মেজর লিগ সকারে (এমএলএস) যেন একের পর এক ইতিহাস গড়ে চলেছেন লিওনেল মেসি। বয়স ৩৮ পার হলেও মাঠে তার প্রভাব একটুও কমেনি। বরং ফর্মে আছেন ক্যারিয়ারের এক উড়ন্ত অধ্যায়ে। এমএলএস-এ ইন্টার মায়ামির হয়ে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করার কীর্তি গড়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। আজ ভোরে চেজ স্টেডিয়ামে ন্যাশভিলের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি-ম্যাচজয়ী নায়ক মেসিই।
আজকের ম্যাচে মেসির প্রথম গোলটি আসে ১৭তম মিনিটে একটি ফ্রি কিক থেকে। অসাধারণ নিখুঁত শটে মানব দেয়ালের ফাঁক গলে এবং গোলকিপারের নিকটবর্তী পোস্ট দিয়ে বল জালে জড়ান তিনি। এই গোলের মধ্য দিয়ে মেসির ফ্রি কিক গোল সংখ্যা দাঁড়ায় ৬৯—ফ্রি কিকে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। পেছনে ফেলেছেন ব্রাজিলের মার্কোস আসুনসিওকে (৬৮)। মেসির সামনে এখন শুধু রয়েছেন জুনিনিও (৭২), রবার্তো দিনামাইট (৭৫) ও মার্সেলিনো কারিওকা (৭৮)।
মেসির দ্বিতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৬২তম মিনিটে। ন্যাশভিল গোলকিপার জো উইলিসের একটি ভুল পাস ধরেই বল পেয়ে যান মেসি, যা থেকে সহজেই গোল করেন তিনি।
ন্যাশভিল অবশ্য একটি গোল শোধ দেয় ম্যাচের ৪৯তম মিনিটে, হ্যানি মুখতারের পা থেকে। তবে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি।
এই ম্যাচসহ সর্বশেষ পাঁচটি এমএলএস ম্যাচেই জোড়া গোল করেছেন মেসি। এর আগে তিনি মন্ট্রিয়ল (দুইবার), কলম্বাস ও নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। এমএলএসে টানা পাঁচ ম্যাচে এমন কীর্তি কারও ছিল না আগে।
এই জয়ের পর ইন্টার মায়ামি ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে আছে। ন্যাশভিল তিন ম্যাচ বেশি খেলে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৪৩ (২২ ম্যাচে)।