Category: ফুটবল

  • এবার পরিবার নিয়ে দেশে আসবেন হামজা, থাকছে বিশেষ নিরাপত্তা

    এবার পরিবার নিয়ে দেশে আসবেন হামজা, থাকছে বিশেষ নিরাপত্তা

    এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে সৌদিতে চলছে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন ক্যাম্প। প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ছাড়া এই ক্যাম্পে আছেন বাকি সব ফুটবলার। আগামী ১৭ মার্চ দেশে আসবেন হামজা, সঙ্গে থাকবেন পরিবারের সদস্যরাও।

    হামজার সঙ্গে আসছেন তার মা, স্ত্রী, তিন সন্তান ও দুই ভাই। বাবা আগেই চলে এসেছেন। হামজার ইচ্ছা, বাংলাদেশের জার্সিতে তার অভিষেক মাচটা যেন পরিবারের সবাই মাঠে বসে দেখেন। ২৫ মার্চ শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

    সময় কম থাকায় হামজার জন্য কোনো সংবর্ধনার আয়োজন করছে না বাফুফে। তবে হামজার সিলেট নামা থেকে শুরু করে ঢাকায় আসা, তার পর ভারতে যাওয়া পর্যন্ত তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

    হামজার চলাচলের জন্য বাফুফের একটি বিশেষ গাড়ি এবং সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন অফিসিয়ালকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে গনমাধ্যমকে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম।

    বিষয়টি নিয়ে ফাহাদ করিম বলেন, ‘তিনি (হামজা) ১৭ তারিখে সিলেট বিমানবন্দরে নামবেন। সেই সময় তাকে বরণ করে নেবেন বাফুফের তিন-চারজন নির্বাহী সদস্য। এর পর তিনি চলে যাবেন হবিগঞ্জ। সেখানে যাওয়ার ট্রান্সপোর্ট বাফুফে ব্যবস্থা করেছে। তার জন্য বিশেষ একটি গাড়ি ও নিরাপত্তার জন্য একজন অফিস বয় থাকবে সারাক্ষণ। প্রশাসনকেও জানানো হয়েছে।’

    উল্লেখ্য, হামজার আগমনকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। শুরুতে তাকে লালগালিচা সংবর্ধনার পরিকল্পনা থাকলেও সময় স্বল্পতার কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। ১৯ মার্চ হামজাকে মিডিয়ার সামনে হাজির করার পরিকল্পনা রয়েছে বাফুফের।

  • তাহলে কি ব্রাজিলের জার্সিতে খেলা হচ্ছে না নেইমারের ?

    তাহলে কি ব্রাজিলের জার্সিতে খেলা হচ্ছে না নেইমারের ?

    ব্রাজিল ফুটবলে নেইমার ফিরছেন, এমন খবরে আনন্দ বয়ে গিয়েছিল দেশটির সমর্থকদের মনে। দীর্ঘ ১৬ মাস পর দলে তাকে ডাকাও হয়েছিল। যেখানে আগামী সপ্তাহেই মাঠে নামার কথা ছিল তার। তবে শেষ পর্যন্ত দুঃসংবাদ পেলেন নেইমার। বিশ্বকাপ বাছাইপর্বের কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের দল থেকে ছিটকে গেছেন এই তারকা ফুটবলার। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এনদ্রিককে তার জায়গায় দলে ডাকা হয়েছে।

    এর আগে ২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ ব্রাজিলের হয়ে ম্যাচ খেলেছেন নেইমার। যেখানে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। তবে সম্প্রতি শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন এই তারকা। দলটির হয়ে ব্রাজিলের ফুটবল লিগে ৭ ম্যাচে গোল করেছিলেন ৩টি। করিয়েছেন আরও ৩টি।

    কিন্তু গত ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসের ২-০ গোলের জয়ে তিনি পেশিতে চোট পান। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) শুক্রবার নিশ্চিত করেছে, চোটের কারণে নেইমারকে দলে রাখা হচ্ছে না।

    নেইমার ছাড়াও ম্যানচেস্টার সিটির গোলকিপার এদেরসন ও ফ্ল্যামেঙ্গোর দানিলোও চোটের কারণে খেলতে পারছেন না। তাদের বদলে দলে ডাক পেয়েছেন লিওঁর গোলরক্ষক লুকাস পেরি এবং ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো।

    এ নিয়ে সিবিএফের বিবৃতিতে ব্রাজিল দলের কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘দল ঘোষণার পর ব্রাজিল জাতীয় দলের মেডিকেল বিভাগ আমাদের সব খেলোয়াড়, বিশেষ করে ফ্লামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার ও ম্যানচেস্টার সিটির এদেরসনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর জানাচ্ছিল। মূল্যায়ন শেষে তাদের বদলে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং এনদ্রিককে দলে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

    এদিকে দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বের ১২ রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় ৫ নম্বরে আছে ব্রাজিল। বৃহস্পতিবার ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে দলটি খেলবে কলম্বিয়ার বিপক্ষে। এরপর বুয়েনস এইরেসে গিয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ ২৬ মার্চ। কলম্বিয়া, আর্জেন্টিনা দুই দলই ব্রাজিলের থেকে পয়েন্ট তালিকায় ওপরে আছে। আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে, কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে চারে।

     

  • গোল দিয়ে মায়ামিকে শেষ আটে তুললেন মেসি

    গত কয়েকদিন ধরেই প্রশ্ন ছিল, কবে মাঠে ফিরবেন মেসি। এরে আগে যে ইন্টার মায়ামির হয়ে তিনটি ম্যাচেই খেলতে নামেননি! আগের ম্যাচে শার্লটের বিপক্ষে বেঞ্চে ফিরলেও তাকে মাঠে নামাননি কোচ। আজ ক্যাভালিয়েরের বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগেও বেঞ্চে ছিলেন তিনি। তবে এবার মাঠে নেমেছেন।

    খেলা হয়েছে জ্যামাইকায়। মেসিকে দেখার জন্য দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। এমনকি তার জন্য পরিবর্তন করা হয় খেলার মাঠও। দর্শকরাও পয়সা উসুল করেছেন। কারণ শেষ মুহূর্তে তো গোল পেয়েছেন তাদের প্রিয় তারকা।

    ক্যাভালিয়েরের বিপক্ষে মায়ামি জয় পেয়েছে ২-০ গোলে। আগের লেগেও একই ব্যবধানে জয় পেয়েছিল ইন্টার মায়ামি। ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে জিতে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ আটে পৌঁছে মেসির দল।

    আজ মেসি মাঠে নেমেছেন দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে, বন্ধু লুইস সুয়ারেসের বদলি হিসেবে। মাঠ ছাড়ার আগে মায়ামির হয়ে প্রথম গোলটি অবশ্য সুয়ারেসই দেন। ৩৭তম মিনিটে পেনাল্টিতে দলকে এগিয়ে নেন উরুগুইয়ান এই তারকা।

    মেসি গোল পান ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। সান্তিয়াগো মোরালেসের পাসে বক্সে ঢুকে দুর্দান্ত দক্ষতায় গোল আদায় করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা। মায়ামির হয়ে এটি মেসির ৩৭তম গোল। সবমিলিয়ে ক্যারিয়ারে ৮৫৩তম গোল পেলেন আগে বার্সেলোনায় খেলা এই তারকা।

  • রোজা রেখে খেলেছিলেন ম্যাচ, ইফতার সেরেই করলেন বিশ্বরেকর্ড

    রোজা রেখে খেলেছিলেন ম্যাচ, ইফতার সেরেই করলেন বিশ্বরেকর্ড

    বাবা মরেক্কোর, মা গিনির। জন্মসূত্রে মুসলিম পরিবারের সন্তান লামিনে ইয়ামাল। ইউরোপে বেড়ে ওঠলেও ধর্ম পালনে ছাড় দেননি বার্সেলোনার খুদে এই ফুটবলার। বরং মুসলমানদের অন্যতম ফরজ আমল রোজা রেখেই খেলছেন তিনি। গতকাল চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে রোজা রেখেই খেলেছেন ১৭ বছর বয়সী ইয়ামাল।

    ম্যাচের ১৫ মিনিটের মাথায় সেরে নেন ইফতার। এর আগেই খেলা শুরুর ১১ মিনিটের মাথায় দলকে উদযাপনের উপলক্ষ এনে দেন লামিনে ইয়ামাল। প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সের ডান দিক থেকে চমৎকার ক্রস বাড়ান এই ফুটবলার, আর দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান সতীর্থ রাফিনহা। তাতেই অ্যাসিস্টের ভাগীদার হন ইয়ামাল।

    ইফতারের পর আবারও বার্সা এগিয়ে যায় ইয়ামালের নজরকাড়া গোলে। ২৭ মিনিটে রাফিনহার ক্রস ধরে ডান দিকে দারুণ ড্রিবলিংয়ে একজনের বাধা বক্সে জায়গা বানিয়ে শট নেন। বল বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে খুঁজে পায় ঠিকানা। গোলরক্ষক ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।

    নজরকাড়া গোলেই নতুন বিশ্বরেকর্ড গড়েছেন স্প্যানিশ ফরওয়ার্ড। ১৭ বছর ২৪১ দিন বয়সে খেলতে নেমে চ্যাম্পিয়নস লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন ইয়ামালই। টুর্নামেন্টটির পুরো ইতিহাসে এত অল্প বয়সে এই রেকর্ড আর করতে পারেনি কেউ। এর আগে এই রেকর্ডটি মালিক ছিলেন ব্রিল এমবোলো। ২০১৪ সালে লুদোগেরেতসের বিপক্ষে বাসলের হয়ে এ রেকর্ড গড়েছিলেন সুইজারল্যান্ডের ফরোয়ার্ড।

    উল্লেখ্য, রাফিনহার জোড়া ও ইয়ামালের একটি গোলে বেনফিকাকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে পর্তুগালের ক্লাবটিকে ৪-১ ব্যবধানে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কাতালানরা।

     

  • রোনালদোর যে কীর্তির আশেপাশেও নেই কোনো ফুটবলার

    রোনালদোর যে কীর্তির আশেপাশেও নেই কোনো ফুটবলার

    ফুটবল ইতিহাসে কিংবদন্তিদের একজন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স ৪০ পার হলেও এখনো যেন তাগড়া জোয়ান। ফিটনেস, পারফরম্যান্স- রোনালদোর বয়সের ছাপ কোনো কিছুতেই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। সৌদি প্রো-লিগে গতকাল শুক্রবার আল শাবাবের বিপক্ষে দারুণ একটি গোল করেন রোনালদো। তাতে পর্তুগিজ তারকার বর্তমান গোল সংখ্যা ৯২৬টি।

    হাজার গোলের মাইলফলক স্পর্শ করার দৌড়ে এগিয়ে যাওয়া রোনালদো নজর কাড়েন তার বয়সে। ৩০ পার হলেই যেখানে বাকি ফুটবলাররা সমাপ্তির প্রহর গুনেন, সেখানে ক্রিশ্চিয়ানো রোনালদো যেন এক অন্যন্য নাম। বয়সের ভারে নুয়ে পড়ার পরিবর্তে রোনালদো এখনো দলের হয়ে যেভাবে অবদান রাখছেন, ফুটবল ইতিহাসে এমনটা আর করেননি কেউ।

    পারফরম্যান্সের বিচারে বাকিদের তুলনায় বেশ এগিয়ে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স ৩০ পার হওয়ার পরেও তার কারুকার্যে সামান্যতম ভাটা পড়েনি। বরং বয়স ৩০ হওয়ার আগে ও পরে তার গোলের সংখ্যা এখন সমান ৪৬৩টি। আলোচনার জন্ম দিয়ে ২০২৩ সালে আল নাসেরে যোগ দেওয়া এই পর্তুগিজ তারকা ইতোমধ্যে ক্লাবটির হয়ে ৯০টি গোলও করে ফেলেছেন।

    সৌদি প্রো লিগে গোলের শতক স্পর্শ করতে রোনালদোর প্রয়োজন আর ১০ গোল। এর আগে তিনটি ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরির স্বাদ পেয়েছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছেন ১৪৫ গোল। রিয়াল মাদ্রিদের জার্সিতে দীর্ঘ সময় প্রতিনিধিত্ব করা এই ফুটবলারের গোল সংখ্যা ৪৫০টি। আর জুভেন্টাসের হয়ে করেছেন ১০১টি গোল।

    বয়স ৩০ পার হওয়ার পর রোনালদোর গোল সংখ্যা বর্তমানে ৪৬৩টি। এই পরিসংখ্যানে রোনালদোর পরেই আছেন ব্রাজিলিয়ান তারকা সার্জিও রোমারিও, তার গোল ৪৪১টি। এছাড়া আলেকজান্ডার ডুরিক, জালতান ইব্রাহিমোভিচ, রবার্ট লেভানডফস্কি, লিওনেল মেসি, আলফ্রেডো ডি স্টেফানো, জোসেফ বিকান এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। তবে বর্তমানে খেলা কোনো ফুটবলরারই রোনালদোর আশেপাশে নেই।

  • আবার ঘরের মাঠে পিএসজিকে নিয়ে সতর্ক লিভারপুল

    আবার ঘরের মাঠে পিএসজিকে নিয়ে সতর্ক লিভারপুল

    চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মাঠে গিয়ে ১-০ গোলে জিতে আসে লিভারপুল। এবার কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে ফরাসি চ্যাম্পিয়নদের বিপক্ষে ঘরের মাঠে মুখোমুখি হবে অলরেডরা। তবে এগিয়ে থেকে ও অ্যানফিল্ডে খেলা হলেও এ ম্যাচ নিয়ে বেশ সতর্ক আর্না স্লটের শিষ্যরা।

    আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় ম্যাচ শুরু হবে। একই সময় বায়ার্ন মিউনিখ লড়বে বায়ার লেভারকুসেনে বিপক্ষে, আর ইন্টার মিলান মুখোমুখি হবে ফেইনুর্দের।

    এর আগে প্রথম লেগে পার্ক দেস প্রিন্সেসে দাপট দেখিয়েছিল পিএসজি। শুধু গোল করা ছাড়া বাকি সবকিছুতেই এগিয়ে ছিল তারা। কিন্তু পুরো ম্যাচে আধিপত্য করে খেললেও ৮৭তম মিনিটে গোল হজম করে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। দ্বিতীয় লেগটি তাই তাদের জন্য বাঁচা-মরার। প্রতিপক্ষের মাঠে শুধু জয় পেলেই হবে না, ব্যবধানটাও থাকতে হবে কমপক্ষে ২-০। পিএসজি কোচ লুইস এনরিক অবশ্য আশাবাদী।

    আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এনরিক বলেন, ‘দেখুন আমরা হারলেই আসর থেকে ছিটকে যাব। তাই আমাদের সামনে জয়ের বিকল্প নেই। প্রথম লেগে আমরা যেভাবে খেলেছি, তার পুনরাবৃত্তি করতে পারলে আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারি। তবে, অ্যানফিল্ড কঠিন জায়গা। আমরা আমাদের খেলাটাই খেলব। আমি আমার দল নিয়ে বেশ আশাবাদী।’

    অবশ্য নির্ভার থাকতে পারছে না লিভারপুল। কারণ প্রথম লেগে ফলাফল ছাড়া পিএসজি সবকিছুতেই তাদের হারিয়েছে। তাই অ্যানফিল্ডে ম্যাচ হলেও সতর্ক থাকতে চায় অলরেডরা।

    লিভারপুল কোচ আর্না স্লট বলেন, ‘ফাইনাল পর্যন্ত যেতে হলে আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। সামনের দিকে প্রতিটা দলই কঠিন। তবে, আগে আমাদের এ ম্যাচ থেকে ইতিবাচক ফলাফল আনা জরুরি। প্রথম লেগে তারা দারুণ খেলেছে। তাই এ ম্যাচ বেশ কঠিনই হবে।

     

  • মেসির আর্জেন্টিনার বন্যায় মন কাঁদছে

    মেসির আর্জেন্টিনার বন্যায় মন কাঁদছে

    আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় মুষলধারে বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় ঘরবাড়ি এবং হাসপাতাল প্লাবিত হয়েছে। বেশ কিছু রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় বিদ্যুৎবিচ্ছিন্ন করা হয়েছে।

     

    প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন দুর্ঘটনায় অনেকেই প্রাণ হারিয়েছে। আর্জেন্টিনায় না থাকলেও বাহিয়া ব্লাঙ্কার বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা জানিয়ে আবেগপ্রবণ বার্তা দিয়েছেন লিওনেল মেসি।

    নিজের ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘বাহিয়া ব্লাঙ্কায় কী হচ্ছে, আমরা নিবিড়ভাবে তার খোঁজখবর রাখছি।’

    মেসি আরও যোগ করেন, ‘যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, সেই সব পরিবারের জন্য আমার সমবেদনা রইল এবং কঠিন এই সময়ে যারা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা যেন মানসিক দিক থেকে শক্ত থাকতে পারে, সেই কামনা থাকল।’

    বাহিয়া ব্লাঙ্কায় পরশু ৪০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। এটা বার্ষিক গড় বৃষ্টিপাতের এক-তৃতীয়াংশ। প্রচণ্ড স্রোতে গাড়ি ভেসে যাওয়ার ঘটনা দেখা গেছে ভিডিও ফুটেজে।

    বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন দুই তরুণী। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, আর্জেন্টিনার কর্তৃপক্ষ রোববার এ তথ্য জানিয়েছে।

  • নেইমার জাতীয় দলে ফিরে যা বললেন

    নেইমার জাতীয় দলে ফিরে যা বললেন

    জাতীয় দলের হয়ে মাঠে নামার স্বাদ কেমন, গত দেড় বছরে প্রায় ভুলতে বসেছেন নেইমার। ব্রাজিলের এই তারকা ফুটবলার চোটরে সঙ্গে লড়াই করতে করতে অনেকটা হাঁপিয়েই উঠেছিলেন। তার শেষ দেখে ফেলেছিলেন অনেকে। কিন্তু, হাল ছাড়েননি নেইমার।

    হাল না ছাড়ার পুরস্কার পেয়েছেন তিনি। ১৭ মাস পর ব্রাজিলের জাতীয় দলে ডাক পেয়েছেন নেইমার। সম্প্রতি আল-হিলাল ছেড়ে সান্তোসে যোগ দিয়েছেন ২০২৬ বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করতে। সান্তোসে যে কয়টি ম্যাচ খেলেছেন, আলো ছড়িয়েছেন তিনি। ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রও তাই আর উপেক্ষা করতে পারেননি নেইমারকে।

    ব্রাজিলের জার্সিতে নেইমার সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় এসিএলের চোটে পড়েন তিনি। পরের ১ বছর মাঠের বাইরে কাটাতে হয় তাকে। চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বের কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল। নেইমার সেই ম্যাচ দুটির ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডেই ডাক পেয়েছেন।

    নিজের ফেরার খবরটা সান্তোস তারকা দেখেছেন টিভিতে। দরিভালের সংবাদ সম্মেলন টিভিতে দেখার মুহূর্তটি ইন্সটাগ্রামের স্টোরিতে শেয়ার করেন নেইমার। সেখানে লেখেন— ‘দলে ফিরতে পেরে খুব আনন্দ লাগছে।’

    নেইমারের ফেরার খবরে উচ্ছ্বসিত সমর্থকরাও। সেলেসাওদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ফিরলে বাছাইপর্বে দলের যে বেহাল দশা, সেখান থেকে মুক্তির আশাতেই আছে হলুদ জার্সির সমর্থকরা।

     

  • এবার পিএসভির জালে ৭ গোল দিয়ে কোয়ার্টারের পথে আর্সেনাল

    এবার পিএসভির জালে ৭ গোল দিয়ে কোয়ার্টারের পথে আর্সেনাল

    চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে ৭-১ গোলের বিশাল জয় পেয়েছে আর্সেনাল। এ জয়ে আসরের কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়ে রাখল মিকেল আর্তেতার শিষ্যরা।

    মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে তিনটির পর দ্বিতীয়ার্ধে চারটি গোল করেছে আর্সেনাল। যেখানে জোড়া গোল করেছেন মার্টিন ওডেগোর। ইউরিয়েন টিম্বার, ইথান নোয়ানেরি, মিকেল মেরিনো, লেয়ান্দ্রো ত্রোসার ও রিকার্দো কালাফিওরি একবার করে জালের দেখা পেয়েছেন। পেনাল্টি থেকে ডাচ ক্লাবটির একমাত্র গোলটি করেন নোয়া ল্যাং।

    এদিন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে নকআউট পর্বে অ্যাওয়ে ম্যাচে ৭ বা এর বেশি গোল করার কীর্তি গড়ল আর্সেনাল।

     

  • অবশেষে সাবিনাদের বাইরে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের

    অবশেষে সাবিনাদের বাইরে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের

    কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের অবসান ঘটিয়ে কিছুদিন আগেই অনুশীলনে ফিরতে রাজি হয়েছিলেন সাবিনা খাতুনের নেতৃত্বে ১৮ নারী ফুটবলার। তবে তাদের বাদ দিয়েই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাবিনারা যে এই দলে থাকছেন না সেটি জানা গিয়েছিল আগেই।

    বাফুফের ঘোষিত প্রাথমিক দলে জায়গা হয়েছে ২৩ জনের। এর মধ্যে সর্বশেষ সাফের স্কোয়াডে থাকা ৮ জন সুযোগ পেয়েছেন। তারা হলেন—ইয়ারজান বেগম, মিলি আক্তার, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার, স্বপ্না রানী, আইরিন খাতুন, শাহেদা আক্তার, মুনকি আক্তার।

    যদিও এখনো দলের অধিনায়ক কে হবেন, সেটি নির্ধারিত হয়নি। তবে শোনা যাচ্ছে, আফঈদার হাতেই পরানো হতে পানে নেতৃত্বের আর্মব্যান্ড। আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দল দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে। আর ম্যাচ দুইটি হবে ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ।

    বাংলাদেশ স্কোয়াড

    গোলরক্ষক

    ইয়ারজান বেগম, মিলি আক্তার ও মেঘলা রানী রায়।

    ডিফেন্ডার

    কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, মোসাম্মত সুলতানা, কানোম আক্তার, অর্পিতা বিশ্বাস ও মরিয়ম বিনতে হান্না।

    মিডফিল্ডার

    হালিমা আক্তার, স্বপ্না রানী, মুনকি আক্তার ও বন্যা খাতুন।

    ফরোয়ার্ড

    নবীরণ খাতুন, সুরভী আকন্দ প্রীতি, তনিমা বিশ্বাস, ঐশী খাতুন, অয়ন্ত বালা, শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন ও আইরিন খাতুন।