রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পেরিয়ে গেলেও কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় ২০ আগস্ট দুই প্রার্থীর মধ্যে ভোট হবে।
ইসি সচিব জানান, জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শুরুর আগে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন।
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইতোমধ্যে ব্যালট পেপার প্রস্তুত করা হয়েছে। সংসদ সদস্যরা পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপার গ্রহণ করবেন। ব্যালট পেপারের নির্ধারিত স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী মুদ্রিত থাকবে।
নির্ধারিত নিয়ম অনুসরণ করে ভোট দেওয়ার পর সংসদ সদস্যরা ব্যালট পেপার ব্যালট বাক্সে জমা দেবেন। বিকেল ৫টা পর্যন্ত ব্যালট গ্রহণ করা হবে। এরপর শুরু হবে ভোট গণনা।
ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। ভোট গণনার সময় কতজন সংসদ সদস্য ভোট দিয়েছেন, কতটি ভোট বৈধ হয়েছে, কতটি বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে—এসব হিসাব করা হবে।
প্রাপ্ত বৈধ ভোটের মধ্যে যে প্রার্থী সর্বাধিক ভোট পাবেন, প্রধান নির্বাচনী কর্মকর্তা সংসদ কক্ষেই তাকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করবেন। পরে নির্বাচনের ফলাফল সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।
আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের পুরো প্রক্রিয়া চারটি ধাপে সম্পন্ন হচ্ছে। এগুলো হলো—মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং ভোটগ্রহণ।
প্রার্থিতা প্রত্যাহারের মাধ্যমে তৃতীয় ধাপ শেষ হয়েছে। এখন চতুর্থ ও শেষ ধাপ হিসেবে আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি সচিব আরও বলেন, ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে গেজেট প্রকাশ করা হবে। এ ক্ষেত্রে ফলাফল প্রকাশের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সময়ই নেওয়া হবে।
দীর্ঘ সময় পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাওয়ায় এবারের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও আগ্রহ তৈরি হয়েছে। আগামী ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটের মধ্য দিয়ে নির্ধারিত হবে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন।