যৌথ বাহিনীর ক্যাম্পে পানির লাইনে বিষ, ‘স্পেশাল পাওয়ার অ্যাক্টে’ মামলা: এসপি

চট্টগ্রামের আলীনগরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানির পাইপলাইনে বিষ বা বিষজাতীয় পদার্থ প্রয়োগের ঘটনাকে ‘অন্তর্ঘাতমূলক কার্যক্রম (সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ)’ বলে মন্তব্য করেছেন জেলার পুলিশ সুপার মাসুদ আলম।

রোববার (২৬ জুলাই) রাতে সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আলীনগরের যৌথ বাহিনীর ক্যাম্পে র‌্যাব, বিজিবি ও পুলিশ মিলিয়ে প্রায় ৩০০ সদস্য অবস্থান করছেন। তাদের ব্যবহারের জন্য থাকা ডিপটিউবওয়েলের সংযোগস্থলে দুর্বৃত্তরা বিষ বা বিষজাতীয় কোনো পদার্থ প্রবেশ করায় বলে অভিযোগ রয়েছে। পরে সকালে অপারেটর পানি ও ট্যাংকি পরীক্ষা করতে গিয়ে দুর্গন্ধ টের পেয়ে সবাইকে সতর্ক করেন।

এসপি মাসুদ আলম বলেন, রাস্তা কেটে দেওয়া, ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা কিংবা পানির লাইনে বিষ প্রয়োগ—এসবই রাষ্ট্রবিরোধী অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং স্পেশাল পাওয়ার অ্যাক্টের আওতায় নিয়মিত মামলা দায়ের করে আইনের আওতায় আনা হচ্ছে বলে তিনি জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *