ইতালিতে বাঁধনকে হেনস্তার পর মানবিকতা নিয়ে প্রশ্ন পিয়া জান্নাতুলের

ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রকাশ্যে হেনস্তা ও হামলার অভিযোগকে কেন্দ্র করে দেশের বিনোদন অঙ্গনে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। এবার নারী ও শিল্পীদের প্রতি মানুষের ক্রমবর্ধমান নিষ্ঠুরতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পিয়া জান্নাতুল লেখেন, মানুষ দিন দিন এতটাই নিষ্ঠুর ও সংবেদনহীন হয়ে যাচ্ছে, বিশেষ করে নারী ও শিল্পীদের প্রতি—যা তাকে ভাবিয়ে তুলছে।

তিনি আরও বলেন, দেশের বাইরে থাকলেই মানুষের চিন্তাভাবনা বদলে যায় কিংবা মন আরও উদার হয়ে যায়—বিষয়টি এমন নয়। তার মতে, একজন মানুষ অন্যকে কতটা সম্মান করেন, কতটা বুঝতে পারেন এবং কতটা মানবিক থাকতে পারেন—এসবের মধ্য দিয়েই প্রকৃত উন্নতি বোঝা যায়। কিন্তু দুঃখজনকভাবে এসব জায়গাতেই মানুষ ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

যদিও পিয়া জান্নাতুল তার পোস্টে সরাসরি বাঁধনের নাম উল্লেখ করেননি, সাম্প্রতিক ঘটনার সঙ্গে তার বক্তব্যের যোগসূত্র দেখছেন অনেকে। গত সোমবার রাতে মেস্ত্রে এলাকায় বাঁধন তার ভাই ও পরিবারের এক শিশুসদস্যের সঙ্গে ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তির সঙ্গে তার বাকবিতণ্ডা ও পরে হেনস্তার অভিযোগ ওঠে।

ঘটনার পর বাঁধন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওবার্তা দিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান। তার অভিযোগ, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, তার শরীরে কোক ও পানি ছোড়া হয়েছে এবং একপর্যায়ে তার মোবাইল ফোনও ফেলে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ করেছেন বলেও জানা গেছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশি বিনোদন অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সহশিল্পী ও সাধারণ মানুষ ঘটনার নিন্দা জানাচ্ছেন এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

এদিকে বাঁধন বর্তমানে ইতালিতে রয়েছেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে। তার অভিনীত রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি উৎসবের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় তিনি সেখানে অবস্থান করছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *