চ্যাম্পিয়নস লিগে গোলের ঝড়ে অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ফারমিন লোপেজ করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক, আর জোড়া গোল পেয়েছেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড।
ম্যাচের সপ্তম মিনিটেই লোপেজের গোলে এগিয়ে যায় বার্সা। ৩৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান তিনি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে অলিম্পিয়াকোসের মরক্কোর ফরোয়ার্ড আইয়ুব এল কাবিই গোল করলেও তাতে খুব একটা লাভ হয়নি।
৬৬ মিনিটে লামিনে ইয়ামালের পেনাল্টি থেকে গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় বার্সেলোনা। এরপর ৭৪ ও ৭৯ মিনিটে রাশফোর্ডের পরপর দুই গোল এবং লোপেজের হ্যাটট্রিক পূর্ণ করা গোলে ৬-১ ব্যবধানে জয় পায় কাতালানরা।
ম্যাচ শেষে কোচ হানসি ফ্লিক বলেন, “রাশফোর্ড আজ অসাধারণ খেলেছে। নয় নম্বরের ভূমিকায় খেলা সহজ নয়, কিন্তু সে শতভাগ দিয়েছে—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
এই জয়ে ৩ ম্যাচে ২ জয় নিয়ে ৬ পয়েন্টসহ লিগ টেবিলের নবম স্থানে উঠেছে বার্সেলোনা। অন্যদিকে, এখনো জয়বিহীন অলিম্পিয়াকোস অবস্থান করছে ৩২তম স্থানে।