সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা Saudia তাদের বহরে প্রথম Airbus A321XLR যুক্ত করেছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে প্রথম এয়ারলাইন হিসেবে এই অতিদূর-পাল্লার ন্যারো-বডি বিমান গ্রহণের রেকর্ড গড়েছে সংস্থাটি।
এই সংযোজন সৌদিয়ার বহর সম্প্রসারণ কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ এবং উন্নত প্রযুক্তির বিমান ব্যবহারের মাধ্যমে অপারেশনাল দক্ষতা, যাত্রীসেবা ও পরিবেশগত স্থায়িত্ব বৃদ্ধির প্রতিশ্রুতির প্রতিফলন।
৮,৭০০ কিলোমিটার পর্যন্ত উড্ডয়ন সক্ষমতা এবং প্রায় নয় ঘণ্টার ফ্লাইট পরিসর নিয়ে এ৩২১এক্সএলআর সৌদিয়াকে দীর্ঘ আন্তর্জাতিক রুট পরিচালনায় অধিক নমনীয়তা দেবে। একই সঙ্গে ন্যারো-বডি বিমানের জ্বালানি দক্ষতা বজায় রেখে যাত্রীদের উন্নত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবে।
নতুন বিমানটি “দ্য নিউ সৌদিয়া এক্সপেরিয়েন্স” কর্মসূচির অংশ হিসেবে চালু করা হয়েছে। এতে ২৪টি বিজনেস ক্লাস স্যুইট এবং ১২০টি ইকোনমি ক্লাস আসন রয়েছে। যাত্রীদের জন্য উন্নত সিট ডিজাইন, ১৩ ইঞ্চির ব্যক্তিগত বিনোদন স্ক্রিন এবং চার্জিং পোর্টের সুবিধা রাখা হয়েছে।
এছাড়া বিমানটিতে উচ্চগতির ইন-ফ্লাইট ইন্টারনেট সুবিধা থাকবে, যার মাধ্যমে যাত্রীরা ব্রাউজিং, লাইভ স্ট্রিমিং, ভার্চুয়াল মিটিং এবং বিভিন্ন ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। বিজনেস ক্লাস যাত্রীরা ইন-ফ্লাইট শেফ সেবার আওতায় ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সৌদি ও আন্তর্জাতিক খাবার উপভোগের সুযোগ পাবেন।
বাংলাদেশি যাত্রীদের জন্য এই বহর আধুনিকায়ন বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে হজ, ওমরাহ, ব্যবসা ও প্রবাসী যাত্রী পরিবহনে উন্নত সংযোগ প্রতিষ্ঠায় এটি সহায়ক হবে। বিশেষ করে দীর্ঘ দূরত্বের যাত্রায় বাড়তি আরাম, উন্নত কানেক্টিভিটি এবং অধিক ভ্রমণ নমনীয়তা নিশ্চিত করবে নতুন বিমান।
সৌদিয়া গ্রুপের মহাপরিচালক Ibrahim Al Omar বলেন, “এ৩২১এক্সএলআরের ডেলিভারি সৌদিয়ার চলমান রূপান্তর অভিযাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক। আমাদের লক্ষ্য শুধু বহরের সক্ষমতা বৃদ্ধি নয়, বরং এমন বিমান ও প্রযুক্তিতে বিনিয়োগ করা যা প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদার করবে এবং সৌদি আরবের এভিয়েশন ভিশন বাস্তবায়নে সহায়তা করবে।”
তিনি বলেন, “‘দ্য নিউ সৌদিয়া এক্সপেরিয়েন্স’ উদ্যোগের মাধ্যমে উন্নত অনবোর্ড পণ্য, সেবার মান এবং অপারেশনাল দক্ষতাকে একত্রিত করা হয়েছে, যা যাত্রীদের জন্য নতুন মানদণ্ড স্থাপন করবে।”
সৌদিয়া ২০২৭ সালের মধ্যে আরও ১৫টি এ৩২১এক্সএলআর বিমান বহরে যুক্ত করার পরিকল্পনা করেছে। এসব বিমান পর্যটন, ব্যবসা, আন্তর্জাতিক ইভেন্ট এবং হজ-ওমরাহ যাত্রী পরিবহনে নেটওয়ার্ক সম্প্রসারণে ভূমিকা রাখবে এবং Saudi Vision 2030 বাস্তবায়নে সহায়তা করবে।
সৌদিয়া সম্পর্কে
১৯৪৫ সালে প্রতিষ্ঠিত Saudia বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ বিমান সংস্থা। এয়ারলাইনটি ১৪৯টি আধুনিক বিমানের বহর পরিচালনা করছে এবং চার মহাদেশে প্রায় ১০০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে।
সংস্থাটি International Air Transport Association, Arab Air Carriers Organization এবং SkyTeam-এর সদস্য।
সাম্প্রতিক বছরগুলোতে সৌদিয়া আন্তর্জাতিক স্বীকৃতিও অর্জন করেছে। ২০২৫ সালে স্কাইট্র্যাক্সের “সেরা এয়ারলাইন কর্মী সেবা” পুরস্কার লাভের পাশাপাশি ২০২৬ সালের এপেক্স ওয়ার্ল্ড ক্লাস অ্যাওয়ার্ডসে টানা পঞ্চমবারের মতো “ওয়ার্ল্ড ক্লাস এয়ারলাইন” এবং দ্বিতীয়বারের মতো “সেরা সেবা ও যাত্রী অভিজ্ঞতা” সম্মাননা অর্জন করেছে।