চলতি অর্থবছরে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত সময়ে দেশে মোট ২ হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৯৮২ কোটি মার্কিন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ দশমিক ৯ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৬ সালের ১১ মার্চ একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।
এদিকে মার্চ মাসের ১ থেকে ১১ তারিখ পর্যন্ত সময়ে দেশে মোট ১৯২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৩৩ কোটি মার্কিন ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ প্রায় ৪৪ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অর্থনীতিবিদদের মতে, প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।