Tag: মডেল মাদ্রাসা হিসেবে গড়ে তোলা হবে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে

  • মডেল মাদ্রাসা হিসেবে গড়ে তোলা হবে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে

    মডেল মাদ্রাসা হিসেবে গড়ে তোলা হবে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে

    নারায়ণগঞ্জ প্রতিনিধি:

    মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ ও অবকাঠামোর উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার পাশাপাশি বাস্তবিক ও কারিগরি জ্ঞানে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম।

    সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, মাদ্রাসা ব্যবস্থাপনা পরিষদের সদস্য, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় মাদ্রাসা শিক্ষাকে আরও যুগোপযোগী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান এবং কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

    জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের বাস্তবজীবনের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ করে দিতে হবে। নৈতিক মূল্যবোধের সঙ্গে আধুনিক ও কারিগরি শিক্ষার সমন্বয় ঘটাতে পারলে শিক্ষার্থীরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সক্ষম হয়ে উঠবে।

    সভায় নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার মান আরও উন্নত করা, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে জেলার অন্যতম আদর্শ ও মডেল মাদ্রাসা হিসেবে গড়ে তুলতে করণীয় নিয়ে মতামত গ্রহণ করা হয়।

    সভায় সংশ্লিষ্টরা মাদ্রাসাটির বর্তমান অবস্থা, শিক্ষার পরিবেশ ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক শিক্ষার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

    সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিতভাবে শিক্ষার গুণগত মান, অবকাঠামো এবং কারিগরি ও ব্যবহারিক শিক্ষার সুযোগ বাড়ানো গেলে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা জেলার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে।