রাজধানীতে পাগলকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গেন্ডারিয়ায় ভাসমান এক পাগলকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে আব্দুল মান্নান (২৮) নামে যুবক নিহত হয়েছেন। রবিবার (৭ জুন) দুপুর পৌনে ১টার দিকে গেন্ডারিয়ার দয়াগঞ্জ নতুন রাস্তার ঢালে ঘটনাটি ঘটে।

ছুরিকাঘাতে গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক বিকেল সোয়া ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।মান্নান শরিয়তপুরের জাজিরা উপজেলার সূর্যমনি বাজার গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। তিনি দয়াগঞ্জ এলাকায় থাকতেন।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, দয়াগঞ্জ নতুন রাস্তার ঢালে এক ভাসমান পাগলকে রাজন ওরফে বাঘা নামে এক যুবক মারধর করতে যায়। আব্দুল মান্নান বিষয়টি দেখে প্রতিবাদ করে। এ নিয়ে তাদের দুজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় রাজনের ভাই মহসিন এসে মান্নানকে ছুরি মারার ভয় দেখায়।

ওসি আরো জানান, এক পর্যায়ে ছুরি দিয়ে মান্নানের বাম উরুতে আঘাত করে তারা পালিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহতের ভগ্নিপতি আমির হোসেন জানান, মান্নান রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। দুপুরে ওই এলাকার রাজন ওরফে বাঘা ও তার ভাই মহসিন দয়াগঞ্জ নতুন রাস্তার ঢালে তাকে মারধর ও ছুরিকাঘাতে হত্যা করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *