ঐক্য ধরে রেখে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো। আপনাদের ছেড়ে যাওয়ার কোনো যুক্তি নেই। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” সোমবার (২০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিক দলগুলোর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের আস্থা ও সমর্থনই যুগপৎ আন্দোলনের সবচেয়ে বড় শক্তি। মতপার্থক্য থাকতে পারে, তবে বিভেদের কোনো সুযোগ নেই। তিনি ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচিকে জনগণের কর্মসূচি উল্লেখ করে তা বাস্তবায়নে সব শরিক দলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

তারেক রহমান আরও বলেন, ১৭ বছরের শাসন শেষে একটি ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা নিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এরপরও অর্থনীতি, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে স্বস্তি ফিরিয়ে আনতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি অভিযোগ করেন, আন্দোলনের সময় অনুপস্থিত থাকা কিছু ‘গুপ্ত’ শক্তি এখন আন্দোলনের কৃতিত্ব দাবি করার চেষ্টা করছে এবং দেশকে বিভক্ত করতে তৎপর রয়েছে। এসব অপচেষ্টা মোকাবিলায় রাজনৈতিক ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন শরিক দলের শীর্ষ নেতারা অংশ নেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *