লালমনিরহাট সীমান্তে উত্তেজনা, বিএসএফের সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা ব্যর্থ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয় ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২১ জুলাই) সকালে ৬১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক করিমুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে সীমান্ত মেইন পিলার ৮৪৫/১-এস এবং ৮৪৫/২-এস-এর মধ্যবর্তী এলাকায় ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের পানিশালা-১ ক্যাম্পের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় পূর্বে স্থাপিত বাঁশের খুঁটি অপসারণ করে সেখানে প্রায় ৩ থেকে ৪ ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর পঁয়ষট্টিবাড়ি বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এ কার্যক্রমে বাধা দেয়।

বিজিবির তাৎক্ষণিক উপস্থিতি ও কড়া অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা বন্ধ করে পিছু হটতে বাধ্য হয়। ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিহত করতে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং নিয়মিত টহল অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *