যুক্তরাষ্ট্রে এখন থেকে হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকা হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সমাবেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হলে তেলের দাম কমবে এবং তার দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র বর্তমানে হরমুজের বাণিজ্যিক চলাচল নিয়ন্ত্রণ করছে। এ কারণে জলপথটির নাম ‘ট্রাম্প প্রণালি’ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালিকে এখন থেকে ট্রাম্প প্রণালি বলা উচিত। এই যুদ্ধ থেকে আমারও কিছু পাওয়া উচিত।’ একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান ‘ভেঙে পড়ছে’ এবং মধ্যপ্রাচ্যে দেশটির দীর্ঘদিনের প্রভাবের অবসান ঘটছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি দাবি করেছিলেন, জলপথটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।

হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও অন্যান্য জ্বালানি পণ্য পরিবহন করা হয়। চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে এবং এর প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়ছে।

ট্রাম্প এর আগে মেক্সিকো উপসাগরের নাম ‘গালফ অব আমেরিকা’ এবং লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ করার উদ্যোগ নিয়েছেন। হরমুজ প্রণালির নাম পরিবর্তনের প্রস্তাবও তার ভূগোলভিত্তিক নাম পরিবর্তনের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে আন্তর্জাতিকভাবে পরিচিত ভৌগোলিক নাম পরিবর্তনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ঘোষণাই যে স্বয়ংক্রিয়ভাবে বিশ্বব্যাপী কার্যকর হবে, এমন নয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *