একীভূতকরণের আওতায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা জমাকৃত অর্থ ফেরত ও ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন।
বুধবার সকাল ১১টা থেকে বাংলাদেশ ব্যাংক-এর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যাংকগুলোতে তাদের আমানত আটকে রয়েছে। প্রয়োজনের সময় টাকা তুলতে না পেরে পরিবার ও ব্যবসা পরিচালনায় চরম সংকটে পড়েছেন তারা। ঈদুল আজহা সামনে রেখে কোরবানির প্রস্তুতিও অনিশ্চয়তায় রয়েছে অনেকের।
প্রবাসফেরত এক আমানতকারী জানান, বিদেশে পরিশ্রম করে সঞ্চিত অর্থও এখন তুলতে পারছেন না। এ সময় ‘আমার টাকা ফেরত চাই’, ‘হেয়ার কাট মানি না’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
আন্দোলনকারীরা আমানতের পূর্ণ নিরাপত্তা, উত্তোলনের সীমা প্রত্যাহার এবং দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর দাবি জানান। একই সঙ্গে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নিতে কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, তারল্য সংকট ও অনিয়মের কারণে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় রয়েছে।
বিক্ষোভ চলাকালে পুলিশ বাধা দিলে একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান।