বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন এবং ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস।
সম্প্রতি ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতে আসার কিছুক্ষণ আগেও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ভারতে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে।
রিভা গাঙ্গুলির দাবি, শেখ হাসিনা পালিয়ে বা গোপনে ভারতে আসেননি। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাকে ভারতে পৌঁছে দিয়েছে।
ভারত ও আওয়ামী লীগের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে সাবেক এই কূটনীতিক বলেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে দুই দেশের সম্পর্ক ও অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। শেখ হাসিনার সংবাদ সম্মেলন আয়োজনের সঙ্গে ভারতীয় সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না বলেও দাবি করেন তিনি।
বাংলাদেশ সরকারের সাম্প্রতিক কূটনৈতিক চিঠির ভাষা নিয়েও আপত্তি জানান রিভা গাঙ্গুলি। তার মতে, চিঠিটির ভাষা কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অস্বস্তিকর রাজনৈতিক অবস্থানে ঠেলে দেওয়া হয়েছে।
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, প্রত্যর্পণ প্রক্রিয়া জটিল। তবে শেখ হাসিনা নিজ দেশে ফিরতে চাইলে তাকে আইনি প্রক্রিয়ায় আটকানোর সুযোগ ভারতের নেই। এ ক্ষেত্রে মূল উদ্বেগ হবে তার ব্যক্তিগত নিরাপত্তা ও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিভা গাঙ্গুলি বলেন, সব সমস্যার জন্য ভারতকে দায়ী না করে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা উচিত। দুই দেশের সম্পর্কের বর্তমান সংকট মূলত আস্থার সংকট হলেও জনগণের যোগাযোগ, বাণিজ্য ও জ্বালানি খাতে পারস্পরিক নির্ভরতার কারণে ভবিষ্যতে দুই দেশকে নিজেদের স্বার্থেই একসঙ্গে এগিয়ে যেতে হবে।

Leave a Reply