বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর ব্যক্তিগত আক্রোশের কারণে পাঁচটি ব্যাংককে একত্র করে সম্মিলিত ইসলামিক ব্যাংক গঠন করেছেন বলে অভিযোগ করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।
একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
মাসুদ কামাল বলেন, আহসান এইচ মনসুর ব্র্যাক ব্যাংকে থাকার সময় এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সঙ্গে তার একটি বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধের প্রতিশোধ নিতেই এক্সিম ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘আহসান এইচ মনসুর যখন ব্র্যাক ব্যাংকে ছিলেন তখন নজরুল ইসলাম মজুমদারের সঙ্গে একটা ঝামেলা ছিল। ওই প্রতিশোধ নেওয়ার জন্য এক্সিম ব্যাংককে তিনি দমাইছেন।’
মাসুদ কামালের দাবি, এক্সিম ব্যাংক একটি ভালো ব্যাংক ছিল। পরে সেটিকে দুর্বল করে পাঁচটি ব্যাংককে একত্র করে সম্মিলিত ইসলামিক ব্যাংক করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘এই পাঁচটা ব্যাংকের ৭৫ লাখ গ্রাহক এখন ফে ফে করে রাস্তায় ঘুরছে।’ এসব গ্রাহকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো ব্যক্তিগত পরিচয় নেই উল্লেখ করে তিনি বলেন, তারা ব্যাংকিং ব্যবস্থায় রাষ্ট্র ও সরকারের ওপর আস্থা রেখেই অর্থ রেখেছেন।
মাসুদ কামাল বলেন, এক্সিম ব্যাংকে টাকা রাখা গ্রাহকদের অধিকাংশই নজরুল ইসলাম মজুমদারকে ব্যক্তিগতভাবে চেনেন না। তাদের কাছে ব্যাংকিং প্রতিষ্ঠানটি রাষ্ট্রের অনুমোদিত একটি প্রতিষ্ঠান হিসেবেই পরিচিত ছিল।
তবে টক শোতে মাসুদ কামালের উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে আহসান এইচ মনসুরের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।









