বলিউডের জনপ্রিয় অভিনেতা বিবেক ওবেরয় ২০০২ সালে রাম গোপাল বর্মা পরিচালিত ‘কোম্পানি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আলোড়ন সৃষ্টি করেন। সিনেমাটিতে চন্দু নাগরে চরিত্রে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। তবে এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার পেছনে ছিল কঠোর পরিশ্রম ও অভিনব প্রস্তুতির গল্প।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক ওবেরয় জানান, নিজের প্রথম সিনেমার চরিত্রের জন্য তাঁকে মুম্বাইয়ের একটি বস্তিতে টানা তিন সপ্তাহ বসবাস করতে হয়েছিল।
বিবেকের বাবা প্রবীণ অভিনেতা সুরেশ ওবেরয় চেয়েছিলেন বড় বাজেটের সিনেমার মাধ্যমে ছেলেকে বলিউডে অভিষেক করাতে। কিন্তু সেই সহজ সুযোগ গ্রহণ না করে নিজের যোগ্যতায় চলচ্চিত্রজগতে প্রতিষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেন বিবেক।
এরপর প্রায় ১৮ মাস ধরে বিভিন্ন অডিশন দিয়ে একাধিকবার প্রত্যাখ্যাত হন তিনি। একপর্যায়ে রাম গোপাল বর্মার সঙ্গে দেখা করলে তাঁর মার্জিত চেহারা দেখে পরিচালক জানান, তাঁকে বস্তির গুন্ডা চরিত্রের সঙ্গে মানানসই মনে হচ্ছে না।
পরিচালক তাঁকে তিন সপ্তাহ পর আবার দেখা করতে বলেন। কিন্তু এই সময়টাকে শুধু অপেক্ষা না করে চরিত্রের প্রস্তুতিতে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন বিবেক। পরিচালকের কার্যালয় থেকে বের হয়ে তিনি সরাসরি মুম্বাইয়ের একটি বস্তিতে চলে যান এবং সেখানে মাসিক ভাড়ায় একটি ছোট ঘর নিয়ে বসবাস শুরু করেন।
তিন সপ্তাহ সেখানে থেকে তিনি স্থানীয় মানুষের জীবনযাপন, কথাবার্তা, হাঁটাচলা ও শারীরিক ভাষা পর্যবেক্ষণ করেন। চরিত্রটিকে আরও বাস্তবসম্মত করতে একজন উঠতি আলোকচিত্রীকে সঙ্গে নিয়ে বস্তির জীবনধারাও ক্যামেরায় ধারণ করেন।
তিন সপ্তাহ পর রাম গোপাল বর্মার সামনে যখন বিবেক হাজির হন, তখন তাঁর চেহারা ও চালচলনে ছিল সম্পূর্ণ ভিন্ন রূপ। ছেঁড়া গেঞ্জি, ঢিলেঢালা প্যান্ট ও পুরোনো চপ্পল পরে হাজির হওয়া বিবেককে দেখে পরিচালকও চমকে যান। তাঁর এই রূপান্তর ও একাগ্রতায় মুগ্ধ হয়ে তাঁকে ‘কোম্পানি’ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে চূড়ান্ত করা হয়।
পরবর্তী সময়ে ‘সাথিয়া’, ‘যুবা’, ‘ওমকারা’ ও **‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’**সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন বিবেক ওবেরয়।
অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও তিনি সক্রিয়। বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে ব্যবসায়িক অঙ্গনেও নিজের অবস্থান তৈরি করেছেন এই অভিনেতা।
এদিকে নতুন কাজ নিয়েও আলোচনায় রয়েছেন বিবেক ওবেরয়। নীতেশ তিওয়ারির আলোচিত ‘রামায়ণ পার্ট ১’ সিনেমায় পৌরাণিক চরিত্র বিভীষণের ভূমিকায় তাঁকে দেখা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply