চলে গেলেন তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হক

তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি ও বিশিষ্ট আলেম মাওলানা এহসানুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (২ সেপ্টেম্বর) তাঁর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ে। তাঁর মৃত্যুতে পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের তাবলিগ জামাতের সাথী, আলেম-উলামা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ আলমি শুরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

মাওলানা এহসানুল হক পাকিস্তানের রায়বেন্ড মারকাজসহ বিশ্বের তাবলিগ জামাতের আলমি শুরার একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। দীর্ঘদিন তিনি রায়বেন্ড মারকাজের প্রবীণ মুরব্বি হিসেবে দাওয়াত ও তাবলিগের মেহনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইলম শিক্ষা, শিক্ষকতা ও দাওয়াতি কার্যক্রমের পাশাপাশি তাবলিগের প্রবীণ মুরব্বিদের সান্নিধ্যে থেকে দীর্ঘ সময় দ্বীনি খেদমতে নিয়োজিত ছিলেন।

পারিবারিকভাবেও মাওলানা এহসানুল হক তাবলিগ জামাতের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি পাকিস্তানের তাবলিগ জামাতের আমির বাবু বশিরের সন্তান ছিলেন। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, তাঁর বাবা তাঁকে দ্বীনের কাজের জন্য উৎসর্গ করেছিলেন।

শিক্ষাজীবনে তিনি ভারতের সাহারানপুরের মাজাহিরুল উলুম মাদরাসায় পড়াশোনা করেন। সেখানে তিনি শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী (রহ.)-এর কাছে হাদিস অধ্যয়ন করেন এবং পরবর্তী সময়ে দীর্ঘদিন তাঁর খেদমতে নিয়োজিত ছিলেন। ছাত্রজীবনেই তাঁর ইলমি ও রুহানি যোগ্যতায় সন্তুষ্ট হয়ে মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী (রহ.) তাঁকে খেলাফত প্রদান করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পড়াশোনা শেষে তৎকালীন আলেমদের তাবলিগে সময় দেওয়ার প্রচলিত রীতি অনুযায়ী তিনি সাত চিল্লার জন্য আল্লাহর রাস্তায় বের হন। পরবর্তী সময়ে ভারতের নিজামুদ্দিন মারকাজের কাশিফুল উলুম মাদরাসায় দীর্ঘদিন শিক্ষকতা করেন। সেখানে তিনি মাওলানা হারুনের সঙ্গেও শিক্ষকতা করেছেন বলে সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানানো হয়েছে।

মাওলানা ইউসুফ (রহ.)-এর ইন্তেকালের পর তিনি পাকিস্তানের রায়বেন্ড মারকাজে চলে আসেন। এরপর ইলম শিক্ষা ও দাওয়াতি মেহনতের পাশাপাশি রায়বেন্ড মারকাজের বিভিন্ন দায়িত্ব পালন করেন। তাবলিগের দাওয়াতি কার্যক্রম বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ছাড়া মাওলানা ইলিয়াস (রহ.)-এর খান্দানের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ ও সুসম্পর্ক ছিল বলে জানা গেছে। দীর্ঘ ইলমি জীবন, প্রবীণ আলেম ও মুরব্বিদের সান্নিধ্য এবং দাওয়াতি মেহনতে অবদানের কারণে তাবলিগের অঙ্গনে মাওলানা এহসানুল হক পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত ছিলেন।

তাঁর ইন্তেকালে দাওয়াত ও তাবলিগের মেহনতে একজন প্রবীণ মুরব্বি ও বিশিষ্ট আলেমকে হারালেন তাঁর দ্বীনি সাথী, অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

আল্লাহ তাআলা মাওলানা এহসানুল হকের ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবার-পরিজন ও দ্বীনি সাথীদের সবরে জামীল দান করুন। আমিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *