সোনারগাঁওয়ে ফিলিং স্টেশনে বোমাসদৃশ তালাবদ্ধ ব্যাগ নিয়ে আতঙ্ক, আড়াই ঘণ্টার উৎকণ্ঠার পর মিলল পুরনো কাপড়

সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বোমা সন্দেহে তালাবদ্ধ একটি ব্যাগ পড়ে থাকাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার সন্ধ্যা থেকে মধ্যেরাত রাত পর্যন্ত এ আতংক সৃষ্টি হয় ।
উপজেলার কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ইউনাইটেড ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
পুলিশ, র‍্যাব ও পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আড়াই ঘণ্টার অভিযানের পর ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে কোনো বিস্ফোরক নয়; ছিল ছেঁড়া পুরনো কাপড়। এছাড়া  একটি পার্স, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও একটি ডাইভিং লাইসেন্স পাওয়া যায়।
পুলিশ জানিয়েছেন, ব্যাগটি সেখানে ভুলবশত কেউ রেখে গেছে, নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্ক সৃষ্টি করতে রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
জানা যায়, শনিবার সন্ধ্যা ৭ টার দিকে সোনারগাঁওয়ে কাঁচপুরের নয়াবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ইউনাইটেড ফিলিং স্টেশনের ভেতরে একটি কালো রঙের তালাবদ্ধ ব্যাগ রেখে যায় এক নারী। ব্যাগটি দীর্ঘ সময় সেখানে পড়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকা ঘিরে রাখে। নিরাপত্তার স্বার্থে প্রায় আধাঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং উৎসুক মানুষের ভিড় জমে। রাত দুইটার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ পদ্ধতিতে ব্যাগটি পরীক্ষা শুরু করে। দিবাগত রাত সোয়া দুইটার দিকে ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক নেই। এরপরই স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, ব্যাগের ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। তবে তালাবদ্ধ ব্যাগটি সেখানে ফেলে কেন আতংক ছড়ানো হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরো বলেন, এ ঘটনায় আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্ৰহ করে পর্যালোচনা করা হচ্ছে ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *