Category: ফুটবল

  • বার্সেলোনার সহজ জয়ে বছর শুরু

    বার্সেলোনার সহজ জয়ে বছর শুরু

    নতুন বছরের শুরুতে সেই গ্লানি ঝেড়ে ফেলে দারুণ এক জয় উপহার দিয়েছে বার্সেলোনা। গেল বছরের শেষটা হতাশায় কেটেছিল বার্সেলোনার। পরপর দুই ম্যাচে হার নিয়ে ২০২৩ সাল শেষ করেছিল হ্যান্সি ফ্লিকের দল। কোপা দেল রে’র শেষ ৩২-এর ম্যাচে চতুর্থ স্তরের দল ইউনিয়ন দেপোর্টিভা বারবাস্ট্রোর মুখোমুখি হয় বার্সেলোনা। ম্যাচে কোনো চমক না রেখে বার্সেলোনা সহজেই ৪-০ গোলের জয় তুলে নেয়।

    প্রথম থেকেই আক্রমণের ধারা বজায় রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। গোলের জন্য অপেক্ষা করতে হয় মাত্র ২১ মিনিট। ডি ইয়ংয়ের ক্রসে আরাউজোর হেড থেকে বল পেয়ে যান এরিক গার্সিয়া। দারুণ এক হেডে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন এই ডিফেন্ডার। ১০ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভান্ডোভস্কি। তোরের ফ্রি কিক থেকে গোলমুখে সৃষ্টি হওয়া জটলার মধ্যে বল পেয়ে ঠাণ্ডা মাথায় জালে জড়ান পোলিশ তারকা। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।

    দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দলটি। ৪৭তম মিনিটে আবারও তোরে ও লেভান্ডোভস্কির জুটি কাজ করে। তোরের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন লেভান্ডোভস্কি। এরপর ম্যাচের ৫৬তম মিনিটে স্কোরলাইনের পূর্ণতা দেন তোরে। এবার তিনি গোলদাতা। দারুণ এক শটে বল জালে পাঠিয়ে স্কোরলাইন ৪-০ করেন বার্সেলোনার তরুণ তারকা।

    নতুন বছরের প্রথম ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বার্সেলোনা। তাদের পরবর্তী ম্যাচ স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে।

     

  • যুক্তরাষ্ট্র মেসিকে রাষ্ট্রপতি পদক দিচ্ছে

    যুক্তরাষ্ট্র মেসিকে রাষ্ট্রপতি পদক দিচ্ছে

    যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম বা রাষ্ট্রপতি পদক পাচ্ছেন আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির ফুটবলার লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের সময় শনিবার রাষ্ট্রপতি ভবন হোয়াইট হাউজে মেসির হাতে এ পুরস্কার তুলে দেবেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।

    রাজনীতি, মানবাধিকার, ক্রীড়াঙ্গন, বিজ্ঞান, বিনোদন ও এলবিজিটিকিউ-এর প্রসারে কাজ করা ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয়। এবার ১৯জন পাচ্ছেন এই রাষ্ট্রপতি পদক। এর মধ্যে ক্রীড়া বিভাগে কাতার বিশ্বকাপ ও পরপর দুই কোপা আমেরিকা জয়ী মেসি পাচ্ছেন এই পুরস্কার।

    মেসি ছাড়াও যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় খেলা বাস্কেটবলের ৬৫ বছর বয়সী সাবেক তারকা ‘ম্যাজিক জনসন’ এই পুরস্কার পাচ্ছেন। তিনি ৫ বারের বাস্কেটবলের লিগ টুর্নামেন্ট এনবিএল জিতেছেন। অবসরের পর থেকে জনসন প্রায় ৩০ বছর এইচআইভি প্রতিরোধে জনসচেতনা সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন।

    মেসি ২০২৩ সালের জুনে পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেন। এরপর থেকে যুক্তরাষ্ট্রের ফুটবলে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন তিনি। তবে মেসিকে পদক দেওয়া হচ্ছে শিশু স্বাস্থ্য ও শিক্ষা সম্প্রসারণে লিওনেল মেসি ফাউন্ডেশন ও ইউনিসেফের মাধ্যমে কাজ করার জন্য।

    হোয়াইট হাউজ জানিয়েছে, যারা পুরস্কার পাচ্ছেন তারা নিজ নিজ কাজের মাধ্যমে যুক্তরাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা জোরদার করা, উন্নয়ন ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ব্যক্তিগত, জাতীয় ও বেসরকারি পর্যায়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

     

  • পেনাল্টি মিস ও লাল কার্ড পেয়েও অবিশ্বাস্য জয় রিয়ালের

    পেনাল্টি মিস ও লাল কার্ড পেয়েও অবিশ্বাস্য জয় রিয়ালের

    প্রতিপক্ষের মাঠে খেলতে নামা সবসময়ই চ্যালেঞ্জিং। তার ওপর শুরুতেই গোল হজম এবং পরে দলের একজন খেলোয়াড় লাল কার্ড দেখে বসলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এমন প্রতিকূল অবস্থার মধ্যেই ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদ পেয়েছে অবিশ্বাস্য এক জয়। ভিনিসিয়াস জুনিয়রের লাল কার্ড এবং জুড বেলিংহামের পেনাল্টি মিসের পরও লুকা মডরিচ ও বেলিংহামের গোলে ২-১ ব্যবধানে জয় পায় দলটি। এই জয়ের সুবাদে লা লিগার শীর্ষে উঠেছে রিয়াল।

    গত অক্টোবরে ভ্যালেন্সিয়ায় বন্যার কারণে স্থগিত হওয়া এই ম্যাচটি গত রাতে মেস্তায়ায় অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য রিয়াল মাদ্রিদ প্রায় ১০ লাখ ইউরো অনুদান দিয়েছিল। সে জন্য ম্যাচের আগে রিয়াল অধিনায়ক লুকাস ভাসকেজের হাতে সম্মাননা স্মারক তুলে দেয় ভ্যালেন্সিয়া।

    ম্যাচের শুরু থেকে স্বাগতিক ভ্যালেন্সিয়ার সামনে কিছুটা খাবি খেতে থাকে রিয়াল। ২৭ মিনিটে হুগো দুরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। বিরতির আগে রিয়াল সেই গোল শোধ করতে পারেনি।

    বিরতির পর রিয়াল একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। একটি পেনাল্টি পেয়েছিল দলটি, তবে জুড বেলিংহামের শট বারপোস্টে লেগে ফিরে আসে। কিছুক্ষণ পর বেলিংহামের আরেকটি গোল ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়।

    ৭৯ মিনিটে ভিনি লাল কার্ড দেখলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। প্রতিপক্ষ বক্সে ফাউলের শিকার হয়ে উঠে দাঁড়িয়ে ভ্যালেন্সিয়া গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কিকে ধাক্কা দিলে ভিএআরের সাহায্যে রেফারি তাকে লাল কার্ড দেখান। ১০ জনের দলে পরিণত হয় রিয়াল।

    তবে এখানেই নাটকের শেষ নয়। ম্যাচের ৮৫ মিনিটে লুকা মডরিচ গোল করে রিয়ালকে সমতায় ফেরান। যোগ করা অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের দুর্দান্ত এক গোলে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

    এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ ৪৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে আছে তারা। রিয়ালের সমান সংখ্যক ম্যাচ খেলা বার্সেলোনা তাদের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে।

  • মেসি এবার রিয়েল এস্টেট ব্যবসায় পা রেখেছেন

    মেসি এবার রিয়েল এস্টেট ব্যবসায় পা রেখেছেন

    আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেওয়া লিওনেল মেসি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন স্পেনের বার্সেলোনায়। এবার সেই স্পেনেই রিয়েল এস্টেট ব্যবসায় পা রেখেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক।

    মেসির মালিকানাধীন রিয়েল এস্টেট বিনিয়োগ প্রতিষ্ঠান ‘এদিফিসিও রোসটাওয়ার সোচিমি’ সম্প্রতি স্পেনের বাজারে আত্মপ্রকাশ করেছে। কোম্পানিটির প্রতি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৭.৪ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার টাকার সমান। এই বিনিয়োগ প্রতিষ্ঠানের বাজারমূল্য ২২ কোটি ৩০ লাখ ইউরো, বাংলাদেশি টাকায় যা প্রায় ২৭৮৪ কোটি ৩৭ লাখ।

    মেসি নিজে এই কোম্পানির বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। প্রতিষ্ঠানটির একমাত্র শেয়ারহোল্ডার মেসির পারিবারিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘লিমেকু এস্পানা ২০১০’।

    ‘এদিফিসিও রোসটাওয়ার সোচিমি’ বর্তমানে স্পেন ও অ্যান্ডোরাতে ৭টি হোটেল পরিচালনা করছে। তাদের সম্পত্তির তালিকায় রয়েছে স্পেনে তিনটি অফিস স্পেস, পাঁচটি অ্যাপার্টমেন্ট, এবং লন্ডন ও প্যারিসে আবাসিক প্রজেক্ট।

    পোর্টফোলিও স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সান্তিয়াগো নাভারোর মতে, মেসির কোম্পানি নতুন বিনিয়োগকারীদের সন্ধান করছে যারা কাতালুনিয়া অঞ্চলে বিনিয়োগে আগ্রহী। নাভারো বলেন, ‘২০২৩ সালে প্রতিষ্ঠিত মেসির এক্সচেঞ্জটি স্পেনের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা তদারকি করা হয়। কেন্দ্রীয় ব্যাংক তখনই কোম্পানিকে ব্যবসার অনুমতি দেয় যখন তারা শেয়ার বিক্রি বা মূলধন বাড়ানোর পরিকল্পনা করে।’

    মেসি কোম্পানির চেয়ারম্যান হলেও পরিচালনার দায়িত্বে রয়েছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো, যিনি বর্তমানে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। মেসির খেলার ব্যস্ততার কারণে ব্যবসার অনেক দিকই দেখাশোনা করেন আন্তোনেলা।

     

  • ২০২৪ শেষে বাংলাদেশের ফুটবল অঙ্গনে যত প্রাপ্তি-অপ্রাপ্তি

    ২০২৪ শেষে বাংলাদেশের ফুটবল অঙ্গনে যত প্রাপ্তি-অপ্রাপ্তি

    কয়েক দিন পরই নতুন বছরকে বরণ করে নেবে সবাই। বিদায় নিতে যাওয়া ২০২৪ সালে বাংলাদেশের ফুটবলে প্রাপ্তি-অপ্রাপ্তি মিলিয়ে আছে অনেক কিছুই। অক্টোবরে নেপালে নারী সাফে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের সঙ্গে ছেলেদের জাতীয় দলের ব্যর্থতা।

    বাফুফেতে নতুন নেতার আবির্ভাবের পর বছরের শেষ দিকে এসে হামজা চৌধুরীর বাংলাদেশি হওয়াটা অনেক বড় সুখবর দেশের ফুটবলের জন্য। ২০২৪ সালে কেমন ছিল দেশের ফুটবলের পারফরম্যান্স, সমকাল পাঠকদের জন্য সেটা তুলে ধরা হলো। লিখেছেন সাখাওয়াত হোসেন জয়

    টানা দ্বিতীয় সাফ
    ম্যাচ খেলার ঘাটতি, বেতন বকেয়া– সবকিছু মিলিয়ে বাংলাদেশ নারী জাতীয় দলের অবস্থা ছিল যাচ্ছেতাই। নেপাল সাফে সাবিনা খাতুনদের ঘিরে প্রত্যাশাও ছিল না। গ্রুপ পর্বে পাকিস্তানের সঙ্গে হারতে হারতে ড্র করা মেয়েদের টুর্নামেন্ট থেকে বিদায় দেখছিলেন সবাই। এর মধ্যে হিমালয়ের দেশে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বটা প্রকট আকার ধারণ করে। মাঠ এবং মাঠের বাইরের নানা ইস্যুতে এলোমেলো সেই দলকে এক সুতোয় নিয়ে আসেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। গ্রুপ ‘এ’র শেষ ম্যাচে ভারতকে ৩-১ গোলে উড়িয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনালে ভুটানের জালে সাতবার বল পাঠানো বাংলাদেশ শিরোপা মঞ্চে পায় আগেরবারের ফাইনালিস্ট স্বাগতিক নেপালকে।

    কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৩০ অক্টোবর অনুষ্ঠিত ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জেতে সাবিনা-তহুরারা। দুর্দান্ত পারফরম্যান্সে ঋতুপর্ণা চাকমা টুর্নামেন্ট সেরা ফুটবলার এবং রুপনা চাকমা জেতেন সেরা গোলরক্ষকের পুরস্কার। নারী ফুটবলে ইতিহাস গড়া দলকে পরদিনই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে বাফুফেতে নিয়ে যাওয়া যায়।

    সংবর্ধনার সঙ্গে নানা ব্যক্তি ও প্রতিষ্ঠান পুরস্কার দিয়েছেন মেয়েদের। বাংলাদেশের ফুটবলে জাতীয় দলে এই প্রথম মেয়েরা কোনো আসরে পরপর দু’বার শিরোপা জিতেছে।

    জাতীয় দলের ব্যর্থতা
    ২০২৩ সালে ব্যাঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালে খেলা বাংলাদেশ জাতীয় দলের জন্য এই বছরটি হতাশার। প্রাপ্তি বলতে আট ম্যাচে মাত্র দুটিতে জয়। সেটাও ভুটান এবং মালদ্বীপের বিপক্ষে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে কিছুটা লড়াই করেছিল ফিলিস্তিনের বিপক্ষে। ২৬ মার্চ কিংস অ্যারেনায় হেরেছিল এক গোলে। বাকি ম্যাচগুলোতে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

    কুয়েতে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে হারের লজ্জাও আছে শেখ মোরসালিন-রাকিব হোসেনদের। সবচেয়ে বড় ধাক্কা ভুটানের কাছে পরাজয়টি। র‍্যাঙ্কিং বাড়ানোর লক্ষ্য নিয়ে সেপ্টেম্বরে ভুটানে গিয়ে দুই ম্যাচ সিরিজের একটিতে হার এবং আরেকটিতে ড্র করেছিল তারা। ঘরের মাঠে ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষেও অম্লমধুর অভিজ্ঞতা হয়েছিল তপু বর্মণ-মিতুল মারমাদের। স্বস্তি অবশ্য বছরের শেষ ম্যাচে দ্বীপ দেশটির বিপক্ষে জয়। তাতেও ব্যর্থতা আড়াল করতে পারবেন না ফুটবলাররা।

    বাফুফেতে বাঁকবদল
    সবকিছু ঠিকই চলছিল। টানা পঞ্চমবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হওয়ার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কাজী সালাউদ্দিন। গত ৫ আগস্ট পট পরিবর্তনের পরও নিজের নির্বাচন করার সিদ্ধান্ত অনড় ছিলেন তিনি। কিন্তু চারদিক থেকে সমালোচনা আর নানা চাপে শেষ পর্যন্ত নির্বাচন না করার ঘোষণা দেন সালাউদ্দিন। তাতে বাফুফেতে তাঁর ১৬ বছরের অধ্যায়ের ইতি ঘটে। শুধু সালাউদ্দিই নন, তাঁর দীর্ঘদিনের সঙ্গী সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীও সরে দাঁড়ান।

    কাজী নাবিল আহমেদও আর সামনে আসনেনি। তাতে ফেডারেশনে নতুন মুখের সম্ভাবনা জাগে। বলতে গেলে, বিনা বাধায় ২৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি হন তাবিথ আউয়াল। নির্বাচন ছাড়াই সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. ইমরুল হাসান। চার সহসভাপতির সবাই নতুন মুখ। এর মধ্যে আলোচনায় ছিলেন যশোর শামসুল হুদা একাডেমির নাসের শাহরিয়ার জাহেদি।

    হামজার বাংলাদেশি হওয়া
    বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের ফুটবলে আলোচনা ছিলেন হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটিতে খেলেন বলেই ইংল্যান্ড প্রবাসী এ তারকাকে ঘিরে আগ্রহ ছিল সবার। নানা ধাপ পেরিয়ে ১৯ ডিসেম্বর বাফুফে জানিয়ে দেয়, হামজা চৌধুরীকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি।

    এর পর থেকেই এ ডিফেন্ডারকে নিয়ে নানা হিসাবনিকাশ শুরু হয়েছে। ডেনমার্কপ্রবাসী জামাল ভূঁইয়া এবং ফিনল্যান্ডপ্রবাসী তারিক কাজি লাল-সবুজ জার্সিতে অভিষেক হলেও হামজার মানের কোনো ফুটবলারকে দেখা যায়নি। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে হামজা চৌধুরীর।

    বয়সভিত্তিকে সাফল্য
    মেয়েদের জাতীয় দলের সঙ্গে এই বছর বয়সভিত্তিক প্রতিযোগিতায় তিনটি শিরোপা জিতেছে বাং লাদেশ। মেয়েদের অনূর্ধ্ব-১৬ এবং ১৯ এবং ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফে ট্রফি জিতেছিল লাল-সবুজের দলটি।

    কিংসের ইতিহাস
    প্রিমিয়ার লিগে টানা পঞ্চম শিরোপা জিতে নতুন ইতিহাস গড়ে বসুন্ধরা কিংস। লিগের বাইরে ফেডারেশন এবং স্বাধীনতা কাপের ট্রফি জিতে দলটি গত মৌসুমে ট্রেবল জয়ের কীর্তি গড়েছে। আর এই বছরই নতুন মৌসুমের প্রথম টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপের ট্রফি ঘরে তুলেছে কিংস। তবে ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতির প্রভাব পড়ে দেশের ক্লাব ফুটবলে।

    শেখ রাসেল ক্রীড়া চক্র এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব নতুন মৌসুমে দল গড়েনি। কোনো ট্রফি না জিতলেও বসুন্ধরা কিংসের সঙ্গে সমানতালে পাল্লা দিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব।

    হারিয়েছে
    ২০২৪ সালে বাংলাদেশের ফুটবল হারিয়েছে এক কিংবদন্তিকে। গত ১৮ নভেম্বর না ফেরার দেশে চলে যান স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। এর আগে বিদায় নিয়েছিলেন সাইদুর রহমান প্যাটেল, বিমল কর এবং আমিনুল ইসলাম সরুজ। তারাও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ছিলেন।

  • মেসির সম্মানার্থে নেইমার আত্মত্যাগের গল্প শোনালেন বাবা

    মেসির সম্মানার্থে নেইমার আত্মত্যাগের গল্প শোনালেন বাবা

    বর্তমান সময়ে কাঁচা অর্থের হাতছানি ঠেলে কেইবা পরমার্থের খোঁজ করেন, যশের লোভ ভুলে কেইবা নিঃস্বার্থ বন্ধুত্বকে অমূল্য মনে করেন! বাস্তবতার দোহায় দিয়ে হয়তো বেশির ভাগই করেন না। তবে কেউ কেউ করেন। নেইমার কি তাদেরই একজন?

    যিনি কিনা বন্ধু মেসির জন্য বার্সাতে জায়গা ছেড়ে দিয়ে এসেছিলেন পিএসজিতে; অন্তত নেইমারের বাবা নেইমার সিনিয়রের কথা মেনে নিলে এই সত্যটা মানতেই হবে। ‘সে সময় বার্সেলোনায় কঠিন একটি সময় পার করতে হয়েছিল আমাদের। আমরা তখনও জানতাম না, বার্সা কর্তৃপক্ষ ঠিক কী করতে যাচ্ছে। আমাদের মনে হয়েছিল, বার্সা কর্তৃপক্ষ চাইছিল মেসির জায়গাটি নেইমার নিয়ে নিক। কিন্তু নেইমার সেটা মোটেই মেনে নিতে পারেনি।

    এ কারণেই সে বার্সা ছাড়ার সিদ্ধান্ত নেয়। আমি চাইছিলাম, আমার ছেলে শেষ দিন পর্যন্ত বার্সাতেই থাকুক। আমরা তার চলে যাওয়া আটকানোর চেষ্টাও করেছিলাম। কিন্তু সে বার্সা ছেড়ে দেয়, কারণ সে কিছুতেই দলে মেসির জায়গা নিতে চাইছিল না এবং মেসিকে সরিয়ে সে বার্সার তারকা হতে চায়নি।’ মেসির সম্মান এতটুকু ক্ষুণ্ন হোক, তা চাননি নেইমার।

    ব্রাজিলের জনপ্রিয় পডকাস্টার চ্যানেল ‘জোতা জোতা’য় এক সাক্ষাৎকারে এভাবেই সাত বছর আগে নেইমারের বার্সা ছেড়ে প্যারিস যাওয়ার আসল কারণটি বলেন তাঁর বাবা। প্রিয় বন্ধু মেসির জন্য নেইমারের আত্মত্যাগের কথা শোনান তিনি। তিন বছর বার্সায় কাটিয়ে ৬৮ গোল করেছিলেন নেইমার। রিয়াল মাদ্রিদ তিন গুণ অর্থে সান্তোস থেকে নেইমারকে দলে ভেড়াতে চেয়েছিল।

    কিন্তু মেসির সঙ্গে খেলার ইচ্ছা ও বার্সার জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়েই নেইমার সে সময় কাতালান ক্লাবটিতে নাম লেখান। গড়ে তোলেন ক্লাব ফুটবলের সেই বিখ্যাত ত্রয়ী ‘এমএসএন’। মেসির প্রতি তাঁর প্রচণ্ড ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। সে কারণেই মাঠের বাইরে যতই ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেন, মেসি-নেইমারের মধ্যে তার কোনো প্রভাব কখনোই পড়েনি।

    কোনো সমালোচনা কিংবা কানকথা তাদের সম্পর্কে ফাটল ধরাতে পারেনি। আর সে কারণেই নেইমার চলে আসার চার বছর পর মেসি যখন অস্বস্তিতে পড়েন বার্সায়, তখন সেই নেইমারই হাত বাড়িয়ে দিয়েছিলেন। মূলত তিনিই মেসিকে প্যারিসে নিয়ে আসার কাজটি সফলভাবে করেছিলেন। নেইমারের এই কৃতজ্ঞতা নিশ্চয় ভুলতে পারেননি মেসি।

    যে কারণেই শোনা যাচ্ছে, আগামী মৌসুমে নেইমারকে যুক্তরাষ্ট্রের মায়ামিতে নিয়ে আসবেন মেসি। প্যারিস ছাড়ার পর বর্তমানে সৌদি ক্লাব আল হিলালে রয়েছেন নেইমার। আগামী জুনে সেই চুক্তি শেষ হয়ে যাওয়ার পর নাকি মায়ামিতে ফের দেখা যাবে সেই মেসি-নেইমার- সুয়ারেজ ত্রয়ীকে। গুঞ্জনের ডালপালা ছড়িয়ে দিয়ে নেইমার এরই মধ্যে ২ কোটি ২৬ লাখ ডলারে মায়ামিতে বাড়ি কিনেছেন।

     

  • এবার জিরোনাকে হারিয়ে দুর্দান্ত লিভারপুলের ছয়ে ৬

    এবার জিরোনাকে হারিয়ে দুর্দান্ত লিভারপুলের ছয়ে ৬

    টটেনহ্যামের মাঠে গিয়ে তাদেরকেই বিধ্বস্ত করেছে লিগ টেবিলে রাজত্ব করা লিভারপুল। রোববার রাতের ম্যাচে মো. সালাহ ও লুইস দিয়াজের জাদুতে ৬-৩ গোলে জিতেছে অল রেডসরা।

    লন্ডনে ম্যাচের ২৩ মিনিটে প্রথম লিড নেয় লিভারপুল। গোল করেন কলম্বিয়ান তারকা লুইস দিয়াজ। ৩৬ মিনিটে ম্যাক অ্যালিস্টার ব্যবধান ২-০ করেন।

    টটেনহ্যামের ইংলিশ মিডফিল্ডার জেমস মেডিসন ৪২ মিনিটে গোল করে ম্যাচে ফেরার বার্তা দেন। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে সজোবোজলাই গোল করে কতৃর্ত্বের সঙ্গে প্রধমার্ধ শেষ করেন।

    দ্বিতীয়ার্ধে দেখা যায় মিশরীয় তারকা সালাহর জাদু। ৫৪ ও ৬১ মিনিটে গোল করেন তিনি। অল রেডসরা ৫-১ গোলের লিড নেয়। ম্যাচ একপ্রকার শেষ হবার পর ৭২ ও ৮৩ মিনিটে গোল করে ব্যবধান ৫-৩ করে টটেনহ্যাম। পরে ৮৫ মিনিটে দিয়াজ নিজের দ্বিতীয় গোল করে লিভারপুলের গোল সংখ্যা ৬ করেন ও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেন

     

  • অবশেষে অ্যাটলেটিকোর ১৮ বছর পর বার্সেলোনার দুর্গ জয়

    অবশেষে অ্যাটলেটিকোর ১৮ বছর পর বার্সেলোনার দুর্গ জয়

    ২০০৬ সালের পর বার্সেলোনার মাঠ দুর্গ হয়ে উঠেছিল অ্যাটলেটিকোর জন্য। সেখানে অ্যাওয়ে কোনো ম্যাচ জেতেনি তারা। ১৮ বছর পর সেই দুর্গ জয় করে লা লিগার পয়েন্ট তালিকার এক নম্বরে উঠে এল ডিয়েগো সিমিওনির দল। শনিবার ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-১ ব্যবধানে হেরে লা লিগার শীর্ষস্থান খোয়াল বার্সা। ১৮ ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ৪১, ১৯ ম্যাচে বার্সার ৩৮।

    পয়েন্ট টেবিলের তিনে নেমে যেতে পারে বার্সেলোনা। কেননা ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ‍তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। আজ রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়ার বিরুদ্ধে জিতলে দুইয়ে উঠে আসবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অর্থাৎ শীর্ষে থেকে বড়দিনের উৎসব করতে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

    ম্যাচের শুরুতে আধিপত্য দেখায় বার্সা। আধঘণ্টা হতেই পেদ্রির গোলে এগিয়ে যায় তারা। বক্সের মধ্যে ঢুকে গাভির সঙ্গে ওয়ান-টু পাসের পর নিচু শটে গোলকিপার জ্যান ওবলাককে পরাস্ত করেন তিনি।

    আধিপত্য দেখালেও স্বাগতিকরা বিরতির পর ব্যবধান বাড়াতে পারেনি। রাফিনহার চিপ করা বল ক্রসবারে লাগে। বেশ কাছ থেকে নেওয়া ফারমিন লোপেজের শট পা দিয়ে রুখে দেন ওবলাক। ৬০ মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদকে সমতায় ফেরান রদ্রিগো ডি পল। মাঠে নামার পর প্রথম শটেই গোল করেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা।

    এরপর আধ ঘণ্টারও বেশি সময় কাটে গোলখরায়। মহারণ ড্রয়ের আশঙ্কা জাগায়। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে জয়সূচক গোল করেন অ্যাটলেটিকো মাদ্রিদের নরওয়েজান ফরওয়ার্ড আলেক্সান্ডার সোরলথ। লিগের চলতি মৌসুমে মাদ্রিদ জায়ান্টদের এটা ১২তম জয়। বার্সার জন্য ম্যাচটা ছিল জয়ে ফেরার উপলক্ষ। কিন্তু শুরুর দিকে আশা জাগিয়ে ব্যর্থ হয়েছে তারা।

    এতে ২০০৬ সালের পর এই প্রথম বার্সেলোনার মাঠে লিগ ম্যাচ জিতল মাদ্রিদের দলটি। মাঝে জয়হীন ছিল তারা ১৮ ম্যাচে (৫ ড্র, ১৩ হার)।

     

  • এমবাপ্পেহীন রিয়াল ভায়োকানোর বিপক্ষে ড্র

    এমবাপ্পেহীন রিয়াল ভায়োকানোর বিপক্ষে ড্র

    রিয়াল মাদ্রিদ শীর্ষে ওঠার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। শনিবার এস্তাদিও দে ভায়েকাসে রায়ো ভায়োকানোর বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে তারা। একের পর এক উত্তেজনাপূর্ণ মুহূর্তে ভরপুর ছিল ম্যাচটি, যেখানে দুইবার পিছিয়ে পড়েও রিয়াল সমতা ফেরায় এবং একবার এগিয়েও যায়। তবে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের।

    ম্যাচের শুরুতেই চমক দেয় স্বাগতিকরা। চতুর্থ মিনিটে হোর্হে দে ফ্রুতোসের ক্রস থেকে উনাই লোপেসের দুর্দান্ত হেডে এগিয়ে যায় রায়ো। লিড নেওয়ার পরও আক্রমণের ধার কমায়নি তারা। ৩৬ মিনিটে মুমিনের হেডে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক দল। রিয়াল তখন পর্যন্ত চাপে থাকলেও খেলা বদলে যায় ফেদে ভালভার্দের একটি অসাধারণ গোলের মাধ্যমে।

    ৩৯ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন ভালভার্দে। এই গোলের পর রিয়াল আত্মবিশ্বাস ফিরে পায়। বিরতির ঠিক আগে রদ্রিগোর পাস থেকে জুড বেলিংহ্যাম হেডে গোল করে রিয়ালকে সমতায় ফেরান। এটি ছিল টানা ছয় ম্যাচে বেলিংহ্যামের গোল।

    দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলে রিয়াল। ৫৬ মিনিটে রদ্রিগো গোল করে দলকে এগিয়ে দেন। তবে রায়ো ভায়োকানো হাল ছাড়েনি। ৬৪ মিনিটে পালাজনের গোলে আবার সমতায় ফেরে স্বাগতিকরা।

    ম্যাচের শেষ সময়ে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কেউ। এই ড্রয়ের ফলে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

  • নেইমার ২০২৬ বিশ্বকাপ নিয়ে আশাবাদী

    নেইমার ২০২৬ বিশ্বকাপ নিয়ে আশাবাদী

    ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি ফরাসি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলতে চান এবং ব্রাজিলকে শিরোপা এনে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। তবে এর জন্য ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন তিনি।

    ‘আরএমসি’কে নেইমার বলেন, বিশ্বকাপ প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন। আমি তিনটি বিশ্বকাপ খেলেছি এবং চতুর্থবারের মতো খেলতে চাই। এখন আমাকে ফিটনেস ফিরে পেতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।

    নেইমার ব্রাজিলের হয়ে ২০১৩ সালে কনফেডারেশন কাপ এবং ২০১৬ সালে অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন। তবে ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হন। এখন ২০২৬ বিশ্বকাপকে নিজের ‘শেষ নাচ’ হিসেবে দেখছেন নেইমার, যেখানে তিনি দেশের হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন।

    পূর্বের তিনটি বিশ্বকাপে অংশগ্রহণ করলেও চোট ও ভাগ্যের কারণে প্রত্যাশিত সাফল্য পাননি নেইমার। বর্তমানে ক্লাব ফুটবলে আল-হিলালের হয়ে খেললেও তার ভবিষ্যৎ নিয়ে ট্রান্সফার গুঞ্জন চলছে। ৩৪ বছর বয়সে বিশ্বকাপ খেলতে নামলে ‘সেলেসাও’-এর জন্য তিনি হতে পারেন গুরুত্বপূর্ণ সম্পদ।