দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তার মতে, এ উদ্যোগ নিলে বিপুল পরিমাণ নগদ অর্থ আবারও ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে।
রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, অনেকেই ব্যাংকে অর্থ জমা না রেখে বাসায় নগদ টাকা সংরক্ষণ করছেন। এছাড়া দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের কাছেও বিপুল পরিমাণ নগদ অর্থ রয়েছে। তাই এক থেকে দুই মাসের মধ্যে ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলে এসব অর্থ আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে।
তিনি আরও বলেন, যাদের অর্থের বৈধ উৎস দেখানোর সুযোগ নেই, তাদের নির্দিষ্ট হারে ২০ থেকে ২৫ শতাংশ কর দিয়ে সেই অর্থ বৈধ করার সুযোগ দেওয়া যেতে পারে। এতে ব্যাংকে আমানত বাড়বে, বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে অর্থের প্রবাহও বাড়বে।
ব্যাংক খাতের সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সরকারদলীয় এই সংসদ সদস্য বলেন, দেশে বর্তমান সংখ্যক ব্যাংকের প্রয়োজন নেই। ব্যাংকের সংখ্যা কমিয়ে খাতটিকে আরও কার্যকর করতে হবে এবং জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি অভিযোগ করেন, ব্যাংক খাতে অনিয়ম ও লুটপাটের কারণে জনগণের অর্থ দিয়েই অনেক সময় ব্যাংকের ঘাটতি পূরণ করতে হচ্ছে। তাই এ খাতে কঠোর সংস্কার জরুরি বলে মন্তব্য করেন তিনি।