সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পশু খাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।
কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম জানান, অভিযানে পশু খাদ্য বিক্রয়ের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় মোগরাপাড়া চৌরাস্তা বাজারের আফনান ট্রেডার্সের মালিককে মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর ৪(২০) ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাম্মৎ নইফা বেগম, সহকারী কমিশনারের পেশকার মো. বায়েজিদ, সোনারগাঁও থানার এসআই হারুনসহ পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
