Category: ফুটবল

  • লোপেজের হ্যাটট্রিকে বার্সার ৬-১ গোল, রাশফোর্ডে মুগ্ধ কোচ

    লোপেজের হ্যাটট্রিকে বার্সার ৬-১ গোল, রাশফোর্ডে মুগ্ধ কোচ

    চ্যাম্পিয়নস লিগে গোলের ঝড়ে অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ফারমিন লোপেজ করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক, আর জোড়া গোল পেয়েছেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড।

    ম্যাচের সপ্তম মিনিটেই লোপেজের গোলে এগিয়ে যায় বার্সা। ৩৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান তিনি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে অলিম্পিয়াকোসের মরক্কোর ফরোয়ার্ড আইয়ুব এল কাবিই গোল করলেও তাতে খুব একটা লাভ হয়নি।

    ৬৬ মিনিটে লামিনে ইয়ামালের পেনাল্টি থেকে গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় বার্সেলোনা। এরপর ৭৪ ও ৭৯ মিনিটে রাশফোর্ডের পরপর দুই গোল এবং লোপেজের হ্যাটট্রিক পূর্ণ করা গোলে ৬-১ ব্যবধানে জয় পায় কাতালানরা।

    ম্যাচ শেষে কোচ হানসি ফ্লিক বলেন, “রাশফোর্ড আজ অসাধারণ খেলেছে। নয় নম্বরের ভূমিকায় খেলা সহজ নয়, কিন্তু সে শতভাগ দিয়েছে—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

    এই জয়ে ৩ ম্যাচে ২ জয় নিয়ে ৬ পয়েন্টসহ লিগ টেবিলের নবম স্থানে উঠেছে বার্সেলোনা। অন্যদিকে, এখনো জয়বিহীন অলিম্পিয়াকোস অবস্থান করছে ৩২তম স্থানে।

  • ম্যানসিটি ছেড়ে সাময়িকভাবে লেভারকুসেনে ‘ছোট মেসি’

    ম্যানসিটি ছেড়ে সাময়িকভাবে লেভারকুসেনে ‘ছোট মেসি’

    ২০২৫-২০২৬ পুরো মৌসুমের জন্য ক্লদিও এচেভেরিকে ধারে জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার লেভারকুসেনের হয়ে খেলতে দিয়েছে ম্যানচেস্টার সিটি। গতকাল বৃহস্পতিবার ‘জুনিয়র মেসি’ নামে খ্যাত আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ধার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

    ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন’ জানিয়েছে, এটি সরাসরি লোন চুক্তি, যেখানে চুক্তি স্থায়ী করার কোনো বাধ্যবাধকতা নেই।

    বরুসিয়া ডর্টমুন্ড, লাজিও এবং জিরোনাও এচেভেরিকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তবে শেষ পর্যন্ত আর্জেন্টাইন কিশোরকে পায়নি এই ক্লাবগুলো। ১৯ বছর বয়সী এই তরুণ ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ম্যানেজার এরিক টেন হ্যাগের অধীনে লেভারকুসেনে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

    ২০২৪ সালের জানুয়ারিতে এচেভেরির সঙ্গে সাড়ে চার বছরের চুক্তি করেছিল ম্যানসিটি। পায়ের জাদুতে মুগ্ধ হয়ে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে তাকে তুলে আনে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

    ম্যানসিটিতে যোগ দিলেও ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত রিভার প্লেটের হয়ে ধারে খেলেছিলেন এচেভেরি।

    ২০২৫ সালের ১৭ মে এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসের ম্যাচ দিয়ে ম্যানসিটিতে অভিষেক হয় এচেভেরির। ওই ম্যাচের ৭৬ মিনিটে ওমর মারমুশের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। গেল জুলাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপেও সিটির হয়ে খেলেন আর্জেন্টাইন এই কিশোর তারকা।

    এছাড়া আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ স্তরে খেলেছেন এচেভেরি।

     

  • ওয়েস্ট হ্যামকে ৫-১ গোলে হারালো চেলসি

    ওয়েস্ট হ্যামকে ৫-১ গোলে হারালো চেলসি

    ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২০২৬ মৌসুমটা ভালোভাবে শুরু করতে পারেনি চেলসি। মৌসুমের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচেই ব্লুজরা প্রমাণ দিয়েছে, তারা যে বিশ্ব চ্যাম্পিয়ন ক্লাব।

    গতকাল শুক্রবার মৌসুমের দ্বিতীয় ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। দলের অন্যতম প্রধান তারকা কোল পালমার না থাকলেও নবাগত ফুটবলাররা এই জয়ে বড় অবদান রেখেছেন।

    লন্ডন স্টেডিয়ামে দুর্দান্ত জয়ে ২০২১ সালের ডিসেম্বরের পর প্রথমবারের মতো লিগ টেবিলের শীর্ষে উঠেছে চেলসি।

    হুয়াও পেদ্রো, পেদ্রো নেটো, এনজো ফার্নান্দেজ, ময়েসেস কাইসেডো ও ত্রেভো চালোবাহ গোল করে চেলসিকে দারুণ জয় এনে দেন। যদিও ম্যাচের শুরুতে ব্রাজিলিয়ান তারকা লুকাস পাকেতার চমকপ্রদ শটে ওয়েস্ট হ্যাম এগিয়ে গিয়েছিল। তবে এরপর আর তারা দাঁড়াতে পারেনি।

    এটি হয়তো চেলসির সাময়িক সময়ের জন্য শীর্ষস্থান দখল। কারণ বাকি ১৮ দল এখনো মাত্র একটি করে ম্যাচ খেলেছে। তবুও এক বিলিয়ন পাউন্ডের বেশি খরচের পর প্রথমবার চেলসির শীর্ষে ওঠাটা প্রতীকী গুরুত্ব বহন করে। অন্যদিকে ওয়েস্ট হ্যাম নেমে গেছে টেবিলের একেবারে তলায়।

    ম্যাচের ৬ মিনিটে পাকেতার দারুণ এক শটে হঠাৎ করেই লিড নেয় ওয়েস্ট হ্যাম। তার শটটি বাঁক খেয়ে ও ডিপ করে জালে জড়িয়ে যায়। তাকিয়ে থাকা ছাড়া চেলসি গোলকিপার রবার্ট সানচেজ আর কিছুই করতে পারেননি।

    ৯ মিনিট পরেই সমতা ফেরায় চেলসি। নেটোর কর্নার থেকে কুকুরেল্লার ফ্লিক হেডে বল পান হুয়াও পেদ্রো, যিনি নতুন ক্লাবের হয়ে তার প্রথম প্রিমিয়ার লিগ গোল করেন।

    একটু পরই জালে বল ফেলেন ওয়েস্ট হ্যামের নিকলাস ফুলক্রুগ। তখন ওয়েস্ট হ্যাম ভেবেছিল, তারা আবারও এগিয়ে গেছে। কিন্তু ভিএআরে অফসাইড ধরা পড়লে গোলটি বাতিল হয়ে যায়।

    উল্টো ২৩ মিনিটে এগিয়ে যায় চেলসি। পাকেতা বল হারালে পেদ্রো ক্রসে তুলে দেন নেটোর উদ্দেশ্যে, যিনি ফাঁকায় থেকে ভলিতে গোল করেন।

    প্রথমার্ধের শেষ দিকে ১৮ বছর বয়সী এস্তেভাওয়ের অ্যাসিস্ট থেকে গোল করেন আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ। প্রায় ফাঁকা পোস্টে গোল করেন তিনি।

    দ্বিতীয়ার্ধের শুরুতে ওয়েস্ট হ্যামের নতুন গোলকিপার ম্যাডস হারমানসেনের ভুলে চতুর্থ গোল পায় চেলসি। তিনি কর্নার বল ঠেকাতে ব্যর্থ হলে সুযোগ পেয়ে গোল করেন কাইসেডো।

    শেষ দিকে আরও একবার হারমানসেনের ভুলে পঞ্চম গোল হজম করে ওয়েস্ট হ্যাম। কর্নার থেকে বল হেডে জালে জড়িয়ে দেন চালোবাহ। ম্যাচের শেষ দিকে হতাশ ওয়েস্ট হ্যাম সমর্থকেরা মাঠে ঢুকে পড়েন। যা অপমানজনক রাতের প্রতীক হয়ে থাকবে বহুদিন।

     

  • সাবিনা-সুমাইয়ার হ্যাটট্রিক, গোল পেলেন ঋতুপর্ণাও

    সাবিনা-সুমাইয়ার হ্যাটট্রিক, গোল পেলেন ঋতুপর্ণাও

    মিয়ানমার থেকে এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট খেলে দেশে ফিরে পরের দিনই ভুটান ফিরে যান ঋতুপর্ণা ও মনিকা চাকমা। আজ তাদের ক্লাব পারো এফসির ম্যাচ ছিল। সেই ম্যাচে গেলেফু স্পোর্টস ক্লাবকে ১২-১ গোলে হারিয়েছে তারা।

    পারো এফসিতে খেলেন বাংলাদেশের সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও সুমাইয়া। আজকের ম্যাচে সাবিনা সর্বোচ্চা চারটি গোল করেছেন। সুমাইয়া হ্যাটট্রিক, ঋতুপর্ণা ও মনিকা একটি করে গোল করেন। বাকি তিন গোল করেন ভুটানের স্থানীয় ফুটবলাররা।

    বাংলাদেশের ফুটবলার সুমাইয়া ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। ম্যাচ সেরার পুরস্কার পেয়ে সুমাইয়া বলেন, ‘আমার এই পারফরম্যান্সের সব কৃতিত্ব টিমমেটদের। এই ট্রফি ক্লাবকে উৎসর্গ করছি। আমি ধারাবাহিকভাবে ভালো খেলতে চাই।’

    বাংলাদেশ ফুটবল দলের বৃটিশ কোচ পিটার বাটলার জাতীয় দলে সাবিনা, কৃষ্ণা, মাসুরা, সুমাইয়া ও সানজিদাকে ডাকেন না। তারা ভুটান লিগে নিয়মিত গোল ও ম্যাচ সেরার স্বীকৃতি পেয়ে আসছেন। যদিও ভুটান লিগের মান ও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।

     

  • মেসি ম্যাজিক চলছেই, টানা পঞ্চম ম্যাচে জোড়া গোল!

    মেসি ম্যাজিক চলছেই, টানা পঞ্চম ম্যাচে জোড়া গোল!

    মেজর লিগ সকারে (এমএলএস) যেন একের পর এক ইতিহাস গড়ে চলেছেন লিওনেল মেসি। বয়স ৩৮ পার হলেও মাঠে তার প্রভাব একটুও কমেনি। বরং ফর্মে আছেন ক্যারিয়ারের এক উড়ন্ত অধ্যায়ে। এমএলএস-এ ইন্টার মায়ামির হয়ে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করার কীর্তি গড়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। আজ ভোরে চেজ স্টেডিয়ামে ন্যাশভিলের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি-ম্যাচজয়ী নায়ক মেসিই।

    আজকের ম্যাচে মেসির প্রথম গোলটি আসে ১৭তম মিনিটে একটি ফ্রি কিক থেকে। অসাধারণ নিখুঁত শটে মানব দেয়ালের ফাঁক গলে এবং গোলকিপারের নিকটবর্তী পোস্ট দিয়ে বল জালে জড়ান তিনি। এই গোলের মধ্য দিয়ে মেসির ফ্রি কিক গোল সংখ্যা দাঁড়ায় ৬৯—ফ্রি কিকে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। পেছনে ফেলেছেন ব্রাজিলের মার্কোস আসুনসিওকে (৬৮)। মেসির সামনে এখন শুধু রয়েছেন জুনিনিও (৭২), রবার্তো দিনামাইট (৭৫) ও মার্সেলিনো কারিওকা (৭৮)।

    মেসির দ্বিতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৬২তম মিনিটে। ন্যাশভিল গোলকিপার জো উইলিসের একটি ভুল পাস ধরেই বল পেয়ে যান মেসি, যা থেকে সহজেই গোল করেন তিনি।

    ন্যাশভিল অবশ্য একটি গোল শোধ দেয় ম্যাচের ৪৯তম মিনিটে, হ্যানি মুখতারের পা থেকে। তবে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি।

    এই ম্যাচসহ সর্বশেষ পাঁচটি এমএলএস ম্যাচেই জোড়া গোল করেছেন মেসি। এর আগে তিনি মন্ট্রিয়ল (দুইবার), কলম্বাস ও নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। এমএলএসে টানা পাঁচ ম্যাচে এমন কীর্তি কারও ছিল না আগে।

    এই জয়ের পর ইন্টার মায়ামি ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে আছে। ন্যাশভিল তিন ম্যাচ বেশি খেলে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৪৩ (২২ ম্যাচে)।

     

  • রিয়েলকে চার গোলে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

    রিয়েলকে চার গোলে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

    বেহাল রিয়াল মাদ্রিদ। এক হালি গোল খেয়ে বসলো লস ব্লাঙ্কোস মেটলাইফ স্টেডিয়ামে তিন মিনিটের ঝড়ে ওলট-পালট হয়ে গেলো কিলিয়ান এমবাপেরা। সেমিফাইনালে রিয়ালকে ৪-০ গোলে হারিয়ে প্রথমবার ফাইনালে পিএসজি। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পারিসিয়ানদের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট চেলসি।

    চ্যাম্পিয়ন্স লিগে জিতে ক্লাব বিশ্বকাপ খেলতে নেমেছিল পিএসজি। তারকাখচিত দলের তকমা ঝেড়ে ফেলে তারা এবার আরও শক্তিশালী। ক্লাব বিশ্বকাপে তারা বায়ার্ন মিউনিখ, ইন্টার মায়ামি, আতলেতিকো মাদ্রিদের মতো দলকে হারিয়েছে। এবার রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদকে দাঁড়াতেই দেয়নি পিএসজি।

    পিএসজি ছেড়ে কিলিয়ান এমবাপে যোগ দিলেন রিয়ালে, সেই দলটা এবার কাটালো ট্রফিশূন্য সিজন অন্যদিকে, পিএসজি জিতে নিলো প্রথম ইউসিএল শিরোপা, ফরাসি ম্যাজিশিয়ানের রিইউনিয়ের ম্যাচে রিয়ালকে তারই সাবেক ক্লাবটা হারালো ৪-০ গোলের বড় ব্যবধানে। পোড়া কপাল বোধহয় একেই বলে।

    ২০২৪-২৫ সিজনে পিএসজির কি হলো কে জানে? যে দলই ওদের সামনে এসেছে, পুড়ে হয়েছে ছারখার। ইন্টার মিলানকে ফাইনালে ৫-০ গোলের ব্যবধানে হারিয়ে এবার রিয়েলকে দিলো ৪টা। শাভির আন্ডারে রিয়াল ছুটছে নতুন গতিতে এমনটা ভেবেছিলো যারা তাদেরকেই যেন চরম বাস্তবতার সামনে দাড় করিয়ে দিলো এনরিকের মাস্টারপ্ল্যান। বুঝিয়ে দিলো দিল্লি বহু দূর।

    ম্যাচের একেবারে শুরু থেকেই আক্রমণাত্মক পিএসজি। প্রথম চার মিনিটে দুর্দান্ত দুটি সেভ করে করে দলকে বাঁচালেন থিবো কোর্তোয়া। তবে ডিফেন্ডারদের ব্যর্থতায় কুল হারায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬-৯ এই তিন মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে বসে লস ব্লাঙ্কোস।

    ফাবিয়ান রুইজের গোরৈ লিড নিয়ে নেয় পিএসজি। শুরু ধাক্কা সামাল না দিতেই রুডিগারের ভুলে স্কোর শিটে নাম তোলেন ওসমান দেম্বেলে। দুই গোলের লিড নিয়ে বসে এনরিকের শিষ্যরা। খানিক বাদেই আবারো সিনে আসেন ফাবিয়ান রুইজ। এই স্প্যানিয়ার্ডের কাছেই যেন খেই হারালো স্প্যানিশ জায়ান্টরা।

    কামব্যাক মাস্টার খ্যাত রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে গোল শোধ করতে পারেনি একটাও। পারিসিয়ানরা রীতিমতো বোতলবন্দি করে ফেলেছিলো রিয়েল মাদ্রিদকে। দ্বিতীয়ার্ধেও চিত্রটা একই। ম্যাচ জুড়ে পারিসিয়ানরা যেখানের বল পজেশন ধরে রেখেছে ৬৮ শতাংশ সেখানে রিয়েল ৩২ শতাংশ।

    ফাবিয়ান রুইজের বিগ চান্স ক্রিয়েট করেছে পাঁচটা যার মধ্যে চারটিই কনভার্ট হয়েছে গোলে। অন্যদিকে, পুরো নব্বই মিনিটে রিয়েল মাদ্রিদ কোনো চান্সই ক্রিয়েট করতে পারেনি। পিএসজি গোল মুখে শট নিয়েছে ৭টি, রিয়েল নিতে পেরেছে মোটে ২টি। আগুনে পারফর্ম করে পাঁচবারের চ্যাম্পিয়নদের হারিয়ে প্রথমবার ফাইনালে পিএসজি।

    রিয়ালের দুই সেরা তারকা যেন নিজেদের হারিয়ে খুঁজেছেন প্রতিমুহূর্তে। বিধ্বস্ত হওয়ার রাতে কিলিয়ান এমবাপের পুরো নব্বই মিনিটে অন টার্গেট শট নিতে পারে মোটে একটি। অন্যদিকে ৬৭ মিনিট খেলে ঠিকঠাক একটাও শট নিতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়র।

    রিয়াল পারলো না, বুক ভরা কষ্ট নিয়ে গুডবাই বললেন, লুকাস ভাসকেজ আর লুকা মদ্রিচ। ১৩ বছরের লম্বা জার্নিতে মদ্রিচ ৫৯৭ ম্যাচ খেলেছেন, ৪৩ গোলের সাথে আছে ৯৫ টা অ্যাসিস্ট, ৬টা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, ৪টা লালিগা শিরোপা, ২০১৮ জিতেছিলেন ব্যালন ডি অর। ক্লাবের হয়ে তার কাছে ধরা দিয়েছে সব প্রাপ্তি তবুও লুকা মদ্রিচের শেষটা হলো দুঃখে মোড়ানো। সব গল্পের বোধহয় হয় না হ্যাপি এন্ডিং।

     

  • নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

    নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

    বাংলাদেশ নারী ফুটবল দল ২০২৬ সালের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    আজ বুধবার নারী ফুটবল দলের উদ্দেশে এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের। এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ। তিনি আশা প্রকাশ করেন, এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে।

    সূত্র বাসস

  • এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মত নারী বাংলাদেশ

    এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মত নারী বাংলাদেশ

    প্রথমবারের মত নারী এশিয়ান কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেছ বাংলাদেশ দল।

    বাছাই পর্বে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বিকেলে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। কারণ ২ ম্যাচে ২ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল টাইগ্রেসরা।

    এরপর সন্ধ্যার ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় ‘সি’ গ্রুপ থেকে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত হয় বাংলাদেশের।

    ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ানমার। ২ ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তানের ১ করে পয়েন্ট আছে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতলেও বাংলাদেশকে টপকে যাবার সুযোগ নেই বাহরাইন ও তুর্কমেনিস্তানের।

    তবে শেষ ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট স্পর্শ করার সুযোগ আছে মিয়ানমারের। টুর্নামেন্টের নিয়মানুযায়ী পয়েন্ট সমান হলে মুখোমুখি লড়াইয়ে জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে। সেক্ষেত্রে মিয়ানমারের বিপক্ষে জয়ের কারণে বাংলাদেশের মূল পর্ব নিশ্চিত হয়ে গেছে।

    আগামী শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। যা এখন নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে।
    সূত্র বাসস

  • এবার মেসির মায়ামিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

    এবার মেসির মায়ামিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

    ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসির ইন্টার মায়ামি স্বপ্ন দেখেছিল নতুন ইতিহাসের। তবে শেষ পর্যন্ত দুঃস্বপ্নের সঙ্গী হলে তাদের। সাবেক ক্লাব পিএসজি’র বিপক্ষে শেষ ষোলোতে ৪-০ গোলের বড় হারে বিদায় নিতে হলো আর্জেন্টাইন মহাতারকার দলটিকে।

    রোববার (৩০ জুন) রাতের মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে এই ম্যাচে মেসি ছিলেন মাঠে, ছিলেন তাঁর পুরনো সতীর্থ সার্জিও বুসকেটস, জর্ডি আলবারাও। কিন্তু তাতে কিছুই হলো না। খেলা শুরুর মাত্র ছয় মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে মায়ামি। এরপর একে একে আরও তিনবার জাল কাঁপায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

    প্রথম ৪৫ মিনিটে পিএসজির আক্রমণভাগের খেলোয়াড়দের গতি ও স্কিলের সামনে অসহায় দেখাচ্ছিল ইন্টার মায়ামির রক্ষণভাগকে। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে তারা মিয়ামির রক্ষণকে। ম্যাচের ৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় পিএসজি। বাঁ দিক থেকে আশরাফ হাকিমির বাড়ানো ক্রসে জোরালো শটে গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস। এর ঠিক পরেই ফের আক্রমণে ওঠে পিএসজি। তবে গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় বেশ কিছুক্ষণ। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এবার নিচু শটে মায়ামি গোলরক্ষককে পরাস্ত করেন নেভেস।

    দুই গোলে পিছিয়ে পড়ে কিছুটা গুটিয়ে যায় মায়ামি। তবে পিএসজির আক্রমণের ধার তাতে কমেনি। ম্যাচের ৪৪ মিনিটে স্কোরলাইন ৩-০ হয়ে যায় আত্মঘাতি গোলে। প্রথমার্ধের শেষ মিনিটে ফিরতি বল টোকা মেরে পিএসজির হয়ে চতুর্থ গোলটি করেন হাকিমি।

    বিরতির পর ইন্টার মায়ামি কিছুটা গুছিয়ে খেলার চেষ্টা করে। মাঝমাঠে লিওনেল মেসি কিছুটা সক্রিয় হলেও পিএসজির জমাট রক্ষণ ভেদ করতে ব্যর্থ হন তিনি ও তার সতীর্থরা। দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কিছু খেলোয়াড় পরিবর্তন করে। ম্যাচের ৬১ মিনিটে জোয়াও নেভেসের বদলি হিসেবে মাঠে নামেন উসমান দেম্বেলে। আরও কিছু সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়েনি। কোয়ার্টার ফাইনালে পিএসজির প্রতিপক্ষ হবে ফ্লামেঙ্গো অথবা বায়ার্ন মিউনিখ।

  • মেসিকে বিয়ের প্রস্তাব দিলেন ৯৮ বছর বয়সী নারী

    মেসিকে বিয়ের প্রস্তাব দিলেন ৯৮ বছর বয়সী নারী

    খেলাধুলায় ভক্তদের এমন আচরণ নতুন কিছু না। ১৯৯৮ সালে ইন্ডিপেনডেন্স কাপের শহীদ আফ্রিদির প্রতি এক ভক্তের সেই আহ্বানের আগেও এমন ঘটনা ঘটেছে, পরেও ঘটেছে। এখন তো ব্যাপারটা অনেকটাই ডাল-ভাতের মতো। পছন্দের তারকা খেলোয়াড়ের প্রতি কারও এমন আহ্বান দেখে এখন আর আগের মতো কেউ হয়তো গা করেন না। কিন্তু লিওনেল মেসির সঙ্গে যেটা ঘটেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তা ভাইরাল।

    মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গত পরশু বাংলাদেশ সময় সকালে পালমেইরাসের সঙ্গে ২-২ গোলে ড্র করে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠে ইন্টার মায়ামি। এ ম্যাচে গ্যালারিতে ৯৮ বছর বয়সী এক বৃদ্ধা মেসিকে প্ল্যাকার্ডে বিয়ের প্রস্তাব দেন। প্ল্যাকার্ডে লিখে আনেন, ‘মেসি উইল ইউ ম্যারি মি?’

    ম্যাচের বিরতির সময় মাঠে ছিলেন মেসি। তখন সেই বৃদ্ধা গ্যালারি থেকে মায়ামি তারকার প্রতি প্ল্যাকার্ডটি উঁচিয়ে ধরে তাঁকে ডেকেছেন এবং বিয়ের কথাও বলেছেন। আর্জেন্টাইন কিংবদন্তিও দূর থেকে ইতিবাচকভাবে মিষ্টি হাসিতে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে হাতের ইশারায় তাঁকে প্ল্যাকার্ডটি নামিয়ে নেওয়ার ইঙ্গিত করেন।

    সংবাদমাধ্যম জানিয়েছে, ৯৮ বছর বয়সী ওই বৃদ্ধার নাম পলিন কানা। যুক্তরাষ্ট্রের এই ক্রীড়াপ্রেমী নারী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব। খেলাধুলার বড় ইভেন্টে নাতি রস স্মিথের ভিডিওতে দেখা যায় তাঁকে।

    রস সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার, তাঁর মজার সব টিকটক ভিডিওতেও পলিনকে অংশ নিতে দেখা যায়। টিকটকে ২ কোটি ৩০ লাখ অনুসারী রয়েছে রস স্মিথের। সামাজিক যোগাযোগমাধ্যমে পলিনকে অনেকেই ‘গ্রানি স্মিথ’ নামে ডাকেন। এনএফএল এবং ডব্লুডব্লুইর ম্যাচেও দুজনকে ভিডিওতে অংশ নিতে দেখা গেছে।

    মেসিকে পলিনের বিয়ের প্রস্তাবের এই ছবি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মজার সব মন্তব্য করেছেন। ইনস্টাগ্রামে একজন লিখেছেন, ‘তার (পলিন) প্রতিদ্বন্দ্বিতায় আন্তোনেল্লাও পারবে না।’ বেশির ভাগই পলিনের উৎসাহ ও মজা করার মানসিকতার প্রশংসা করেছেন।

    আন্তোনেল্লা রোকুজ্জো মেসির স্ত্রী। প্রেমের পরিণতি হিসেবে ২০১৭ সালে বিয়ে করেন দুজন। তাঁদের তিনটি সন্তান আছে।