‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি পৃথক আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং যৌতুক আইনের অপব্যবহারের মাধ্যমে অনেক ক্ষেত্রে পুরুষরা অপ্রয়োজনীয় হয়রানির শিকার হচ্ছেন। তাই আইনের সমতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়ন প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।
আবেদনকারী আদালতের কাছে জানতে চেয়েছেন, এ ধরনের আইন প্রণয়নে সরকারের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন আদেশের মাধ্যমে সরকারকে নতুন আইন প্রণয়নের নির্দেশ দেওয়ারও আবেদন জানানো হয়েছে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং আইন সচিবকে বিবাদী করা হয়েছে। এখন হাইকোর্ট আবেদনটি গ্রহণ করে রুল জারি বা অন্য কোনো নির্দেশনা দেন কি না, সেদিকেই নজর রয়েছে। আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া।












