নেপালে চলবে ভারতের ২০০ ও ৫০০ রুপির নোট, প্রায় এক দশক পর নিয়মে পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় এক দশক পর ভারতীয় মুদ্রা ব্যবহারের নিয়মে বড় পরিবর্তন এনেছে নেপাল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভারতীয় ও নেপালি নাগরিকরা এখন ২০১৬ সালের ৯ নভেম্বর বা তার পরে ইস্যু করা ২০০ ও নতুন নকশার ৫০০ রুপির ভারতীয় নোট সর্বোচ্চ ২৫ হাজার রুপি পর্যন্ত নেপালে আনতে ও নিয়ে যেতে পারবেন।

নেপাল রাষ্ট্রীয় ব্যাংক (এনআরবি) পুনরায় জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ২০১৬ সালে ভারতের নোটবাতিলের পর ১০০ রুপির বেশি মূল্যমানের ভারতীয় নোটের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, নতুন এ সিদ্ধান্তের মাধ্যমে তার অবসান হলো।

এনআরবির মুখপাত্র গুরু প্রসাদ পাউডেল জানিয়েছেন, নেপালি নাগরিকরা ভারত ছাড়া অন্য কোনো দেশ থেকে ভারতীয় মুদ্রা নিয়ে নেপালে প্রবেশ করতে পারবেন না। একইভাবে নেপাল থেকেও ভারত ছাড়া অন্য কোনো দেশে ভারতীয় মুদ্রা বহন করা যাবে না।

তিনি বলেন, নতুন এ ব্যবস্থা নেপাল ভ্রমণকারী ভারতীয় পর্যটক এবং ভারতের সঙ্গে বাণিজ্য ও ব্যবসায় যুক্ত নেপালি নাগরিকদের জন্য বিশেষ সুবিধা সৃষ্টি করবে।

তবে ২০১৬ সালের ৯ নভেম্বরের আগে ইস্যু করা ৫০০ ও ১ হাজার রুপির ভারতীয় নোট নেপালে আগের মতোই নিষিদ্ধ থাকবে। সংশোধিত এ বিধিমালার ফলে ভারত-নেপাল সীমান্তবর্তী লেনদেন ও ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *