ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা

ব্যভিচার ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি খালাস পেয়েছেন।

বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-এর বিচারক জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা সুলতানা তাম্মির সঙ্গে রাকিব হাসানের বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। পরবর্তীতে ২০২১ সালে তামিমার সঙ্গে নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে।

বাদীপক্ষের দাবি ছিল, পূর্ববর্তী বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে শেষ না করেই তামিমা নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় ও প্রচলিত আইনের পরিপন্থী। এছাড়া নাসিরের বিরুদ্ধে অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করার অভিযোগও আনা হয়।

মামলাটি দণ্ডবিধির ৪৯৭ (ব্যভিচার), ৫০০ (মানহানি) এবং ৩৪ ধারায় দায়ের করা হয়েছিল। তবে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিকে খালাস দেন।

এর আগে গত ৬ মে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ১০ জুন দিন ধার্য করেন। শুনানিতে বাদীপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানালেও আসামিপক্ষ তাদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করে।

মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরবর্তীতে ২০২২ সালের ২৪ জানুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। তবে মামলার অপর আসামি তামিমার মা সুমি আক্তারকে আগেই অব্যাহতি দেওয়া হয়েছিল।

এই মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আদালত আজ চূড়ান্ত রায় ঘোষণা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *