ভারতে পলাতক কামালসহ অন্যদের ফেরত চেয়ে কূটনৈতিক উদ্যোগ বাংলাদেশের

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (২০ জুলাই) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এ অনুষ্ঠিত এক সেমিনার শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রায়ের অনুলিপিও ভারতকে সরবরাহ করা হয়েছে, যেখানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ভারতে অবস্থানরত অন্যান্য পলাতক ব্যক্তিদের প্রত্যাবর্তনের জন্যও পৃথকভাবে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

একই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক সংহতি, বাণিজ্য, বিনিয়োগ, ব্লু ইকোনমি এবং জনগণকেন্দ্রিক উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সংস্থার অভিন্ন লক্ষ্য অর্জনে সব সদস্য রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ। সেমিনারে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, সংযোগ বৃদ্ধি এবং কার্যকর সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *