সড়ক নিরাপত্তায় কড়াকড়ি, অবৈধ হর্ন ব্যবহারে ছাড় নয়

অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজ বা রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার কিংবা অন্যান্য অননুমোদিত বিকট শব্দের হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মঙ্গলবার (২১ জুলাই) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিএ জানায়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ নম্বর বিধি অনুযায়ী জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো গাড়িতে বহুমুখী, কর্কশ, তীব্র, আকস্মিক বা ভীতিকর শব্দের হর্ন স্থাপন, পুনঃস্থাপন কিংবা ব্যবহার আইনত নিষিদ্ধ। সম্প্রতি বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন ও হুটারের ব্যবহার বেড়ে যাওয়ায় এই নির্দেশনা জারি করা হয়েছে।

সংস্থাটির মতে, এসব অননুমোদিত হর্ন শব্দদূষণ সৃষ্টি করার পাশাপাশি জনদুর্ভোগ বাড়ায় এবং চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি করে। তাই জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য সব ধরনের মোটরযানে এ ধরনের হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ। একই সঙ্গে ভবিষ্যতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান ও আইনি ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *