Category: ফুটবল

  • লিভারপুল দাপুটে জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো

    লিভারপুল দাপুটে জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো

    কাগজে-কলমে এখনো প্রিমিয়ার লিগের শিরোপার স্বপ্ন টিকে আছে লিভারপুলের। যে কারণেই হয়তো শেষ চেষ্টাটা করছেন ইয়ু্র্গেন ক্লপের শিষ্যরা। লিগের ৩৬তম ম্যাচে টটেনহ্যাম হটস্পারেকে ৪-২ গোলে হারিয়েছে লিভারপুল। এতে ৫ ম্যাচে প্রথম জয়ের দেখা পেল অলরেডরা। এই জয়ে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কাগজে কলমে টিকে থাকলো সালাহরা।

    ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য ধরে রেখে খেলতে থাকে লিভারপুল। ১৬ মিনিটে চলিত মৌসুমে সালাহ তার ১৮তম লিগ গোল করে লিভারপুলকে এগিয়ে দেন। এগিয়ে গিয়েও থামেনি লিভারপুল। বেশ কয়েকটি আক্রমণ চালায় তারা। প্রথমার্ধের শেষ মিনিটে গিয়ে আরও একটি গোল পায় ক্লাবটি। সালাহর প্রথম প্রচেষ্টা গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি শটে জাল খুঁজে নেন অ্যান্ড্রু রবার্টসন।

    দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। এলিয়টের ক্রসে হেডে গোলটি করেন ডাচ ফরোয়ার্ড কোডি গ্যাকপো। ৯ মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে নেন এলিয়ট। সালাহ থেকে পাওয়া পাস বক্স থেকে বাঁকানো শটে জালে পাঠান তিনি।

    চার গোলে পিছিয়ে পড়ার পর টটেনহ্যাম পাল্টা জবাবে দুটি গোল শোধ দেয়। ৭২ মিনিটে ব্যবধান কমান রিচার্লিসন। পাঁচ মিনিট পর সন হিউং মিনের গোলে ব্যবধান আরও কমে টটেনহ্যামের। তবে হার এড়াতে পারেনি স্পাররা। লিগে শেষ চারটি ম্যাচ হেরে তারা টেবিলের পঞ্চম স্থানে। তাদের চেয়ে ৭ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে ৩৬ ম্যাচ খেলা অ্যাস্টন ভিলা।

    এই জয়ে ৩৬ ম্যাচে ২৩ জয় ও ৯ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। ম্যানচেস্টার সিটি ৮২ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। ৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

     

     

  • নিউ ইয়র্ক মেসির রেকর্ড ৫ অ্যাসিস্ট আর সুয়ারেজের হ্যাটট্রিকে উড়ে গেল

    নিউ ইয়র্ক মেসির রেকর্ড ৫ অ্যাসিস্ট আর সুয়ারেজের হ্যাটট্রিকে উড়ে গেল

    মেজর লিগ সকারে ম্যাচে ৫ গোলে সরাসরি সহায়তার রেকর্ড গড়লেন লিওনেল মেসি। সেটাও মাত্র এক অর্ধে। লুইস সুয়ারেজকে দিয়ে তিনটি ও মাতিয়াস রোয়াসকে দিয়ে করালেন দুই গোল। নিজে পেলেন টানা সাত ম্যাচে জালের দেখা। নিউ ইয়র্ক বুলসকে উড়িয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুদ করল ইন্টার মায়ামি।

    বাংলাদেশ সময় রোববার সকালে নিউ ইয়র্ককে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। অথচ প্রথমার্ধে ১-০ গোলে গোলে পিছিয়ে ছিল তারা। মায়ামির ৬ গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। আর ছয় গোলেই সরাসরি অবদান মেসির।

    দ্বিতীয়ার্ধে ডেভিড রুইজের জায়গায় মাঠে নেমে উজ্জিবিত ফুটবল উপহার দেন মাতিয়াস। ৪৮তম মিনিটে শুরু মায়ামির গোল উৎসব। মেসির পাস পেয়ে ২৫ গজ দূর থেকে উঁচু শটে স্কোরবোর্ডে সমতা টানেন মাতিয়াস।

    দুই মিনিট পর ডি বক্সে সুয়ারেজের বাড়ানো বলে উঁচু শটে দলকে এগিয়ে নেন মেসি। ৬২তম মিনিটে তার অবিশ্বাস্য থ্রু পাস পেয়ে সহজেই ব্যবধান ৩-১ করেন মাতিয়াস।

    এরপর ১২ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করেন সুয়ারেজ। ডান প্রান্ত দিয়ে ডি বক্সে ঢুকে ছোট্ট উঁচু ক্রস বাড়ান মেসি। দারুণ ভলিতে লক্ষ্যভেদ করেন উরুগুয়ান তারকা। ৭৫তম মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে যান মেসি। এরপর সুয়ারেজের সাথে বল দেয়া-নেয়া করে ঢুকে পড়েন ডি বক্সে। সহজ গোলে ব্যবধান ৫-০ করেন সুয়ারেজ।

    আর ৮১তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই তারকা স্ট্রাইকার। ডান প্রান্ত দিয়ে বল নিয়ে এগিয়ে দারুণ থ্রু পাস দেন মেসি। গোলরক্ষককে কাটিয়ে জালে বল পাঠান সুয়ারেজ।

    ম্যাচের যোগ করা সময়ের সপ্তম মিনিটে স্পটকিক থেকে ব্যবধান কমান এমিল ফ্রেসবার্গ। এ নিয়ে লিগ মৌসুমে মেসির অ্যাসিস্ট হয়ে গেল সর্বোচ্চ নয়টি। এখন পর্যন্ত লিগে সর্বোচ্চ ১০ গোলও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মহানায়কের। সমান ১০ গোল নিয়ে সুয়ারেজ আছেন সর্বোচ্চ গোলের তালিকার দুইয়ে।

    ১২ ম্যাচে ৭ জয় ও ৩ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষে মায়ামি। এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাতি। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার চারে নিউ ইয়র্ক। বাংলাদেশ সময় আগামী রোববার সকালে মন্তেরিয়ালের বিপক্ষে মাঠে নামবে জেরার্দো মার্তিনোর দল।

     

  • বার্সেলোনা হারায়, লিগ শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ

    বার্সেলোনা হারায়, লিগ শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ

    কাদিজের বিপক্ষে নিজেদের ম্যাচ জেতায় এবং জিরোনার কাছে বার্সেলোনা হারায় গতকাল লা লিগার শিরোপা নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড ৩৬তম বার লিগ জিতল রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে কাদিজকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা ঠিক করে রেখেছিল কার্লো আনচেলোত্তির দল। এই ম্যাচের পরই জিরোনার মাঠে কাতালানরা হেরে গেছে ৪-২ গোলে।

    তাতে বার্সেলোনা থেকে রিয়াল এগিয়ে গেছে ১৩ পয়েন্টে। বাকি ৪ ম্যাচ জিতলেও রিয়ালকে ছুতে পারবে না জাভি এর্নান্দেসের দল। ফলে ৪ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন উদযাপন করল রিয়াল।

    সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে কাদিজের রক্ষণ ভাঙতে পারেনি রিয়াল।দ্বিতীয়ার্ধে অবশ্য আর আটকে রাখতে পারেনি স্বাগতিকদের। ব্রাহিম দিয়াজ এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান বদলি নামা জুড বেলিংহাম। আর শেষ দিকে বড় জয় নিশ্চিত করেন জোসেলু। এদিকে জিরোনার মাঠে তৃতীয় মিনিটে ক্রিস্টেনসেনের গোলে এগিয়ে যায় বার্সেলোনা।

    পরের মিনিটেই সমতায় ফেরে স্বাগতিকরা। লেভানদোস্কির পেনাল্টি গোলে আবার কাতালানরা লিড পায়। কিন্তু দ্বিতীয়ার্ধে টানা তিন গোল করে ম্যাচ জিতে নেয় জিরোনা।

    ইংলিশ লিগে বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষেই আছে আর্সেনাল। তবে ওলভসকে ৫-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের পথেই আছে ম্যানচেস্টার সিটি।

    হ্যাটট্রিকসহ ৪ গোল আর্লিং হালান্ডের। ১ পয়েন্ট বেশি নিয়ে গানাররা শীর্ষে থাকলেও এক ম্যাচ কম খেলা সিটিজেনরা আছে সুবিধাজনক অবস্থায়। বাকি ৩ ম্যাচ জিতলেই টানা চতুর্থবার লিগ জিতবে পেপ গার্দিওলার দল। এএফপি

  • এই প্রথমবার মাসসেরা মেসি

    এই প্রথমবার মাসসেরা মেসি

    ইউরোপ ছেড়ে লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। স্থান, লিগ পরিবর্তন হলেও অপরিবর্তিত রয়েছেন আর্জেন্টাইন তারকা। মেজর লিগ সকারে চলতি মৌসুমে চেনাচ্ছেন নিজের জাত। গেল মাসে নিজের দল ইন্টার মায়ামিকে রেখেছেন অপরাজিত। এবার সেটার পুরস্কারও পেয়েছেন বিশ্বকাপজয়ী তারকা। প্রথম বারের মতো যুক্তরাষ্ট্রে মেজর লিগে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন মেসি।

    গত মাসে মেজর লিগ সকারে মোট চারটি ম্যাচ খেলে ইন্টার মায়ামি। সেখানে তিনটি ম্যাচে জয়ের দেখা পায় মেসিরা। বাকি একটি ম্যাচ হয় ড্র। গেল মাসে এই চার ম্যাচে মোট ১০টি গোল করে ইন্টার মায়ামি। তার ছয়টি আসে অধিনায়ক লিওনেল মেসির পা থেকে। এছাড়াও বাকি চারটি গোলেও অবদান রাখেন এই তারকা ফুটবলার। শুধু তাই নয়, মেজর লিগ সকারের চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন মেসি। বর্তমানে এলএমটেনের গোল সংখ্যা ৭টি।

    চলতি মৌসুমের শুরু থেকে বেরসিক ইনজুরির কারণে মাঠে নিয়মিত হতে পারেননি মেসি। তার পরেও যখনই সুযোগ পেয়েছেন তখনই নিজেকে পুরোনো ছন্দে দেখিয়েছেন। তার ছন্দ দেখে বিমোহিত হয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীরা। শুধু এই দেশটি নয়, সারা বিশ্ব তার ফুটবল নৈপুণ্যে বিমুগ্ধ হয়েছে। তবে মেসির এমন পারফরম্যান্সের পরও বিস্মিত নন ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো। তিনি বলেছেন, ‘মেসি মাঠের সব জায়গায় খেলতে পারেন। সে বিশ্বের সেরা ফুটবলার এবং একজন দুর্দান্ত গোলদাতা। এখানে মেসি তার ফরম পুনরুদ্ধার করছে। বিষয়টি অবাক করার মতো কিছু না। মেসি খেললে এমনই ঘটবে। এটি তার স্বাভাবিক এগিয়ে চলার প্রমাণ।’

    এ নিয়ে টানা দ্বিতীয় বারের মতো মেজর লিগে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার গেল ইন্টার মায়ামির ঘরে। এর আগে মার্চ মাসে এমএলএসে মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন লুইস সুয়ারেজ। অন্যদিকে মেজর লিগ সকারে চলতি মৌসুমে ১১ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে মায়ামি। নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল ভোর সাড়ে ৫টায় নিউইর্য়ক রেড বুলসের বিপক্ষে মাঠে নামবে মেসির মায়ামি।

     

  • ম্যানসিটিকে শিরোপা জিততে পাহাড় ডিঙাতে হবে

    ম্যানসিটিকে শিরোপা জিততে পাহাড় ডিঙাতে হবে

    একটি ম্যাচ যাচ্ছে আর শীর্ষে থাকা আর্সেনালকে চাপে ফেলে দিচ্ছে ম্যানচেস্টার সিটি। পয়েন্ট তালিকায় তাকালে আর্সেনালকে শীর্ষে দেখা গেলেও আদতে এগিয়ে আছে সিটিজেনরাই। কারণ গানারদের চেয়ে তারা ম্যাচ কম খেলেছে একটি। তাই শিরোপার পথে তারা যে সুবিধাজনক অবস্থায় আছে তা বলাই যায়।

