ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও, গ্রেপ্তার কর্মকর্তা

চট্টগ্রামের লালদীঘির পাড়ে অগ্রণী ব্যাংকের লালদীঘি পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতির ঘটনায় ব্যাংকের এক কর্মকর্তা ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন শাখার সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন (৪১) এবং মো. জাফরুল্লাহ তানভীর (২৫)। গত ১০ আগস্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপকের পক্ষ থেকে কোতোয়ালী থানায় মামলা করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ৯ আগস্ট নিয়মিত লেনদেন শেষে নগদ অর্থের হিসাব মেলানোর সময় ভল্টের টাকার সঙ্গে হিসাবের গরমিল ধরা পড়ে। পরে নথিপত্র ও বিভিন্ন রেকর্ড যাচাই করে ৪ কোটি ৩৮ লাখ টাকা ঘাটতি পাওয়া যায়।

ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগ, ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। অভিযোগ রয়েছে, জাফরুল্লাহ তানভীরসহ কয়েকজনের সহায়তায় ভল্টের টাকা সরিয়ে ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, ১ হাজার টাকার বান্ডিলের মধ্যে কম মূল্যমানের নোট ঢুকিয়ে বান্ডিল সাজানোর মাধ্যমে বাইরে থেকে পর্যাপ্ত টাকা রয়েছে এমনটি দেখানো হতো। পরে সরানো অর্থ দিয়ে হাটহাজারীর উত্তর বুড়িশ্চর এলাকায় ‘ইশরাত এগ্রো’ নামে একটি গরুর খামার পরিচালনা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

তবে জাফরুল্লাহ তানভীরের বাবা আজিম উল্লাহ তার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তার ছেলে ব্যাংকের কর্মকর্তা বা ওই শাখার গ্রাহক নন এবং তাকে পরিকল্পিতভাবে মামলায় জড়ানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন জানান, দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপের যোগাযোগের তথ্য এবং ৬৪ জিবির একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে।

তিনি বলেন, ঘটনাটি তদন্তাধীন। অর্থের ঘাটতির প্রকৃত কারণ এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তদন্ত শেষে তা জানা যাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *