Category: Uncategorized

  • এবারের নারী দিবসে সম্মাননা পাচ্ছেন ৮ নারী

    এবারের নারী দিবসে সম্মাননা পাচ্ছেন ৮ নারী

    কাঁচখেলা রেপার্টরি থিয়েটার’ যাত্রা শুরুর মাত্র দুই বছর পর থেকেই থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত অভিনেত্রীদের সম্মাননা দিয়ে আসছে। নাট্যদলটির প্রতিষ্ঠাতা অভিনেতা সায়েম সামাদের উদ্যোগেই আন্তর্জাতিক নারী দিবসে এই সম্মাননা প্রদান করা হচ্ছে। সেই ধারাবাহিকতা এবারও রক্ষা করছে দলটি।

    এবার মঞ্চের দাপুটে অভিনেত্রী মোমেনা চৌধুরী, নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রোজী সেলিম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও নির্দেশক নাজনীন হাসান চুমকি এবং গুণী অভিনেত্রী তনিমা হামিদ, জুয়েনা শবনম, শামসি আরা সায়েকা, হাসিনা সাফিনা বানু উর্মি ও সৈয়দা নওশীন ইসলাম দিশা কাঁচখেলা নাট্য সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন।

    সায়েম সামাদ বলেন, ‘সকল ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য। বাংলাদেশের মঞ্চনাটকে নারীর মেধা ও শ্রমের মূল্যায়ন যথাযথভাবে হওয়া উচিত বলে আমি মনে করি। পুরুষ সহকর্মীর তুলনায় নারীকে থিয়েটারে সম্পৃক্ত হতে সাধনা চালিয়ে যেতে অনেক বেশি প্রতিবন্ধকতার সঙ্গে লড়তে হয়। নারীর মঞ্চ সাধনাকে মূল্যায়িত করতে প্রতিবছর এই আয়োজন করছি। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে আরো ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছে আছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই প্রত্যেক নারী শিল্পীকে—যারা এই সম্মাননা গ্রহণ করার জন্য সম্মতি দিয়েছেন। কারণ তাদের কারণেই আলোকিত হবে এই অনুষ্ঠান।’

    অভিনেত্রী রোজী সেলিম সম্মাননা নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘প্রতিবছর মঞ্চনাটকের বিভিন্ন ক্ষেত্রে নারীর মেধার মূল্যায়নে কাঁচখেলা রেপার্টরি থিয়েটার এই সম্মাননা প্রদান করছে। আমি মনে করি, নারীর মেধার মূল্যায়নের মাধ্যমে মঞ্চনাটক নারীর অংশগ্রহণে আরো সমৃদ্ধ হবে।’ নাজনীন হাসান চুমকি বলেন, ‘মঞ্চনাটকে নারীর অবদানকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে কাঁচখেলা রেপার্টরি থিয়েটার অনন্য সামাজিক ভূমিকা রেখেছে।’

    উল্লেখ্য, আগামী ৮ মার্চ সন্ধ্যা ৬টায় রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে উত্সবের উদ্বোধনী দিনে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী নারী শিল্পীদের হাতে সম্মাননা তুলে দেবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিম। অন্যদিকে অনুষ্ঠানে ৩ দিনব্যাপী নাট্যোত্সবের উদ্বোধন ঘোষণা করবেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। প্রতিদিন সন্ধ্যা ৭টায় মহিলা সমিতি মিলনায়তনে থাকছে মঞ্চনাটকের প্রদর্শনী। এতে ৮ মার্চ মঞ্চস্থ হবে থিয়েটার ফ্যাক্টরির নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’, ৯ মার্চ প্রাচ্যনাটের ‘আগুনযাত্রা’ এবং ১০ মার্চ অনুস্বরের ‘হার্মাসিস ক্লিওপেট্রা’।

     

  • সভাপতি পদ নিয়ে বিপাকে পড়েছেন নিপুণ

    সভাপতি পদ নিয়ে বিপাকে পড়েছেন নিপুণ

    নানা বিতর্ক ও সমালোচনার মধ্য দিয়েই দুই বছর কাটিয়ে দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান নির্বাহী পরিষদ। সর্বশেষ নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে বেশ লড়াই হয়েছে।

    নির্বাচনে সাধারন সম্পাদক পদে ভোটে চিত্রনায়ক জায়েদ খান জয়ী হলেও আপিল কমিটির কাছে কারচুপির অভিযোগ করেন একই পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুন। আপিল বিভাগ তার অভিযোগের ভিত্তিতে জায়েদকে বাদ দিয়ে নিপুনকে জয়ী ঘোষণা করে।

    পরে জায়েদ আদালতের দ্বারস্থ হয়। আদালত জায়েদের পক্ষে রায় দিলে সেটা নিপুনের আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত স্থগিত করে। ফলে সাধারণ সম্পাদকের চেয়ারে বসে নিপুন। বিষয়টি এখনও আদালতে বিচারাধীন।

    এর মধ্যে কেটে গেছে দুই বছর। বর্তমান কমিটির মেয়াদও প্রায় শেষের পথে। কিছুদিন আগে ঘোষিত হয়েছে আগামী নির্বাচনের তারিখ। ১৯ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হবে ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন। এবার জায়েদ খান প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আগেই ঘোষণা দিয়েছেন। সরে গেছেন বর্তমান কমিটির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনও।

    এদিকে মিশা সওদাগর ও ডিপজল প্যানেল করার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে নিপুন পড়েছেন বিপাকে। তিনি এবারও সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। তবে প্যানেল দেওয়ার জন্য সভাপতি পদে কাউকে খুঁজে পাচ্ছেন না। মূলত ইলিয়াস কাঞ্চন সরে যাওয়ায় নিপুন বিপাকে পড়েছেন। এরইমধ্যে সভাপতি পদের জন্য চিত্রনায়ক শাকিব খানকে প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু শাকিব রাজি হননি।

    বিশ্বস্ত সূত্র জানিয়েছে, শাকিবকে শুরুতে প্রস্তাব দিয়েছিলেন প্রযোজক ও আগামী নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। শাকিব তখন ‘রাজকুমার’ নামে একটি সিনেমার শুটিংয়ে আমেরিকা অবস্থান করছিলেন। খসরুর ফোনে এ প্রস্তাব পেয়ে তিনি বেশ বিরক্ত হন।

    তাকে ‘না’ করে দেন। এর পরও শাকিবেরই ঘনিষ্ঠ অন্য এক প্রযোজককে দিয়েও নিপুন চেষ্টা করেছিলেন। কিন্ত তাতে ফল মেলেনি।

    সূত্র আরও জানিয়েছে, শাকিবের কাছ থেকে সাড়া না পেয়ে নিপুন দ্বারস্থ হন নায়ক প্রযোজক অনন্ত জলিলের। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দেন তাকে। শুধু নিজেই নন, সরকারের উচ্চ পর্যায়ের এক প্রভাবশালী ব্যক্তিকে দিয়েও অনুরোধ করেছিলেন। কিন্তু অনন্ত ব্যবসায়িক ব্যস্ততার জন্য সেই প্রস্তাব সসম্মানে ফিরিয়ে দেন।

    যদিও এ বিষয়ে তিনি এখনও কোনো মন্তব্য গণমাধ্যমে করেননি। বিষয়টি নিয়ে কথা বলতেও ইচ্ছুক নন অনন্ত। শাকিব ও অনন্তের কাছ থেকে সাড়া না পেয়ে সভাপতি পদে কাকে নিয়ে প্যানেল গড়বেন নিপুন সেটা এখনও নির্ধারন করতে পারেননি। এদিকে মিশা ও ডিপজল তাদের প্যানেল প্রায় গুছিয়ে এনেছেন বলে জানা গেছে। শিগগিরই তারা এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশ করবেন বলে সূত্র জানিয়েছে।

    এদিকে অনন্ত বর্তমানে ‘অপারেশন জ্যাকপট’ নামে একটি সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। টানা শুটিংয়ের পর বর্তমানে দিনকয়েক বিশ্রামে আছেন। আগামী ১২ মার্চ থেকে সিনেমাটির শুটিং আবার শুরু হবে বলে জানা গেছে। এছাড়া শিগগিরই তিনি ‘কিল হিম-২’ নামে একটি সিনেমার শুটিংও শুরু করবেন। মো. ইকবাল পরিচালনায় নির্মিতব্য এ সিনেমাটি আগামী কুরবানি ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে। এছাড়া ‘নেত্রী : দ্য লিডার’ নামে তার প্রযোজনা সংস্থা থেকে নির্মাণচলতি আরও একটি সিনেমার অসমাপ্ত কাজও তিনি শিগগির সমাপ্ত করবেন।

    অন্যদিকে শাকিব খান বর্তমানে আরশাদ আদনান প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

    এটি রোজার ঈদে মুক্তি পাবে। তার অভিনীত অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

     

  • নকলের দায়ে এসএসসি’র ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার ও ৬ শিক্ষককে অব্যাহতি

    নকলের দায়ে এসএসসি’র ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার ও ৬ শিক্ষককে অব্যাহতি

    মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরিক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে দুজন ছাত্রী এবং একজন ছাত্র। ওই পরিক্ষা কেন্দ্রের ৬ জন কক্ষ পরিদর্শককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    আজ রবিবার বেলা ১২ টায় উপজেলার রাণীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পৃথক তিনটি কক্ষের তিনজন পরীক্ষার্থীর কাছে প্রশ্নপত্রের সাথে হুবহু মিল থাকা উত্তরপত্রের ফটোকপি জব্দ করেন পরিক্ষা কেন্দ্রর ট্যাগ অফিসার উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর শহিদুল ইসলাম।

    পরিক্ষায় অসদুপায় অবলম্বন করা ওই ৩ শিক্ষার্থীর মধ্যে ২ জন কুলানন্দপুর উচ্চ বিদ্যালয় এবং ১ জন রাণীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এই বছর এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করেছিলেন। তাদের রোল নাম্বার ২৬২৬৬৪, ২৬২৭০৫, ২৬২৮০৬।
    ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন,অসদুপায় অবলম্বন করা তিন পরিক্ষার্থী কিন্ডার গার্ডেন (কেজি) স্কুলের শিক্ষকের কাছে থেকে উত্তরপত্রের ফটোকপি পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। ওই শিক্ষকদের বিষয়ে আমরা অনুসন্ধান করছি। তাদেরকে নজরদারীতে রাখা হয়েছে।

    ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম জানান, ওই ৩ জন পরীক্ষার্থীকে জিজ্ঞাসা করলে শিক্ষার্থীরা জানান তাদের গৃহশিক্ষকের কাছে থেকে তারা এই উত্তরপত্রগুলো পেয়েছেন।

    এ ঘটনায় ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং কেন্দ্রটির পৃথক তিনটি কক্ষের দায়িত্বে থাকা ৬ জন কক্ষ পরিদর্শকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃত ওই ৩ পরীক্ষার্থীকে আগামী বছর নতুন করে পরিক্ষায় অংশ গ্রহণ করতে হবে এবং অব্যাহতি পাওয়া ৬ কক্ষ পরিদর্শক এই বছরে পরিক্ষা কেন্দ্রে তাদের দায়িত্বপালন করতে পারবে না।

  • ভুল ধারণা ডায়াবেটিস নিয়ে

    ভুল ধারণা ডায়াবেটিস নিয়ে

    ডায়াবেটিস রোগীরা বিভিন্ন সমস্যায় পড়েন। বিশেষ করে শরীরচর্চার সুযোগ কম পেলেই দুশ্চিন্তায় পড়ে যান। এমনকি খাদ্যাভ্যাস নষ্ট করে ফেলেন। এ ক্ষেত্রে অবশ্যই যে কোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিতে পারেন রোগীরা।
    ডায়াবেটিস সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা রয়েছে। আসুন জেনে নিই সেসব সম্পর্কে—

    ১. অনেকের ধারণা রয়েছে, ডায়াবেটিস শুধু বৃদ্ধ বয়সে হয়। কিন্তু ডায়াবেটিস যে কোনো বয়সের মানুষের হতে পারে।

    ২. দীর্ঘদিন ডায়াবেটিসের ওষুধ খেলে বৃক্ক নষ্ট হয় বলে অনেকে মনে করেন। রক্ত পরীক্ষার ফল স্বাভাবিক এলে অসংখ্য ডায়াবেটিস রোগী এই রোগের জন্য দেওয়া ওষুধ খাওয়া বন্ধ করে দেন। এমনটি মোটেও ঠিক নয়।

    ৩. আমরা মনে করি যারা মিষ্টি বেশি খায়, তাদেরই শুধু ডায়াবেটিস হয়। বর্তমান যুগের দৈনন্দিন জীবনযাত্রা বিবেচনা করলে আমাদের প্রত্যেকেরই কমবেশি ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে। আর ডায়াবেটিসের জন্য যে শুধু চিনিই দায়ী তা কখনই নয়।

    ৪. ডায়াবেটিস হলেই মানতে হবে বিশেষ খাদ্যাভ্যাস এটা ঠিক নয়। বেশিরভাগ ডায়াবেটিস রোগীর কোনো বিশেষ খাদ্যাভ্যাসের প্রয়োজন নেই।

    ৫. একজন সুস্থ মানুষের সুস্থতা ধরে রাখার জন্য যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কিংবা জীবনযাত্রা মেনে চলা উচিত, সাধারণ ডায়াবেটিস রোগীর জন্যও সেটাই যথেষ্ট।

    ৬. কিছু ডায়াবেটিস রোগীর এই ইঞ্জেকশন নিতে হয় প্রতিদিন। এটি অবশ্যই চিকিৎসক পরামর্শ নিয়ে দিতে হবে।

    কী করবেন

    ডায়াবেটিস রোগীরা যে কোনো সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চলবেন।

    লেখক: ডা. ফাহিম আহমেদ রুপম, মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ কনসালট্যান্ট (সিটিস্কেন সেন্টার, শান্তিনগর, ঢাকা)।

  • রাসেল ঝড়ে উড়ে গেল সাকিবের রংপুর

    রাসেল ঝড়ে উড়ে গেল সাকিবের রংপুর

    ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের ১২ বলে অপরাজিত ৪৩ রানের ঝড়ো ইনিংসের সুবাদে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ৪০তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে। এই জয়ে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে রংপুরের সাথে প্রথম কোয়ালিফাইয়ার খেলা নিশ্চিত করলো কুমিল্লা। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে হেরেও, ১২ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো রংপুর।
    চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৪৭ রানে ৪ উইকেট হারায় রংপুর। ১টি করে চার-ছক্কায় ৮ বলে ১৪ রান করা রনিকে ও ১টি ছক্কায় ৮ রান করা মাহেদি হাসানকে ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড, ক্যারিবীয় ব্যাটার ব্রান্ডন কিংকে ৪ রানে স্পিনার তানভীর ইসলাম এবং অধিনায়ক নুরুল হাসান সোহানকে ২ রানে আউট করেন আন্দ্রে রাসেল।
    পঞ্চম উইকেটে নিউজিল্যান্ডের জেমস নিশামের সাথে ২৯ রান যোগ করে সাজঘরে ফিরেন সাকিব আল হাসান। ৩টি চারে ২৪ রান করে পেসার মুশফিক হাসানের শিকার হন সাকিব।
    এরপর ইংল্যান্ডের টম মুরস ৮ ও শামিম হোসেন ২ রানে আউট হন। এতে ৯৩ রানে সপ্তম উইকেট হারায় রংপুর। ১৭তম ওভারে দলীয় ১০২ রানে নবম উইকেট হারিয়ে দ্রুত ইনিংস শেষ করার মুখে পড়ে রংপুর।
    কিন্তু শেষ উইকেটে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরকে নিয়ে কুমিল্লার বোলারদের সামনে লড়াই করেছেন নিশাম। ৩২ বলে এবারের আসরে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি।
    ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে ব্যক্তিগত ৫ রানে তাহির আউট হলেও, নিশামের লড়াকু ব্যাটিংয়ে ১৫০ রানের পুঁজি পেয়ে যায় রংপুর। ৯টি চার ও ২টি ছক্কায় ৪২ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন নিশাম। তাহিরকে নিয়ে ২১ বলে ৪৩ রানের জুটি গড়েন নিশাম।
    কুমিল্লার রাসেল ২০ রানে ও মুশফিক ১৮ রানে ৩টি করে উইকেট নেন।
    জবাবে খেলতে নেমে কুমিল্লাকে ২৫ বলে ৩৬ রানের সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। ইনিংসের পঞ্চম ওভারে ডিপ মিড উইকেটে শামিমের অসাধারন ক্যাচে ১৫ রান করা নারাইনকে শিকার করে কুমিল্লার উদ্বোধনী জুটি ভাঙ্গেন সাকিব। একই ওভারের তৃতীয় বলে তাওহিদ হৃদয়কে খালি হাতে বিদায় করেন সাকিব।
    ৩৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে কুমিল্লা। তৃতীয় উইকেটে ৫৫ বলে ৬৫ রান যোগ করে কুমিল্লাকে লড়াইয়ে রাখেন অধিনায়ক লিটন ও মাহিদুল ইসলাম অঙ্কন। ১৪তম ওভারে শেষবারের মত আক্রমনে এসে রংপুরকে ব্রেক-থ্রু এনে দেন সাকিব। ৪টি চার ও ১টি ছক্কায় ৪২ বলে ৪৩ রান করেন লিটন।
    পরের ওভারে পেসার আবু হায়দারের শিকার হন ৪টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে ৩৯ রান করা অঙ্কন।
    ২ রানের ব্যবধানে দুই সেট ব্যাটারকে হারিয়ে চিন্তায় পড়ে কুমিল্লা। ঐ সময় ৩৩ বলে ৪৮ রানের প্রয়োজনে ব্যাট হাতে উইকেটে আসেন রাসেল।
    পেসার হাসান মাহমুদের করা করা ১৭তম ওভারে ২টি ছক্কা ও ৩টি চারে ২৫ রান তুলে ম্যাচ হাতে মুঠোয় নেন রাসেল। পরের ওভারের তৃতীয় বলে মাহেদিকে ছক্কা মেরে কুমিল্লার জয় নিশ্চিত করেন রাসেল। ৪টি করে চার-ছক্কায় ১২ বলে সাড়ে তিনশর বেশি স্ট্রাইক রেটে অনবদ্য ৪৩ রান করেন রাসেল। ৬ রানে অপরাজিত থাকেন ইংল্যান্ডের মঈন। রংপুরের সাকিব ২০ রানে ৩ উইকেট নেন।
    সংক্ষিপ্ত স্কোর :
    রংপুর রাইডার্স : ১৫০/১০, ১৯.৫ ওভার (নিশাম ৬৯*, সাকিব ২৪, মুশফিক ৩/১৮)।
    কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৫১/৪, ১৭.৩ ওভার (রাসেল ৪৩*, লিটন ৪৩, সাকিব ৩/২০)।
    ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬ উইকেটে জয়ী।

    সূত্র: বাসস

  • আদ্-দ্বীন মেডিকেল কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    আদ্-দ্বীন মেডিকেল কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে রাজধানীর আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ৯ টায় কলেজ প্রাঙ্গণে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি নিবেদন করেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ ও ফাতেমা নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

    পরে কলেজের ব্যারিস্টার রফিক উল হক মিলনায়তনে ভাষা শহীদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আফিকুর রহমান, আদ্-দ্বীন হাসপাতাল ও নার্সিং সমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল ইসলাম প্রমূখ।

    এসময় আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ ও ফাতেমা নার্সিং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় বক্তরা বলেন, একুশের পথ ধরেই এ দেশে মহান স্বাধীনতা এসেছে। একটি জাতিকে ধ্বংস করার জন্য তার ভাষার ওপর, সংস্কৃতির ওপর আঘাত করা হয়। সেই ষড়যন্ত্র পাকিস্তানি শাসকেরা আমাদের ওপর করেছিল। ভাষা আন্দোলন ছিল আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নিজস্ব জাতিসত্তা, স্বকীয়তা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষারও আন্দোলন। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের।

    পরে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ ও ফাতেমা নার্সিং কলেজের ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

     

  • পারিবারিক সম্পর্কে ইতি টানলেন ‘টেনিস সুন্দরী’!

    পারিবারিক সম্পর্কে ইতি টানলেন ‘টেনিস সুন্দরী’!

    টেনিস কোর্টে বিশ্বের তারকা খেলোয়াড়কে বলে কয়ে অসংখ্য ম্যাচে হারিয়েছেন সানিয়া মির্জা। অথচ জীবনের কঠিন ম্যাচে হেরে গেলেন ভারতীয় এই টেনিস কিংবদন্তি।

    পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার দীর্ঘ ১৩ বছরের সংসার ভেঙেচুরমার হয়ে গেল। শোয়েব মালিক স্ত্রী সানিয়া মির্জাকে ছেড়ে পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন।

    সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব মালিক ইনস্টাগ্রামে নিজেই বিয়ের কথা জানান।

    বুধবার সানিয়া মির্জা সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে লেখেন, ‘বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। স্থূলতা ভাল নয়। ফিট থাকাও কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। ঋণের মধ্যে থাকা কঠিন। অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। জীবন কখনও সহজ নয়। এটা সব সময় কঠিন। কিন্তু আপনি আপনার কঠিনটা বেছে নিতে পারেন। বেছে নিন।’

    ২০১০ সালে মুসলিম রীতিঅনুসারে পাকিস্তানের শিয়ালকোটে বিয়ে হয় সানিয়া মির্জা ও শোয়েব মালিকের। ২০১৮ সালে জন্ম হয় সানিয়া-শোয়েবের একমাত্র পুত্রসন্তান ইজহানের। সন্তানের বয়স পাঁচ বছর পৌঁছাতেই বিচ্ছেদ হয়ে গেলে সানিয়া-শোয়েবের।

  • বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক হলেন মাশরাফি

    বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক হলেন মাশরাফি

    ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৪ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসরেও সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মর্তুজা। এরফলে টুর্নামেন্টে তার অংশগ্রহণ নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটলো।
    গত মৌসুমে সিলেটকে নেতৃত্ব দিয়েছিলেন মাশরাফি। আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৭ উইকেটে হেরে রানার্স আপ হয়েছিলো সিলেট। কিন্তু এবার ফিটনেস ইস্যু এবং দেশের আইন প্রণয়নকারী হিসেবে ব্যস্ততার কারণে মাশরাফির অংশগ্রহণ নিয়ে অনিশ্চিয়তার সৃষ্টি করে।
    পাশাপাশি সিলেট স্ট্রাইকার্স দলে নাজমুল হোসেন শান্ত থাকাতেও সিলেটের অধিনায়কত্ব নিয়ে আলোচনা ছিলো। কারন সাকিব আল হাসানের অনুপস্থিতিতে সম্প্রতি জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। এ কারনে সিলেটের অধিনায়ক হবার দৌড়ে ছিলেন শান্তও।
    কিন্তু অধিনায়ক হিসেবে বিপিএলে দুর্দান্ত সাফল্যের কারনে শেষ পর্যন্ত মাশরাফির কাঁেধ দায়িত্ব তুলে দিয়েছে সিলেট। বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনয়ক মাশরাফি। তিনটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে চারবার শিরোপা জিতেছেন তিনি।
    অধিনায়ক হিসেবে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দু’বার (২০১২, ২০১৩ সালে), কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০১৫ সালে) এবং রংপুর রাইডার্সের হয়ে (২০১৭ সালে) একবার করে শিরোপা জিতেছেন মাশরাফি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে তিনবার শিরোপার স্বাদ নিয়েছেন ইমরুল কায়েস।
    গত মৌসুমে মাঝারি মানের দল নিয়ে সিলেট স্ট্রাইকার্সকে ফাইনালে তুলেছিলেন মাশরাফি। শিরোপার খুব কাছে গিয়েও শক্তিশালী কুমিল্লার কাছে হারতে হয় সিলেটকে।
    সম্প্রতি জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিতে আগ্রহী ছিলেন না তিনি। এজন্য এবারের মৌসুমে রংপুরকে নেতৃত্ব দিবেন গত আসরে প্লে-অফে দলের দায়িত্ব পালন করা নুরুল হাসান সোহান। ফরচুন বরিশাল থেকে এবার রংপুরে যোগ দেন সাকিব।
    গতকাল রংপুর ও দুর্দান্ত ঢাকার মধ্যকার অনুশীলন ম্যাচ শেষে রংপুরের প্রধান নির্বাহি ইশতিয়াক সাদেক বলেন, ‘আমরা এই মৌসুমে দলের অধিনায়ক হিসেবে সাকিবকে ভেবেছিলাম। কিন্তু সাকিব নিজে আমাদের জানিয়েছেন, দলকে নেতৃত্ব দিতে চান না তিনি। এজন্য আমরা সোহানকে দলের অধিনায়ক ঘোষণা করেছি।’
    বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার সবচেয়ে সফল অধিনায়ক ইমরুল কায়েসের পরিবর্তে এবার নেতৃত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। যদিও অধিনায়ক হিসেবে দারুন রেকর্ড আছে ইমরুলের। কিন্তু গত মৌসুমে তার ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তিত ছিলো ফ্র্যাঞ্চাইজি।
    স্বল্প বাজেটের দল খুলনা টাইগার্সের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন এনামুল হক বিজয়। বিপিএল শিরোপা জয়ের লক্ষ্যে তামিম ইকবালকে অধিনায়ক করেছে ফরচুন বরিশাল।
    দুর্দান্ত ঢাকাকে নেতৃৃত্ব দিবেন মোসাদ্দেক হোসেন এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক হয়েছেন শুভাগত হোম।

    সূত্র : বাসস

  • জ্বালানি তেলের দাম বাড়লো বিশ্ববাজারে

    জ্বালানি তেলের দাম বাড়লো বিশ্ববাজারে

    গাজা যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা শুরু হয়েছে। বিশেষ করে ইরাকে ইসরাইলের গোয়েন্দা সংস্থার কার্যালয়ে ইরানের হামলার পর সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। থেমে নেই লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজে হামলাও।

    এমন পরিস্থিতিতে মঙ্গলবার জ্বালানি তেলের দাম বেড়েছে। বেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৭ সেন্ট বা শূন্য দশমিক ৯৯ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৯২ ডলারে দাঁড়িয়েছে। তাছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৩ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ১৪ ডলার হয়েছে। এর আগে ইরাকে ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের ‘সদর দপ্তরে’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এতে অন্তত চার জন নিহত হয়েছেন। একই সময় সিরিয়ায় বেশ কয়েকটি ‘সন্ত্রাসী’ লক্ষ্যবস্তুতেও আঘাত হেনেছে ইরান।

    আইআরজিসি-এর বিবৃতি উল্লেখ করে ইরানি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে হামলা চালিয়ে ‘একটি গুপ্তচর সদর দপ্তর’ এবং ‘ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি’ ধ্বংস করা হয়েছে। তাছাড়া ইয়েমেনের দক্ষিণ উপকূলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি কার্গো জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। তবে গিলব্রালটার ঈগল নামের ঐ জাহাজটিতে হামলার ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

  • শনিবার সকাল থেকে তাইওয়ানে নির্বাচনের ভোটগ্রহণ শুরু, নজর যুক্তরাষ্ট্র ও চীনের

    শনিবার সকাল থেকে তাইওয়ানে নির্বাচনের ভোটগ্রহণ শুরু, নজর যুক্তরাষ্ট্র ও চীনের

    চীনের স্বায়ত্তশাসিত দ্বীপ ভূখণ্ড তাইওয়ানে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচন ঘিরে নজর রেখেছে যুক্তরাষ্ট্র ও চীন।

    শনিবার সকাল থেকে রাজধানী তাইপেসহ দ্বীপটির বিভিন্ন এলাকায় শত শত ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দিচ্ছেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। খবর রয়টার্সের।

    নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে তাইওয়ানের দুই বড় রাজনৈতিক দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিকেকে) এবং কুওমিনটাংয়ের মধ্যে। তবে সেখানকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতাসীন ডিকেকের জয়ের সম্ভাবনা বেশি। যদি ডিকেকে কাঙ্ক্ষিত জয় পায়, সে ক্ষেত্রে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে পারবে দলটি।

    শনিবার বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে তাইওয়ানে। ভোটারকে ব্যালট পেপার ব্যবহারের মাধ্যমে সব ভোটারকে ভোট দিতে হবে। কোনো ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন রাখেনি তাইওয়ানের নির্বাচন কমিশন। আজই শেষ হবে ভোটগ্রহণ এবং নির্বাচন কমিশন আশা করছে, দ্বীপ ভূখণ্ডটির ১ কোটি ৯৫ লাখ ভোটারের অধিকাংশই ভোট দেবেন।

    কয়েক দশক ধরে চলা সামরিক আইন ও কর্তৃত্ববাদী শাসনের অধ্যায় শেষ করে ১৯৯৬ সালে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় প্রবেশ করে তাইওয়ান।

    ৩৬ হাজার ১৯৭ বর্গকিলোমিটার এই দ্বীপ ভূখণ্ডটির সঙ্গে চীনের সম্পর্ক বেশ জটিল। একসময় চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত তাইওয়ানকে গত ৭ দশকেরও বেশি সময় ধরে নিজেদের বলে দাবি করে আসছে চীন। এই ইস্যুতে চীন বরাবর ‘ওয়ান চায়না’ নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাসী। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি বলেছেন, চীনের মূল ভূখণ্ডে তাইওয়ানের অন্তর্ভুক্তি কেউ ঠেকাতে পারবে না।

    অন্যদিকে তাইওয়ান সবসময়ই নিজেদের স্বাধীন ও সার্বভৌম বলে দাবি করে আসছে। তবে এই দাবিকে এখনো স্বীকৃতি দেয়নি বিশ্বের অধিকাংশ দেশ।