বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে রোববার থেকে ব্যাংকের লেনদেনের সময় কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক।
শনিবার জারি করা এক পরিপত্রে জানানো হয়, এখন থেকে ব্যাংকে লেনদেন চলবে বেলা ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। তবে দাপ্তরিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
এর আগে স্বাভাবিক সময়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন এবং দাপ্তরিক কার্যক্রম সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকত।
পরিপত্রে বলা হয়েছে, সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং কার্যক্রমের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ব্যাংকিং লেনদেনের সময় কমানো এবং দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্তও আসে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সরকার।
এদিকে, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ব্যয় সংকোচন নীতিও গ্রহণ করেছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, আগামী তিন মাস সরকারি ব্যয় কমানোর বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে নতুন যানবাহন ও সরঞ্জাম কেনা বন্ধ রাখা, প্রশিক্ষণ ও ভ্রমণ ব্যয় কমানো এবং সভা-সেমিনারে ব্যয় সীমিত করার সিদ্ধান্ত রয়েছে।