    কিন্তু এই পথও যে সহজ নয় সেটা উপলব্ধি করতে পারছেন সিটিজেন বস পেপ গার্দিওলা।
    রবিবার (২৮ এপ্রিল) দিনের শুরুতে টটেনেহামকে ৩-২ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। তবে দিনের শেষে সেই ব্যবধান স্রেফ ১ পয়েন্টে নামিয়ে এনেছে পেপ গার্দিওলার দল। নটিংহাম ফরেস্টের মাঠ থেকে জোসকো ভার্দিওল ও আর্লিং হালান্ডের গোলে ২-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল।

    লিগে আর্সেনালের বাকি আছে তিনটি এবং ম্যানসিটির চারটি ম্যাচ। দুই দলের পয়েন্টের ব্যবধান স্রেফ ১। এমন অবস্থায় আর্সেনালের চেয়ে সিটি সুবিধাজনক অবস্থায় থাকলেও এখনো অনেক পথ পাড়ি দিতে হবে বলছেন পেপ গার্দিওলা, ‘এটা (শিরোপা জয়) অনেক দূরে এখনো। যখন আমরা টেবিলের শীর্ষে থাকব এবং এক ম্যাচ বাকি থাকবে তখন এই প্রশ্ন করবেন।

    কিন্তু চার ম্যাচ বাকি থাকায় মনে হচ্ছে পাহাড় ডিঙাতে হবে আমাদের। এটা আমাদের হাতে আছে…একটা ম্যাচ ড্র করলেই আমরা শিরোপা জিততে পারব না।’
    গতকাল টটেনহামকে হারিয়ে এগিয়ে গেছে আর্সেনাল। বাকি তিন ম্যাচে তারা যে পথ হারাবে এমন আশা করেন না গার্দিওলা, ‘তারা কী করবে সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। চাই তারা হেরে যাক।

    তারা ভালো করছে এবং হ্যাঁ, এখনো চার ম্যাচ বাকি। আমি মনে করি, তারা আর পয়েন্ট হারাবে না এবং আমরা জানি, আমাদের এখন কী করা দরকার।’ আগামী শনিবার নিজেদের পরের ম্যাচে ওলভসের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি।

  • যুক্তরাষ্ট্রে মেসির জোড়া গোলে বড় জয়

    যুক্তরাষ্ট্রে মেসির জোড়া গোলে বড় জয়

    যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির জাদু চলছেই। চোট কাটিয়ে ফেরার পর থেকে দারুণ ছন্দে রয়েছেন ফুটবলের এ জাদুকর। আগের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এদিকে আজ নিউ ইংল্যান্ড রেভুলেশনের বিপক্ষে ফের মেসির জোড়া গোলে ৪-১ ব্যবধানে বড় জয় পেল জেরার্দো মার্টিনোর দল।

    বাংলাদেশ সময় রোববার (২৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় এমএলএসের ম্যাচে নিউ ইংল্যান্ড রেভুলেশনের বিরুদ্ধে মাঠে নামে ইন্টার মায়ামি। ম্যাচটিতে মেসির জোড়া গোলের পাশাপাশি দলের হয়ে বাকি দুটি গোল করেন বেঞ্জামিন ক্রেমাশ্চি ও লুইস সুয়ারেজ। প্রতিপক্ষের হয়ে গোলটি করেন টমাস চ্যাঙ্কালে।

    খেলাটি দেখতে এদিন ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল ৬৫ হাজার ৬১২ জন দর্শক। যা স্টেডিয়ামটির ইতিহাসে সর্বোচ্চ।

    অবশ্য ঘরের মাঠে রেকর্ড দর্শকের সামনে শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক নিউ ইংল্যান্ড। ম্যাচের যখন মাত্র ৪০ সেকেন্ড, তখনই স্বাগতিকরা এক গোলে এগিয়ে যায়। আর্জেন্টাইন স্ট্রাইকার টমাস চ্যাঙ্কালের গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। শুরুতে পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলো না ইন্টার মায়ামি। অবশ্য সেই গোল শোধ দিতে মায়ামির সময় লাগে ৩২ মিনিট। রবার্ট টেলরের অ্যাসিস্টে দারুণভাবে জালের ঠিকানা খুঁজে নেন মেসি।

    বিরতির পর আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোলেই এগিয়ে যায় মায়ামি। ৬৭ মিনিটে সের্হিও বুসকেতসের নিখুঁত পাস বেশ সহজেই নিয়ন্ত্রণে নেন মেসি। গোল করাটাও তার জন্য কঠিন কিছু ছিল না। ৮৩ মিনিটে হ্যাটট্রিক পেয়েই যাচ্ছিলেন প্রায়। কিন্তু তার শট ঠেকিয়ে দেন নিউ ইংল্যান্ডের গোলরক্ষক হাইনরিখ রাভাস। তবে ফিরতি শটে ঠিকই গোলের দেখা পান বেঞ্জামিন ক্রেমাসচি। এর পাঁচ মিনিট পর মেসির পাস থেকে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেস।

    এ নিয়ে চলতি মৌসুমে লিগে ৭ ম্যাচে ৯ গোল ও ৭ অ্যাসিস্ট করলেন মেসি। একইসঙ্গে মেজর লিগ সকারের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সল্ট লেকের স্ট্রাইকার ক্রিস্তিয়ান আরাঙ্গোকে (৮ গোল) হটিয়ে শীর্ষে উঠেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

    মেসির মতো তার দলও এমএলএসের ইস্টার্ন কনফারেন্স অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে। ১১ ম্যাচে ৬ জয়ে ২১ পয়েন্ট মায়ামির। দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটি সিটি ৩ পয়েন্ট পিছিয়ে। অবশ্য দলটি একটি ম্যাচ কম খেলেছে।

     

  • মেসিকে ছাড়া কি আর্জেন্টিনা পারবে ?

    মেসিকে ছাড়া কি আর্জেন্টিনা পারবে ?

    মেসিকে ছাড়া আর্জেন্টিনা দল ভাবতেই পারেন না এক্সেকিয়েল পালাসিওস। তাইতো মেসির অবসরের প্রসঙ্গ উঠতেই থামিয়ে দিলেন এই মিডফিল্ডার। এলএমটেনকে সবসময় জাতীয় দলে দেখতে চান তিনি। এমনকি তিনি জানিয়েছেন, দলের সবাই নাকি এমনটাই চায়।

    ৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৮ টি ম্যাচ খেলেছেন পালাসিওস। যেখানে বেশিরভাগ সময় সতীর্থ হিসেবে মেসিকে পেয়েছেন তিনি। ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি।

    রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পালাসিওস বলেন, ‘মেসির চালিয়ে না যাওয়ার কথা এখনকার মতো দয়া করে বলবেন না। মেসিকে ছাড়া জাতীয় দল তো ভাবাই যায় না। আমরা সবাই চাই তিনি চিরস্থায়ী হয়ে থাকবেন এবং সবসময় আমাদের সঙ্গে খেলবেন।’

    এদিকে আরেক আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া ইতোমধ্যেই অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন। তাকে নিয়ে পালাসিওস বলেন, ‘আমরা চাই না ডি মারিয়া অবসর নিক। আমাদের দেশের জন্য সে অনন্য, ভিন্ন ও ঐতিহাসিক এক ফুটবলার। সত্যিই যদি সে অবসর নেয়, তাহলে সামনের প্রতিটি ট্রেনিং সেশন, প্রতিটি ক্যাম্প ও প্রতিটি মাচ সর্বোচ্চ কাজে লাগাতে হবে আমাদের। কারণ, তার মানের একজনকে পাওয়া আমাদের জন্য বড় ব্যাপার।’

     

  • কেইনের জোড়া গোলে বায়ার্নের জয়, নিশ্চিত চ্যাম্পিয়ন্স লিগ

    কেইনের জোড়া গোলে বায়ার্নের জয়, নিশ্চিত চ্যাম্পিয়ন্স লিগ

    বুন্দেসলিগার এ মৌসুমে শিরোপার লড়াই আগেভাগেই শেষ হয়ে গেছে। প্রথমবারের মত লেভারকুসেন পেয়েছে কাঙ্ক্ষিত এই ট্রফি। এতে লিগে বায়ার্ন মিউনিখের বাকি ম্যাচগুলো হয়ে গেছে এক প্রকার আনুষ্ঠানিকতার।

