বিচার পেয়েছেন বলে মন্তব্য রামিসার বাবার, চান দ্রুত দণ্ড কার্যকর

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা। একই সঙ্গে তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল-এর বিচারক মাসরুর সালেকীন আলোচিত মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রামিসার বাবা।

তিনি বলেন, “আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। এই রায়ে আমাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আমি শতভাগ সন্তুষ্ট। এখন আমরা চাই, এই রায় দ্রুত কার্যকর করা হোক।”

আব্দুল হান্নান মোল্লা আরও বলেন, “নির্ধারিত সময়ের মধ্যেই আমরা কাঙ্ক্ষিত বিচার পেয়েছি। বিচারক, পুলিশ প্রশাসন, গণমাধ্যমকর্মী এবং দেশের যেসব মানুষ কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।”

তিনি বলেন, “আমার মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আদালত যে রায় দিয়েছেন, সেটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়—এটাই আমাদের একমাত্র প্রত্যাশা।”

এর আগে আদালত সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও প্রদান করেন। বহুল আলোচিত এ মামলার তদন্ত, অভিযোগপত্র, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্কসহ পুরো বিচারিক কার্যক্রম মাত্র ১৭ দিনের মধ্যে সম্পন্ন হয়।

ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় ভুক্তভোগী পরিবারসহ বিভিন্ন মহল সন্তোষ প্রকাশ করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *