Tag: বিএনপি

  • সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

    সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

    সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    সোমবার (২৭ জুলাই) রংপুর বাস টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    মন্ত্রী জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে অভিহিত করেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না, সে বিষয়ে তাদের দলের নেতারাই মূল্যায়ন করবেন।

    এ সময় বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    পরে মির্জা ফখরুল রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে পল্লী মেলার উদ্বোধন করেন এবং স্টল পরিদর্শন শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিআরডিবির সুফলভোগীদের মধ্যে গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে প্রথমবারের মতো সমঝোতা স্মারক স্বাক্ষর

    বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে প্রথমবারের মতো সমঝোতা স্মারক স্বাক্ষর

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

    বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী Liu Haixing সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

    অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে পারস্পরিক যোগাযোগ, রাজনৈতিক সংলাপ, অভিজ্ঞতা বিনিময় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের সুযোগ সৃষ্টি হবে।

    উল্লেখ্য, বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে এটি প্রথম আনুষ্ঠানিক সমঝোতা স্মারক, যা দুই দলের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

  • ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

    ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

    রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

    পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদসহ মন্ত্রিপরিষদের সদস্যরা।

    এরপর দলের সিনিয়র নেতাদের নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান

    পরে তিন বাহিনীর প্রধান, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রধান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

    পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। নানা শ্রেণি-পেশার মানুষ খালি পায়ে, হাতে ফুল নিয়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের আবহে শহীদ মিনারে এসে ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান।

  • নওগাঁ-২ আসনে পরাজয়ের খবরে বিএনপি কর্মীর মৃত্যু

    নওগাঁ-২ আসনে পরাজয়ের খবরে বিএনপি কর্মীর মৃত্যু

    নওগাঁ-2 (পত্নীতলা-ধামইরহাট) আসনে ধানের শীষের প্রার্থীর পরাজয়ের খবর শুনে রিয়াজ উদ্দিন (৬৭) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বদনপুর গ্রামের বাসিন্দা।

    স্থানীয় সূত্র জানায়, ১২ ফেব্রুয়ারি আসনের নির্বাচনী ফল প্রকাশের পর অসুস্থ হয়ে পড়েন রিয়াজ উদ্দিন। দ্রুত তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।

    পত্নীতলা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হামিদ জানান, নির্বাচনী ফল জানার পর তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন বলে ধারণা করা হচ্ছে।

    উল্লেখ্য, নওগাঁ-২ আসনে ১২৪টি কেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. সামসুজ্জোহা খান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট।

    মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার নিজ গ্রামে তাকে দাফন করার কথা রয়েছে।

  • কুমিল্লায় তিন জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

    দীর্ঘ ২১ বছর পর সমৃদ্ধ জনপদ কুমিল্লা সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ কুমিল্লা জেলার তিনটি পৃথক স্থানে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

    আজকের সফরে তারেক রহমান কুমিল্লার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় আয়োজিত তিনটি জনসভায় বক্তব্য রাখবেন।

    দলীয় সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক জনসভা ও জনসংযোগ কার্যক্রম চালাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। এরই অংশ হিসেবে কুমিল্লায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

    এর আগে গত ২২ জানুয়ারি তিনি সিলেট বিভাগ সফর করেন এবং ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশ শেষে ঢাকায় ফেরেন। ২৩ জানুয়ারি নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনে জনসংযোগ ও সমাবেশ করেন তিনি। গতকাল রাতে তিনি চট্টগ্রামে পৌঁছান।

    আজ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও নারায়ণগঞ্জে সমাবেশ শেষে সন্ধ্যায় কুমিল্লায় জনসভাগুলোতে যোগ দেবেন বিএনপি প্রধান।

    কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম (ভিপি) বলেন, “দলীয় প্রধানের আগমনকে ঘিরে জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

    তিনি আরও বলেন, এই সমাবেশের মধ্য দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে নতুন রাজনৈতিক জাগরণ সৃষ্টি হবে বলে তারা আশাবাদী।

    সরেজমিনে দেখা গেছে, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। সকাল থেকেই কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজী ফুলতলী সমাবেশ মাঠে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

    কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা ও গাড়ি পার্কিংসহ সব আয়োজন চূড়ান্ত করা হয়েছে। একই ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে চৌদ্দগ্রাম ও দাউদকান্দিতেও।

    দলীয় কর্মসূচি অনুযায়ী,

    • সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে,

    • ৭টায় কুমিল্লা সুয়াগাজী ফুলতলী ডিগবাজী মাঠে এবং

    • ৭টা ৩০ মিনিটে দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

    সমাবেশ শেষে তিনি নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় ফিরবেন।

    উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সমাবেশে তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে কুমিল্লায় এসেছিলেন তারেক রহমান।

     

    দলীয় নেতারা মনে করছেন, এই সফর কুমিল্লাসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক প্রভাব ফেলবে এবং মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

    সুত্রঃবাসস

  • বিএনপি সিলেটে শুরু করল নির্বাচনী প্রচারণা, হাজার হাজার সমর্থকের উপস্থিতি

    বিএনপি সিলেটে শুরু করল নির্বাচনী প্রচারণা, হাজার হাজার সমর্থকের উপস্থিতি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত প্রথম নির্বাচনী সমাবেশে নেতাকর্মী ও সমর্থকদের সমাগম চোখে পড়ার মতো ছিল।

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    সকাল থেকেই সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার নেতা-কর্মী বাস, লেগুনা ও পিকআপে করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন। তাদের হাতে দলীয় প্রতীক ধানের শীষসংবলিত প্ল্যাকার্ড এবং বিএনপি, যুবদল ও ছাত্রদলের মনোগ্রামসংবলিত টি-শার্ট লক্ষ্য করা গেছে।

    মিছিলগুলো নগরের জিন্দাবাজার ও চৌহাট্টা পয়েন্টসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আলিয়া মাদরাসা মাঠের দিকে অগ্রসর হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্বাচনী সমাবেশে তিন লাখ বা তার বেশি মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। প্রায় দুই দশক পর সিলেটে দলের চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

    সুত্রঃ বাসস

  • ইউনূস-তারেক বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়ে দিয়েছে: রিজভী

    ইউনূস-তারেক বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়ে দিয়েছে: রিজভী

    লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনেক রাজনৈতিক দলের মনে জ্বালা ধরিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অনেকেই এটা মেনে নিতে পারছেন না।

    গত শনিবার (১৪ জুন) বিকেলে গাজীপুরের ভবানীপুর এলাকায় স্থানীয় মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

    এদিকে শেখ হাসিনার সমালোচনা করে রিজভী বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে কত অপপ্রচার পাঠানো হয়েছে কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। শেখ হাসিনার অন্যায়ের কাছে তিনি মাথানত করেননি। হাসিনা নির্বাচন কমিশন ধ্বংস করেছে, গণতান্ত্রিক অধিকার নষ্ট করেছে।

    জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কিছু রাজনৈতিক দল উষ্মা প্রকাশ করেছেন, তারা ৭১ সালের জনগণের বিরোধিতা করেছেন, ৯১ সালে হাসিনার সাথে নির্বাচন করেছেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগকে মাফ করে দিবো বলে এবং ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি করবে বলে মন্তব্য করেছেন। তাদের রাজনীতি ভুলে ভরা আর বিএনপির রাজনীতি ইতিবাচক রাজনীতি।

    এছাড়াও ভারতের পুশইন প্রসঙ্গে তিনি বলেন, পুশইনের মাধ্যমে ভারত পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছে। বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে তারা এটি করতে থাকলে এর দায় তাদের নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

  • ‘লন্ডন থেকে ধরে এনে সন্ত্রাসের হুকুমদাতাকে সাজা দেওয়া হবে’ : শেখ হাসিনা

    ‘লন্ডন থেকে ধরে এনে সন্ত্রাসের হুকুমদাতাকে সাজা দেওয়া হবে’ : শেখ হাসিনা

    লন্ডন থেকে ধরে এনে সন্ত্রাসের হুকুমদাতাকে ধরে এনে বিচার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

    শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘বিএনপি নেতাদের চক্রান্তের সমুচিত জবাব ৭ জানুয়ারি ভোটের মধ্য দিয়ে দেওয়া হবে।’

    তারেকের মতো একজন লম্পটের নির্দেশে বিএনপি নেতারা কেন আগুন দিচ্ছে?- এই প্রশ্ন তুলে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘মানুষ খুন করাই তাদের রাজনীতি। টাকা লুটপাট করে বিদেশে বসে মানুষ খুন করার নির্দেশ দিচ্ছে। বিএনপি দেশের উন্নয়ন করতে জানে না তারা শুধু মানুষ পোড়াতে জানে, তাদের কোনো মনুষ্যত্ব নেই।’

    এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাতে জাতীয় পতাকা নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। এ সময় কৃতজ্ঞতা স্বীকার করে তিনি জানান, ছোট বোন শেখ রেহানা না থাকলে আমি দেশের জন্য উন্নয়ন করতে পারতাম না।’

    জাতির পিতাকে খুনের বিচারে দৃঢ়প্রতিজ্ঞ শেখ হাসিনা
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘খুনিদের আনার জন্য আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। কিন্তু যুক্তরাষ্ট্র, কানাডা তাদের ফিরিয়ে দিচ্ছে না। তবু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাদের (দেশে) ফিরিয়ে এনে হত্যাকারীদের রায় কার্যকর করবো। যতো বাধাই আসুক।’

    শেখ হাসিনা বলেন, ‘জিয়াউর রহমান যেমন খুনি, তার স্ত্রী খালেদা জিয়া, ছেলে তারেক রহমানও খুনি। তারা আমার বাবাসহ পরিবারকে হত্যার পর আমাকে ও আমার বোনকে এতিম করেছে। ২০০৪ সালে আমাকে হত্যার পরিকল্পনা করেছিল লন্ডনে থাকা তারেক।’

     

  • টুঙ্গিপাড়া জনসভায় শেখ হাসিনা বলেন, মানুষ পুড়িয়ে মারাই বিএনপি-জামায়াতের আন্দোলন

    টুঙ্গিপাড়া জনসভায় শেখ হাসিনা বলেন, মানুষ পুড়িয়ে মারাই বিএনপি-জামায়াতের আন্দোলন

    প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘মানুষ পুড়িয়ে মারাই বিএনপি-জামায়াতের আন্দোলন।’

    শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে এক জনসভায় এ কথা বলেন তিনি।

    বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষ আর তাদেরকে বিশ্বাস করে না। ২০০৮-এই সেটা প্রমাণ হয়ে গেছে।’

    তিনি আরও বলেন, ‘বিএনপি হচ্ছে খুনিদের পার্টি। আর জামায়াত হচ্ছে যুদ্ধাপরাধীদের পার্টি।’

    আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘রেল পোড়ায়, বাস পোড়ায়, গাড়ি পোড়ায়, মানুষ হত্যা করে, আমাকে পর্যন্ত হত্যার চেষ্টা করেছে তারা। লন্ডনে বসে মানুষ হত্যার নির্দেশ আসছে। যারা অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, আগুন দিয়ে মানুষ হত্যা করে, ওই তারেকের কথা শুনে, যে টাকা আত্মসাৎ করেছে, জুয়া খেলেছে, ওই লম্পটের কথা শুনে বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করছে।’

    আমরা শান্তির পক্ষে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা বারবার বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা এটা করে সফল হতে পারছে না। নির্বাচন বানচাল করার অনেক ষড়যন্ত্র করেছে।’

    জনসভায় তিনি বলেন, ‘ছোটবোন রেহানা না থাকলে আমি দেশের জন্য কাজ করতে পারতাম না।’

    শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশকে এগিয়ে নিয়ে গেছি। ২০২১ সালে আমরা দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে এসেছি।’

    এ সময় পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বলেছিলাম, নিজেদের টাকায় পদ্মা সেতু করবো। আমরা সেটা করে দেখিয়ে দিয়েছি, জাতির পিতার বাংলাদেশও পারে।’