    তবে এমন আনুষ্ঠানিকতার ম্যাচেও থেমে নেই হ্যারি কেইনের গোল উদযাপন। নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় কেইনের জোড়া গোলে ২-১ ব্যবধানে এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে হারিয়েছে বায়ার্ন। এই জয়ে পরের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিল জার্মান জায়ান্টরা।

    ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচের ৯ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন কেইন। নিজের দ্বিতীয় গোলটি করেন ৬১ মিনিটে পেনাল্টি থেকে। তার আগে ২৩ মিনিটে হুগো এতিক্কের গোলে সমতায় ফিরেছিল ফ্রাঙ্কফুর্ট। এ নিয়ে লিগে নিজের প্রথম মৌসুমেই ৩১ ম্যাচে সর্বোচ্চ ৩৫ গোল করলেন কেইন। ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটের দৌড়েও সবার সামনে তিনি।

    এই জয়ের পরও বায়ার্ন শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করা বায়ার লেভারকুসেনের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে। আরেক ম্যাচে লেভারকুসেন স্টুটগার্টের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। খেলার অর্ধেকের বেশি সময় পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল এবারের চ্যাম্পিয়নরা। কিন্তু পরে দুটি গোলই শোধ করে দিয়েছে জাভি আলোনসোর শিষ্যরা।

    ফলে ৩১ ম্যাচে ষষ্ঠ ড্র করেছে তারা। এর বিপরীতে তারা জয় পেয়েছে ২৫ ম্যাচে। প্রথমবার বুন্দেসলিগা জয় নিশ্চিত করে ফেলা দলটির সংগ্রহ এখন পর্যন্ত ৮১ পয়েন্ট।

     

  • শিরোপা লড়াইয়ে আর্সেনাল, লিভারপুল না ম্যানসিটিকে এগিয়ে ?

    শিরোপা লড়াইয়ে আর্সেনাল, লিভারপুল না ম্যানসিটিকে এগিয়ে ?

    ইউরোপিয়ান শীর্ষ লিগ গুলোতে একদম জমেনি শিরোপা লড়াই। বুন্দেসলিগার শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছে লেভারকুসেন। পাঁচ রাউন্ডের খেলা বাকী থাকতে বায়ার্ন মিউনিখের রাজত্বের অবসান ঘটিয়ে শিরোপা উত্সবে মাতে জাবি আলনসোর দল। লা লিগায় এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়ে এখন শুধু শিরোপা উত্সবের অপেক্ষা রিয়াল মাদ্রিদের।

    ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজি এবং ইতালির সিরি ‘এ’তে ইন্টার মিলানের শিরোপা জয়ের স্রেফ সময়ের ব্যাপার!

    ব্যাতিক্রম শুধু ইংল্যান্ডে! তীব্র প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে প্রিমিয়ার লিগে। শিরোপা লড়াই হচ্ছে ত্রিমুখী! ৩৩ রাউন্ডে এসেও শিরোপা জয়ে ফেভারিট রাখা যাচ্ছে না কোনো ক্লাবকে j শিরোপা যুদ্ধে সমানভাবে টিকে আছে আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। মাত্র একটি পয়েন্ট ব্যবচ্ছেদ করে রেখেছে এই তিন ক্লাবকে। মজার ব্যাপার হচ্ছে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে আগের সপ্তাহে বিদায় ঘণ্টা বাজায় তিন ক্লাবেরই মনোযোগ এখন প্রিমিয়ার লিগে!
    এই লড়াইয়ে আপাতত শীর্ষে আছে আর্সেনাল।

    উলভসকে ২-০ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে যায় গানাররা। এফএ কাপের সেমিফাইনাল খেলায় এ রাউন্ডে এখনও লিগ ম্যাচ খেলেনি সিটিজেনরা। তাদের অনুপস্থিতির সুযোগটাই নিয়েছে গানাররা। উলভসের বিপক্ষে জিতে আরোহন করে পয়েন্ট তালিকার চুঁড়ায়! অ্যাস্টন ভিলা এবং বায়ার্নের কাছে চ্যাম্পিয়নস লিগে হারের ধাক্কা সামলে উঠে ভালোভাবেই মিকেল আর্তেতার দলে দারুণভাবে ফিরে এসেছে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে।

    ত্রিমুখী এই লড়াইয়ে এখন দ্বিতীয়স্থানে লিভারপুল। ফুলহামের মাঠে ৩-১ গোলের জয়ে অলরেডরাও টপকে যায় ম্যানসিটিকে। আলেকজান্ডার আরনলল্ড, গ্র্যাভেনবার্চ এবং জোতার গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ইয়ুর্গেন ক্লপের দল। ইউরোপা লিগে দুই লেগ মিলিয়ে আতালান্তার কাছে হারের শোক কাটিয়ে প্রিমিয়ার লিগে স্বস্তির জয় পেল লিভারপুল। তাতেই পেছনে পড়ে যায় চলতি রাউন্ডে মাঠে না নামা ম্যানসিটি।

    দ্বিতীয়স্থানে থাকলেও আর্সেনালের সমান পয়েন্ট কিন্ত লিভারপুলেরও। ৩৩ ম্যাচ থেকে দুই দলেরই অর্জন সমান ৭৪ পয়েন্ট। তবে গোল পার্থক্যে খানিকটা এগিয়ে থাকায় লিভারপুলের চেয়ে উপরে অবস্থান করছে আর্সেনাল।
    জমজমাট এই শিরোপা যুদ্ধে আপাতত তিন নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবু শিরোপা জয়ে সুবিধেজনক অবস্থানে আছে পেপ গার্দিওলার দলই! অবাক হচ্ছেন তো! উপরে থাকা দুই দল আর্সেনাল ও লিভারপুলের চেয়ে সিটিজেনরা ম্যাচ খেলেছে একটি কম। কিন্তু ওই দুই দলের চেয়ে তারা পিছিয়ে মাত্র এক পয়েন্ট। পয়েন্টে তাই আর্সেনাল ও লিভারপুল দুই ক্লাবকেই টেক্কা দেওয়ার সুযোগ আছে সিটিজেনদের সামনে। তবে নিজ নিজ ম্যাচ জিতে সিটির উপর চাপটা অব্যাহত রেখেছে আর্সেনাল ও লিভারপুল। নিজেদের বাকী ছয় ম্যাচের সবগুলো জিতলেই আবারও শিরোপা উত্সবে মাতোয়ারা হবে পেপ গার্দিওলার দল। কারণ, আর্সেনাল ও লিভারপুল নিজেদের সবম্যাচ জিতেও তখন পেছনে ফেলতে পারবে না ম্যানচেস্টারের নীল জার্সি ধারীদের।

    বাঁকে বাঁকে রোমাঞ্চে ভরপর প্রিমিয়ার লিগের কী এই সহজ সরল চিত্রনাট্য মেনে সমাপ্তি ঘটবে! ম্যানসিটির একটি হোঁচট এগিয়ে দেবে অন্য দুই দলকে। বিপরীত কথাটাও প্রযোজ্য। অন্য দুই দলের হোঁচটে ঠিক তেমনি শিরোপা জয়ের পথ আরও প্রশ্বস্ত হয়ে যাবে ম্যানসিটির। শেষ পর্যন্ত কার ঘরে ঊঠবে ্ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা-ম্যানসিটি, লিভারপুল না আর্সেনালের? উত্তরের আপাতত সময়ের অপেক্ষাই করতে হবে ফুটবল প্রেমীদের! ইএসপিএন

     

  • রিয়াল এল ক্লাসিকো জিতে লিগ শিরোপার কাছে

    রিয়াল এল ক্লাসিকো জিতে লিগ শিরোপার কাছে

    এবারের লা লিগা মৌসুমের ‍শুরু থেকেই রীতিমতো ঝড় তুলেছিলেন এই মৌসুমেই রিয়াল মাদ্রিদ এ যোগ দেওয়া ইংলিশ তারকা জুড বেলিংহাম। মিডফিল্ডার হয়েও গোলের পর গোল করে ছুঁয়ে ফেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকার রেকর্ড। তবে গত দুই মাসের বেশি সময় ধরে লিগে গোল পাচ্ছিলেন না তিনি। অবশেষে লা লিগায় গোলের দেখা পেলেন বেলিংহাম এবং তার গোলে এল ক্লাসিকোও জিতল লস ব্লাঙ্কোসরা।

    রোববার (২২ এপ্রিল) সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের শেষ এল ক্লাসিকোতে দুইবার পিছিয়ে পড়ার পরও যোগ করা সময়ে জুড বেলিংহামের গোলে বার্সেলোনার বিপক্ষে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় পায় রিয়াল। রিয়ালের হয়ে বাকি গোল দুটি করেন ভিনিসিয়ুস জুনিয়র ও লুকাস ভাসকুয়েজ। বার্সার হয়ে ক্রিস্টেনসেন ও ফ্রিমিন লোপেজ গোল করেন। এই জয়ে লা লিগায় বার্সা থেকে ১১ পয়েন্ট এগিয়ে গেল রিয়াল।

    ম্যাচের ৬ মিনিটের মাথায় দারুণ হেডে গোল করে জাভির দলকে লিড এনে দেন ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টেনসেন। তবে গোল খাওয়ার পর সমতায় ফিরতে বেশি দেরি করেনি কার্লো ‍আনচেলত্তির দল। ১৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান ভিনিসিয়ুস।

    এরপর ২৮ মিনিটে ম্যাচে গোললাইন বিতর্ক। লামিন ইয়ামালের ব্যাকহিল ফেরাতে গোললাইনের ভেতরেই ঢুকে পড়েন আন্দ্রি লুনিন। দেখে মনে হচ্ছিল বলটি গোললাইস অতিক্রম করেছে তবে গোললাইন প্রযুক্তির অভাবে সঠিক বোঝা যাচ্ছিল না। ভিএআরও জানায়, বল পুরোপুরি গোললাইন অতিক্রম করার আগেই তা ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক। তাই এ যাত্রায় বেঁচে যায় রিয়াল।

    প্রথমার্ধ শেষ হওয়ার আগে অবশ্য বার্সা ইনজুরিতে হারায় ফ্রেঙ্কি ডি ইয়ংকে। বিরতির পর দুদলই আক্রমণের ধার বাড়ায়। তবে এবারও আগে গোল পায় বার্সা।

    ৬৯ মিনিটে ইয়ামালের ক্রস লুনিন ঠেকিয়ে দিলেও ফিরতি শটে ঠিকই কাতালানদের এগিয়ে দেন ফ্রিমিন লোপেজ। এবারও ফিরতে বেশিক্ষণ সময় নেয়নি লিগ লিডাররা।

    ৭৩ মিনিটে ভিনিসিয়ুসের নিখুঁত ক্রসে জোরালো শটে ম্যাচে আবার সমতা আনে লুকাস ভাসকুয়েজ। কার্লো আনচেলত্তির শিষ্যরা এরপর ম্যাচ জয়ের চেস্টা শুরু করে।

    জয়ের জন্য বার্সার দুর্গে একের পর এক হানা দেয় তারা। কয়েকটি সহজ সুযোগ মিসের পরও রিয়ালের চেষ্টা থেমে থাকেনি। যোগ করা সময়ের প্রথম মিনিটে অবশেষে সাফল্য আসে।

    ভাসকুয়েজের দূরপাল্লার ক্রস পেছনে থাকা বেলিংহামের জন্য ছেড়ে দেন হোসেলু। তা দেখে বোকা বনে যান বার্সা ডিফেন্ডাররা। এরপর সেই ক্রস থেকে দুর্দান্ত শটে বেলিংহ্যাম গোল করলে তাদের অসহায়ত্ব ফুটে ওঠে আরও করুণভাবে। যেন কিছুই করার ছিল না তখন!

    ম্যাচ শেষে ৩২ রাউন্ডে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল রিয়াল। দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার সঙ্গে তাদের ব্যবধানটা এখন বেড়ে দাঁড়িয়েছে ১১ পয়েন্টে। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা। এই জয়ে লিগ শিরোপার আরও কাছে রিয়াল ।