সরকারের ১৮০ দিনের কার্যক্রম ও বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি প্রধানমন্ত্রী নিজেই জনগণের সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা জানান, সরকারের ১৮০ দিনের কার্যক্রম মূল্যায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে একটি কমিটি কাজ করছে। তিনি নিজেও ওই কমিটির সদস্য। বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও অগ্রগতি বিস্তারিতভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী এসব কার্যক্রমের তথ্য জনগণের সামনে তুলে ধরবেন।
রেলপথ সম্প্রসারণ প্রসঙ্গে তিনি বলেন, ইশতেহারে ঘোষিত আন্তঃনগর ও কমিউটার ট্রেন সেবা বাড়ানোর ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রিক কমিউটার’ নামে নতুন এক জোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে।
শেখ হাসিনা দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, তিনি বিচারিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার ক্ষেত্রে সব ধরনের অধিকার ভোগ করবেন। আদালত যে সিদ্ধান্ত দেবে, তা সবাইকে মেনে নিতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে ভবিষ্যতে কোনো ‘ফ্যাসিস্ট মাফিয়া রেজিম’ হতে দেওয়া হবে না। গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরও নাগরিক ও সাংবিধানিক অধিকার রয়েছে এবং বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র।

Leave a Reply