রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও পরিবেশ দূষণ কমাতে দ্রুততম সময়ের মধ্যে আরও ৫০টি স্পটে স্বয়ংক্রিয় (অটোমেটিক) ট্রাফিক লাইট স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৮ জুলাই) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
বৈঠকে বায়ু ও শব্দদূষণ প্রতিরোধ, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদন, যানবাহনের অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার এবং রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার পাশাপাশি হর্ন নিয়ন্ত্রণেও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।