Tag: নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

  • নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

    নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

    নারায়ণগঞ্জ প্রতিনিধি:

    ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের সব উপজেলায় একযোগে সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

    শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

    কর্মসূচির শুরুতে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করা হয়। পরে বিভিন্ন উপজেলায় সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

    র‍্যালি শেষে জেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল ও বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

    জেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া থেকে লিংক রোড পর্যন্ত পুরো সড়ক পরিচ্ছন্ন রাখার কার্যক্রম গ্রহণের কথা জানানো হয়েছে। একই সঙ্গে নগরবাসীকে বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রেন ও অন্যান্য স্থানে পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।

    সংশ্লিষ্টরা বলেন, শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সম্মিলিত সচেতনতার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

    কর্মসূচি থেকে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলার আহ্বান জানানো হয়।