ঈদ ২০২৭ টার্গেট, নতুন সিনেমা ‘নিঃস্ব’ নিয়ে ফিরছেন শাকিব

‘বরবাদ’ সিনেমার বাণিজ্যিক সাফল্যের পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং নির্মাতা মেহেদী হাসান হৃদয়। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তাদের নতুন সিনেমার নাম ‘নিঃস্ব’। ছবিটিতে শাকিব খানের অভিনয় প্রায় নিশ্চিত হলেও তার বিপরীতে কে নায়িকা হিসেবে থাকবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা মেহেদী হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন সুলতানা সুমির সঙ্গে একটি ছবি শেয়ার করেন শাকিব খান। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “বরবাদ টিম আবার ফিরছে। আবারও ইতিহাস তৈরি করা যাক।” এরপর থেকেই নতুন সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

জানা গেছে, ‘বরবাদ’-এর মতো ‘নিঃস্ব’ সিনেমাটিও প্রযোজনা করবে রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রযোজক শাহরিন সুলতানা সুমি জানিয়েছেন, খুব শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে এবং এরপর শুরু হবে শুটিং।

উল্লেখ্য, ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ ছিল বছরের অন্যতম আলোচিত সিনেমা। নির্মাতাদের দাবি অনুযায়ী, ছবিটি বক্স অফিসে ৭৫ কোটিরও বেশি টাকা আয় করেছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় ‘নিঃস্ব’ নিয়েও দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *