Category: ব্যাংক

  • খেলাপি ঋণ আদায়ে জোর দিলেন রূপালী ব্যাংকের এমডি

    খেলাপি ঋণ আদায়ে জোর দিলেন রূপালী ব্যাংকের এমডি

    রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম খেলাপি ঋণ আদায়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি ব্যাংকের চলমান সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকল স্তরের কর্মকর্তাদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

    শনিবার (১১ এপ্রিল) রাজধানীর মতিঝিলের রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির সম্মেলন কক্ষে স্থানীয় কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও করপোরেট-১ শাখার অংশগ্রহণে মার্চ ২০২৬ ভিত্তিক ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি ব্যাংকের অর্জিত সাফল্য ধরে রাখার পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে জোরালো পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ এবং মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান।

    সভায় সভাপতিত্ব করেন ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল ও মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া। এতে স্থানীয় কার্যালয়, বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং করপোরেট-১ শাখার উপ-মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দ

    সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দ

    দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

    বুধবার (৮ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

    সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    দুদকের পক্ষে সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফেরদৌস রহমান আয়কর নথি জব্দের আবেদন করেন।

    আবেদনে বলা হয়, আসামি আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

    দুদকের দাবি, এসব লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করা হয়েছে। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

    মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

    আদালত আবেদনটি মঞ্জুর করেন।

  • বিদ্যুৎ সাশ্রয়: ব্যাংক লেনদেনের সময় কমল

    বিদ্যুৎ সাশ্রয়: ব্যাংক লেনদেনের সময় কমল

    বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে রোববার থেকে ব্যাংকের লেনদেনের সময় কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক

    শনিবার জারি করা এক পরিপত্রে জানানো হয়, এখন থেকে ব্যাংকে লেনদেন চলবে বেলা ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। তবে দাপ্তরিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

    এর আগে স্বাভাবিক সময়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন এবং দাপ্তরিক কার্যক্রম সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকত।

    পরিপত্রে বলা হয়েছে, সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং কার্যক্রমের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

    গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ব্যাংকিং লেনদেনের সময় কমানো এবং দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্তও আসে।

    মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সরকার।

    এদিকে, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ব্যয় সংকোচন নীতিও গ্রহণ করেছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, আগামী তিন মাস সরকারি ব্যয় কমানোর বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে নতুন যানবাহন ও সরঞ্জাম কেনা বন্ধ রাখা, প্রশিক্ষণ ও ভ্রমণ ব্যয় কমানো এবং সভা-সেমিনারে ব্যয় সীমিত করার সিদ্ধান্ত রয়েছে।

  • চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ

    চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ

    চলতি অর্থবছরে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত সময়ে দেশে মোট ২ হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

    বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৯৮২ কোটি মার্কিন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ দশমিক ৯ শতাংশ।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৬ সালের ১১ মার্চ একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।

    এদিকে মার্চ মাসের ১ থেকে ১১ তারিখ পর্যন্ত সময়ে দেশে মোট ১৯২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৩৩ কোটি মার্কিন ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ প্রায় ৪৪ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    অর্থনীতিবিদদের মতে, প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

  • খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত করতে মধ্যস্থতাকারী নিয়োগে নির্দেশনা জারি

    খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত করতে মধ্যস্থতাকারী নিয়োগে নির্দেশনা জারি

    খেলাপি ঋণ সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি করতে এবং আদালতে মামলা দায়েরের আগেই ‘প্রাক-মামলা মধ্যস্থতা’ পদ্ধতিতে সমাধানের সুযোগ তৈরি করতে তফসিলি ব্যাংকগুলোকে দক্ষ মধ্যস্থতাকারী নিয়োগের নির্দেশনা দিয়েছে Bangladesh Bank।

    এ লক্ষ্যে বুধবার কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করেছে। নতুন এ উদ্যোগের মাধ্যমে বিচার ব্যবস্থায় মামলার জট কমানোর পাশাপাশি Artha Rin Adalat Ain 2003 এবং Bankruptcy Act 1997 Bangladesh-এর আওতায় পড়তে পারে—এমন খেলাপি ঋণ সংক্রান্ত বিরোধ আদালতে যাওয়ার আগেই সমাধানের সুযোগ সৃষ্টি হবে।

    সার্কুলারে বলা হয়েছে, তফসিলি ব্যাংকগুলোকে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির মাধ্যমে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে মোট খেলাপি ঋণের অন্তত ১ শতাংশ নিষ্পত্তি করতে হবে।

    চলতি অর্থবছরের শেষ দিন নির্ধারণ করে দেওয়া এ সময়সীমা ব্যাংক খাতের তারল্য ও আর্থিক স্থিতি উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থার গুরুত্বের প্রতিফলন বলে এতে উল্লেখ করা হয়েছে। বর্তমানে ব্যাংক খাতে উল্লেখযোগ্য পরিমাণ অনাদায়ী ঋণ থাকায় মধ্যস্থতার মাধ্যমে এই ১ শতাংশ আদায়ের লক্ষ্যকে জাতীয় পর্যায়ের ঋণ পুনরুদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

    এই নির্দেশনা ২০২৪ সালের ২২ মে জারি করা বিএরপিডি সার্কুলার নং–১১-এর ধারাবাহিকতা বজায় রাখলেও নতুন নীতিমালায় আদালতে মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

    এডিআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দিয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী মধ্যস্থতা সেবাদানকারী বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর গঠিত প্যানেল থেকে মধ্যস্থতাকারী নির্বাচন করতে হবে। এসব প্যানেলে অবসরপ্রাপ্ত বিচারক, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং অভিজ্ঞ পেশাজীবীরা অন্তর্ভুক্ত থাকতে পারেন।

    সার্কুলারে মধ্যস্থতাকারী নির্বাচনের ক্ষেত্রে ১০টি যোগ্যতা ও অযোগ্যতার শর্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—প্যানেল সদস্যপদ যাচাই, নিরপেক্ষতা, পেশাগত সুনাম, বিশেষজ্ঞ দক্ষতা, মধ্যস্থতা বিষয়ক জ্ঞান, প্রমাণিত অভিজ্ঞতা, পরিষ্কার আইনি রেকর্ড, আর্থিক সততা, ঋণখেলাপি না থাকা এবং আর্থিক সক্ষমতা।

    নতুন নির্দেশনা অনুযায়ী মধ্যস্থতাকারী নিয়োগের ক্ষেত্রে ব্যাংকগুলোকে কঠোর প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নিরপেক্ষতা নিশ্চিত করতে হলফনামা ও অঙ্গীকারপত্র গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

    এ ছাড়া মধ্যস্থতা সুবিধা সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে তফসিলি ব্যাংকগুলোকে সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আদালতের বাইরে দ্রুত সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি করে দীর্ঘ আইনি প্রক্রিয়ার বিকল্প একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

     

    সূত্র: বাসস

  • ১৮ মার্চ ব্যাংকের সব শাখা বন্ধ, পোশাকশিল্প এলাকায় সীমিত লেনদেন

    ১৮ মার্চ ব্যাংকের সব শাখা বন্ধ, পোশাকশিল্প এলাকায় সীমিত লেনদেন

    ঢাকা: পবিত্র ঈদ আল-ফিতর উপলক্ষে আগামী ১৮ মার্চ বুধবার দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকায় বাণিজ্যিক ব্যাংকের কিছু শাখা ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে খোলা থাকবে।

    মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক -এর সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি)।

    সার্কুলারে বলা হয়, ঈদের আগে তৈরি পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এ অনুযায়ী ঢাকা মহানগরীসহ আশুলিয়া, Tongi, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম-এ অবস্থিত পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় বাণিজ্যিক ব্যাংকের কিছু শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

    সার্কুলার অনুযায়ী, এসব শাখায় সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে এবং সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেনদেন করা যাবে।

    এ ছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার (পোর্ট ও কাস্টমস এলাকা) ব্যাংক শাখা, উপশাখা ও বুথসমূহে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত আকারে চালু রাখা যাবে।

    এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলো স্থানীয় প্রশাসন ও বন্দর কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

    এছাড়া ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন। জনস্বার্থে ব্যাংক কোম্পানি এক্ট, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

  • ড. প্রফেসর মেলিতা মাহজাবিন ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান

    ড. প্রফেসর মেলিতা মাহজাবিন ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান

    বাসস : ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর পর তার স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ পেয়েছেন ড. প্রফেসর মেলিতা মাহজাবিন। নতুন চেয়ারম্যানের নিয়োগ দিয়েছে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ।

    মেলিতা মাহজাবিন গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও ইউনিলিভারের স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি আইবিএ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং ২০০৯ সালে প্রভাষক হিসেবে প্রতিষ্ঠানটিতে যোগ দেন।

    কমনওয়েলথ স্কলার মেলিতা যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়-এর অ্যালায়েন্স ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে পিএইচডি করেছেন। এছাড়া তিনি কলম্বো বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষকতা পেশায় আসার আগে তিনি করপোরেট সেক্টরে পাঁচ বছর কাজ করেছেন এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও সিটিব্যাংক এনএ-তে দায়িত্ব পালন করেছেন।

  • পাচারকৃত অর্থ উদ্ধারে ‘ফাস্ট ট্র্যাক’ নির্দেশনা গভর্নরের

    পাচারকৃত অর্থ উদ্ধারে ‘ফাস্ট ট্র্যাক’ নির্দেশনা গভর্নরের

    বাসস : পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফেরত আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে কার্যক্রমকে ‘ফাস্ট ট্র্যাক’-এ নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংক-এর নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান।

    এ লক্ষ্যে তিনি আজ ‘স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্স’-এর পরামর্শকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের মূল লক্ষ্য ছিল পাচারকৃত অর্থ পুনরুদ্ধার প্রক্রিয়া জোরদার করা এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টাকে আরও ফলপ্রসূ করা।

    বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে গভর্নর পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সুনির্দিষ্ট নির্দেশনা দেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ও টাস্কফোর্সের পরামর্শকের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে পুনরুদ্ধার কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

    গভর্নর জোর দিয়ে বলেন, সফল ফলাফল নিশ্চিত করতে এই প্রক্রিয়াটি জরুরি ভিত্তিতে পরিচালনা করতে হবে এবং সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে হবে।

  • নতুন সরকারের আগে শেয়ারবাজারে বড় চাঙ্গা

    নতুন সরকারের আগে শেয়ারবাজারে বড় চাঙ্গা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির বিজয় ঘোষণা হওয়ায় রবিবার সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধরনের উত্থান দেখা গেছে। সকাল ১০টায় লেনদেন শুরু হওয়ার মাত্র ২০ মিনিটে শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে ২২৫ কোটি ৮৪ লাখ টাকা, যা এতদিন পুরো সাড়ে ৪ ঘণ্টার লেনদেনের সমান।

    বাজার বিশ্লেষণ অনুযায়ী, লেনদেন শুরু হওয়ার পর থেকেই সব সূচক ঊর্ধ্বমুখী ছিল। ১০টা ২০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ১১১ পয়েন্ট বেড়ে ৫,৫১১ পয়েন্টে অবস্থান নেয়। অপর সূচক ডিএসইএস ১৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১,১১৩ পয়েন্টে পৌঁছায়, আর বাছাইকৃত ৩০টি শেয়ারের সূচক ডিএস৩০ ৩৯ পয়েন্ট বেড়ে ২,০৯৮ পয়েন্টে দাঁড়ায়।

    আজ সকালে লেনদেনে অংশ নেওয়া ৩৮০টির বেশি শেয়ার ও ইউনিটের মধ্যে ৩৫২টির দর বেড়েছে, ১৫টির দর কমেছে এবং ১৩টির দর অপরিবর্তিত রয়েছে। মূলত অধিকাংশ শেয়ারের দাম বাড়ায় সূচকে বড় উত্থান দেখা গেছে।

    নির্বাচনের জন্য টানা চারদিন বন্ধ থাকার পর শেয়ারবাজারে লেনদেন পুনরায় চালু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচনের পর সরকারের স্থিতিশীলতা ও ইতিবাচক রাজনৈতিক আবহ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে এনেছে।

  • একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা দুই বছরের মুনাফা পাবেন না

    একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা দুই বছরের মুনাফা পাবেন না

    মহাদুঃসংবাদ পেলেন একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীরা। ২০২৪ ও ২০২৫ সালে তাদের জমাকৃত আমানতের বিপরীতে কোনো মুনাফা প্রদান করা হবে না।

    বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অনুমোদনের পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। আলোচ্য পাঁচটি ব্যাংক হলো—সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এসব ব্যাংকের দায়, সম্পদ ও জনবল নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের মাধ্যমে অধিগ্রহণ করা হবে। একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে ধীরে ধীরে এই পাঁচ ব্যাংক বিলুপ্ত হয়ে যাবে।

    ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ব্যাংক খাতে চলমান ‘ব্যাংক রেজুলেশন স্কিম’ বাস্তবায়নের অংশ হিসেবে সব আমানত হিসাবের স্থিতি পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আমানতের ওপর কোনো মুনাফা গণনা করা হবে না। নির্ধারিত হেয়ারকাট প্রয়োগ করে চূড়ান্ত স্থিতি নির্ধারণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, “এই দুই বছরের মুনাফা বাদ দিয়েই আমানতের স্থিতি নির্ধারণ করা হবে।”

    স্কিম অনুযায়ী, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত নতুন ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা, যার মধ্যে পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। সরকারের অংশ ২০ হাজার কোটি টাকা, যা ‘ক’ শ্রেণির শেয়ার হিসেবে গণ্য হবে। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্থায়ী আমানতের অংশ থেকে সাড়ে সাত হাজার কোটি টাকা শেয়ারে রূপান্তরিত হবে (‘খ’ শ্রেণি) এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক আমানতকারীদের স্থায়ী আমানতের অংশ থেকে আরও সাড়ে সাত হাজার কোটি টাকা শেয়ার হবে (‘গ’ শ্রেণি)।

    নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় হবে ঢাকার মতিঝিলের সেনাকল্যাণ ভবন। পাঁচ ব্যাংকের দুই লাখ টাকার পর্যন্ত আমানত একীভূতকরণের পর যেকোনো সময় উত্তোলনযোগ্য হবে। তবে দুই লাখ টাকার বেশি আমানতের ক্ষেত্রে প্রতি তিন মাসে এক লাখ টাকা উত্তোলন, সর্বোচ্চ দুই বছরের সীমা প্রযোজ্য। প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রেও একই সময়সূচি প্রযোজ্য হবে।

    স্কিমে আরও বলা হয়েছে, মেয়াদি ও স্থায়ী আমানতের বিপরীতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বা ঋণ সুবিধা গ্রহণ করা যাবে। বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানত নির্ধারিত সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নবায়ন বা দীর্ঘমেয়াদে রূপান্তরিত হবে। চার বছরের বেশি মেয়াদি আমানত মেয়াদ পূর্তির পর পরিশোধযোগ্য হবে।