আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জোটের প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর নেতা ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র দাখিল করে। প্রতিনিধি দলে মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মোস্তফিজুর রহমান ইরানসহ জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারিত ছিল।
মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।
একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা চূড়ান্ত করে তার মনোনয়নপত্রও দাখিল করা হয়েছে। ফলে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকলে সংসদ সদস্যদের ভোটে নির্বাচনের মাধ্যমে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারিত হবে।

Leave a Reply