Tag: বাঁধন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত পাঁচজনের পরিচয় শনাক্ত: বাংলাফ্যাক্ট

    ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত পাঁচজনের পরিচয় শনাক্ত: বাংলাফ্যাক্ট

    ইতালির মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জড়িতদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

    মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত অনুসন্ধানে বাংলাফ্যাক্ট জানায়, হামলার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। অনুসন্ধান টিমের দাবি, শনাক্ত হওয়া ব্যক্তিরা ইতালিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।

    বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও বিভিন্ন সূত্র বিশ্লেষণ করে এই পরিচয় শনাক্ত করা হয়। তবে শনাক্ত হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ইতালির আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক কোনো ব্যবস্থা নেওয়ার তথ্য এখনো প্রকাশিত হয়নি।

    এর আগে ৭ সেপ্টেম্বর ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে মেস্ত্রে এলাকায় হেনস্তার শিকার হওয়ার কথা জানান বাঁধন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তার দাবি, হামলাকারীরা নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়েছিল।

    ঘটনার পর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন বাঁধন। তিনি জানিয়েছেন, ইতালির বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তাদের সহযোগিতায় থানায় গিয়ে মামলা করার প্রস্তুতি চলছে। মামলা না করে দেশে ফিরবেন না বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

    এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিডিও বিশ্লেষণের মাধ্যমে কয়েকজনের নামও প্রকাশ করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য কিংবা ইতালীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। ফলে পরিচয় শনাক্তের তথ্যকে অনুসন্ধানী প্রতিবেদনের দাবি হিসেবেই দেখা হচ্ছে।

    বাংলাফ্যাক্ট হলো পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ ও অ্যানালাইসিস টিম। প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য ও দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন প্রকাশ করে।

  • বাঁধনকে নিয়ে পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পোস্ট যা লিখলেন

    বাঁধনকে নিয়ে পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পোস্ট যা লিখলেন

    ছাত্র আন্দোলনে তারকাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আওয়ামী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি। এই আন্দোলনে দেশের বাইরে থেকে বড় ভূমিকা রেখেছিলেন পিনাকী ভট্টাচার্য।

     

    এবার বাঁধনকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন পিনাকী ভট্টাচার্য। বুধবার (১৮ সেপ্টেম্বর) তিনি লিখেছেন, আজমেরী হক বাঁধনের ওপরে আওয়ামী মহল মহা বিলা। ওরে নিয়া যা খুশি তাই কইতেছে। কারণ বাঁধন পক্ষ ত্যাগ করছে। বাঁধন নৌকার লোক বলে বিজ্ঞাপন করছিল। আমি আমার ভিডিওতে সেইটা দেখায়ে ওরে গালমন্দও করছিলাম। বলছিলাম ইন্ডিয়াত গিয়া সিনেমা করো। বাংলাদেশে ঠাঁই হবে না।

    পিনাকী ভট্টাচার্য আরও লিখেছেন, জুলাই-আগস্ট বিপ্লবের ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণে বাঁধন রাস্তায় আইস্যা দাঁড়াইছিল। গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হইছিল। ওই মুহূর্তেই বাঁধন মহৎ হইয়া ওঠে। বাঁধনের জন্য এই কাজটা খুবই কঠিন ছিল। বিপ্লব সফল না হইলে বাঁধনকে পরিণতি ভোগ করতে হইতো। সে দ্বিধা করে নাই জনতার পক্ষে দাঁড়াইতে।

    তিনি লিখেছেন, আওয়ামী সমর্থক এমন অনেকেই লড়াইয়ে সহযোদ্ধা হইছিল জন্যই হাসিনাকে পলাইতে হইছে। এই জন্যই ডাবল বিলা বাঁধনের ওপরে। ব্যাপার না। ওরা যত বেশি বিলা হবে বাঁধন ফ্যাসিবাদের বিরোধীদের কাছে তত বেশি আপন হবে। ওরা যা খুশি বলুক। ভয় পাইয়ো না, মন খারাপ কইরো না। ইতিহাসের সঠিক দিকে থাকার হিম্মত আর সৌভাগ্য সবার হয় না।

    এদিকে পিনাকীর সেই ফেসবুক পোস্ট নিজের ওয়ালেও শেয়ার করেছেন বাঁধন।

  • ডাকাত নিধনে হাতে ‘বটি দা’ নিয়ে মধ্যরাতে নামলেন বাঁধন

    ডাকাত নিধনে হাতে ‘বটি দা’ নিয়ে মধ্যরাতে নামলেন বাঁধন

    ছাত্র আন্দোলনে শুরু থেকেই সরব অভিনেত্রী আজমেরি হক বাঁধন। গণমিছিল বা ছাত্রদের উৎসাহিত করতে নানা রকম কাজ করেছেন। তাকে পাশে পেয়ে ছাত্ররাও হয়েছে উজ্জীবিত। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর বিভিন্ন থানাগুলোতে শুরু হয়েছে হামলা।

    এতে ভেঙে পড়েছে আইন-শৃঙ্খলা ও পুলিশব্যবস্থা। কর্মবিরতি নিয়েছে পুলিশ বাহিনীও। এ পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। ডাকাত ঠেকাতে একত্র হয়েছে স্থানীয় জনতা।

    এই পরিস্থিতিতে দা-বঁটি হাতে রাস্তায় নামতে দেখা গেছে বাঁধনকেও। ডাকাত প্রতিরোধে সাধারণ মানুষের সঙ্গে রাতভর দা-বঁটি হাতে নিয়ে এলাকায় নির্ঘুম রাত কাটিয়েছেন বাঁধন। ফেসবুক স্টোরিতে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘মাঝরাত’। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিবেশী মোহনা সুলতানা জুঁই।

    জানা গেছে, গত দুই রাত ডাকাতের আতঙ্কে ছিল ঢাকার সাধারণ মানুষ। ফেসবুকে দেখা গেছে অনেকেই সাহায্য চেয়ে পোস্ট দিচ্ছেন। কেউ কেউ সেনাবাহিনীর নম্বরে ফোন করে সাহায্য চেয়েছেন।

    প্রসঙ্গত, বর্তমানে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন বাঁধন। প্রয়াত তারকা দম্পতি সোহেল চৌধুরী-পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরীর নির্মিতব্য ‘মেয়েদের গল্প’ সিনেমার নির্বাহী প্রযোজক তিনি।

    এ ছাড়া বড় পর্দায় মুক্তির অপেক্ষায় আছে বাঁধন অভিনীত সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’।