Category: এক্সক্লুসিভ

  • অবশেষে এক যুগ পর ডেসটিনির রফিকুল আমীন কারামুক্ত

    অবশেষে এক যুগ পর ডেসটিনির রফিকুল আমীন কারামুক্ত

    বহু স্তর বিপণন তথা মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান ডেসটিনির ট্রি প্লান্টেশন লিমিটেডের অর্থ আত্মসাৎ মামলায় গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন, কোম্পানির প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদসহ ১৯ জনের ১২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ৪ হাজার ৫১৫ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম গতকাল বুধবার এ রায় দেন।

    এদিকে রায়ের পর সাজার মেয়াদ শেষ হওয়ায় কারাগারে থেকে মুক্তি পেয়েছেন ডেসটিনির এমডি রফিকুল আমীন। গতকাল সন্ধ্যায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়। রফিকুলের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তাঁকে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ছাড়া হয়। তাঁর আইনজীবী এহসানুল মাহবুব সমাজী সাংবাদিকদের জানান, রায়ের পর ১২ বছর পূর্ণ হওয়ায় রফিকুল আমীন মুক্তিলাভ করেন। তবে তাঁর স্ত্রী ফারাহ দিবার সাজার ১২ বছর পূর্ণ না হওয়ায় তিনি কারাগারে আছেন।

    কারাদণ্ড পাওয়া অন্য ১৭ জন হলেন– ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, মোহাম্মদ গোফরানুল হক, মোহাম্মদ সাঈদ-উর-রহমান, মেজবাহ উদ্দিন, সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ, ফারাহ দিবা, জামসেদ আরা চৌধুরী, শেখ তৈয়েবুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, জসীম উদ্দিন, জাকির হোসেন, এসএম আহসানুল কবির, জুবায়ের সোহেল, মোসাদ্দেক আলী, আবদুল মান্নান ও আবুল কালাম আজাদ।

    মামলার বিবরণে জানা যায়, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও ডেসটিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের নামে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাৎ-পাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই রফিকুলসহ ডেসটিনির কর্মকর্তাদের বিরুদ্ধে আলাদা দুটি মামলা হয়। রাজধানীর কলাবাগান থানায় এ মামলা করে দুদক। দুই মামলায় মোট ৪ হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়। দুই বছর তদন্তের পর ২০১৪ সালের ৪ মে উভয় মামলায় আদালতে অভিযোগপত্র দেয় দুদক। মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মামলায় ৪৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ট্রি প্লান্টেশনের মামলায় অভিযোগপত্র দেওয়া হয় ১৯ জনের বিরুদ্ধে। দুই মামলায় মোট আসামি ৫৩ জন। রফিকুলসহ ১২ জনের নাম দুই মামলাতেই আছে। আসামিদের মধ্যে আগে থেকেই কারাগারে আছেন মোহাম্মদ হোসেন ও রফিকুল।

    এর আগে ২০২২ সালের ১৫ মে অর্থ আত্মসাৎ ও পাচারের এক মামলায় রফিকুল আমীন, এম হারুন-অর-রশীদসহ ৪৬ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত।

    আদালতে ট্রি প্লান্টেশন লিমিটেডের অর্থ আত্মসাৎ মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। রায়ের পর তিনি সাংবাদিকদের জানান, দণ্ডপ্রাপ্ত ১৯ জনের মধ্যে রফিকুল আমীন, মোহাম্মদ হোসেন ও হারুন-অর-রশীদকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যরা পলাতক। রায়ের পর আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

     

  • খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে

    খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেছেন, লন্ডন ক্লিনিকে চিকিৎসধীন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চলছে ভিডিও থেরাপি।

    স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) হাসপাতালের সামনে গণমাধ্যমকর্মীদের এসব কথা জানান ডা. জাহিদ হোসেন।

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট আগামী শুক্রবারের (১৭ জানুয়ারির) মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।

    তিনি বলেন, যুক্তরাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট সোমবার (১৩ জানুয়ারি) আসার কথা থাকলেও তা পিছিয়ে গেছে।

    বেগম জিয়ার খবর নিতে যুক্তরাজ‍্য বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।

    তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। যুক্তরাজের দ‍্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী।

     

  • মোবাইল ইন্টারনেটের প্যাকেজের সীমা আর থাকছে না

    মোবাইল ইন্টারনেটের প্যাকেজের সীমা আর থাকছে না

    মোবাইল ইন্টারনেটের প্যাকেজের সীমা তুলে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে গ্রাহকের চাহিদা বিবেচনা করে বিভিন্ন মেয়াদের প্যাকেজ অফার করতে পারবে অপারেটর কোম্পানিগুলো। গ্রাহকরাও সর্বনিম্ন মেয়াদে অর্থাৎ, ঘণ্টার হিসাবেও প্যাকেজ কিনে ব্যবহার করতে পারবেন।

    রোববার বিটিআরসির জারি করা ‘মোবাইল অপারেটরসমূহের ডাটা ও ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ’ সম্পর্কিত নির্দেশিকায় এসব বিষয় উল্লেখ করা হয়।

    ২০২৩ সালের অক্টোবরে তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশনায় এ নিয়ে নির্দেশিকা করেছিল বিটিআরসি। তাতে প্যাকেজের সংখ্যা সর্বোচ্চ ছিল ৪০টি। এছাড়া মেয়াদ ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড (নির্দিষ্ট মেয়াদহীন) করা হয়। বিষয়টি নিয়ে অপারেটররা অসন্তুষ্টি জানিয়ে আসছিল।

    মূল প্যাকেজ হবে তিনটি
    নতুন নির্দেশিকায় অপারেটররা তিন ধরনের প্যাকেজ দিতে পারবে। প্রথমটি হলো- নিয়মিত প্যাকেজ। এ প্যাকেজগুলো সব গ্রাহকের জন্য উন্মুক্ত থাকবে। এর মেয়াদ হবে সর্বনিম্ন ১৫ দিন।

    গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ। এটিতে গ্রাহকের ব্যবহার ও গ্রাহকপ্রতি গড় রেভিনিউর ওপর ভিত্তি করে নির্দিষ্ট ক্যাটাগরির গ্রাহকের জন্য। এ ধরনের প্যাকেজের মেয়াদ হবে সর্বনিম্ন তিন দিন।

    এছাড়া, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ নামে একটি প্যাকেজ বাজারের অবস্থা ও চাহিদা যাচাই-বাছাই করতে এবং ধরণ বুঝতে গ্রাহকদের দেওয়া হবে। এটার মেয়াদ হবে সর্বনিম্ন ৭ দিন।

    সুযোগ থাকছে ১-৩ দিন মেয়াদি প্যাকেজেরও
    তিন প্যাকেজের বাইরেও গ্রাহকের স্বার্থ ও আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অপারেটররা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী প্যাকেজ নির্ধারণ করতে পারবে। তার আওতায় ঘণ্টাভিত্তিক ও ১-৩ দিন মেয়াদি প্যাকেজ করার সুযোগ দিয়েছে বিটিআরসি।

    নির্দেশনা অনুযায়ী প্রতি ঘণ্টার জন্য সর্বোচ্চ ২০০ এমবি (মেগাবাইট), এক দিনের জন্য সর্বোচ্চ ৩ জিবি (গিগাবাইট), দুই দিনের জন্য সর্বোচ্চ ৫ জিবি এবং তিন দিনের জন্য সর্বোচ্চ ৮ জিবি প্যাকেজ দিতে পারবে অপারেটররা।

    থাকছে আনলিমিটেড প্যাকেজও
    গ্রাহক যাতে তার সুবিধা অনুযায়ী প্যাকেজ গ্রহণ করতে পারে, সে জন্য ‘ফ্লেক্সিবল প্ল্যান’ হিসেবেও একটি প্যাকেজ থাকবে। এছাড়া মেয়াদবিহীন অর্থাৎ, আনলিমিটেড প্যাকেজও থাকবে। তবে সে ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে দিতে হবে।

    যেকোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে গ্রাহককে এসএমএসের মাধ্যমে সে বিষয়ে জানাতে হবে। অবশ্য রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ঘণ্টা ও মিনিটভিত্তিক কোনো প্যাকেজ দেওয়া যাবে না।

    ক্যারি ফরোয়ার্ড বহাল
    কোনো ডাটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা থেকে গেলে, তা ‘ক্যারি ফরওয়ার্ড’ হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগেই যদি গ্রাহক একই প্যাকেজ আবার কেনেন, তাহলে পরের প্যাকেজে অব্যবহৃত ডাটা ব্যবহার করা যাবে।

    নতুন নির্দেশিকায় যেসব প্যাকেজ ও মেয়াদ দেখা যাচ্ছে, তা এরই মধ্যে গ্রাহকরা কিনতে পারছেন। অপারেটররা জানিয়েছে, তিন সপ্তাহ আগে বিটিআরসি পরীক্ষামূলক ভাবে এসব প্যাকেজ চালু করতে নির্দেশনা দিয়েছিল। তাতে ভালো সাড়া পাওয়ায় সেটা চূড়ান্ত করা হয়েছে।

  • শীতে ঠোঁট ফাটা থেকে বাঁচার উপায়

    শীতে ঠোঁট ফাটা থেকে বাঁচার উপায়

    শীতের প্রকোপ বেড়েই চলেছে। একইসাথে মানুষের বিভিন্ন শীতকালীন রোগের পাশাপাশি দেখা দিচ্ছে ত্বকের নানা রকম সমস্যা। যার মধ্যে ঠোঁট ফাটা খুবই গুরুতর।

    শীতে ফাটা বা শুষ্ক ঠোঁট থেকে আমরা কেউই রেহাই পাই না! তবে কিছু নিয়ম মেনে চললে অনেকটা ভালো থাকা সম্ভব।

    হাইড্রেটেড থাকার জন্য প্রচুর পানি পান করতে হবে এবং ঠোঁট শুষ্ক হতে দেখা মাত্রই বেশি করে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে হবে। রাতে ঘুৃমানোর সময় পুরু করে ভ্যাসলিন বা লিপজেলের প্রলেপ ঠোঁটে লাগিয়ে রাখতে হবে।

    UV রশ্মি থেকে আপনার ঠোঁটকে রক্ষা করতে বাইরে যাওয়ার সময় প্রতিবার সানস্ক্রিনযুক্ত লিপবাম ব্যাবহার করতে হবে।

    আপনার ঠোঁটকে ভেজা রাখতে জিভ দিয়ে ঠোঁট ভেজাবেন না। কারণ লালা ঠোঁটকে আরও শুষ্ক করে তোলে

    ফাটা ঠোঁটের মরা চামড়া টেনে তুলবেন না এতে রক্ত বেরিয়ে যেতে পারে যা থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। ঠোঁটের মরা চামড়া থেকে রক্ষা পেতে লেবুর রস ও মধু মিশিয়ে ঠোঁটে এপ্লাই করে রাখতে পারেন। তারপর আবার মশ্চারাইজার বা লিপবাম লাগিয়ে রাখতে পারেন।

    এই নিয়মগুলো মেনে চললে এই তীব্র শীতেও আপনার ঠোঁট থাকবে কোমল, মসৃণ ও সুরক্ষিত।

  • আজ থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

    আজ থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

    ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৫ আজ বুধবার (১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    গতকাল মঙ্গলবার মেলা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান।

    বাণিজ্য উপদেষ্টার উপস্থিতিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাত্রী পরিবহণে বিশেষ ছাড় দিতে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও অ্যাপ ভিত্তিক সেবা দানকারী প্রতিষ্ঠান উবারের মধ্যে এমওইউ স্বাক্ষরিত হয়। পরে বাণিজ্য উপদেষ্টা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশের ই-টিকেটিং অ্যাপের উদ্বোধন করেন।

    প্রতি বছরের ন্যায় এ বছরও বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করছে।

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৫ উপলক্ষে গতকাল পৃথক বাণী দিয়েছেন।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথমবারের মতো ই-টিকেটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস।

    মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে ‘জুলাই চত্বর’ ও ‘ছত্রিশ চত্বর’। এ ছাড়া দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন।

    মেলায় সম্ভাবনাময় সেক্টর ও পণ্যভিত্তিক সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের সুবিধার্থে থাকছে স্বতন্ত্র সোর্সিং কর্নার, ইলেক্ট্রনিক্স ও ফার্নিচার জোন। বয়সভিত্তিক দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে প্রযুক্তি কর্নার, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার। শিশুদের নির্মল চিত্তবিনোদনের জন্য মেলায় থাকছে শিশু পার্ক।

    সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, চতুর্থবারের মতো বাণিজ্য মেলা পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    মেলার লে-আউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির ৩৬১টি প্যাভিলিয়ন, স্টল, রেস্টুরেন্ট দেশীয় উৎপাদক-রপ্তানিকারক প্রতিষ্ঠানসহ সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বিদেশি প্রতিষ্ঠানের অনুকূলে শতভাগ স্বচ্ছতায় বরাদ্দ প্রদান করা হয়েছে।

    মেলায় দেশীয় বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিক্স এ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহ সামগ্রী, চামড়া ও আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল, টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর ইত্যাদি পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রয় হবে।

    বাংলাদেশ ব্যতীত সাতটি দেশের মোট ১১টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো—ভারত, পাকিস্থান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া।

    এক্সিবিশন সেন্টারের দক্ষিণ-পূর্ব পার্শ্বে জুলাই চত্বর, দক্ষিণ-পশ্চিম পার্শ্বে কালচারাল সেন্টার, টেকনোলজি কর্নার, রিক্রিয়েশন কর্নার ও সেন্টারের উত্তর-পূর্ব (৬ একর) পার্শ্বে শিশু পার্ক ও উত্তর-পশ্চিম পার্শ্বে ছত্রিশ চত্বর ও নামাজ ঘর স্থাপন করা হয়েছে।

    মেলার সার্বিক নিরাপত্তা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাব, গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। প্রাঙ্গণের বাইরে ও নিয়মিত টহল দল থাকবে। নিরাপত্তা অগ্রাধিকার বিবেচনায় মেলা প্রাঙ্গণের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, প্রবেশ গেইট, পার্কিং এরিয়া এবং সংশ্লিষ্ট সকল এলাকায় প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি স্থাপন করা হয়েছে।

    এবারের মেলায় পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়টি অধিকতর গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। এক্সিবিশন হলে পুরুষ ও মহিলাদের জন্য পর্যাপ্ত সংখ্যক আলাদা টয়লেটের পাশাপাশি এক্সিবিশন হলের বাইরেও পর্যাপ্ত সংখ্যক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।

    মেলায় খাদ্য দ্রব্যের মান নিয়ন্ত্রণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ গঠিত টিম মেলা চলাকালীন প্রতিদিন ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করবে।

    মেলায় আগত দর্শনার্থীদের জন্য সার্বক্ষণিক চিকিৎসক ও পেশেন্ট কেয়ার এটেনডেন্ট উপস্থিত থেকে ফ্রি প্রাথমিক চিকিৎসা ও চিকিৎসা পরামর্শ প্রদান করবে। এ ছাড়া পর্যাপ্ত কার পার্কিংয়ের সুবিধা থাকবে। পাঁচ শতাধিক গাড়ি পার্কিং সুবিধা সংবলিত দ্বিতল কার পার্কিং বিল্ডিং ছাড়াও এক্সিবিশন হলের বাইরে ৬ একর জমিতে পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে।

    মেলার সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য মেলায় স্থাপন করা হয়েছে একটি কন্ট্রোল রুম ও দর্শনার্থীদের সব প্রকার তথ্য প্রদানের জন্য একটি তথ্য কেন্দ্র। ব্যাংকিং সার্ভিসের জন্য থাকবে পর্যাপ্ত সংখ্যক ব্যাংক বুথ। মা ও শিশুদের জন্য থাকবে মা ও শিশু কেন্দ্র। দর্শনার্থীদের বিশ্রামের জন্য আরামদায়ক ও শোভন চেয়ার, বেঞ্চ, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে।

    মাসব্যাপী এ বাণিজ্য মেলা প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত চলবে (সাপ্তাহিক ছুটির দিন রাত ১০টা পর্যন্ত)।

     

  • আজ থেকে ৪৭তম বিসিএসের আবেদন শুরু

    আজ থেকে ৪৭তম বিসিএসের আবেদন শুরু

    ৪৭তম বিসিএসের আবেদন আজ (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হবে। প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

    পিএসসি সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএস পরীক্ষা থেকে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানো হয়েছে। এ বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে।

    আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয় ৫০ টাকা।

    গত ৯ ডিসেম্বর থেকে এই বিসিএসের আবেদন শুরু হওয়ার কথা থাকলেও সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর প্রজ্ঞাপন জারি না হওয়ায় ৪৭তম বিসিএসের আবেদন গ্রহণ স্থগিত রাখে পিএসসি।

    গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৪৭তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমা শুরু হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর সকাল ১০টায়। শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে অনিবার্য কারণে ৪৭তম বিসিএসের অনলাইন আবেদন স্থগিত করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

    ৪৭তম বিসিএসে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি শূন্যপদ স্বাস্থ্য ক্যাডারে। এ ক্যাডারে সহকারী সার্জন পদে ১ হাজার ৩৩১ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

  • ২৪শে বিনোদন অঙ্গনের যে ২৪ জনকে হারালাম

    ২৪শে বিনোদন অঙ্গনের যে ২৪ জনকে হারালাম

    শোবিজ জগতের জন্য ২০২৪ সালটি ছিল বেশ ঘটনাবহুল। এবছর জীবনের ভ্রমণ শেষ করে গুণীজনসহ বিনোদন অঙ্গনের চিরনিদ্রায় শায়িত হয়েছেন প্রায় ২৪ জন। কেউ অসুস্থ হয়ে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। আবার কেউ বেছে নিয়েছেন আত্মহত্যার মত কঠিন পথ।

    জাহিদুল হক
    ১৫ জানুয়ারি মারা যান ষাটের দশকের কবি, গল্পকার, গীতিকার জাহিদুল হক। তার বয়স হয়েছিল ৭৫ বছর। সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর কণ্ঠে তার লেখা ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’ গানটি দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পায়।

    আহমেদ রুবেল
    গত ৭ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান অভিনেতা আহমেদ রুবেল। ওইদিন সন্ধ্যায় বসুন্ধরা সিটির বেজমেন্টে গাড়ি রেখে নিজের শেষ সিনেমা ‘পেয়ারার সুবাস’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে এসেছিলেন তিনি। গাড়ি থেকে নামার পর ফ্লোরে পড়ে যান এই অভিনেতা। এরপর তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    সাদি মহম্মদ
    প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ ১৩ মার্চ মারা যান। অজানা এক অভিমানে আত্মহত্যা করেন এই গুণী সংগীতশিল্পী।

    খালিদ
    ‘হয়নি যাবারও বেলা’, ‘সরলতার প্রতিমা’, ‘আবার দেখা হবে’র মতো অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খালিদ মারা যান। ১৮ মার্চ রাজধানীর পান্থপথের কমফোর্ট হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

    জিএম ফুরুখ
    ১৮ মার্চ লন্ডনে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারান লন্ডন প্রবাসী বাংলাদেশি নাট্য নির্মাতা জিএম ফুরুখ। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

    আবু তাওহীদ হিরণ
    ১৫ এপ্রিল ঢাকার মগবাজারের ফ্ল্যাটে মৃত অবস্থায় ‘আদম’ সিনেমার নির্মাতা আবু তাওহীদ হিরণের লাশ উদ্ধার করে পুলিশ।

    অলিউল হক রুমি
    ক্যানসারে আক্রন্ত হয়ে ২২ এপ্রিল অভিনেতা অলিউল হল রুমি মারা যান। ক্যানসার জয় করে আগের মতো অভিনয়ে ফিরতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ফেরা হয়নি তার।

    এম এ আউয়াল
    ৭ মে রাজধানীর মগবাজার দিলু রোডের একটি বাসা থেকে ‘রাজপথের বাদশা’ ও ‘কাছের শত্রু’ সিনেমার পরিচালক এম এ আউয়ালের (৬০) মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, চলচ্চিত্র পরিচালক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।

    মাসুদুল মাহমুদ রূহান
    ১১ মে তরুণ প্রযোজক মাসুদুল মাহমুদ রূহানের মরাদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, তিনি আত্মহত্যা করেছেন।

    শাফিন আহমেদ
    ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

    হাসান আবিদুর রেজা জুয়েল
    ৩০ জুলাই সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান সংগীতশিল্পী, নির্মাতা ও সঞ্চালক হাসান আবিদুর রেজা জুয়েল। ১১ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি।

    আব্দুল ওয়াদুদ রঙ্গিলা
    উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভোগার পর ১২ মার্চ মারা যান খায়রুন সুন্দরীসহ বেশ কিছু ব্যবসাসফল ছবির অভিনেতা আব্দুল ওয়াদুদ রঙ্গিলা। তার বয়স হয়েছিল ৫৩ বছর

    শিল্পী চক্রবর্তী
    রক্তক্ষরণ জনিত কারণে ৭ মার্চ ঢালিউডের অন্যতম সফল নির্মাতা শিল্পী চক্রবর্তী মারা গেছেন। মৃত্যুকালে নির্মাতার বয়স ছিলো ৭১ বছর।

    মো. শাহাদাৎ হোসেন বাদশা
    ১৫ জুন চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি হাজি মো. শাহাদাৎ হোসেন ওরফে বাদশা মারা যান। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি মনোয়ার হোসেন ডিপজলের ভাই।

    মনি কিশোর
    চলতি বছর অক্টোবরে না ফেরার দেশে পাড়ি জমান ৯০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোর। ১৯ অক্টোবর রাজধানীর রামপুরার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

    মাসুদ আলী খান
    বরণ্য অভিনেতা মাসুদ আলী খান মারা যান চলতি বছরের ৩১ অক্টোবর। মৃত্যুর আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি।

    ওস্তাদ মিহির লালা সাহা
    ১৭ আগস্ট নিজ বাসায় মারা যান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক ওস্তাদ মিহির লালা সাহা। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

    আলাউদ্দিন লাল
    গত ২৫ সেপ্টেম্বর মারা যান অভিনেতা আলাউদ্দিন লাল। ২০০৮ সাল থেকে টিভি নাটকে অভিনয় করেন আলাউদ্দীন লাল। প্রায় ৩০০ নাটকে অভিনয় করেছেন এই প্রবীণ অভিনেতা।

    সুজেয় শ্যাম
    স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগীতযোদ্ধা, সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম মৃত্যুবরণ করেন ১৭ অক্টোবর। সংগীতে অবদানের জন্য তিনি ২০১৮ সালে একুশে পদক এবং এর আগে ২০১৫ সালে পান শিল্পকলা পদক।

    আফরোজা হোসেন
    দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে ১০ নভেম্বর মারা যান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আফরোজা হোসেন। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন আফরোজা। জরায়ুমুখ ক্যানসার ধীরে ধীরে মেরুদণ্ড থেকে হাড়ে ছড়িয়ে পড়ে তার। অবশেষে সবাইকে কাঁদিয়ে পাড়ি জমালেন না ফেরার দেশে।

    আবু জাফর
    বছরের শেষের দিকে আমরা হারাই বিখ্যাত গীতিকার, সুরকার ও শিক্ষক আবু জাফরকে। তিনি মারা যান গত ৫ ডিসেম্বর। আবু জাফর রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত সংগীতশিল্পী ও গীতিকার ছিলেন।

    পাপিয়া সারোয়ার
    বছরের একেবারে শেষপ্রান্তে এসে না ফেরার দেশে পাড়ি জমান একুশে পদকজয়ী রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। গত ১২ ডিসেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থান মারা যান গুণী এই শিল্পী।

    মিনহাজ আহমেদ পিকলু
    হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২০ ডিসেম্বর রকস্ট্রাটা ও অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু। তিনি ছিলেন কিংবদন্তি গিটারিস্ট নিলয় দাশের শিক্ষার্থীদের অন্যতম।

    সি বি জামান
    ‘উজান ভাটি’ খ্যাতদেশের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা সি বি জামান মারা গেছেন ২০ ডিসেম্বর। চলতি মাসে হার্ট অ্যাটাকের পর থেকেই আইসিইউতে ছিলেন তিনি।

  • এবার নিশো জন্মদিনে দুই নায়িকা নিয়ে সিনেমার ঘোষণা দিলেন

    এবার নিশো জন্মদিনে দুই নায়িকা নিয়ে সিনেমার ঘোষণা দিলেন

    ঝড়ো হাওয়ায়, তুমুল আওয়াজে এলেন তিনি! হেলিকপ্টারের দরজা খুলে যখন পা রাখলেন, তখনই অনেকের বোঝা হয়ে গেছে কে আসছেন। আর যখন ঝুটি বাঁধা চুল সামনে এলো, ততক্ষণে সবাই নিশ্চিত হয়ে গেছেন তাঁর ব্যাপারে। নতুন সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিওতে এভাবেই হাজির হলেন অভিনেতা আফরান নিশো। এর মাধ্যমে আড়াল ভাঙলেন অভিনেতা। দেড় বছরেরও বেশি সময় কোথাও ছিলেন না আফরান।

    এ সময়ের মধ্যে দুটি সিনেমার খবর, আর সামাজিক যোগাযোগমাধ্যমে বড় চুলের ছবি; এই ছিল তাঁর নিজেকে জানান দেওয়া। ভক্তরা নানাভাবে, নানা মাধ্যমে জানতে চেয়েছেন, কবে নতুন সিনেমার ঘোষণা আসবে। এত দিনের অপেক্ষা, জল্পনা শেষ হলো। সব প্রশ্নের উত্তর নিয়ে ফিরলেন আফরান নিশো।

    জানালেন, ‘দাগি’ হয়ে ফিরছেন তিনি। ৮ ডিসেম্বর ছিল এই অভিনেতার জন্মদিন। বিশেষ এ দিনে ভক্তদের ইচ্ছা পূরণ করেছেন তিনি। জানিয়েছেন, আর নয় অপেক্ষা, রোজার ঈদে ফিরছেন ‘দাগি’ সিনেমা নিয়ে।

    ‘দাগি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছিল আগে থেকেই। ৮ ডিসেম্বর বিকেল ৫টায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশের মাধ্যমে অফিসিয়াল করা হলো তথ্যটি। ভিডিওতে জানানো হয়েছে সিনেমায় আছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল। তাদের নিয়ে সিনেমাটি পরিচালনা করবেন শিহাব শাহীন।

    নিশো বলেন, ‘এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কী আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে! একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার।’

    আফরান নিশো আরও বলেন, ‘আমি সবসময়ই চাই, গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে, যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে দাগির গল্প আমার খুব ভালো লেগেছে।’

    নির্মাতা শিহাব শাহীন জানান, ‘দাগি’ একটি গল্পনির্ভর সিনেমা এবং এ সিনেমার হিরোর গল্প।

    নির্মাতা বলেন, ‘মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্প এটি। নতুন কিছুই দর্শক দেখতে পাবে। এ ধরনের গল্প এখানকার দর্শক দেখেনি আগে। গত দুই বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি।’

    অন্যদিকে দেড় বছরের বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত তমা মির্জাও। এর মধ্যে অনেক সিনেমার প্রস্তাব পেলেও তাতে রাজি হননি।

    তিনি বলেন, ‘এটা আমার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জের এবং প্রশান্তির। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারছি কিনা সেটা একটা চ্যালেঞ্জ।’

    সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘ভালো গল্পের কাজ করতে ভালো লাগে। আশা করছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে পারব।’ দাগি সিনেমার শুটিং শিডিউল এবং লোকেশন এখনই বলতে চাননি নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। ধীরে ধীরে সিনেমার সব তথ্যই জানানো হবে বলে জানিয়েছেন তারা।

  • গ্র্যান্ড হায়াত সেভেন ষ্টার হোটেল ও এমজিআই টাওয়ার এর গ্রাউন্ড ব্রেকিং কার্যক্রম উদ্ভোধন

    গ্র্যান্ড হায়াত সেভেন ষ্টার হোটেল ও এমজিআই টাওয়ার এর গ্রাউন্ড ব্রেকিং কার্যক্রম উদ্ভোধন

    অদ্য সকাল ১১:০০ ঘটিকায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর নতুন এডভেঞ্চার সেভেন স্টার হোটেল ও এমজিআই টাওয়ার এর গ্রাউন্ড ব্রেকিং কার্যক্রম উদ্ভোধন করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর মাননীয় চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল।
    চায়না কনস্ট্রাকশন পাটর্নার ও চায়না স্টেট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে আয়োজিত অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ম্যাডাম,ডিএমডি তানবীর মোস্তফা,পরিচালক তানজিমা মোস্তফা ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
  • খালেদা জিয়া এক যুগ পর সেনাকুঞ্জে যাচ্ছেন

    খালেদা জিয়া এক যুগ পর সেনাকুঞ্জে যাচ্ছেন

    সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বিকেল সাড়ে ৩টায় সেনাকুঞ্জের উদ্দেশে গুলশানের বাসা থেকে যাবেন তিনি। এর মাধ্যমে ২০১৮ সালের পর খালেদা জিয়া প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সর্বশেষ তিনি ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সর্বশেষ সিলেট সফর করেন।

    গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

    সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২০১২ সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন খালেদা জিয়া। ২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। তবে ওই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন। এরপর আর এই দিবসে বিএনপির নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি।

    জানা গেছে, খালেদা জিয়ার পাশাপাশি ২০০৯ সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এ বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মোট ২৬ জন আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে আরও রয়েছেন বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং অন্য পদমর্যাদার সাবেক সামরিক কর্মকর্তারা। বিগত সময়ে বিএনপি নেতারা আমন্ত্রণ পেতেন না।

    এর আগে গত মঙ্গলবার রাতে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ। রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এ এস এম কামরুল আহসান এই আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন।

    এদিন দুপুরের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ সিনিয়র নেতার নামে আমন্ত্রণপত্র গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তারের কাছে সেনা কর্মকর্তারা দিয়ে যান।

    সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।