক। এতেই ৩-১ গোলে হেরে যায় রবার্ড লেভান্ডোভস্কির দল।

    টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। ক্রোয়েশিয়া ৬ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তৃতীয় স্থানে পোল্যান্ডের পয়েন্ট ৩। স্কটল্যান্ড এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

  • ‘হ্যারিকেন মিল্টন’ এখন আর্জেন্টিনার দুশ্চিন্তার নাম

    ‘হ্যারিকেন মিল্টন’ এখন আর্জেন্টিনার দুশ্চিন্তার নাম

    আগামীকাল রাতে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। ভেনেজুয়েলার বিপক্ষে এ ম্যাচ দিয়ে কোপা আমেরিকা ফাইনালের পর জাতীয় দলে ফিরছেন লিওনেল মেসি। স্বস্তির মাঝেও আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে একের পর এক ফুটবলারের চোট।

     

    নিকোনাস গঞ্জালেস, পাওলো দিবালা, মাকোর্স আকুনার পর স্কোয়াড থেকে ছিটকে গেছেন আলেহান্দ্রো গারনাচোও। এছাড়া আলবিসেলেস্তেদের মূল গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও খেলতে পারবেন না ফিফার নিষেধাজ্ঞার কারণে।

    তবে আর্জেন্টিনা দলের এখন দুশ্চিন্তার আরেক নাম ‘হ্যারিকেন মিল্টন’। ভেনেজুয়েলা যাওয়ার আগে মায়ামিতে অনুশীলন ক্যাম্প করেছিল আর্জেন্টিনা। কিন্তু এরইমধ্যেই হ্যারিকেন মিল্টন বাগড়া দিয়েছে। ফলে পূর্ণ অনুশীলন চালিয়ে নেওয়া কষ্ট হচ্ছে কোচ লিওনেল স্কালোনির। তাই আগেভাগেই মায়ামি ছাড়তে চেয়েছিলেন। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য তাও সম্ভব হয়ে উঠছে না।

    এই অবস্থায় আর্জেন্টিনার আজ ভেনেজুয়েলার উদ্দেশে ভ্রমণ করার কথা। কিন্তু ঝড়ো আবহাওয়া যদি বিমানের ভ্রমণ পথে বিঘ্ন সৃষ্টি করে তাহলে পরিকল্পনা অনুযায়ী তারা সফর করতে পারবে নাা। ম্যাচের আগে তাই উদ্বেগ ফুটে উঠেছে স্ক্যালোনির কণ্ঠে, ‘নিরাপদে থাকার ইস্যুটাই জটিল এখানে। ম্যাচটা গুরুত্বপূর্ণ। কিন্তু নিরাপদে থাকার বিষয়টাও গুরুত্বপূর্ণ।

    যখন কেউ ঝড়ো হাওয়া আর হারিকেনের কথা বলে, তখন যদি ব্যাপারটা বিমান বন্দর খোলা থাকা অবস্থায় কাছে কিংবা দূরে ঘটে। তখন কিন্তু বলতেই হয় আমি উদ্বিগ্ন এবং দেখার অপেক্ষায় যে পরিকল্পনা অনুযায়ী কাল (আজ) সফর করতে পারবো কিনা। কারণ ব্যাপারটা নিয়ে আমরা মোটেও নিশ্চিত নই। বলতে পারেন সেই দিক দিয়ে চিন্তিত।’

    আবহাওয়ার চোখ রাঙানি নিয়ে স্কালোনি বলেছেন, ‘এগুলো এমন বিষয়, যেখানে আমাদের কোনো হাত নেই। এ ধরনের পরিস্থিতি হয়তো আমাদের দুর্ভাগ্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলোয়াড় ও দলের সবার নিরাপত্তা ও সুস্থ থাকা।

    ভেনেজুয়েলা ম্যাচের পর আগামী বুধবার নিজেদের মাঠে বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এখন পর্যন্ত লাতিন অঞ্চলের বাছাইয়ে ৮ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে স্কালোনির দল।