ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
রোববার (২৬ জুলাই) দুপুর ১২টা ৪৬ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাঁদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত এবং পরকালীন শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব খান মো. নূরুল আমীন, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন সকাল ১১টা ৪০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতির দিনের কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর জিয়া উদ্যানে এসে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।